ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • fy অধ্যায় ৮ পৃষ্ঠা ৯০-১০২
  • আপনার পরিবারকে ক্ষতিকর প্রভাবগুলো থেকে রক্ষা করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার পরিবারকে ক্ষতিকর প্রভাবগুলো থেকে রক্ষা করুন
  • পারিবারিক সুখের রহস্য
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কে আপনার সন্তানদের শিক্ষা দেবে?
  • যৌন সংক্রান্ত বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি
  • বাবা-মাদের যে-হোমওয়ার্ক রয়েছে
  • আপনার সন্তানদের বন্ধুবান্ধব
  • কোন ধরনের বিনোদন?
  • আপনার পরিবার জগৎকে জয় করতে পারে
  • আপনার সন্তানদের প্রশিক্ষণ দিতে বাইবেল কি আপনাকে সাহায্য করতে পারে?
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবা-মা ও সন্তান কীভাবে সুখী হতে পারে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসতে শেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • বাবামায়েরা আপনাদের সন্তানদের জন্য এক উত্তম উদাহরণ হোন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
পারিবারিক সুখের রহস্য
fy অধ্যায় ৮ পৃষ্ঠা ৯০-১০২

অধ্যায় আট

আপনার পরিবারকে ক্ষতিকর প্রভাবগুলো থেকে রক্ষা করুন

৯১ পৃষ্ঠার চিত্র

১-৩. (ক) কোন উৎস থেকে সেই ক্ষতিকর প্রভাবগুলো আসে, যেগুলো পরিবারের জন্য হুমকিস্বরূপ? (খ) পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে বাবা-মাদের কোন ভারসাম্য বজায় রাখা প্রয়োজন?

আপনি আপনার ছোট্ট ছেলেকে স্কুলে পাঠাতে যাচ্ছেন আর ঠিক সেই সময়ই বৃষ্টি শুরু হল। কীভাবে আপনি এই পরিস্থিতির মোকাবিলা করে থাকেন? আপনি কি তাকে বৃষ্টি প্রতিরোধক কোনো সরঞ্জাম না দিয়েই বাড়ির বাইরে যেতে দেন? অথবা তাকে এত সুরক্ষামূলক কাপড়চোপড় পরান যে এর ফলে সে নড়তেই পারবে না? নিশ্চয়ই, আপনি এর কোনোটাই করেন না। আপনি তাকে কেবল তা-ই প্রদান করে থাকেন, যা তার শুষ্ক থাকার জন্য প্রয়োজন।

২ একইভাবে, বাবা-মাকে এক ভারসাম্যপূর্ণ উপায় খুঁজতে হবে, যাতে তারা পরিবারকে সেই ক্ষতিকর প্রভাবগুলো থেকে রক্ষা করতে পারে, যেগুলো তাদের ওপর অনেক উৎস—বিনোদন জগৎ, প্রচারমাধ্যম, সঙ্গীসাথি এবং কখনো কখনো এমনকি স্কুল—থেকে এসে থাকে। কিছু বাবা-মা, তাদের পরিবারকে রক্ষা করার জন্য সামান্য কিছু করে থাকে অথবা কোনোকিছুই করে না। অন্যেরা বাইরের প্রায় সমস্ত প্রভাবকে ক্ষতিকর হিসেবে দেখে থাকে বলে এতটাই কঠোর হয় যে, সন্তানরা এর ফলে হাঁপিয়ে ওঠে। ভারসাম্য বজায় রাখা কি সম্ভব?

৩ হ্যাঁ, সম্ভব। চরম হওয়া কখনোই কার্যকারী হয় না এবং তা দুর্দশা নিয়ে আসতে পারে। (উপদেশক ৭:১৬, ১৭) কিন্তু, খ্রিস্টান বাবা-মায়েরা তাদের পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে কীভাবে সঠিক ভারসাম্য খুঁজে পেতে পারে? তিনটে ক্ষেত্র বিবেচনা করুন: শিক্ষা, সাহচর্য এবং বিনোদন।

কে আপনার সন্তানদের শিক্ষা দেবে?

৪. শিক্ষাকে খ্রিস্টান বাবা-মায়ের কীভাবে দেখা উচিত?

৪ খ্রিস্টান বাবা-মায়েরা শিক্ষাকে উচ্চমূল্য দিয়ে থাকে। তারা জানে যে, স্কুলের শিক্ষা তাদের সন্তানদের পড়তে, লিখতে এবং ভাববিনিময় করতে ও সেইসঙ্গে সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করে। এটার দ্বারা তাদের এই শিক্ষাও লাভ করা উচিত যে, কীভাবে কোনোকিছু শেখা যায়। সন্তানরা স্কুলে যেসমস্ত ‘দক্ষতা’ অর্জন করে, সেগুলো তাদেরকে আজকের জগতের প্রতিদ্বন্দ্বিতাগুলো সত্ত্বেও সফল হতে সাহায্য করতে পারে। অধিকন্তু, এক উত্তম শিক্ষা হয়তো তাদেরকে উৎকৃষ্ট কাজ সম্পাদন করার জন্য সাহায্য করতে পারে।—হিতোপদেশ ২২:২৯, বাংলা ইজি-টু-রিড ভারসন।

৫, ৬. কীভাবে সন্তানরা স্কুলে যৌন সংক্রান্ত বিষয়ে বিকৃত তথ্য জানতে পারে?

