ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w25 সেপ্টেম্বর পৃষ্ঠা ২-৭
  • সাহায্যের জন্য প্রাচীনদের কাছে যান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সাহায্যের জন্য প্রাচীনদের কাছে যান
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কখন আমাদের ‘প্রাচীনদের ডাকা’ উচিত?
  • কেন আমাদের প্রাচীনদের ডাকা উচিত?
  • কীভাবে প্রাচীনেরা আমাদের সাহায্য করে?
  • আমাদের ব্যক্তিগত দায়িত্ব
  • পাপ করেছে এমন ব্যক্তিদের প্রতি প্রাচীনেরা কীভাবে প্রেম ও করুণা দেখাতে পারে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • খ্রিস্টীয় মণ্ডলীকে কীভাবে সংগঠিত করা হয়েছে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • ভাইয়েরা, আপনারা কি প্রাচীন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • যে-প্রাচীনেরা যিহোবার লোকদের জন্য কঠোর পরিশ্রম করেন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
w25 সেপ্টেম্বর পৃষ্ঠা ২-৭

অধ্যয়ন প্রবন্ধ ৩৬

গান ১০৩ প্রাচীনেরা—যিহোবার কাছ থেকে এক দান

সাহায্যের জন্য প্রাচীনদের কাছে যান

“সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক।”—যাকোব ৫:১৪.

আমরা কী শিখব?

আমরা জানতে পারব, প্রয়োজনের সময়ে মণ্ডলীর প্রাচীনদের কাছ থেকে সাহায্য নেওয়া কেন গুরুত্বপূর্ণ।

১. কীভাবে যিহোবা দেখিয়েছেন যে, তাঁর মেষেরা তাঁর কাছে খুবই মূল্যবান?

যিহোবার কাছে তাঁর মেষেরা খুবই মূল্যবান। তিনি তাদের জন্য তাঁর একমাত্র পুত্র যিশুকে দান করেছেন এবং তাঁর মেষদের যত্ন নেওয়ার জন্য মণ্ডলীর প্রাচীনদের নিযুক্ত করেছেন। (প্রেরিত ২০:২৮) ঈশ্বর চান যেন তাঁর মেষদের কোমলভাবে যত্ন নেওয়া হয়। খ্রিস্টের নেতৃত্বের অধীনে, প্রাচীনেরা মেষদের যিহোবার সঙ্গে এক দৃঢ় সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।—যিশা. ৩২:১, ২.

২. কাদের জন্য যিহোবা বিশেষভাবে চিন্তা করেন? (যিহিষ্কেল ৩৪:১৫, ১৬)

২ যিহোবা প্রতিটা মেষের জন্য গভীরভাবে চিন্তা করেন। কিন্তু, যারা কষ্টের মধ্যে রয়েছে, তাদের জন্য তিনি আরও বেশি করে চিন্তা করেন। কোনো ভুল কাজ করে যারা কষ্ট পাচ্ছে, তাদের সাহায্য করার জন্য যিহোবা প্রাচীনদের ব্যবহার করেন। (পড়ুন, যিহিষ্কেল ৩৪:১৫, ১৬.) তবে, তিনি প্রয়োজনের সময়ে আমাদের প্রত্যেককেই সাহায্য করতে চান। আর এইরকম সময়ে যিহোবার কাছে সাহায্য চেয়ে আন্তরিকভাবে প্রার্থনা করা ছাড়াও, তিনি চান আমরা যেন মণ্ডলীর ‘পালক ও শিক্ষকদের’ কাছ থেকে সাহায্য গ্রহণ করি।—ইফি. ৪:১১, ১২.

৩. প্রাচীনেরা যেভাবে আমাদের সাহায্য করে, সেটার ফলে আমরা কীভাবে উপকৃত হই?

