প্রশ্ন বাক্স
▪ যিহোবার সেবায় ব্যবহৃত ভবনগুলো পরিদর্শন করার সময়ে কোন ধরনের পোশাক-আশাক পরা উপযুক্ত?
সারা পৃথিবীতে কিংডম হল, সম্মেলন হল, বেথেল হোম এবং শাখা অফিসগুলো হল যিহোবার সেবার উদ্দেশে উৎসর্গীকৃত বিশেষ জায়গা। এগুলো মার্জিত, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুসংগঠিত আর এই কারণে সেগুলোর বাইরের চেহারাও মার্যাদাপূর্ণ থাকে। শয়তানের বিধিব্যবস্থায় যা বিদ্যমান, সেটা থেকে এটা একেবারে আলাদা। আমরা যদি যিহোবার সেবায় ব্যবহৃত স্থানগুলো পরিদর্শন করি, তাহলে আমাদেরও যিহোবার লোক হিসেবে শনাক্ত হওয়া উচিত, যারা কিনা তাঁর ইচ্ছা পালন করছে।
খ্রিস্টান হিসেবে, আমরা আমাদের উপযুক্ত, পরিপাটী পোশাক-আশাক ও সাজগোজসহ সর্ববিষয়ে ‘ঈশ্বরের পরিচারক বলিয়া আপনাদিগকে যোগ্যপাত্র দেখাই।’ (২ করি. ৬:৩, ৪) এ ছাড়া, আমাদের কাছ থেকে মর্যাদাপূর্ণ আচরণও আশা করা হয়। সবসময়ে আমাদের পোশাক-আশাক ও সাজগোজে শালীনতা ও মর্যাদা প্রতিফলিত হওয়া উচিত, যা যিহোবা ঈশ্বরের দাসদের উপযুক্ত। বিশ্ব প্রধান কার্যালয় ও সেইসঙ্গে বিশ্বব্যাপী শাখা অফিসগুলো পরিদর্শন করার সময় এটা বিশেষভাবে প্রযোজ্য।
উপযুক্ত পোশাক-আশাক ও সাজগোজের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করতে গিয়ে, ২০০৭ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটা ক্ষেত্রের পরিচর্যায় রত এবং খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিত থাকার সময়ে শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, মার্জিত পোশাক-আশাক এবং উত্তম সাজগোজের প্রয়োজনীয়তার ওপর মন্তব্য করে। এরপর ৪ পৃষ্ঠায় ৭ অনুচ্ছেদে এটি জানায়: “মনে রাখবেন যে, বেথেল মানে ‘ঈশ্বরের গৃহ।’ তাই, আমাদের পোশাক-আশাক, সাজগোজ এবং আচরণ সেইরকমই হওয়া উচিত, যেরকমটা আমরা যখন কিংডম হলে উপাসনার জন্য সভাগুলোতে যোগ দিই, তখন প্রত্যাশা করা হয়।” স্থানীয় এলাকা ও সেইসঙ্গে দূর থেকে আগত বেথেল পরিদর্শনকারী রাজ্য প্রকাশকদের এই উচ্চ মান অনুসরণ করা উচিত। এভাবে, পরিদর্শনকারীরা যথার্থ উপলব্ধি ও সম্মান দেখায়।—গীত. ২৯:২.
আমাদের পোশাক-আশাক ‘ঈশ্বর-ভক্তি অঙ্গীকারি’ লোকেদের উপযুক্ত হওয়া উচিত। (১ তীম. ২:১০) উপযুক্ত পোশাক-আশাক ও সাজগোজ, অন্যেরা যিহোবার সত্য উপাসনাকে যে-দৃষ্টিতে দেখে, সেটার ওপর এক ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু, লক্ষ করা গিয়েছে যে, শাখা অফিসগুলো পরিদর্শন করার সময় অল্প কিছু ভাই ও বোন সাধারণত অত্যন্ত এলোমেলো, অগোছালো অথবা শরীরের বেশির ভাগ অংশ দেখা যায় এমন পোশাক পরে থাকে। এই ধরনের কাপড়চোপড় কখনোই খ্রিস্টানদের জন্য উপযুক্ত নয়। আমাদের খ্রিস্টীয় জীবনের অন্যান্য দিকের মতো এই ক্ষেত্রেও আমরা সেই উচ্চ মানগুলো বজায় রাখতে চাই, যেগুলো ঈশ্বরের গৌরব আনে।—রোমীয় ১২:২; ১ করি. ১০:৩১.
তাই, বিশ্ব প্রধান কার্যালয় অথবা অন্যান্য শাখা অফিস পরিদর্শন করার সময়ে, তা সে পরিকল্পিত পরিদর্শন অথবা বেড়ানোর স্থানগুলোতে ছুটি কাটানোর সময়ে হোক, নিজেকে জিজ্ঞেস করুন: ‘যে-স্থান আমি পরিদর্শন করতে যাচ্ছি, আমার পোশাক-আশাক ও সাজগোজ কি সেই স্থানের শালীনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মর্যাদাকে প্রতিফলিত করে? আমি যে-ঈশ্বরের উপাসনা করি, এটা কি সেই ঈশ্বরকে ভালভাবে প্রতিফিলত করে? আমার বেশভূষা দেখে অন্যরা কি বিক্ষিপ্ত হবে অথবা বিঘ্ন পাবে?’ আমাদের পোশাক-আশাক ও সাজগোজের দ্বারা আমরা যেন সবসময় ‘আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের শিক্ষা সর্ব্ববিষয়ে ভূষিত করি’!—তীত ২:১০.