আপনি কি আপনার বন্ধুবান্ধবদের জন্য আমোদপ্রমোদের ব্যবস্থা করতে চান?
সময়টি বিকালবেলা এবং একটি সামাজিক মেলামেশার আসর চলছিল। সকলে যখন উপভোগ করছিল তখন ঘোষণা করা হয় যে দুইজন যুবক কিছু আমোদপ্রমোদের ব্যবস্থা করবেন যাতে থাকবে কিছু সঙ্গীত ও একটি ছোট ব্যঙ্গরচনা।
এই দুইজন আগে বহুবার সাফল্যের সাথে এই ধরনের আমোদপ্রমোদের ব্যবস্থা করেছে, তাই তারা আশা করেছিল যে উৎসাহজনক সাড়া পাওয়া যাবে। কিন্তু প্রদর্শনীর পরে লোকেদের মুখে অস্বস্তিকর দৃষ্টি, নিঃস্তব্ধতা এবং শেষ পর্যন্ত কিছুটা অনিচ্ছাসহ দেওয়া হাততালি শুনে তারা লজ্জিত হয়। তাদের প্রদর্শনী সফল হয়নি। কী ভুল হয়েছিল?
আপনার যদি কোন দক্ষতা থাকে এবং আপনি আপনার বন্ধুদের তা দেখাতে চান, তাহলে পাছে আপনারও এই একই রকম অভিজ্ঞতা হয়, সেই ভয়ে কি আপনি ইতস্তত করেন? মানুষকে সত্যিই আনন্দ দেওয়ার চাবিকাঠিটি কী? অথবা আপনি নিজে হয়ত কিছু প্রদর্শন করা সম্বন্ধে চিন্তা করেননি, কিন্তু আপনার বাড়িতে কোন আসরে অন্যদের কিছু করতে বলেছেন। যদি তাই হয়, তাহলে আপনার অতিথিরা যে তা পছন্দ করবে, সেই বিষয়ে আপনি নিশ্চিত হবেন কিভাবে?
নিচে দেওয়া উপদেশগুলি বাড়িতে প্রদর্শিত কিছু সঙ্গীতানুষ্ঠানের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে অধিকাংশ বিষয়ই অন্যান্য ধরনের আমোদপ্রমোদের প্রতিও প্রযোজ্য, যেমন কোন ব্যঙ্গরচনা দেখানো, স্লাইড প্রদর্শন করা, গল্প বলা অথবা ক্ষেত্রের পরিচর্যায় কোন অভিজ্ঞতা সম্বন্ধে বলা।
পরিবেশ সৃষ্টি করা
ধরুন আপনি কিছু মেলামেশার আয়োজন করেছেন, যেখানে একটি সঙ্গীতানুষ্ঠান রাখা হবে। অন্যদের আনন্দ দেওয়ার জন্য আপনার (অথবা যারা অংশ নেবে তাদের) সঙ্গীত সম্বন্ধে প্রচুর জ্ঞান থাকার প্রয়োজন নেই। বাস্তবে, কিছু দক্ষ সঙ্গীতজ্ঞরা অন্যদের আনন্দ দেওয়ার ব্যাপারে অনেকসময়ে উপযুক্ত নন। এর কারণ হল যে আনন্দ দেওয়ার সঙ্গে জড়িত আছে, কী করলে লোকেরা উপভোগ করবে তা জানা। এর শুরু হয় এমন পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে যা লোকেদের আনন্দ দেওয়ার জন্য উপযুক্ত। উদাহরণস্বরূপ, আপনি কতজন অতিথিকে আমন্ত্রণ জানাবেন?