৩ এই প্রবন্ধে আমরা দেখব, কীভাবে যিহোবা প্রাচীনদের মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিকে সাহায্য করেন, যাদের যিহোবার সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে। আসুন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি: কখন আমাদের প্রাচীনদের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত? কেন আমরা সাহায্য নেব? আর প্রাচীনেরা কীভাবে আমাদের সাহায্য করে থাকে? হতে পারে, যিহোবার সঙ্গে আজ আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এই মুহূর্তে আমাদের প্রাচীনদের কাছ থেকে সাহায্যের প্রয়োজন পড়ছে না। তবে, এই প্রবন্ধের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারব যে, কীভাবে যিহোবা আমাদের সাহায্য করার জন্য প্রাচীনদের ব্যবহার করছেন। আর যদি কখনো আমাদের প্রাচীনদের কাছ থেকে সাহায্যের প্রয়োজন হয়, তা হলে আমরা জানতে পারব, আমাদের কী করতে হবে।

কখন আমাদের ‘প্রাচীনদের ডাকা’ উচিত?

৪. আমরা কীভাবে এটা বলতে পারি যে, যাকোব ৫:১৪-১৬, ১৯, ২০ পদে সেই ব্যক্তির কথাই বলা হয়েছে, যার সঙ্গে যিহোবার সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে? (ছবিগুলোও দেখুন।)

৪ আমাদের আধ্যাত্মিকভাবে সাহায্য করার জন্য যিহোবা প্রাচীনদের ব্যবহার করেন। এই বিষয়ে শিষ্য যাকোব একটা প্রশ্ন করেছিলেন: “তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ? তা হলে, সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক।” (পড়ুন, যাকোব ৫:১৪-১৬, ১৯, ২০.) এই অধ্যায়ের বিষয়বস্তু দেখায়, যাকোব এখানে বলছেন যে, কীভাবে একজন ব্যক্তি যিহোবার সঙ্গে তার ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোড়া লাগাতে পারেন। যেমন, এখানে তিনি একজন অসুস্থ ব্যক্তিকে ডাক্তার না ডেকে প্রাচীনদের ডাকতে বলছেন। আর সেটা থেকে বোঝা যায় যে, তিনি যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক জোড়া লাগানোর কথাই বলছেন। কেন? কারণ এটার মাধ্যমেই একজনের পাপ ক্ষমা হওয়া সম্ভব। অনেকসময়, শারীরিক অসুস্থতার জন্য যে-পদক্ষেপগুলো নেওয়া হয়ে থাকে, ঠিক একই পদক্ষেপ যিহোবার সঙ্গে উত্তম সম্পর্ক পুনরায় গড়ে তোলার ক্ষেত্রেও নেওয়া যেতে পারে। যখন আমরা শারীরিকভাবে অসুস্থ হই, তখন আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের সমস্যাগুলো খুলে বলি আর তার পরামর্শ অনুযায়ী চলি। ঠিক একইভাবে, যিহোবার সঙ্গে যখন আমাদের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, তখন আমাদের একজন প্রাচীনের কাছে যাওয়া, আমাদের পরিস্থিতি তাকে বলা এবং যে-শাস্ত্রীয় পরামর্শ তিনি দেন, সেটা কাজে লাগানো উচিত।

কোলাজ: ১. একজন ব্যক্তি তার কাঁধের সমস্যার বিষয়ে ডাক্তারকে বুঝিয়ে বলছেন। ২. বাইরের একটা বেঞ্চে বসে এক ভাই তার পরিস্থিতি নিয়ে একজন প্রাচীনের সঙ্গে কথা বলছেন।

আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা ডাক্তারের কাছে যাই; ঠিক একইভাবে, আমরা যখন আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ি, তখন আমাদেরও প্রাচীনদের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত (৪ অনুচ্ছেদ দেখুন)


৫. কীভাবে আমরা বুঝতে পারব যে, যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে?

