বিজ্ঞতার সঙ্গে আমোদপ্রমোদ মনোনয়ন করুন
ছেলেমেয়েদের উপর আমোদপ্রমোদের কী প্রভাব পড়ে? অ্যালভিন পৌসেন্ট, একজন শিক্ষক ও চিকিৎসক যিনি প্রায় ৩০ বছর শিশুদের নিয়ে কাজ করেছেন, তিনি দৃঢ়নিশ্চিত যে যৌনতা ও দৌরাত্ম্যপূর্ণ চলচ্চিত্র দেখা যুবক-যুবতীদের শেখায় যে এইধরনের আচরণ স্বাভাবিক। এছাড়াও তিনি আরেকটি বিপদের বিষয় উল্লেখ করেন: “আমি লক্ষ্য করেছি ছেলেমেয়েরা এইধরনের চলচ্চিত্র দেখে ঘরে ফিরে আসার পর প্রায়ই ভয়ংকর—অথবা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে। অন্যদের আমি দেখেছি যে তারা কাউকে জড়িয়ে ধরে রাখতে চায় কিংবা বুড়ো আঙ্গুল চোষে অথবা শয্যায় মূত্রত্যাগ করে।” এই চিকিৎসকের মতানুযায়ী, এইধরনের আচরণ ঘটাতে পারে এমন অন্যান্য ঘটনাগুলি বিশেষজ্ঞগণ লিপিবদ্ধ করেছেন—শারীরিক অথবা যৌন অপব্যবহার কিংবা যুদ্ধ রত স্থানে বাস করা হল কেবল কয়েকটি কারণ। “আমরা কেউই একজন সন্তানকে ইচ্ছাকৃতভাবে ওইধরনের পরিস্থিতিতে ফেলতে চাইব না,” তিনি ব্যাখ্যা করেন, “তথাপি যে বিষয়গুলি চলচ্চিত্র পর্দার বাইরে ঘটলে আমরা আতঙ্কিত হই, সেইধরনের চলচ্চিত্র দেখায় আমরা তাদের বাধা দিই না।”
খ্রীষ্টানদের বিজ্ঞ হওয়ার এবং যে আমোদপ্রমোদ তারা মনোনয়ন করেন তা বাইবেলের নীতিগুলি লঙ্ঘন করে না, সেই ক্ষেত্রে নিশ্চিত হওয়ার উত্তম কারণ রয়েছে। উদাহরণস্বরূপ, গীতসংহিতা ১১:৫ পদ উল্লেখ করে: “সদাপ্রভু ধার্ম্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাঁহার প্রাণের ঘৃণাস্পদ।” আর খ্রীষ্টান প্রেরিত পৌল লিখেছিলেন: “অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ কর, যথা, বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কু-অভিলাষ, এবং লোভ . . . তোমরাও এ সকল ত্যাগ কর,—ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখনির্গত কুৎসিত আলাপ।”—কলসীয় ৩:৫, ৮.
অতএব, পিতামাতাদের উচিত সাবধান হওয়া যে তারা তাদের সন্তানদের—এবং নিজেদের জন্য—যে আমোদপ্রমোদ মনোনয়ন করেন তা যেন “মাংসের কার্য্য”-কে উন্নীত না করে। (গালাতীয় ৫:১৯-২১) আমোদপ্রমোদের গুণগত মান ও পরিমাণ বিবেচনা করার সময় তাদের বিজ্ঞ হওয়া উচিত।—ইফিষীয় ৫:১৫-১৭.