রাজ্যের সুসমাচারের প্রকাশক হয়ে ওঠার জন্য বাইবেল ছাত্রদের সাহায্য করুন
১ মথি ২৮:১৯, ২০ পদে প্রকাশিত যে-দায়িত্ব যিশু তাঁর শিষ্যদের দিয়েছিলেন, তা সত্যিই সুদূরপ্রসারী ছিল। খ্রিস্টের শিষ্যদের আরও বেশি শিষ্য তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছিল, যারা পরবর্তী সময়ে শিষ্য তৈরির কাজের দায়িত্ব পালন করে চলবে। এখন আমরা যে-সময়ে বাস করছি, সেই তাৎপর্যপূর্ণ শেষ সময়ে, বিশ্বব্যাপী ঈশ্বরের রাজ্যের সুসমাচারের চূড়ান্ত ঘোষণার জন্য এক ভিত্তি স্থাপন করা হবে।—মথি ২৪:১৪.
২ আমাদের বাইবেল ছাত্র হতে পারে আমাদের সন্তানরা অথবা অন্য ব্যক্তিরা, যারা আমাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে ইচ্ছুক। এই ধরনের ব্যক্তিরা যেন অন্যদেরকে যিশু খ্রিস্টের শিষ্য হওয়ার জন্য সাহায্য করার ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করে, সেইজন্য আমরা আন্তরিকভাবে তাদের সাহায্য করতে চাই।—লূক ৬:৪০.
৩ সাক্ষ্য দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করুন: আপনি যাদের সঙ্গে অধ্যয়ন করেন, তাদেরকে তারা যা শিখছে, তা অন্যদের কাছে বলার জন্য উৎসাহিত করুন। ক্ষেত্রের পরিচর্যার উৎসাহজনক অভিজ্ঞতাগুলো তাদেরকে বলুন। আপনার সন্তানদেরকে তাদের ক্ষমতা অনুযায়ী অর্থপূর্ণ উপায়ে পরিচর্যায় অংশগ্রহণ করার জন্য একেবারে ছোটোবেলা থেকেই প্রশিক্ষণ দিন। (গীত. ১৪৮:১২, ১৩) কথা ও কাজের মাধ্যমে পরিচর্যার জন্য আপনার উপলব্ধি দেখান।—১ তীম. ১:১২.
৪ যিহোবা কেবল সেই ব্যক্তিদেরই ব্যবহার করেন, যারা তাঁর ধার্মিক মানগুলো গ্রহণ করে ও মেনে চলে। অবশ্য, নতুন প্রকাশকরা যদিও অভিজ্ঞ, উৎসর্গীকৃত এবং বাপ্তাইজিত রাজ্যের পরিচারকদের মতো ততটা জানে না কিন্তু এই নতুন ব্যক্তিরা নিশ্চিতভাবেই বাইবেলের মৌলিক শিক্ষাগুলো বিশ্বাস করে এবং সেগুলো ব্যাখ্যা করতে সমর্থ। (২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটি দেখুন।) তারা যেহেতু “মহতী বাবিল” ও রাজনীতির সঙ্গে সব ধরনের যোগাযোগ থেকে নিজেদের পৃথক করেছে, তাই তাদের নিয়মিতভাবে মণ্ডলীর সভাগুলোতে যোগ দেওয়া উচিত।—প্রকা. ১৮:২, ৪; যোহন ১৭:১৬; ইব্রীয় ১০:২৪, ২৫.
৫ আপনি যখনই মনে করেন যে, আপনার একজন বাইবেল ছাত্র অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার জন্য যোগ্য, তখনই তা পরিচালক অধ্যক্ষের মনোযোগে আনা উচিত। তিনি আপনার ও আপনার বাইবেল ছাত্রের সঙ্গে সাক্ষাৎ করতে দুজন প্রাচীনের ব্যবস্থা করবেন, যাতে তারা নির্ধারণ করতে পারে যে, সেই ছাত্র মণ্ডলীর সঙ্গে রাজ্যের সুসমাচারের একজন অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার জন্য যোগ্য কি না। এরপর আপনি আপনার বাইবেল ছাত্রকে ক্রমাগত প্রশিক্ষণ দেওয়ার এক বিশেষ সুযোগ পাবেন, যখন তিনি আপনার সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় যাবেন।