একটি বিরাট সমাগমের তুলনায় ছোট দল রাখলে হয়ত আপনি বেশি সাফল্য পাবেন। ছোট দল থাকলে প্রত্যেকে একে অপরের সাথে কথা বলতে এবং পরস্পরের সঙ্গ উপভোগ করতে পারবে। একইভাবে, উপভোগ্য পরিবেশ সৃষ্টি করার জন্য, হয় সম্পূর্ণ আহার অথবা কিছু জলখাবারের ব্যবস্থা করা সম্বন্ধে বিবেচনা করতে পারেন। যদি আপনি শুধুমাত্র জলখাবারের ব্যবস্থা করেন তাহলে আপনার অতিথিদের তা জানিয়ে দিন যাতে তারা আরও বেশি কিছুর প্রত্যাশা না করেন।
কখন আপনি সঙ্গীতানুষ্ঠান শুরু করবেন তা নির্ধারণ করাও গুরুত্বপূর্ণ। অনেকে স্বতস্ফুর্তভাবে মেলামেশা করতে ভালবাসে এবং সাধারণভাবেই খাওয়াদাওয়া ও কথাবার্তায় নিজেদের মশগুল করে ফেলে। আপনার অতিথিরা যদি এইরকম হন, তাহলে পরিকল্পিত কোন অনুষ্ঠান শুরু করার আগে তাদের যথেষ্ট সময় দেওয়া উচিৎ। যে দুইজন যুবকের কথা প্রথমে উল্লেখ করা হয়েছিল তারা এই বিষয়ে চিন্তা করেনি। অন্যান্য বিষয় শেষ হয়ে আসা পর্যন্ত যদি তারা অপেক্ষা করত তাহলে হয়ত শ্রোতাদের কাছ থেকে তারা ভাল সাড়া পেত।
যদি আপনি চান যে গান গাওয়ায় সকলে অংশগ্রহণ করুক, তাহলে কাছাকাছি বসা ভাল, হয়ত ফায়ারপ্লেসের চারিধারে অথবা মাটিতে। লোকে যখন ভাল মেজাজে অথবা উপযুক্ত পরিস্থিতিতে থাকে তখন গানও বেশি ভাল করে। সঠিক পরিবেশ সৃষ্টি করলে তা আপনার প্রদর্শনী আপনার অতিথিদের কাছে উপভোগ্য করে তুলতে অনেক কিছু করতে পারে। এমনকি আপনার সঙ্গীতানুষ্ঠান গ্রহণ করার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করতেও পারে।
এইবার আপনার অতিথিদের সামনে কিছু বাজানোর সময় এসেছে। আপনার অতিথিরা যাতে উপভোগ করেন সে বিষয়ে আপনি কিভাবে সফল হতে পারেন?
শ্রোতাদের মুগ্ধ করা
অধিকাংশ লোকে একটি ভাল প্রদর্শনী দেখতে ভালবাসে। সম্প্রতি মাত্র এক বছরে একটি ব্রড্ওয়ে নাটকের ৮১,৪২,০০০ টিকিট বিক্রি হয়েছিল, যার মূল্য ২৫ কোটি ৩৪ লক্ষ ডলার। কিন্তু আপনার প্রদর্শনী যদি আপনার শখ হয় যার জন্য আপনাকে কোন পারিতোষিক দেওয়া হয় না, তাহলে যে অনুষ্ঠান শ্রোতারা নিজে থেকে চায়নি তাতে তাদের মনোযোগ আকর্ষণ করে রাখার এক চ্যালেঞ্জ আপনার সামনে রয়েছে। এর সমাধান কী? যথেষ্ট দক্ষতার সাথে সাথে শ্রোতাদের সঙ্গে ভাল সম্পর্ক স্থাপন করাও যোগ করুন। এইখানে কিছু পরামর্শ দেওয়া হল:
ভালভাবে পরিচিত বিষয় বেছে নিন। গিটার শিক্ষক ফ্রেড্রিক নোড্ সাবধান করে দেন: “যে বিষয় আপনি বাজাবেন তা এত ভালভাবে জানা উচিৎ যে বলতে গেলে অন্য কিছু চিন্তা করতে করতেও আপনি তা বাজাতে পারবেন।” সুতরাং যে বিষয় আপনি সম্প্রতি শিখেছেন সেগুলি ভবিষ্যতের জন্য রেখে দেওয়াই বিজ্ঞতার কাজ হবে। মিঃ নোড্ আরও উল্লেখ করেছেন: “জটিল, আকর্ষণীয় বিষয় বাজাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলার চাইতে একটি সাধারণ বিষয় ভালভাবে বাজানো অনেক ভাল।”
আপনার শ্রোতাদেরও অংশ নিতে দিন। একজন বহু বছরের অভিজ্ঞ সঙ্গীতজ্ঞ, শ্রোতাদের অংশগ্রহণের মূল্য সম্বন্ধে জোর দিয়ে বলেছেন যে তিনি গানের কথাগুলি ছাপানো আকারে বিতরণ করে শ্রোতাদের তার সাথে গাইতে উৎসাহ দিতেন। শ্রোতাদের আপনার প্রদর্শনীর অংশ করে নিলে তাদের উৎসাহজনক সমর্থন আপনি বজায় রাখতে পারবেন।
বৈচিত্র্যের প্রতি লক্ষ্য রাখুন। প্রায়ই দেখা যায় কেউ কেউ সবকিছু একইরকম শান্তভাবে বাজাচ্ছে। কিন্তু, ফ্রেড্রিক নোড্ উপদেশ দিয়েছেন: “প্রত্যেকটি বিষয় কিছুটা চন্মনে এবং কিছুটা মৃদু করে তুলে বৈচিত্র্য সৃষ্টি করুন; উদাহরণস্বরূপ, কোন পদ যদি পর পর দুবার গাওয়া হয় তাহলে প্রথমটা জোরগলায় এবং পরেরটা আস্তে, প্রায় প্রতিধ্বনির মত গাইলে খুবই কাজ হয়। . . . সঙ্গীতে এইরকম সূক্ষ্ম ওঠাপড়া রাখলে, যা শুধুমাত্র স্বরলিপি থেকে সঙ্গীতের পার্থক্যকে দেখায়, তাহলে অনেক বেশি আনন্দ পাওয়া যায়।”
নিজে উপভোগ করুন। আপনাকে দেখে যদি মনে হয় আপনি উৎকণ্ঠা বোধ করছেন, আড়ষ্ট অথবা আত্ম-সচেতন হয়ে আছেন, তাহলে আপনার শ্রোতারাও সহজ হতে পারবে না। অথবা আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞকে অনুকরণ করেন তাহলেও তারা উপভোগ করবেন না। সকলে যখন আপনার দিকে দেখে, তখন সহজ হওয়া কঠিন, কিন্তু নিরুদ্বেগ হওয়া, উৎসাহ দেখানো এবং আপনি যা করছেন তা উপভোগ করা আপনাকে শিখতেই হবে। একমাত্র তাহলেই আপনার শ্রোতারাও সহজ বোধ করবে এবং আপনার প্রদর্শনী উপভোগ করবে।
সমস্ত বিষয়টি সংক্ষিপ্ত রাখুন! প্রকৃতই যিনি আনন্দ দিতে জানেন, তিনি সবসময়ে শ্রোতারা যতটা চায় তার চেয়ে একটি কম গান করেন, কখনও একটি গান বেশি করেন না। আপনার বসবার ঘরের সহজ পরিবেশে, ২০-৩০ মিনিটের মধ্যে লোকে অস্থির বোধ করতে পারে। আপনার প্রদশর্নী শেষ হওয়ার পরে, অতিথিদের আবার কথাবার্তা শুরু করতে দিন। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও, তারা অনেকদিন সেই সম্বন্ধে আগ্রহের সাথে মনে রাখবে, কারণ আপনি তাদের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে পূর্ণ করেননি।
স্নায়ুর চাপের মোকাবিলা করা
এমনকি পেশাদার ব্যক্তিরাও মঞ্চে ওঠার ভীতির সঙ্গে লড়াই করে। কিন্তু তারা সেই ভীতিকে নিয়ন্ত্রণে রাখতে শেখে আর অন্তত মনে হয় না যে তারা অস্বস্তি বোধ করছে। আপনিও কিভাবে অন্যদের এইরকম মনে করাতে পারেন?
একটি বিষয়, প্রস্তুতি করুন! ডেল্ কার্নেগি, যিনি বছরে হাজার হাজার বক্তৃতার সমালোচনা করেন, তিনি বলেছিলেন: “যে বক্তা প্রস্তুত, একমাত্র তারই আত্মবিশ্বাস রাখার অধিকার আছে।” কোন প্রদর্শনকারীর ক্ষেত্রেও তা অবশ্যই সত্য। আগে থেকে প্রস্তুতি এবং তার সঙ্গে প্রদর্শনীর আগে আরেকবার অনুশীলন করে নিলে, অনেক পার্থক্য হবে। প্রদর্শনীর সময়ে, নিজেকে আপনার বিষয়ের মধ্যে ডুবিয়ে দিন। যা বাজাবেন সেই সম্বন্ধে চিন্তা করুন ও তা অনুভব করুন। নিউ ইংল্যান্ড কন্সারভেটরি অফ্ মিউজিক-এর ফ্র্যাঙ্ক বাতিস্তি উপদেশ দিয়েছেন: “একটি কাজ অবশ্যই করতে হবে এবং তা হল সে যা করছে তার প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া, অন্যেরা কী মনে করছে সেই সম্বন্ধে চিন্তা করা নয়। আপনি যদি সেইরকম মনোযোগ গড়ে তুলতে পারেন তাহলে আপনি আর ভয় পাবেন না।”
যদি আপনি কোন ভুল করেন তাহলে বিরক্ত হয়ে গিয়ে আপনার অতিথিদের তা বুঝতে দেবেন না। খুব অল্প লোকেই হয়ত ভুলটি লক্ষ্য করেছে আর অন্যেরা কিছু মনে করবেন না। আবার শুরু করার জন্য তারা আপনার জন্য অপেক্ষা করবেন—আপনি যদি গাওয়া অথবা বাজানো চালিয়ে যান যেন ভুলটি উপেক্ষা করা যেতে পারে, তাহলে তারাও সেটি উপেক্ষা করবে।
যে দক্ষতা সৃষ্টিকর্তাকে সম্মান জানায়
মাঝে মাঝে যদি বন্ধুরা তাদের জন্য আপনাকে কিছু বাজাতে বলে, তাহলে নিজেকে অযোগ্য মনে করে তাদের প্রত্যাখ্যান করবেন না। তারা যদি নিঁখুত জিনিস চাইতেন তাহলে কি তারা রেকর্ড করা গানবাজনা বেছে নিতেন না? একজন মহিলা, যিনি তার বাড়িতে ছোট, কিন্তু উপভোগ্য মেলামেশার আসরের জন্য তার বন্ধুদের কাছে পরিচিত ছিলেন, তিনি বলেছিলেন: “অতিথিরা যদি সঙ্গীত ভালবাসে এবং এমনকি কিছু প্রদর্শন করার জন্য প্রস্তুত হয়ে আসেন ও অন্যদের তাতে অন্তর্ভুক্ত করেন তাহলে কত ভাল হয়!”
হ্যাঁ, নিজেরাই বাড়িতে আমোদপ্রমোদের ব্যবস্থা করলে যে উৎসাহ ও আনন্দ পাওয়া যায়, অনেকে তা পছন্দ করেন। আরও মনে রাখবেন, যে আপনার বন্ধুরা হয়ত গঠনমূলক আমোদপ্রমোদ চান, বর্তমানের পেশাদারী জগতে যা খুঁজে পাওয়া ক্রমশ দুরূহ হয়ে পড়ছে। সুতরাং আপনার যদি অন্যদের আনন্দ দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা আমাদের মহান সৃষ্টিকর্তা, “সমস্ত উত্তম দান ও সমস্ত সিদ্ধ বর” যিনি দেন, তার সম্মানে ব্যবহার করা উচিৎ।—যাকোব ১:১৭. (g93 4/22)
অতিরিক্ত পরামর্শ
বহুমুখী হোন। আপনি যদি নানা ধরনের সঙ্গীত বাজাতে পারেন, প্রত্যেক ধরনের কয়েকটি সুর হলেও, শ্রোতাদের পছন্দ এবং অনুরোধ সন্তুষ্ট করার সুযোগ আপনি পাবেন।
আপনার সঙ্গীতের বিষয়গুলি আকর্ষণীয়ভাবে সাজিয়ে নিন। সাধারণত ছোট এবং সকলের চেনা সুর দিয়ে শুরু এবং শেষ করা ভাল। বড় এবং আরও জটিল সুর যদি বাজানো হয়, তাহলে সেগুলিকে আপনার প্রদর্শনীর মাঝখানে রাখাই ভাল।
আপনার শ্রোতাদের উপস্থিতি স্বীকার করুন। তাদের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে তারা অস্বস্তি বোধ করতে পারে, কিন্তু দুটি সুরের মাঝে অবশ্যই তাদের দিকে তাকানো এবং তাদের সঙ্গে কথা বলা যেতে পারে।
অনুষ্ঠানটির মধ্যে কিছুটা গতি রাখুন। মাঝে মাঝে ভূমিকারূপে কিছু মন্তব্য করা হলে সকলে (আপনিও) সহজ বোধ করলেও, খুব বেশি কথা বলা উচিৎ নয়। আরও, আপনার বাদ্যযন্ত্র অতিরিক্ত টিউন করে, খুব বেশিক্ষণ সকলকে চুপ করিয়ে রাখবেন না। ক্রমাগত দেরি হওয়াতে আপনার অতিথিরা যতটা বিরক্ত হবেন, টিউনিংএ সামান্য ত্রুটি থাকলে ততটা হবেন না।