৫ কিন্তু, স্কুলে সন্তানরা অন্যান্য ছেলে-মেয়ের সংস্পর্শেও এসে থাকে—যাদের মধ্যে অনেকের বিকৃত দৃষ্টিভঙ্গি রয়েছে। উদাহরণস্বরূপ, যৌনতা ও নৈতিকতা সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি বিবেচনা করুন। নাইজেরিয়ার মাধ্যমিক স্কুলের একজন মেয়ে, যে বাছবিচারহীনভাবে যৌনসম্পর্ক করত, সে তার সহছাত্রছাত্রীদেরকে যৌন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিত। তারা আগ্রহ নিয়ে তার কথা শুনত, এমনকি যদিও তার ধারণাগুলো সেই বাজে বিষয়গুলো দ্বারা পূর্ণ ছিল, যেগুলো সে পর্নোগ্রাফি সংক্রান্ত সাহিত্যাদি থেকে পেত। কিছু মেয়ে তার পরামর্শ অনুযায়ী কাজ করেছিল। ফলস্বরূপ, একটা মেয়ে বিয়ে না করেই গর্ভবতী হয়ে পড়েছিল এবং নিজে নিজে গর্ভপাত করতে গিয়ে মারা গিয়েছিল।

৬ দুঃখের সঙ্গে বলতে হয় যে, স্কুলে যৌন সংক্রান্ত বিষয়ে কিছু ভুল তথ্য ছোটো ছেলে-মেয়েদের কাছ থেকে নয় বরং শিক্ষকদের কাছ থেকে আসে। বিভিন্ন স্কুল যখন নৈতিক মানদণ্ড এবং দায়িত্ববোধ সম্বন্ধে তথ্য তুলে না ধরেই ছোটো ছেলে-মেয়েদেরকে যৌন সংক্রান্ত বিষয়ে শিক্ষা দেয়, তখন অনেক বাবা-মা হতাশ হয়ে পড়ে। ১২ বছর বয়সি একজন মেয়ের মা বলেছিলেন: “আমরা এমন এক এলাকায় বাস করছি, যেখানে লোকেরা খুবই ধর্মপ্রাণ ও রক্ষণশীল অথচ স্থানীয় হাইস্কুলের মধ্যেই তারা ছাত্রছাত্রীদের হাতে কনডম ধরিয়ে দিচ্ছে!” তিনি এবং তার স্বামী চিন্তিত হয়ে পড়েছিলেন, যখন তারা জানতে পেরেছিল যে, তাদের মেয়ে তার সমবয়সি ছেলেদের কাছ থেকে যৌনসম্পর্ক করার জন্য প্রস্তাব পাচ্ছিল। কীভাবে বাবা-মায়েরা তাদের পরিবারকে এই ধরনের ভুল প্রভাব থেকে রক্ষা করতে পারে?

৭. কীভাবে যৌন সংক্রান্ত বিষয়ে ভুল তথ্যকে সর্বোত্তম উপায়ে মোকাবিলা করা যেতে পারে?

৭ সন্তানদের কাছে যৌন সংক্রান্ত বিষয়ে কোনোকিছুই না বলে সুরক্ষা করা কি সর্বোত্তম উপায়? না। আপনার সন্তানদেরকে যৌন সংক্রান্ত বিষয়ে আপনি নিজে শিক্ষা দিলে আরও ভাল হবে। (হিতোপদেশ ৫:১) এটা ঠিক যে, ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু জায়গায় অনেক বাবা-মা এই বিষয়টা এড়িয়ে যায়। একইভাবে, আফ্রিকার কিছু দেশে বাবা-মায়েরা তাদের সন্তানদের সঙ্গে যৌনতার বিষয়ে কদাচিৎ আলোচনা করে থাকে। “তা করা আফ্রিকার সংস্কৃতির রীতি নয়,” সিয়েরা লিওনের একজন বাবা বলেন। কিছু বাবা-মা মনে করে যে, সন্তানদেরকে যৌন সংক্রান্ত বিষয়ে শিক্ষা দেওয়ার মানে হল তাদেরকে এমন ধারণাগুলো দেওয়া, যেগুলো তাদেরকে অনৈতিক আচরণ করতে প্ররোচিত করবে! কিন্তু, ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কী?

যৌন সংক্রান্ত বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি

৮, ৯. বাইবেলে যৌন সংক্রান্ত বিষয়ে কোন উত্তম তথ্য পাওয়া যায়?

৮ বাইবেল এই বিষয়টা স্পষ্ট করে দেয় যে, উপযুক্ত প্রসঙ্গে যৌন সংক্রান্ত বিষয় আলোচনা করার মধ্যে লজ্জার কিছু নেই। ইস্রায়েলে মোশির ব্যবস্থা জোরে জোরে পাঠ করার সময় ঈশ্বরের লোকেদেরকে তাদের ‘বালক-বালিকাদের’ নিয়ে একত্রে মিলিত হয়ে তা শোনার জন্য বলা হয়েছিল। (দ্বিতীয় বিবরণ ৩১:১০-১২; যিহোশূয়ের পুস্তক ৮:৩৫) ব্যবস্থায় খোলাখুলিভাবে রক্তস্রাব, রেতঃপাত, ব্যভিচার, পারদারিকতা, সমকামিতা, অজাচার এবং পশুগমনসহ বেশ কিছু যৌন সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছিল। (লেবীয় পুস্তক ১৫:১৬, ১৯; ১৮:৬, ২২, ২৩; দ্বিতীয় বিবরণ ২২:২২) কোনো সন্দেহ নেই যে, এই পাঠের পরে বাবা-মাদেরকে কৌতূহলী অল্পবয়সিদের কাছে অনেক কিছু ব্যাখ্যা করতে হয়েছিল।

