উদ্যোগী পরিচারকদের জন্য প্রার্থনাপূর্বক ধ্যান অত্যাবশ্যক
১. কোন বিষয়টা যিশুকে তাঁর প্রধান কাজ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়া এড়াতে সাহায্য করেছিল?
১ যিশু লোকেদের সুস্থ করে এবং লোকেদের মধ্যে থেকে মন্দ দূতদের বের করে বিকেলটা কাটিয়েছিলেন। পরের দিন তাঁর শিষ্যরা যখন তাঁকে খুঁজে পেয়েছিল, তখন তারা বলেছিল: “সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে,” আর তাঁকে তাঁর পরাক্রম কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু, যিশু তাঁর প্রধান কাজ, সুসমাচার প্রচার করা থেকে বিক্ষিপ্ত হননি। তিনি উত্তর দিয়েছিলেন: “চল, আমরা অন্য অন্য স্থানে, নিকটবর্ত্তী সকল গ্রামে যাই, আমি সে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি।” কোন বিষয়টা যিশুকে তাঁর মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করেছিল? তিনি প্রার্থনা ও ধ্যান করার জন্য সকাল সকাল উঠতেন। (মার্ক ১:৩২-৩৯) কীভাবে প্রার্থনাপূর্বক ধ্যান আমাদেরকেও উদ্যোগী প্রচারক হতে সাহায্য করতে পারে?
২. পরিচর্যার প্রতি আমাদের উদ্যোগ বজায় রাখার জন্য সাহায্য পেতে আমরা কোন বিষয়ের ওপর ধ্যান করতে পারি?
২ কোন বিষয়ে ধ্যান করবেন? যিশু লক্ষ করেছিলেন যে, লোকেরা “ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল।” (মথি ৯:৩৬) একইভাবে, লোকেদের যে সুসমাচার শোনা কত প্রয়োজন, সেই বিষয়ে আমরাও গভীরভাবে ধ্যান করতে পারি। আমরা হয়তো সময়ের গুরুত্ব সম্বন্ধে ধ্যান করতে পারি। (১ করি. ৭:২৯) আমরা যিহোবার কাজকর্ম ও গুণাবলি, যিহোবার সাক্ষি হওয়ার আমাদের বিশেষ সুযোগ এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা যে-মূল্যবান আধ্যাত্মিক ধন সম্বন্ধে শিখেছি যেগুলো আমাদের এলাকার লোকেদের কাছে এখনও অজানা, সেই বিষয়ে ধ্যান করতে পারি।—গীত. ৭৭:১১-১৩; যিশা. ৪৩:১০-১২; মথি ১৩:৫২.
৩. কখন আমরা হয়তো ধ্যান করতে পারি?
৩ কখন ধ্যান করবেন? যিশুর মতোই, কেউ কেউ সকাল সকাল ওঠে যখন পরিবেশ শান্ত থাকে। অন্যেরা ঘুমাতে যাওয়ার আগে সন্ধ্যাবেলায় ধ্যান করাকে সর্বোত্তম বলে মনে করে। (আদি. ২৪:৬৩) এমনকী এক ব্যস্ত তালিকা থাকা সত্ত্বেও, আমরা ধ্যান করার জন্য সময় খুঁজে নিতে পারি। কেউ কেউ জনসাধারণের পরিবহণে যাতায়াত করার সময় তা করে থাকে। অন্যেরা শান্তভাবে ধ্যান করার জন্য তাদের দুপুরের খাবারের বিরতির কিছুটা সময় ব্যবহার করে থাকে। অনেকে মনে করে যে, এমনকী পরিচর্যায় অংশ নেওয়ার আগে সামান্য সময়ের জন্য হলেও ধ্যান করা তাদেরকে আরও বেশি উদ্যোগ ও সাহসের সঙ্গে প্রচার করতে সাহায্য করে।
৪. কেন আমাদের ধ্যান করা উচিত?
৪ প্রার্থনাপূর্বক ধ্যান যিহোবাকে সেবা করার ব্যাপারে আমাদের আকাঙ্ক্ষাকে গভীর করবে, আমাদের উপাসনাকে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখতে সাহায্য করবে এবং প্রচার করে চলার বিষয়ে আমাদের দৃঢ়সংকল্পকে শক্তিশালী করবে। ঈশ্বরের মুখ্য পরিচারক যিশু, ধ্যান করা থেকে উপকার লাভ করেছিলেন আর আমরাও উপকার লাভ করব।