৫ যাকোব ৫ অধ্যায়ের বিষয়বস্তু আমাদের উৎসাহিত করে, আমরা যেন বিশেষ করে সেই সময়ে প্রাচীনদের কাছে যাই, যখন আমাদের মনে হয় যে, যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্ব দুর্বল হয়ে পড়ছে। এটা কতই-না বিজ্ঞতার কাজ হবে, যদি আমরা যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্ব ভেঙে যাওয়ার আগেই প্রাচীনদের কাছ থেকে সাহায্য নিই! এই বিষয়ে, আমাদের নিজেদের কাছে সৎ থাকতে হবে। বাইবেল বলে, যদি আমরা সতর্ক না থাকি, তা হলে আমরা হয়তো এটা মনে করতে পারি যে, যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই আছে, কিন্তু আসলে তা নেই। (যাকোব ১:২২) প্রথম শতাব্দীর সার্দি মণ্ডলীর কিছু খ্রিস্টান একই ভুল করেছিল আর যিশু তাদের বলেছিলেন, যিহোবা তাদের প্রতি সন্তুষ্ট নন। (প্রকা. ৩:১, ২) যিহোবার সঙ্গে আমাদের উত্তম সম্পর্ক আছে কি না, সেটা আমরা একটা উপায়ে পরীক্ষা করতে পারি। আমাদের তুলনা করে দেখতে হবে যে, বাপ্তিস্ম নেওয়ার সময় যিহোবার প্রতি আমাদের যে-অনুভূতি ছিল, সেই একই অনুভূতি আমাদের মধ্যে এখনও আছে কি না। (প্রকা. ২:৪, ৫) আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি: ‘আমার কি বাইবেল পড়ার এবং সেই বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করার আগ্রহ কমে গিয়েছে? সভার জন্য প্রস্তুতি নেওয়ার এবং সেখানে নিয়মিতভাবে যোগ দেওয়ার যে-তালিকা আমার ছিল, সেটা কি এখন এলোমেলো হয়ে গিয়েছে? আমি কি প্রচারের প্রতি আমার উৎসাহ হারিয়ে ফেলেছি? আমি কি বস্তুগত বিষয়ে ও টাকাপয়সার পিছনে অতিরিক্ত সময় ব্যয় করছি?’ এই প্রশ্নগুলোর মধ্যে একটারও উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে আমাদের বুঝতে হবে যে, যিহোবার সঙ্গে আমাদের সম্পর্কে চিড় ধরেছে, আর এটাকে যদি আমরা এড়িয়ে যাই, তা হলে এটা আরও খারাপের দিকে যাবে। আমরা যদি এই সমস্যার সমাধান নিজেরা করে উঠতে না পারি এবং ইতিমধ্যেই আমরা যদি যিহোবার মানের বিরুদ্ধে কাজ করে ফেলি, তা হলে আমাদের অবশ্যই প্রাচীনদের কাছ থেকে সাহায্য নিতে হবে।

৬. যারা গুরুতর পাপ করেছে, তাদের কী করা উচিত?

৬ তবে, যারা গুরুতর পাপ করেছে, তাদের হয়তো মণ্ডলী থেকে বের করে দেওয়া হতে পারে, এই ক্ষেত্রে তাদের যেকোনো একজন প্রাচীনের সঙ্গে কথা বলা উচিত। (১ করি. ৫:১১-১৩) কোনো ব্যক্তি যদি গুরুতর পাপ করে ফেলে, তা হলে যিহোবার সঙ্গে তার সম্পর্ক পুনরায় ঠিক করার জন্য তার সাহায্যের প্রয়োজন। মুক্তির মূল্যের ভিত্তিতে যিহোবার কাছ থেকে ক্ষমা লাভ করার জন্য আমাদের অবশ্যই ‘অনুতাপের উপযুক্ত কাজ’ করতে হবে। (প্রেরিত ২৬:২০) এই কাজের অন্তর্ভুক্ত হল, আমরা যদি গুরুতর পাপ করে ফেলি, তা হলে আমাদের একজন প্রাচীনের সঙ্গে কথা বলতে হবে।

৭. আর কাদের প্রাচীনদের কাছ থেকে সাহায্যের প্রয়োজন?