৯ হিতোপদেশ বইয়ের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে কিছু অংশ রয়েছে, যেখানে যৌন অনৈতিকতার বিপদ সম্বন্ধে বাবা-মায়ের প্রেমময় পরামর্শ তুলে ধরা হয়েছে। এই পদগুলো দেখায় যে, কখনো কখনো অনৈতিকতা হয়তো প্রলুব্ধকর হতে পারে। (হিতোপদেশ ৫:৩; ৬:২৪, ২৫; ৭:১৪-২১) কিন্তু, পদগুলো শিক্ষা দেয় যে, এটা অন্যায় এবং এর সর্বনাশা পরিণাম রয়েছে আর এই পদগুলো অল্পবয়সি ছেলে-মেয়েদেরকে বিভিন্ন অনৈতিক পথ এড়িয়ে চলার জন্য সাহায্য করতে নির্দেশনা প্রদান করে থাকে। (হিতোপদেশ ৫:১-১৪, ২১-২৩; ৬:২৭-৩৫; ৭:২২-২৭) অধিকন্তু, অনৈতিকতার বিপরীতে সঠিক সম্পর্কের মধ্যে অর্থাৎ বিয়ের মধ্যে যৌনমিলনের পরিতৃপ্তিতে যে-আনন্দ রয়েছে, সেটা তুলে ধরা হয়েছে। (হিতোপদেশ ৫:১৫-২০) শিক্ষা দেওয়ার কী এক উত্তম আদর্শ, যা বাবা-মায়েরা অনুসরণ করতে পারে!

১০. কেন সন্তানদেরকে যৌন সংক্রান্ত বিষয়ে ঈশ্বরীয় জ্ঞান প্রদান করা, তাদেরকে অনৈতিক আচরণ করতে পরিচালিত করবে না?

১০ এই ধরনের শিক্ষা কি সন্তানদেরকে অনৈতিক আচরণ করতে পরিচালিত করে? এর বৈসাদৃশ্যে, বাইবেল শিক্ষা দেয়: “জ্ঞান দ্বারা ধার্ম্মিকগণ উদ্ধার পায়।” (হিতোপদেশ ১১:৯) আপনি কি আপনার সন্তানদের এই জগতের প্রভাবগুলো থেকে উদ্ধার করতে চান না? একজন বাবা বলেছিলেন: “এমনকি সন্তানরা যখন খুব ছোটো ছিল, তখন থেকেই যৌন সংক্রান্ত বিষয় উত্থাপিত হলে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণরূপে খোলাখুলি আলোচনা করার প্রচেষ্টা করেছি। এর ফলে, তারা যখন অন্য ছেলে-মেয়েদেরকে যৌন সংক্রান্ত বিষয়ে কথা বলতে শুনেছে, তখন কৌতূহলী হয়নি। তাদের কাছে সেটা কোনো বড় ধরনের রহস্য ছিল না।”

১১. কীভাবে জীবনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো সম্বন্ধে সন্তানদের ধীরে ধীরে শিক্ষা দেওয়া যেতে পারে?

১১ আগের অধ্যায়গুলোতে যেমন উল্লেখ করা হয়েছিল, যৌন সংক্রান্ত বিষয়ে শিক্ষা দেওয়া ছোটোবেলা থেকেই শুরু করা উচিত। সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা এবং সীমা সম্বন্ধে শিক্ষা দেওয়াও অপরিহার্য। বাবা-মা উভয়েরই সন্তানদের শিক্ষা দেওয়া উচিত যে, যৌনাঙ্গগুলো হচ্ছে শরীরের বিশেষ অঙ্গ, যেগুলোকে সাধারণত অন্যদের স্পর্শ করতে দেওয়া অথবা অন্যদের সামনে অনাবৃত রাখা উচিত নয় এবং সেগুলো নিয়ে কখনো খারাপভাবে আলোচনা করা উচিত নয়। সন্তানরা যখন বড় হতে থাকে, তখন তাদেরকে জানানো উচিত যে, কীভাবে একজন পুরুষ ও নারী পরস্পরের সংস্পর্শে এসে একটা সন্তান ধারণ করে। যে-সময় থেকে তাদের দেহ বয়ঃসন্ধির দিকে বিকাশ লাভ করতে শুরু করে, সেই সময়ে ইতিমধ্যেই তাদের প্রত্যাশিত পরিবর্তনগুলো সম্বন্ধে ভালভাবে জানা উচিত। ৫ অধ্যায়ে যেমন আলোচনা করা হয়েছিল যে, এই ধরনের শিক্ষা সন্তানদের যৌন নিপীড়ন থেকেও সুরক্ষা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে।—হিতোপদেশ ২:১০-১৪.

বাবা-মাদের যে-হোমওয়ার্ক রয়েছে

১২. কোন বিকৃত দৃষ্টিভঙ্গিগুলো সম্বন্ধে প্রায়ই স্কুলে শিক্ষা দেওয়া হয়?

