যোনা
৩ পরে, দ্বিতীয় বার যোনার কাছে যিহোবার বার্তা এল: ২ “ওঠো, মহানগর নীনবীতে যাও আর আমি তোমাকে যে-বার্তা দিচ্ছি, সেটা তার কাছে ঘোষণা করো।”
৩ তাই, যোনা উঠলেন এবং যিহোবার কথার বাধ্য হয়ে নীনবীতে গেলেন। নীনবী খুবই বড়ো একটা নগর ছিল,* সেই নগরটার চারিদিক পায়ে হেঁটে ঘুরতে তিন দিন সময় লাগত। ৪ পরে, যোনা নগরে ঢুকলেন আর হেঁটে এক দিনের পথ গেলেন। তিনি যেতে যেতে* এই ঘোষণা করলেন: “আর মাত্র ৪০ দিন পর নীনবীকে ধ্বংস করে দেওয়া হবে।”
৫ এই কথা শুনে নীনবীর লোকেরা ঈশ্বরে বিশ্বাস করল। তারা উপবাস ঘোষণা করল আর ছোটো থেকে বড়ো, সবাই চট পরল। ৬ নীনবীর রাজার কাছে যখন এই বার্তাটা গিয়ে পৌঁছোল, তখন তিনি নিজের সিংহাসন ছেড়ে উঠলেন আর তিনি নিজের রাজকীয় পোশাক খুলে চট পরলেন এবং ছাইয়ের উপর বসলেন। ৭ শুধু তা-ই নয়, তিনি পুরো নীনবীতে এই ঘোষণা করালেন,
“রাজা এবং তার উচ্চপদস্থ ব্যক্তিরা এই আদেশ জারি করেছেন: মানুষ কিংবা পশু, গরু, ষাঁড়, মেষ কিংবা ছাগল, কেউই যেন কিছু না খায়। তারা যেন খাবার না খায় এবং তারা যেন একটুও জল না খায়। ৮ মানুষ ও পশু, উভয়েই যেন চট পরে। তারা যেন ঈশ্বরের কাছে কাকুতিমিনতি করে, নিজেদের মন্দ পথ থেকে ফিরে আসে এবং দৌরাত্ম্যপূর্ণ কাজ করা বন্ধ করে দেয়। ৯ কে জানে, সত্য ঈশ্বর হয়তো নিজের সিদ্ধান্ত নিয়ে আবারও ভেবে দেখবেন* এবং আমাদের কাছ থেকে তাঁর ক্রোধের আগুন সরিয়ে নেবেন, যাতে আমরা ধ্বংস হয়ে না যাই।”
১০ সত্য ঈশ্বর যখন দেখলেন, তারা কী করেছে, তারা কীভাবে নিজেদের মন্দ পথ থেকে ফিরে এসেছে, তখন তিনি তাদের উপর যে-বিপর্যয় আনার কথা বলেছিলেন, সেটা নিয়ে আবারও ভেবে দেখলেন* আর তিনি সেই বিপর্যয় আনলেন না।