৭ যারা গুরুতর পাপ করেছে, প্রাচীনেরা যে শুধুমাত্র তাদেরই সাহায্য করে, তা নয়। এর পাশাপাশি তারা সেই সমস্ত ব্যক্তিকেও সাহায্য করে, যারা আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়েছে। (প্রেরিত ২০:৩৫) হতে পারে, আপনি এই ভেবে ভয় পাচ্ছেন যে, মন্দ আকাঙ্ক্ষাগুলোর বিরুদ্ধে আপনি লড়াই করতে পারবেন না। আর এই লড়াই হয়তো বিশেষ করে আপনার জন্য কঠিন হতে পারে, যদি আপনি সত্য শেখার আগে ড্রাগস্‌ ও পর্নোগ্রাফির প্রতি আসক্ত থেকে থাকেন অথবা অনৈতিক জীবনযাপন করে থাকেন। মনে রাখবেন, এই লড়াইয়ে আপনি একা নন, প্রাচীনেরাও আপনার সঙ্গে আছে। তাই, এই বিষয়ে আপনি একজন প্রাচীনের সঙ্গে কথা বলতে পারেন, যিনি আপনার কথা শুনবেন, আপনাকে কিছু ব্যাবহারিক পরামর্শ দেবেন এবং তিনি আপনাকে এই নিশ্চয়তাও দেবেন যে, মন্দ আকাঙ্ক্ষাগুলো প্রতিরোধ করার মাধ্যমে আপনি যিহোবাকে খুশি করতে পারেন। (উপ. ৪:১২) এই লড়াই করতে গিয়ে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন, তা হলে প্রাচীনেরা আপনাকে মনে করিয়ে দেবে যে, আপনি সাহায্য চেয়েছেন বলে যিহোবা আপনার উপর খুব খুশি। আর এটাও দেখাবে যে, আপনি একজন নম্র ব্যক্তি এবং যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে আপনি গুরুত্বের সঙ্গে দেখেন।—১ করি. ১০:১২.

৮. কোন ভুলগুলোর জন্য আমাদের প্রাচীনদের কাছে যাওয়ার প্রয়োজন নেই?

৮ প্রতিটা ভুলের জন্য আমাদের প্রাচীনদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। যেমন, আপনি হয়তো কোনো ভাই বা বোনের সঙ্গে রূঢ়ভাবে কথা বলেছেন বা তার উপর খুব রেগে গিয়েছেন। এইরকম পরিস্থিতিতে একজন প্রাচীনের কাছে না গিয়ে, নিজেদের মধ্যে শান্তি স্থাপন করার বিষয়ে যিশুর দেওয়া পরামর্শ মেনে চলতে পারেন। (মথি ৫:২৩, ২৪) আপনি মৃদুতা, ধৈর্য, আত্মসংযম এই গুণগুলো নিয়ে গবেষণা করতে পারেন, যাতে ভবিষ্যতে আপনি আরও ভালোভাবে এগুলো আপনার জীবনে কাজে লাগাতে পারেন। তবে, এই পদক্ষেপগুলো নেওয়ার পরও, আপনার যদি সাহায্যের প্রয়োজন হয়, তা হলে আপনি একজন প্রাচীনের সঙ্গে কথা বলতে পারেন। প্রেরিত পৌল ফিলিপীয়দের উদ্দেশে লেখা তার চিঠিতে ইবদিয়া ও সুন্তুখীর মধ্যে যে-সমস্যা ছিল, সেটা সমাধান করার জন্য একজন ভাইকে পাঠিয়েছিলেন, যার নাম আমরা জানি না। আপনার মণ্ডলীর একজন প্রাচীনও হয়তো একইভাবে আপনাকে সাহায্য করতে পারেন।—ফিলি. ৪:২, ৩.

কেন আমাদের প্রাচীনদের ডাকা উচিত?

৯. কেন আমরা প্রাচীনদের কাছে সাহায্য চাইতে দ্বিধাবোধ করব না? (হিতোপদেশ ২৮:১৩)

৯ আমরা যখন কোনো গুরুতর পাপ করি অথবা মনে করি যে, আমরা মন্দ আকাঙ্ক্ষাগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারব না, সেইসময় সাহায্য চাওয়ার জন্য আমাদের বিশ্বাস ও সাহসের প্রয়োজন। প্রাচীনদের কাছে সাহায্য চাইতে আমরা দ্বিধাবোধ করব না। কেন? কারণ যিহোবা আমাদের সাহায্য করার জন্য প্রাচীনদের দিয়েছেন, যাতে তাঁর সঙ্গে আমরা দৃঢ় সম্পর্ক বজায় রাখতে পারি। তাই, আমরা যখন প্রাচীনদের সঙ্গে কথা বলি, তখন আমরা দেখাই যে, আমরা যিহোবার উপর নির্ভর করি এবং আমরা তাঁর বাধ্য। আমরা স্বীকার করি, সঠিক কাজ করে চলার জন্য আমাদের তাঁর সাহায্যের প্রয়োজন। (গীত. ৯৪:১৮) আর আমরা যদি পাপ করে ফেলি, তা হলে আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিহোবা আমাদের পাপ তখনই ক্ষমা করবেন, যখন আমরা তা প্রাচীনদের কাছে স্বীকার করব এবং সেই কাজ করা পুরোপুরি বন্ধ করে দেব।—পড়ুন, হিতোপদেশ ২৮:১৩.