১২ স্কুলে শেখানো হতে পারে এমন অন্যান্য মিথ্যা ধারণা—জাগতিক দর্শনবিদ্যা যেমন, বিবর্তনবাদ, জাতীয়তাবাদ অথবা চিরন্তন সত্য বলে কিছু নেই এমন ধারণা—প্রতিহত করার জন্য বাবা-মাদের প্রস্তুত থাকতে হবে। (১ করিন্থীয় ৩:১৯; তুলনা করুন, আদিপুস্তক ১:২৭; লেবীয় পুস্তক ২৬:১; যোহন ৪:২৪; ১৭:১৭.) স্কুলের অনেক আন্তরিক কর্মকর্তা অতিরিক্ত শিক্ষা নেওয়ার ওপর অযথা গুরুত্ব আরোপ করে থাকে। যদিও সম্পূরক শিক্ষা নেওয়ার বিষয়টা ব্যক্তিগত বাছাইয়ের বিষয়, তবুও কিছু শিক্ষক সেটাকেই ব্যক্তিগত যেকোনো সাফল্যের একমাত্র পথ বলে তুলে ধরে।a—গীতসংহিতা ১৪৬:৩-৬.

১৩. যে-সন্তানরা স্কুলে যায়, তাদেরকে কীভাবে ভুল ধারণাগুলো থেকে সুরক্ষা করা যেতে পারে?

১৩ বাবা-মায়েরা যদি ভুল অথবা বিকৃত শিক্ষাগুলোকে প্রতিহত করতে চায়, তাহলে তাদের জানতে হবে যে, তাদের সন্তানরা ঠিক কোন নির্দেশনা লাভ করছে। তাই বাবা-মায়েরা, মনে রাখবেন যে আপনাদেরও হোমওয়ার্ক রয়েছে! আপনার সন্তানদের স্কুলের শিক্ষার প্রতি অকৃত্রিম আগ্রহ দেখান। স্কুলের পরে তাদের সঙ্গে কথা বলুন। তারা কী শিখছে, কী সবচেয়ে বেশি পছন্দ করে, কোনটাকে তাদের কাছে সবচেয়ে কঠিন বলে মনে হয়, তা জিজ্ঞেস করুন। হোমওয়ার্ক, নোট এবং পরীক্ষার ফলাফল দেখুন। তাদের শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করুন। শিক্ষকদের বলুন যে, আপনি তাদের কাজকে উপলব্ধি করেন এবং যেকোনো উপায়ে সম্ভব আপনি তাদের সাহায্য করতে চান।

আপনার সন্তানদের বন্ধুবান্ধব

১৪. ঈশ্বরভয়শীল সন্তানদের ভাল বন্ধুবান্ধব বাছাই করা কেন গুরুত্বপূর্ণ?

১৪ “তুমি এটা কোথা থেকে শিখেছ?” এই প্রশ্নটা কতজন বাবা-মা করেছে, যখন তারা তাদের সন্তান বলেছে বা করেছে এমন কোনোকিছুর কারণে আতঙ্কিত হয়েছে এবং যেটাকে সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্যের একেবারে বিপরীত বলে মনে হয়েছে? আর কতবার এর উত্তরের সঙ্গে স্কুলের অথবা পাড়ার কোনো না কোনো নতুন বন্ধু জড়িত থাকে? হ্যাঁ, আমরা যুবক বা বৃদ্ধ যা-ই হই না কেন, সঙ্গীসাথি আমাদের গভীরভাবে প্রভাবিত করে। প্রেরিত পৌল সতর্ক করে দিয়েছিলেন: “ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।” (১ করিন্থীয় ১৫:৩৩; হিতোপদেশ ১৩:২০) বিশেষভাবে অল্পবয়সিরা সঙ্গীসাথির চাপের দ্বারা সহজে প্রভাবিত হয়ে থাকে। তারা সাধারণত নিজেদের ব্যাপারে অনিশ্চিত হয়ে থাকে এবং কখনো কখনো হয়তো তাদের সঙ্গীসাথিকে খুশি অথবা প্রভাবিত করার চরম আকাঙ্ক্ষা বোধ করে। তাই, তাদের জন্য ভাল বন্ধুবান্ধব বাছাই করা কতই না গুরুত্বপূর্ণ!

১৫. কীভাবে বাবা-মায়েরা বন্ধুবান্ধব বাছাই করার ক্ষেত্রে সন্তানদের নির্দেশনা দিতে পারে?

১৫ প্রত্যেক বাবা অথবা মা যেমন জানে যে, সন্তানরা সবসময় উত্তম বাছাই করতে পারবে না; তাদের কিছু নির্দেশনার প্রয়োজন। তবে তার মানে এই নয় যে, বাবামাকেই তাদের বন্ধুবান্ধব বাছাই করে দিতে হবে। বরং, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বিচক্ষণতা সম্বন্ধে শিক্ষা দিন এবং তাদেরকে এটা দেখতে সাহায্য করুন যে, বন্ধুবান্ধবদের কোন গুণগুলোকে তাদের মূল্য দেওয়া উচিত। প্রধান গুণ হল, যিহোবার প্রতি এবং তাঁর চোখে যা সঠিক, তা করার প্রতি ভালবাসা গড়ে তোলা। (মার্ক ১২:২৮-৩০) তাদেরকে সেই ব্যক্তিদের ভালবাসতে এবং সম্মান করতে শিক্ষা দিন, যাদের মধ্যে সততা, দয়া, উদারতা ও অধ্যবসায় রয়েছে। পারিবারিক অধ্যয়নের সময় সন্তানদেরকে বাইবেলের চরিত্রের মধ্যে এই ধরনের গুণ শনাক্ত করতে এবং এরপর সেই একই বৈশিষ্ট্য মণ্ডলীর অন্যদের মধ্যে খুঁজে বের করতে সাহায্য করুন। আপনার নিজের বন্ধুবান্ধব বাছাই করার ক্ষেত্রে একই নীতিমালা অনুসরণ করে উদাহরণ স্থাপন করুন।

১৬. কীভাবে বাবা-মায়েরা সন্তানদের বন্ধুবান্ধব বাছাইয়ের প্রতি সদাজাগ্রত দৃষ্টি রাখতে পারে?

