চাকরি চলে গেলে কী করব?—বাইবেলের নীতি যেভাবে আপনাকে সাহায্য করতে পারে
চাকরি চলে যাওয়ার কারণে টাকাপয়সার সমস্যা হয় ঠিকই, তবে এর পাশাপাশি আপনার দুশ্চিন্তা হয়তো বেড়ে যায় আর আপনি হয়তো মনমরা হয়ে থাকেন। এ ছাড়া, ঘরের পরিবেশও নষ্ট হয়ে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে আপনি কী করতে পারেন? আসুন, কিছু পরামর্শ নিয়ে আলোচনা করি। এগুলো বাইবেলের নীতির উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে, যা আপনাকে অনেক সাহায্য করতে পারে।
মনের কথা কাউকে খুলে বলুন।
বাইবেল যা বলে: “প্রকৃত বন্ধু সবসময় ভালোবাসা দেখায়।”—হিতোপদেশ ১৭:১৭.
চাকরি চলে গেলে আপনি হয়তো ভেঙে পড়তে পারেন, রেগে যেতে পারেন অথবা বুঝতে পারেন না, এখন আপনি কী করবেন। আপনি চিন্তা করতে পারেন যে, আপনি কোনো কাজের নন। এইরকম সময় আপনি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যের কাছে নিজের মনের কথা খুলে বলতে পারেন। তারা আপনাকে সান্ত্বনা ও উৎসাহ দিতে পারে। তাদের সঙ্গে কথা বলে মন হালকা হতে পারে। তারা আপনাকে এমন পরামর্শও দিতে পারে, যার ফলে আপনি নতুন চাকরি খুঁজে পেতে পারেন।
অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
বাইবেল যা বলে: “তাই, কখনো আগামীকালের বিষয়ে উদ্বিগ্ন হোয়ো না, কারণ আগামীকালের জন্য আগামীকালের উদ্বিগ্নতা রয়েছে।”—মথি ৬:৩৪.
বাইবেল উৎসাহিত করে, আমরা যেন আগে থেকে পরিকল্পনা করি। (হিতোপদেশ ২১:৫) তবে এটি এই পরামর্শও দেয়, আমরা যেন ভবিষ্যৎ সম্বন্ধে অতিরিক্ত চিন্তা না করি। অনেকসময়, আমরা এমন বিষয় নিয়ে অযথা চিন্তা করি, যেটা হয়তো কখনো ঘটবে না। তাই, ভালো হবে আমরা যেন সেই দিনের চিন্তা সেই দিনেই করি।
এ ছাড়া, বাইবেলে এমন অনেক পরামর্শ রয়েছে, যেগুলোর কারণে আপনি চাপের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। এই বিষয়ে আরও জানার জন্য “যেভাবে চাপের সঙ্গে মোকাবিলা করা যায়” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
কম খরচ করুন।
বাইবেল যা বলে: “প্রাচুর্যের মধ্যে হোক কিংবা অনটনের মধ্যে হোক, আমি সন্তুষ্ট থাকতে শিখেছি।”—ফিলিপীয় ৪:১২.
নতুন পরিস্থিতিতে আপনাকে হয়তো কিছু রদবদল করতে হবে আর কিছু অভ্যাসও ছাড়তে হবে। আপনি আগে যে-পরিমাণে খরচ করতেন, এখন তা হয়তো কম করতে হবে। এভাবে, আপনার কাছে যা আছে, তাতেই আপনি চালাতে পারবেন। এ ছাড়া, সতর্ক থাকুন যেন আপনি অযথা লোন না নেন।—হিতোপদেশ ২২:৭.
এই বিষয়ে আরও পরামর্শ জানার জন্য “কীভাবে কম টাকাপয়সায় জীবনযাপন করা যায়?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
সময়কে সঠিকভাবে ব্যবহার করুন।
বাইবেল যা বলে: “তোমরা প্রজ্ঞা সহকারে আচরণ করো, তোমাদের সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করো।”—কলসীয় ৪:৫.
আপনি যখন চাকরি করতেন, তখন আপনার হয়তো একটা ভালো তালিকা ছিল। যদিও এখন আপনার চাকরি নেই, তবুও আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করুন এবং একটা তালিকা তৈরি করে রাখুন। এভাবে, আপনার কাছে করার মতো অনেক কাজ থাকবে আর আপনি নিরুৎসাহিত হয়ে পড়বেন না।
পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নিন।
বাইবেল যা বলে: “সব ধরনের পরিশ্রম থেকেই ভালো ফল লাভ করা যায়।”—হিতোপদেশ ১৪:২৩.
আপনি আগে যে-চাকরিটা করতেন, সেই একইরকম চাকরি যে আবারও পাবেন, এমনটা নয়। পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নিন আর যেকোনো কাজ করার জন্য প্রস্তুত থাকুন। আপনাকে হয়তো ছোটোখাটো কাজ করতে হতে পারে অথবা আগে যতটা বেতন পেতেন, ততটা না-ও পেতে পারেন।
হাল ছেড়ে দেবেন।
বাইবেল যা বলে: “সকাল বেলায় তোমার বীজ বপন করো আর সন্ধ্যা পর্যন্ত তোমার হাতকে বিশ্রাম দিয়ো না। কারণ তুমি জান না, কোন বীজ থেকে অঙ্কুর বের হবে।”—উপদেশক ১১:৬.
চাকরি খুঁজতে থাকুন। আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশী এবং চেনাশোনা ব্যক্তিদের বলুন যে, আপনার চাকরির প্রয়োজন। চাকরি দেয় এমন এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য বিজ্ঞাপন দেখতে থাকুন। আপনি হয়তো সঙ্গেসঙ্গে চাকরি পাবেন না। আবার আপনাকে হয়তো অনেক জায়গায় ইন্টারভিউ দিতে হবে বা বায়োডেটা জমা করতে হবে, কিন্তু হাল ছেড়ে দেবেন না।