১০. আমরা যদি আমাদের পাপ গোপন করার চেষ্টা করি, তা হলে কী হতে পারে?

১০ আমরা যদি আমাদের পাপের বিষয়ে প্রাচীনদের সঙ্গে কথা বলি, তা হলে যিহোবা আমাদের ক্ষমা করবেন এবং আমরা আবারও তাঁর সঙ্গে এক উত্তম সম্পর্ক বজায় রাখতে পারব। কিন্তু, আমরা যদি তা না করি এবং আমাদের পাপ গোপন করার চেষ্টা করি, তা হলে আমাদের পরিস্থিতি আরও খারাপ হবে। রাজা দায়ূদ যখন নিজের পাপ গোপন করার চেষ্টা করেছিলেন, তখন তিনি আধ্যাত্মিকভাবে, আবেগগতভাবে এমনকী শারীরিকভাবে অনেক কষ্ট পেয়েছিলেন। (গীত. ৩২:৩-৫) আমাদের শরীরে যদি কোনো আঘাত লাগে আর সেটা যদি আমরা চিকিৎসা না করে ফেলে রাখি, তা হলে আমাদের যন্ত্রণা আরও বেড়ে যাবে। ঠিক একইভাবে, গুরুতর পাপ করার পরও আমরা যদি প্রাচীনদের সাহায্য না নিই, তা হলে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক ভেঙে যেতে পারে। যিহোবা এটা বোঝেন আর তাই তিনি চান যেন আমরা তাঁর সঙ্গে এই বিষয়টার “মীমাংসা” করে নিই। কীভাবে? আমাদের প্রাচীনদের সঙ্গে কথা বলতে হবে, যাদের মাধ্যমে তিনি আমাদের আবারও তাঁর বন্ধু হওয়ার জন্য সাহায্য করবেন।—যিশা. ১:৫, ৬, ১৮, NW.

১১. আমরা যদি গুরুতর পাপ গোপন করি, তা হলে কীভাবে অন্যদের ক্ষতি হতে পারে?

১১ আমরা যদি আমাদের গুরুতর পাপ গোপন করি, তা হলে অন্যদেরও ক্ষতি হতে পারে। এর ফলে, পুরো মণ্ডলীর উপর থেকে যিহোবার পবিত্র শক্তি চলে যেতে পারে এবং ভাই-বোনদের মধ্যে শান্তিও নষ্ট হতে পারে। (ইফি. ৪:৩০) একইভাবে, আমরা যদি জানতে পারি যে, মণ্ডলীতে কেউ গুরুতর পাপ করেছে, তা হলে আমাদের তাকে বলা উচিত সে যেন নিজে গিয়ে প্রাচীনদের সঙ্গে কথা বলে।a আমরা যদি অন্যের গুরুতর পাপ গোপন করি, তা হলে আমরাও সেই একই দোষে দোষী হব। (লেবীয়. ৫:১) যিহোবার প্রতি ভালোবাসাই আমাদের এগিয়ে গিয়ে সত্যি কথা বলতে অনুপ্রাণিত করবে। এভাবে, আমরা মণ্ডলীকে শুচি রাখতে পারব। আর যে-ব্যক্তি পাপ করেছে, তাকে আবারও যিহোবার সঙ্গে উত্তম সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারব।

কীভাবে প্রাচীনেরা আমাদের সাহায্য করে?

১২. কীভাবে প্রাচীনেরা সেই সমস্ত ব্যক্তিকে সাহায্য করে, যাদের যিহোবার সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে?