১৬ আপনি কি জানেন যে, আপনার সন্তানদের বন্ধুবান্ধব কারা? আপনার সন্তানদের তাদেরকে বাড়িতে নিয়ে আসতে বলুন না কেন, যাতে আপনি তাদের সঙ্গে পরিচিত হতে পারেন? আপনি হয়তো আপনার সন্তানদের জিজ্ঞেস করতে পারেন যে, অন্য ছেলে-মেয়েরা এই বন্ধুবান্ধবদের সম্বন্ধে কেমন বোধ করে। তারা কি ব্যক্তিগত ‘নীতিনিষ্ঠা’ দেখানোর জন্য নাকি দ্বৈত জীবনযাপন করার জন্য পরিচিত? যদি পরেরটা সত্য হয়, তাহলে আপনার সন্তানদের যুক্তি করতে সাহায্য করুন যে, কেন এই ধরনের সাহচর্য তাদের ক্ষতি করতে পারে। (গীতসংহিতা ২৬:৪, ৫, ৯, ১০, ১১, NW, ১২) আপনি যদি আপনার সন্তানের আচার-আচরণ, পোশাক-আশাক, মনোভাব অথবা কথাবার্তায় অনাকাঙ্ক্ষিত পরিবর্তন লক্ষ করেন, তাহলে আপনাকে হয়তো তার বন্ধুবান্ধব সম্বন্ধে কথা বলতে হবে। আপনার সন্তান হয়তো এমন এক বন্ধুর সঙ্গে সময় কাটায়, যে নেতিবাচক প্রভাব ফেলছে।—তুলনা করুন, আদিপুস্তক ৩৪:১, ২.

১৭, ১৮. কুসংসর্গ সম্বন্ধে সতর্ক করার পাশাপাশি বাবা-মায়েরা ব্যবহারিক কোন সাহায্য প্রদান করতে পারে?

১৭ তবে, আপনার সন্তানকে কেবল কুসংসর্গ এড়িয়ে চলার জন্য শিক্ষা দেওয়াই যথেষ্ট নয়। তাদেরকে উত্তম বন্ধু খুঁজে পেতে সাহায্য করুন। একজন বাবা বলেন: “আমরা সবসময় বিকল্প কিছু করার চেষ্টা করতাম। তাই, স্কুল থেকে যখন আমার ছেলেকে ফুটবল টিমে নিতে চেয়েছিল, তখন আমার স্ত্রী ও আমি তার সঙ্গে বসে আলোচনা করেছিলাম যে, কেন তা উত্তম হবে না—কারণ এর সঙ্গে নতুন সঙ্গীসাথি যুক্ত থাকবে। কিন্তু, এরপর আমরা মণ্ডলীর কিছু ছেলে-মেয়েকে একত্রিত করে তাদের সকলকে নিয়ে পার্কে গিয়ে ফুটবল খেলার পরামর্শ দিয়েছিলাম। আর তা সমস্যার সমাধান করেছিল।”

১৮ বিজ্ঞ বাবা-মায়েরা তাদের সন্তানদের উত্তম বন্ধুবান্ধব বাছাই করতে এবং এরপর তাদের সঙ্গে গঠনমূলক বিনোদন উপভোগ করতে সাহায্য করে। তবে, অনেক বাবা-মায়ের জন্য এই বিনোদনের বিষয়টা অনেক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসে।

কোন ধরনের বিনোদন?

১৯. বাইবেলের কোন উদাহরণগুলো দেখায় যে, পরিবারগুলোর পক্ষে মজা করা পাপপূর্ণ কাজ নয়?

১৯ বাইবেল কি মজা করাকে নিন্দা করে? কখনোই না! বাইবেল বলে যে, “হাস্য করিবার কাল . . . ও নৃত্য করিবার কাল” আছে।b (উপদেশক ৩:৪) প্রাচীন ইস্রায়েলে ঈশ্বরের লোকেরা গানবাজনা ও নৃত্য, খেলাধুলা এবং ধাঁধা বলা উপভোগ করত। যিশু খ্রিস্ট এক বিরাট বিবাহভোজে ও এমন ‘বড় এক ভোজে’ যোগ দিয়েছিলেন, যা মথি লেবি তাঁর জন্য প্রস্তুত করেছিলেন। (লূক ৫:২৯; যোহন ২:১, ২) স্পষ্টতই, যিশু এমন ব্যক্তি ছিলেন না, যিনি অন্যদের আনন্দকে মাটি করে দিতেন। আপনার ঘরে যেন হাসিঠাট্টা ও মজা করাকে কখনো পাপপূর্ণ কাজ হিসেবে দেখা না হয়!

৯৯ পৃষ্ঠার চিত্র

সঠিকভাবে বাছাই করা বিনোদন যেমন, এই পরিবারের মতো একসঙ্গে পাঠ করা, সন্তানদের শিখতে ও আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারে

২০. পরিবারের জন্য বিনোদনের ব্যবস্থা করার সময় বাবা-মাদের কী মনে রাখা উচিত?

