“প্রস্তুত থাক”
১ এই বিধিব্যবস্থার শেষ সম্বন্ধে যিশু তাঁর উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণীতে, জীবনের রোজকার চিন্তাগুলোতে ডুবে থাকার বিষয়ে সাবধান করেছিলেন। (মথি ২৪:৩৬-৩৯; লূক ২১:৩৪, ৩৫) যেহেতু যেকোনো সময়ে মহাক্লেশ শুরু হতে পারে, তাই আমাদের যিশুর এই উপদেশে মনোযোগ দেওয়া অত্যাবশ্যক: “প্রস্তুত থাক, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্ত্র আসিবেন।” (মথি ২৪:৪৪) এই বিষয়ে কী আমাদের সাহায্য করতে পারে?
২ উদ্বেগ ও বিক্ষেপগুলোর সঙ্গে লড়াই করা: আধ্যাত্মিক ফাঁদগুলোর মধ্যে একটা, যেটার বিষয়ে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে তা হল, ‘জীবিকার চিন্তা।’ (লূক ২১:৩৪) কিছু দেশে, দারিদ্র, বেকারত্ব এবং জিনিসপত্রের দামের বৃদ্ধি জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো পাওয়াকে কঠিন করে তোলে। অন্যান্য দেশগুলোতে, বস্তুগত সম্পত্তি অর্জন করা সাধারণ ব্যাপার। বস্তুগত বিষয়গুলো নিয়ে উদ্বিগ্নতা যদি আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তা হলে আমরা রাজ্যের বাস্তবতাগুলোর ওপর আমাদের মনোযোগ কেন্দ্রীভূত রাখতে ব্যর্থ হওয়ার বিপদের মধ্যে রয়েছি। (মথি ৬:১৯-২৪, ৩১-৩৩) খ্রিস্টীয় সভাগুলো সেই মনোযোগ কেন্দ্রীভূত রাখতে আমাদের সাহায্য করে। আপনি কি প্রতিটা সভায় যোগদান করাকে আপনার লক্ষ্য করেন?—ইব্রীয় ১০:২৪, ২৫.
৩ আজকের জগৎ বিভিন্ন বিক্ষেপে পরিপূর্ণ, যেগুলো সহজেই আমাদের মূল্যবান সময় কেড়ে নিতে পারে। একজন যদি ইন্টারনেট ঘাঁটাঘাঁটি, ই-মেইল পড়া ও পাঠানো অথবা কমপিউটার গেমস খেলার পিছনে অত্যধিক সময় ব্যয় করেন, তা হলে কমপিউটার ব্যবহার এক ফাঁদ হয়ে উঠতে পারে। টেলিভিশন, চলচ্চিত্র, শখ, জাগতিক বইপত্র পড়া এবং খেলাধুলার পিছনে অগণিত ঘন্টা নষ্ট হতে পারে, যার ফলে আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য আমাদের অল্পই সময় অথবা শক্তি অবশিষ্ট থাকে। যদিও আমোদপ্রমোদ ও আরাম করা ক্ষণস্থায়ী সতেজতা জোগাতে পারে কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক বাইবেল অধ্যয়ন অনন্তকালীন উপকারগুলো প্রদান করতে পারে। (১ তীম. ৪:৭, ৮) আপনি কি প্রতিদিন ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করার জন্য সুযোগ কিনে নেন?—ইফি. ৫:১৫-১৭.
৪ “এই যে সকল ঘটনা হইবে, তাহা এড়াইতে, এবং মনুষ্যপুত্ত্রের সম্মুখে দাঁড়াইতে, শক্তিমান্” হওয়ার জন্য আমাদের সাহায্য করতে যিহোবার সংগঠন আধ্যাত্মিক নির্দেশনার যে-কার্যক্রমের ব্যবস্থা করেছে, তার জন্য আমরা কতই না কৃতজ্ঞ হতে পারি! (লূক ২১:৩৬) আমরা যেন এই ব্যবস্থাগুলোর সদ্ব্যবহার করি এবং ‘প্রস্তুত থাকি’ যাতে আমাদের বিশ্বাস “যীশু খ্রীষ্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ” হতে পারে।—১ পিতর ১:৭.