১২ বাইবেলে প্রাচীনদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সেই সমস্ত ব্যক্তিকে সাহায্য করে, যাদের যিহোবার সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে। (১ থিষল. ৫:১৪) আপনি যদি ভুল করে থাকেন, তা হলে তারা হয়তো আপনার চিন্তাভাবনা ও অনুভূতি হৃদয় থেকে ‘তুলে আনার’ জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। (হিতো. ২০:৫, NW) আপনার সংস্কৃতি, ব্যক্তিত্ব অথবা লাজুক স্বভাবের কারণে আপনি হয়তো প্রাচীনদের সব কিছু খুলে বলতে বিব্রত বোধ করতে পারেন। তাই, যে-ধরনের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে আপনি লড়াই করছেন, সেই বিষয়ে খোলাখুলিভাবে কথা বলার মাধ্যমে আপনি প্রাচীনদের সাহায্য করতে পারেন। আপনার মুখ থেকে যদি কিছু “উলটোপালটা কথা” বেরিয়েও যায়, তা হলে এই বিষয়ে চিন্তা করে ভয় পাবেন না। (ইয়োব ৬:৩, NW) আপনার কথার উপর ভিত্তি করে প্রাচীনেরা সঙ্গেসঙ্গে কোনো সিদ্ধান্ত নেবে না। তারা মন দিয়ে আপনার কথা শোনার চেষ্টা করবে আর আপনাকে কোনো পরামর্শ দেওয়ার আগে তারা পুরো বিষয়টা বিবেচনা করে দেখবে। (হিতো. ১৮:১৩) প্রাচীনেরা জানে, মেষদের যত্ন নেওয়ার জন্য সময়ের প্রয়োজন। তাই, তারা বোঝে যে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না, এরজন্য একাধিক বার কথাবার্তার প্রয়োজন রয়েছে।

১৩. প্রাচীনদের প্রার্থনা এবং শাস্ত্রীয় পরামর্শ কীভাবে আমাদের সাহায্য করে? (ছবিগুলোও দেখুন।)

১৩ আপনি যখন প্রাচীনদের সঙ্গে কথা বলবেন, তখন তারা এমন কিছু বলবে না, যার ফলে আপনি বিব্রত বোধ করতে পারেন বরং তারা আপনার হয়ে প্রার্থনা করবে। যিহোবা প্রাচীনদের এই প্রার্থনা শুনবেন আর আপনি অবাক হয়ে যাবেন যে, তাদের প্রার্থনা কতটা “জোরালো প্রভাব” ফেলতে পারে। একজন ব্যক্তি যখন প্রাচীনদের সঙ্গে কথা বলেন, তখন প্রাচীনেরা তাকে সাহায্য করে। কীভাবে? বাইবেল বলে, প্রাচীনেরা ‘যিহোবার নামে তার মাথায় তেল দেয়।’ (যাকোব ৫:১৪-১৬) আর এই “তেল” হল, ঈশ্বরের বাক্যের মধ্যে থাকা সত্য। প্রাচীনেরা দক্ষতার সঙ্গে বাইবেলের মাধ্যমে আপনাকে সান্ত্বনা দিতে পারে এবং সাহায্য করতে পারে, যাতে আপনি যিহোবার সঙ্গে আবারও এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে পারেন। (যিশা. ৫৭:১৮) তাদের শাস্ত্রীয় পরামর্শ সবসময় আপনার সঠিক কাজ করার সংকল্পকে দৃঢ় করবে। তাদের মাধ্যমে আপনি যিহোবার এই কথাগুলো শুনতে পাবেন: “এটাই পথ। এই পথেই চলো।”—যিশা. ৩০:২১, NW.

