যোনা
২ তারপর, যোনা সেই মাছের পেট থেকে তার ঈশ্বর যিহোবার কাছে প্রার্থনা করলেন। ২ তিনি বললেন:
“আমি আমার বিপদের সময়ে যিহোবাকে ডাকলাম আর তিনি আমাকে উত্তর দিলেন।
কবরের* সবচেয়ে গভীর জায়গা থেকে আমি সাহায্যের জন্য কাঁদলাম
আর তুমি আমার আওয়াজ শুনলে।
৩ তুমি যখন আমাকে গভীর জলে, খোলা সমুদ্রের মাঝে ফেলে দিলে,
তখন জলের স্রোত আমাকে চারিদিক থেকে ঘিরে ধরল।
তোমার বড়ো বড়ো ঢেউগুলো আমাকে ডুবিয়ে দিল।
৪ আমি বললাম, ‘তুমি আমাকে তোমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছ!
কীভাবে আমি আবার তোমার পবিত্র মন্দির দেখব?’
৫ জল আমাকে চারিদিক থেকে ঘিরে ধরল আর আমার মৃত্যু প্রায় ঘনিয়ে এল,
আমি গভীর জলে তলিয়ে যেতে থাকলাম।
সমুদ্রের আগাছা আমার মাথায় জড়িয়ে গেল।
৬ আমি ডুবতে ডুবতে পর্বতগুলোর গোড়ায় গিয়ে পৌঁছোলাম।
আমার জন্য পৃথিবীর দরজাগুলো চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছিল।
কিন্তু, হে আমার ঈশ্বর যিহোবা, তুমি সেই গর্ত থেকে আমাকে জীবিত অবস্থায় বের করে আনলে।
৭ আমি যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমি যিহোবাকে স্মরণ করলাম।
আর আমার প্রার্থনা তোমার কাছে, তোমার পবিত্র মন্দিরে গিয়ে পৌঁছোল।
৮ যারা অপদার্থ মূর্তিগুলোর উপাসনা করে, তারা সেই ব্যক্তিকে প্রত্যাখ্যান করে, যিনি তাদের প্রতি অটল প্রেম দেখান।*
৯ কিন্তু, আমি তোমাকে ধন্যবাদ দেব এবং তোমার উদ্দেশে বলি উৎসর্গ করব।
আমি যে-অঙ্গীকার করেছি, সেটা পূর্ণ করব।
হে যিহোবা, পরিত্রাণ তোমার কাছ থেকেই আসে।”
১০ পরে, যিহোবা মাছটাকে আদেশ দিলেন আর সেটা যোনাকে ডাঙায় বমি করে বের করে দিল।