২০ যিহোবা হলেন ‘পরম ধন্য [“সুখী,” NW] ঈশ্বর।’ (১ তীমথিয় ১:১১) তাই, যিহোবার উপাসনা আনন্দের এক উৎস হওয়া উচিত, এমন বিষয় হওয়া উচিত নয়, যা জীবনের ওপর নিরানন্দের এক ছায়া ফেলে। (তুলনা করুন, দ্বিতীয় বিবরণ ১৬:১৫.) ছোটো ছেলে-মেয়েরা সাধারণত চঞ্চল ও উদ্যমী হয়ে থাকে, যা খেলাধুলা এবং বিনোদনের মাধ্যমে প্রকাশ পেতে পারে। ভালভাবে বাছাই করা বিনোদন মজা করার চেয়ে আরও বেশি কিছু। এটা একটা সন্তানের জন্য শেখার ও পরিপক্ব হওয়ার একটা উপায়। বিনোদনসহ সমস্তকিছুর ক্ষেত্রে পরিবারের প্রয়োজন মেটানোর দায়িত্ব পরিবারের মস্তকের। কিন্তু, ভারসাম্যের প্রয়োজন।

২১. বর্তমানে বিনোদনের মধ্যে কোন ফাঁদগুলো রয়েছে?

২১ এই সমস্যাপূর্ণ “শেষ কালে” মানবসমাজ এমন লোকেদের দ্বারা পূর্ণ, যারা “ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয়,” ঠিক যেমনটা বাইবেলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। (২ তীমথিয় ৩:১-৫) অনেকের জন্য বিনোদনই জীবনের প্রধান বিষয়। আর এত বেশি বিনোদন রয়েছে যে, সেগুলোর ভিড়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজেই চাপা পড়ে যেতে পারে। অধিকন্তু, অনেক আধুনিক আমোদপ্রমোদের মধ্যে যৌন অনৈতিকতা, উপদ্রব বা দৌরাত্ম্য, নেশাকর ওষুধের অপব্যবহার এবং অন্যান্য অত্যন্ত ক্ষতিকর অভ্যাস তুলে ধরা হয়ে থাকে। (হিতোপদেশ ৩:৩১) অল্পবয়সিদের ক্ষতিকর আমোদপ্রমোদ থেকে রক্ষা করার জন্য কী করা যেতে পারে?

২২. কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদেরকে বিনোদনের বিষয়ে বিজ্ঞ সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য প্রশিক্ষণ দিতে পারে?

২২ বাবা-মাদের সীমা ও বাধানিষেধ আরোপ করা প্রয়োজন। কিন্তু, এর চেয়ে গুরুত্বপূর্ণ হল যে, কোন বিনোদন ক্ষতিকর তা কীভাবে নির্ণয় করতে হয় এবং কতটা বিনোদন অতিরিক্ত হয়ে যায়, তা কীভাবে জানা যায়, সেই সম্বন্ধে তাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এই ধরনের প্রশিক্ষণের জন্য সময় এবং প্রচেষ্টার প্রয়োজন। একটা উদাহরণ বিবেচনা করুন। দুই ছেলের একজন বাবা লক্ষ করেন যে, তার বড় ছেলে প্রায়ই একটা রেডিও স্টেশন শুনে থাকে। তাই, একদিন ট্রাক চালিয়ে কাজে যাওয়ার সময় বাবা একই স্টেশন ছাড়েন। মাঝে মাঝে তিনি থেমে সংক্ষেপে কিছু গানের কথা লেখেন। পরবর্তী সময়ে তিনি তার ছেলেদের সঙ্গে বসেন এবং তিনি যা শুনেছেন, তা নিয়ে আলোচনা করেন। তিনি দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন জিজ্ঞেস করেন, এই প্রশ্ন দিয়ে শুরু করার মাধ্যমে যে, “তোমরা কী মনে করো?” আর ধৈর্য ধরে তাদের উত্তরগুলো শোনেন। বাইবেল ব্যবহার করে বিষয়টা নিয়ে যুক্তি করার পর, ছেলেরা সেই স্টেশন না শোনার ব্যাপারে একমত হয়।

২৩. কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের ক্ষতিকর আমোদপ্রমোদ থেকে রক্ষা করতে পারে?

২৩ বিজ্ঞ খ্রিস্টান বাবা-মায়েরা সেই গানবাজনা, টেলিভিশনের অনুষ্ঠান, ভিডিও, কৌতুকের বই, ভিডিও গেমস্‌ এবং চলচ্চিত্রগুলো পরীক্ষা করে দেখেন, যেগুলোর প্রতি তাদের সন্তানরা আগ্রহী। তারা প্রচ্ছদের চিত্র, গানের কথা ও মোড়ক দেখেন এবং সংবাদপত্রের সমালোচনাগুলো পড়েন ও উদ্ধৃতিগুলো দেখেন। আজকে সন্তানদের উদ্দেশে তৈরি কিছু “বিনোদন” দেখে অনেকে হতভম্ব হয়ে যায়। যারা তাদের সন্তানদেরকে অশুচি প্রভাবগুলো থেকে রক্ষা করতে চায়, তারা পরিবারের সঙ্গে সময় নিয়ে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বইটি এবং প্রহরীদুর্গ ও সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার প্রবন্ধগুলো ব্যবহার করে বিভিন্ন বিপদ সম্বন্ধে আলোচনা করে।c বাবা-মায়েরা যখন দৃঢ়সীমা আরোপ করে, সেগুলোর সঙ্গে মিল রেখে চলে ও ‘যুক্তিবাদী’ হয়, তখন তারা সাধারণত উত্তম ফল দেখে থাকে।—মথি ৫:৩৭; ফিলিপীয় ৪:৫, NW.

২৪, ২৫. কিছু গঠনমূলক বিনোদন কী, যা পরিবারগুলো একত্রে উপভোগ করতে পারে?

২৪ অবশ্য, ক্ষতিকর বিনোদনের বিষয়ে বাধানিষেধ প্রদান করা কেবল লড়াইয়ের একটা অংশ। উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করতে হবে নতুবা সন্তানরা ভুল পথের দিকে ধাবিত হতে পারে। অনেক খ্রিস্টান পরিবারের একসঙ্গে বিনোদন উপভোগ করার অসংখ্য মনোরম ও আনন্দময় স্মৃতি আছে—পিকনিক করা, বিভিন্ন গেমস্‌ খেলা ও খেলাধুলা করা, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের বাড়ি বেড়াতে যাওয়া। কেউ কেউ দেখেছে যে, কেবল বিনোদনের জন্য একসঙ্গে জোরে জোরে পাঠ করা আনন্দ ও সান্ত্বনার এক বিরাট উৎস হয়ে থাকে। অন্যেরা মজার অথবা আগ্রহজনক গল্প বলা উপভোগ করে। আবার অন্যেরা একসঙ্গে বিভিন্ন শখের কাজ করে যেমন, কাঠের কাজ এবং অন্যান্য শিল্পকর্ম করা ও সেইসঙ্গে বাদ্যযন্ত্র বাজানো, ছবি আঁকা অথবা ঈশ্বরের সৃষ্টি সম্বন্ধে অধ্যয়ন করা। যে-সন্তানরা এই ধরনের বিনোদন উপভোগ করতে শেখে, তারা অনেক অশুচি আমোদপ্রমোদ থেকে সুরক্ষিত থাকে এবং তারা শেখে যে, কেবল নিষ্ক্রিয়ভাবে বসে থাকা ও কোনোকিছুর বা কারোর দ্বারা আনন্দ লাভ করার চেয়ে বিনোদন আরও বেশি কিছু। দেখার চেয়ে অংশগ্রহণ করা প্রায়ই আরও বেশি মজার হয়ে থাকে।

২৫ সামাজিক মেলামেশাও পরিতৃপ্তিদায়ক বিনোদন হতে পারে। সেগুলো যখন ভালভাবে তত্ত্বাবধান করা হয় এবং অস্বাভাবিকভাবে বড় কিংবা সময় অপচয়কারী না হয়, তখন তা আপনার সন্তানদের কেবল মজা পাওয়ার চেয়ে আরও বেশি কিছু প্রদান করতে পারে। সেগুলো মণ্ডলীতে প্রেমের বন্ধনকে আরও দৃঢ় করার জন্য সাহায্য করতে পারে।—তুলনা করুন, লূক ১৪:১৩, ১৪; যিহূদা ১২.

আপনার পরিবার জগৎকে জয় করতে পারে

২৬. ক্ষতিকর প্রভাবগুলো থেকে পরিবারকে সুরক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি কী?

২৬ কোনো সন্দেহ নেই যে, আপনার পরিবারকে জগতের ক্ষতিকর প্রভাবগুলো থেকে রক্ষা করার জন্য অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজন। কিন্তু, অন্য সমস্তকিছুর চেয়ে এমন একটা বিষয় রয়েছে, যা সফলতাকে সম্ভবপর করবে। সেটা হল প্রেম! ঘনিষ্ঠ, প্রেমময় পারিবারিক বন্ধন আপনার বাড়িকে এক নিরাপদ আশ্রয়স্থল করে তুলবে এবং ভাববিনিময়কে বৃদ্ধি করবে, যা মন্দ প্রভাবগুলো থেকে এক বিরাট সুরক্ষা। অধিকন্তু, আরেক ধরনের প্রেম গড়ে তোলার প্রচেষ্টা করা আরও বেশি গুরুত্বপূর্ণ—যিহোবার প্রতি প্রেম। পরিবারে যখন সেই প্রেম বিদ্যমান থাকে, তখন সন্তানরা খুব সম্ভবত এমন ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে, যারা জাগতিক প্রভাবগুলোর কাছে নতিস্বীকার করার মাধ্যমে ঈশ্বরকে অখুশি করার চিন্তাকে ঘৃণা করে। আর যে-বাবা-মায়েরা হৃদয় থেকে যিহোবাকে ভালবাসে, তারা তাঁর প্রেমময়, “যুক্তিবাদী” ও ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব অনুকরণ করার চেষ্টা করবে। (ইফিষীয় ৫:১; যাকোব ৩:১৭, NW) বাবা-মায়েরা যদি তা করে থাকে, তাহলে তাদের সন্তানদের জন্য যিহোবার উপাসনাকে এমন বিষয়গুলোর এক তালিকা হিসেবে দেখার কোনো কারণ থাকবে না, যেগুলো করা তাদের নিষেধ অথবা এমন মজাহীন বা হাসিঠাট্টাহীন জীবন হিসেবে দেখারও কোনো কারণ থাকবে না, যেখানে থেকে তারা যত তাড়াতাড়ি সম্ভব রেহাই পেতে চায়। এর পরিবর্তে, তারা দেখবে যে, ঈশ্বরকে উপাসনা করা হল সবচেয়ে আনন্দদায়ক ও সম্ভাব্য পরিতৃপ্তিদায়ক জীবন।

২৭. কীভাবে একটা পরিবার জগৎকে জয় করতে পারে?

২৭ যে-পরিবারগুলো ঈশ্বরকে আনন্দ সহকারে ও ভারসাম্যপূর্ণ উপায়ে সেবা করায় একতাবদ্ধ এবং এই জগতের কলুষিত প্রভাবগুলো থেকে “নিষ্কলঙ্ক ও নির্দ্দোষ” থাকার জন্য পূর্ণহৃদয়ে প্রচেষ্টা করে, তারা যিহোবার কাছে আনন্দের এক উৎস। (২ পিতর ৩:১৪; হিতোপদেশ ২৭:১১) এই ধরনের পরিবার যিশু খ্রিস্টের পদচিহ্ন অনুসরণ করে, যিনি তাঁকে কলুষিত করার ব্যাপারে শয়তানের জগতের সমস্ত প্রচেষ্টাকে প্রতিরোধ করেছিলেন। যিশু তাঁর মানবজীবনের শেষ দিকে বলতে পেরেছিলেন: “আমিই জগৎকে জয় করিয়াছি।” (যোহন ১৬:৩৩) আপনার পরিবারও যেন জগৎকে জয় করে এবং চিরকাল জীবন উপভোগ করে!

a সম্পূরক শিক্ষা সম্বন্ধে আলোচনার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত যিহোবার সাক্ষীরা এবং শিক্ষা ব্রোশারের ৪-৭ পৃষ্ঠা দেখুন।

b যে-ইব্রীয় শব্দকে এখানে “হাস্য” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটিকে অন্যান্য উপায়েও অনুবাদ করা যেতে পারে যেমন “খেলাধুলা করা,” “কিছু বিনোদনের ব্যবস্থা করা,” “আনন্দোৎসব করা” অথবা এমনকি “মজা করা।”

c যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

আপনার পরিবারকে সুরক্ষা করার জন্য . . . বাইবেলের এই নীতিগুলো কীভাবে সাহায্য করতে পারে?

জ্ঞান প্রজ্ঞার দিকে পরিচালিত করে, যা একজন ব্যক্তির জীবন রক্ষা করতে পারে।—উপদেশক ৭:১২.

“এই জগতের যে জ্ঞান, তাহা ঈশ্বরের নিকটে মূর্খতা।”—১ করিন্থীয় ৩:১৯.

কুসংসর্গ এড়িয়ে চলতে হবে।—১ করিন্থীয় ১৫:৩৩.

যদিও বিনোদনের স্থান রয়েছে কিন্তু তা নিয়ন্ত্রণ করা উচিত।—উপদেশক ৩:৪.

সে নিজেকে বঞ্চিত মনে করেনি

খ্রিস্টান বাবা-মা পল এবং তার স্ত্রী লুয়ান মাঝে মাঝে তাদের বাড়িতে মেলামেশার ব্যবস্থা করে। মেলামেশাগুলো যেন ভালভাবে তত্ত্বাবধান করা হয় এবং এর আকার যেন নিয়ন্ত্রণসাধ্য থাকে, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করে। তাদের সন্তানরা যে উপকৃত হচ্ছে, তা বিশ্বাস করার উত্তম কারণ তাদের রয়েছে।

লুয়ান বলেন: “আমার ছয় বছর বয়সি ছেলে এরিকের এক সহপাঠীর মা এই কথা বলার জন্য আমার কাছে আসেন যে, এরিক ক্লাসে জন্মদিনের পার্টিগুলোতে যোগদান না করে আলাদা বসে ছিল বলে এরিকের জন্য তার খুবই দুঃখ লেগেছিল। আমি তাকে বলেছিলাম: ‘আপনি আমার ছেলের ব্যাপারে এভাবে চিন্তা করেছেন বলে আমি খুবই কৃতজ্ঞ। এর থেকেই বোঝা যাচ্ছে আপনি কী ধরনের ব্যক্তি। আর সম্ভবত আমি যা-কিছুই বলি না কেন, আপনি হয়তো এটা বিশ্বাস করবেন না যে, এরিক নিজেকে বঞ্চিত মনে করেনি।’ তিনিও একমত প্রকাশ করেন। তাহলে, দয়া করে আপনার উদ্বিগ্নতা দূর করার জন্য আপনি নিজেই এরিককে জিজ্ঞেস করে দেখুন যে সে কেমন বোধ করে।’ আমি যখন আশেপাশে ছিলাম না, তখন তিনি এরিককে জিজ্ঞেস করেছিলেন, ‘এই অপূর্ব জন্মদিনের পার্টি মিস করেছ বলে তোমার কি খারাপ লাগেনি?’ এরিক তার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল: ‘আপনি কি মনে করেন যে, দশ মিনিটের মধ্যে কিছু কেক এবং গান দিয়েই একটা পার্টি হয়? আমার বাড়িতে এসে আপনার দেখা উচিত যে, সত্যিকারের পার্টি আসলে কাকে বলে!’” সেই ছেলের সরল উদ্যম এটা স্পষ্ট করে দিয়েছিল—সে নিজেকে বঞ্চিত অথবা কোনো সুযোগ হারিয়েছে বলে মনে করেনি!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার