প্রচ্ছদ বিষয় | বাইবেল কি আসলেই ঈশ্বরের কাছ থেকে?
বাইবেল এটি কি সত্যিই “ঈশ্বর-নিশ্বসিত”?
আপনি কি বিশ্বাস করেন, বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে? না কি এটি এমন একটি বই, যেটির মধ্যে শুধুমাত্র মানুষের চিন্তাভাবনা রয়েছে?
এই বিষয়টা নিয়ে এমনকী সেই লোকেরাও তর্কবিতর্ক করে থাকে, যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে করা একটা সমীক্ষা দেখায়, খ্রিস্টীয় জগতের বেশিরভাগ লোক এই বিষয়ের সঙ্গে একমত যে, “বাইবেল কোনো-না-কোনোভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত।” অন্য দিকে, এই সমীক্ষায় ৫ জন ব্যক্তির মধ্যে ১ জন বাইবেলকে “মানুষের দ্বারা লিখিত প্রাচীন নীতিগল্প, পৌরাণিক কাহিনি, ইতিহাস ও নিয়মকানুনের বই” হিসেবে দেখে থাকে। এটা দেখায়, বাইবেলের উৎস নিয়ে অনেক লোক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, যদিও বাইবেল জানায়, “প্রত্যেক শাস্ত্র-লিপি ঈশ্বর-নিশ্বসিত।” তাই আসুন, আমরা প্রথমে “প্রত্যেক শাস্ত্র-লিপি ঈশ্বর-নিশ্বসিত,” এই কথার অর্থ খুঁজে বের করার চেষ্টা করি।—২ তীমথিয় ৩:১৬, পাদটীকা।
“প্রত্যেক শাস্ত্র-লিপি ঈশ্বর-নিশ্বসিত”—এই কথার অর্থ কী?
বাইবেল ৬৬টা ছোটো ছোটো বই নিয়ে গঠিত। প্রায় ৪০ জন লেখক ১৬০০ বছরেরও বেশি সময় ধরে এটি লিখেছেন। কিন্তু প্রশ্ন হল, বাইবেল যদি মানুষই লিখে থাকে, তা হলে কীভাবে এটি “ঈশ্বর-নিশ্বসিত”? সহজভাবে বললে, “ঈশ্বর-নিশ্বসিত” কথার অর্থ হল, যে-তথ্য বাইবেলে লেখা রয়েছে, সেগুলোর উৎস হলেন ঈশ্বর। বাইবেল এটাকে এভাবে ব্যাখ্যা করে: “মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন, তাহাই বলিয়াছেন।” (২ পিতর ১:২১) আরেকভাবে বললে, বাইবেল যারা লিখেছেন, তাদের কাছে তাঁর বার্তা পৌঁছে দেওয়ার জন্য ঈশ্বর তাঁর অদৃশ্য অনুপ্রেরণাদায়ক শক্তি অর্থাৎ পবিত্র আত্মা ব্যবহার করেছেন। এটা ঠিক একজন সচিবকে দিয়ে এক ব্যবসায়ীর চিঠি লেখানোর মতো। যিনি চিঠিটা লিখছেন, তিনি নন বরং যিনি তাকে দিয়ে সেটা লিখাচ্ছেন, তিনিই সেই চিঠির আসল লেখক।
কোনো কোনো বাইবেল লেখক সত্যি সত্যিই কোনো স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বরের বার্তা শুনেছিলেন। অন্যেরা ঈশ্বরের কাছ থেকে দর্শন পেয়েছিলেন। কিছু কিছু ক্ষেত্রে, ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তাঁর বার্তা জানিয়েছিলেন। কখনো কখনো ঈশ্বর যদিও বাইবেল লেখকদের তাদের নিজেদের ভাষায় তাঁর বার্তা লিখতে অনুমতি দিয়েছিলেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে, তাদের কী লিখতে হবে। সমস্ত ক্ষেত্রেই, মানব লেখকেরা তাদের নিজেদের নয় বরং ঈশ্বরের চিন্তাভাবনা লিপিবদ্ধ করেছিলেন।
আমরা কীভাবে নিশ্চিত হতে পারি, ঈশ্বরই বাইবেল লেখকদের অনুপ্রাণিত করেছিলেন? বাইবেল যে সত্যিই ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা হয়েছে, সেই বিষয়ে আস্থা গড়ে তোলার জন্য, আসুন আমরা তিনটে প্রমাণ বিবেচনা করে দেখি।