কোলাজ: ১. আগের ছবিতে দেখানো ডাক্তার সেই ব্যক্তির কাঁধ পরীক্ষা করছেন। দেওয়ালে সেই ব্যক্তির কাঁধের এক্স-রের ছবিটা দেখা যাচ্ছে। ২. আগের ছবিতে দেখানো প্রাচীন এবং তার সঙ্গে আরেকজন প্রাচীন সেই ভাইয়ের বাড়িতে গিয়ে তাকে বাইবেল থেকে উৎসাহ দিচ্ছেন। ভাই আনন্দের সঙ্গে সেই প্রাচীনদের কথা শুনছেন।

প্রাচীনেরা বাইবেল ব্যবহার করে আমাদের সান্ত্বনা ও উৎসাহ দেয় (১৩-১৪ অনুচ্ছেদ দেখুন)


১৪. গালাতীয় ৬:১ পদ অনুযায়ী, যে-ব্যক্তি ভুল পদক্ষেপ নিয়েছে, তাকে প্রাচীনেরা কীভাবে সাহায্য করতে পারে? (ছবিগুলোও দেখুন।)

১৪ গালাতীয় ৬:১ পদ পড়ুন। একজন খ্রিস্টান যিনি “ভুল পদক্ষেপ” নেন, তিনি আসলে ঈশ্বরের ধার্মিক মান মেনে চলছেন না। এই ভুল পদক্ষেপের অর্থ হতে পারে, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা ঈশ্বরের আইনের বিরুদ্ধে গুরুতর অপরাধ করা। খ্রিস্টান প্রাচীনেরা প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের “মৃদুভাবে সংশোধন করার চেষ্টা” করে। যে-গ্রিক শব্দকে “সংশোধন” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটাকে একটা ভেঙে যাওয়া হাড়কে জোড়া লাগানোর সঙ্গে তুলনা করা যেতে পারে, যাতে শরীরের কোনো স্থায়ী ক্ষতি না হয়। যেমন, একজন দক্ষ ডাক্তার চেষ্টা করেন, হাড় জোড়া লাগানোর সময় রোগী যেন কম ব্যথা পায়, একইভাবে যে-ব্যক্তি ভুল পদক্ষেপ নিয়েছে, তাকে সাহায্য করার সময় প্রাচীনেরা খেয়াল রাখে, সে যেন তাদের কথায় আরও বেশি কষ্ট না পায়। এর পরিবর্তে, প্রাচীনেরা সদয়ভাবে সেই ব্যক্তিকে পরামর্শ দেয়। এ ছাড়া, বাইবেল এটাও বলে, প্রাচীনেরা যেন “নিজের বিষয়ে সতর্ক” থাকে। আমাদের সাহায্য করার পাশাপাশি, প্রাচীনেরা এটা জানে যে, তারা অসিদ্ধ এবং তারাও ভুল করতে পারে। প্রাচীনেরা কখনো এটা দেখাবে না যে, তারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ অথবা তাদের দোষারোপ করার মনোভাব রয়েছে বরং তারা অন্যদের প্রতি নম্রতা ও সমবেদনা দেখাবে।—১ পিতর ৩:৮.

১৫. সমস্যায় পড়লে আমরা কী করতে পারি?

১৫ আমরা আমাদের মণ্ডলীর প্রাচীনদের উপর আস্থা রাখতে পারি। যিহোবা প্রাচীনদের এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন যে, তারা যেন আমাদের গোপনীয় বিষয়গুলো গোপন রাখে, নিজেদের মতামতের উপর নয় বরং বাইবেলের উপর ভিত্তি করে পরামর্শ দেয় এবং ক্রমাগত আমাদের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। (হিতো. ১১:১৩; গালা. ৬:২) যদিও প্রাচীনদের ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা একে অন্যের চেয়ে আলাদা, তবে আমরা নির্দ্বিধায় আমাদের সমস্যা নিয়ে কোনো একজন প্রাচীনের সঙ্গে কথা বলতে পারি। কিন্তু, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যেন আমাদের সমস্যা নিয়ে একাধিক প্রাচীনের সঙ্গে আলাদা করে কথা না বলি এবং এটা আশা না করি যে, কেউ হয়তো আমাদের মনের মতো পরামর্শ দেবে। আমরা যদি এটা করি, তা হলে আমরা এমন ব্যক্তিদের মতো হয়ে যাব, যারা ঈশ্বরের বাক্যের “উপকারজনক শিক্ষা” না শুনে “নিজেদের মনমতো কথা” শোনার চেষ্টা করে। (২ তীম. ৪:৩) আমরা যখন কোনো একজন প্রাচীনের সঙ্গে আমাদের সমস্যা নিয়ে কথা বলতে যাব, তখন তিনি হয়তো আমাদের জিজ্ঞেস করতে পারেন যে, আমরা এই বিষয় নিয়ে অন্য প্রাচীনদের সঙ্গে কথা বলেছি কি না এবং তারা আমাদের কোন পরামর্শ দিয়েছে। একজন প্রাচীন যদি বিনয়ী হন, তা হলে তিনি অবশ্যই আরেকজন প্রাচীনের কাছ থেকে পরামর্শ নেবেন।—হিতো. ১৩:১০.

আমাদের ব্যক্তিগত দায়িত্ব

১৬. আমাদের কোন ব্যক্তিগত দায়িত্ব রয়েছে?

১৬ যদিও ঈশ্বরের মেষ হিসেবে প্রাচীনেরা আমাদের উপর লক্ষ রাখে, তবুও তারা এটা বলে দেয় না যে, আমরা কোন সিদ্ধান্ত নেব। ঈশ্বরীয় ভক্তি অনুযায়ী জীবনযাপন করা হল, আমাদের ব্যক্তিগত দায়িত্ব। আমাদের কথা ও কাজের জন্য যিহোবার কাছে আমাদের নিকাশ দিতেই হবে। যিহোবার সাহায্যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব এবং তাঁর প্রতি বিশ্বস্ততা বজায় রাখতে পারব। (রোমীয় ১৪:১২) আমরা কী করব, তা প্রাচীনেরা আমাদের বলে দেবে না, কিন্তু তারা আমাদের বাইবেলের মাধ্যমে যিহোবার চিন্তাধারা বুঝতে সাহায্য করবে এবং সেই অনুযায়ী আমাদের ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে বলবে। প্রাচীনদের দেওয়া বাইবেলভিত্তিক পরামর্শ কাজে লাগানোর মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের “চিন্তা করার ক্ষমতাকে” প্রশিক্ষিত করতে পারব।—ইব্রীয় ৫:১৪.

১৭. আমাদের কোন বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ হওয়া উচিত?

১৭ যিহোবার একজন মেষ হওয়া আমাদের জন্য কতই-না এক মূল্যবান সুযোগ! যিহোবা “উত্তম মেষপালক” যিশুকে মুক্তির মূল্য হিসেবে দান করেছেন, যাতে আমরা অনন্তজীবন লাভ করার সুযোগ পেতে পারি। (যোহন ১০:১১) খ্রিস্টীয় মণ্ডলীর প্রাচীনদের মাধ্যমে যিহোবা তাঁর এই প্রতিজ্ঞা পূরণ করেছেন: “তোমাদিগকে আপন মনের মত পালকগণ দিব, তাহারা জ্ঞানে ও বিজ্ঞতায় তোমাদিগকে চরাইবে।” (যির. ৩:১৫) আমরা যখন বুঝতে পারি, আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়েছে অথবা যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক পুনরায় গড়ে তোলার প্রয়োজন, তখন প্রাচীনদের কাছ থেকে সাহায্য নিতে আমাদের দ্বিধাবোধ করা উচিত নয়। এর ফলে, আমরা উপলব্ধি করতে পারব যে, যিহোবা আমাদের সাহায্য করার জন্য কত উত্তম উপায়ে মণ্ডলীর প্রাচীনদের ব্যবহার করেন!

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • কখন আমাদের সাহায্যের জন্য ‘প্রাচীনদের ডাকা’ উচিত?

  • কেন আমাদের প্রাচীনদের ডাকা উচিত?

  • কীভাবে প্রাচীনেরা আমাদের সাহায্য করে?

গান ৩১ যিহোবার সঙ্গে চলা!

a যিনি অন্যায় করেছেন, তিনি যদি সময়মতো প্রাচীনদের কাছে না যান, তা হলে যিহোবার প্রতি আপনার বিশ্বস্ততাই আপনাকে প্রাচীনদের কাছে যেতে এবং আপনি যা-কিছু জানতে পেরেছেন, সেটা তাদের বলতে অনুপ্রাণিত করবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার