“ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনে আপনি যা শিখেছেন সেগুলোকে কি কাজে লাগাচ্ছেন?
১ গত জেলা সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা দেখেছিলেন যে, যিহোবার লোকেরা ঈশ্বরের বাক্যের শিক্ষক হওয়ার আদেশকে পূর্ণ করার ব্যাপারে দৃঢ়সঙ্কল্প। (মথি ২৮:১৯, ২০) ঘরে ফিরে, আপনি বিশেষভাবে কোন্ শিক্ষাগুলোকে আপনার নিজের জীবনে এবং ক্ষেত্রের পরিচর্যায় কাজে লাগাবেন বলে সংকল্প নিয়েছেন?
২ ঈশ্বর-নিশ্বসিত শাস্ত্রলিপি শিক্ষার জন্য উপকারী: প্রথম দিনের বিষয়বস্তু ২ তীমথিয় ৩:১৬ পদ থেকে নেওয়া হয়েছিল। মুখ্য বক্তৃতাটা দেখিয়েছিল যে “ঈশ্বরের বাক্যের শিক্ষক হিসেবে সুসজ্জীভূত” হতে হলে, ঈশ্বরের বাক্যকে আমাদের মহামূল্যবান বলে মনে করতে হবে, মানুষের যে কোন মতামত বা পরম্পরাগত শিক্ষার চেয়ে বরং এটাকে সম্মান করতে হবে এবং সবসময় এটাকে ব্যবহার করতে হবে। এছাড়া, আমাদের পরিচর্যায় সাহায্য করতে প্রতিদিন আমরা যেন পবিত্র আত্মার জন্য প্রার্থনা করি এবং এর সবচেয়ে প্রধান ফল প্রেম গড়ে তোলার জন্য কাজ করি। আর আমরা অবশ্যই মণ্ডলীর সমস্ত সভাগুলোর মাধ্যমে যিহোবার পার্থিব সংগঠনকে পরিচারক হিসেবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সুযোগ দেব।
৩ প্রথম দিনের সিম্পোজিয়াম বক্তৃতা “অন্যদের শিক্ষা দেওয়ার সময় নিজেদেরকে শিক্ষা দেওয়া” ব্যাখ্যা করেছিল যে, (১) খ্রীষ্টীয় নৈতিকতার সমস্ত বিষয়ে ঈশ্বরের আইনগুলোকে মেনে চলার, (২) অধ্যবসায়ী অধ্যয়নের অভ্যাস বজায় রাখার এবং (৩) আমাদের হৃদয় ও মনের যে অনুভূতি এবং অবস্থাগুলোকে দিয়াবল নিজের স্বার্থে কাজে লাগাতে, সেগুলোকে দূর করার বিষয়ে আমাদেরকে উদাহরণযোগ্য হতে হবে। এরপর, আমরা জগতে মহামারীর মতো ছড়িয়ে পড়া অশ্লীলতা থেকে আমাদের পরিবারকে রক্ষা করার বাস্তবসম্মত উপায় সম্বন্ধে শিখেছিলাম। বাবামাদেরকে উৎসাহ দেওয়া হয়েছিল, তারা যেন এমনকি এক মুহূর্তের জন্যও কোন যৌন দৃশ্য দেখা এড়িয়ে চলার বিষয়ে উদাহরণ স্থাপন করেন এবং ইন্টারনেট ব্যবহার করা ও টেলিভিশন দেখার বিষয়ে ছেলেমেয়েদের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। প্রথম দিনের কার্যক্রম থেকে কোন্ বিষয়গুলো আপনি কাজে লাগাতে শুরু করেছেন?
৪ ওই দিনের শেষ বক্তৃতাটা যিহোবার জ্যোতিকে উপলব্ধি করার, ঈশ্বরের বিশ্বস্ত অভিষিক্ত শ্রেণীর সঙ্গে লেগে থাকার এবং যিহোবার লোকেদের শান্তি বাড়ানোর বিষয়ে আমাদের সংকল্পকে দৃঢ় করেছিল। আপনি কি যিশাইয়ের ভবিষ্যদ্বাণী—সমস্ত মানুষের জন্য জ্যোতি ২য় খণ্ড (ইংরেজি) নামের নতুন প্রকাশনাটা পড়েছেন?
৫ অন্যদেরকে শিক্ষা দিতে সক্ষম হওয়া: দ্বিতীয় দিনের বিষয়বস্তু ২ তীমথিয় ২:২ পদ থেকে নেওয়া হয়েছিল। কীভাবে (১) যোগ্য ব্যক্তিদের খুঁজতে হয়, (২) রোপিত বীজের যত্ন নিতে ও তাতে জল সেচন করতে হয় এবং (৩) খ্রীষ্ট যা যা আজ্ঞা করেছিলেন সে সমস্ত পালন করতে তাদেরকে শিক্ষা দিতে হয়, সেই বিষয়ে সকালের সিম্পোজিয়ামে যে পরামর্শগুলো আপনি শুনেছিলেন, তা কী আপনি নোট করে রেখেছিলেন? গৃহকর্তাদেরকে শাস্ত্র থেকে অন্তত একটা বিষয় দেখানোর এবং পুনর্সাক্ষাতের জন্য ভিত্তি স্থাপন করার বিষয়ে আপনি যা শিখেছেন, তা কি কাজে লাগাচ্ছেন?
৬ দুপুরের কার্যক্রম মহান শিক্ষক যীশুকে অনুকরণ করার গুরুত্বের ওপর জোর দিয়েছিল। কোন্ কোন্ উপায়ে আপনি তাঁর মতো হওয়ার চেষ্টা করছেন? ওই দিনের দ্বিতীয় সিম্পোজিয়াম থেকে আপনি যা শিখেছেন, আপনি কীভাবে ‘ঈশতান্ত্রিক শিক্ষা থেকে আরও বেশি উপকার লাভ করতে’ পারেন বলে মনে করেন? ব্যক্তিগত অধ্যয়ন ও মণ্ডলীর সভাগুলোর সময় আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতাকে বাড়ানোর জন্য আপনি কোন্ পরামর্শগুলোকে কাজে লাগিয়েছেন?
৭ কোন সন্দেহে নেই যে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) নামের যে নতুন ব্যবস্থাটা আসতে যাচ্ছে, তা ঈশ্বরের বাক্যের বক্তা ও শিক্ষক হিসেবে আমাদের দক্ষতাকে বাড়াতে সাহায্য করবে। বাইবেলের সময়ে ঈশ্বরের বিশ্বস্ত দাসদের কথা বলার যে দক্ষতাগুলো ছিল সেগুলোর প্রতি বেশি করে মনোযোগ দেওয়া হবে। নতুন পাঠ্যবইয়ের প্রত্যেকটা বিভাগে বাক্স রয়েছে যা সংক্ষেপে দেখায় যে আমাদের কী করা দরকার, কেন এটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে এটা করা যায়। ব্যবহারিক অনুশীলনীগুলো দেওয়া রয়েছে। বোনদের জন্য ২৯টা সেটিং দেওয়া থাকবে, যেগুলোর থেকে তারা বক্তৃতা দেওয়ার সময় বেছে নিতে পারেন। বিদ্যালয় পরিচালনার পরিবর্তিত ব্যবস্থা সম্বন্ধে পরে জানানো হবে। অধ্যয়ন এবং প্রস্তুতির জন্য আপনার কি এক ভাল রুটিন রয়েছে, যাতে প্রতি সপ্তায় ঐশিক পরিচর্যা বিদ্যালয় থেকে আপনি পুরোপুরি উপকার পেতে পারেন?
৮ সময়ের কথা মনে রেখে শিক্ষক হোন: সম্মেলনের শেষ দিনের জন্য নেওয়া ইব্রীয় ৫:১২ পদ শ্রোতাদের মনকে প্রস্তুত করেছিল। “মালাখির ভবিষ্যদ্বাণী যিহোবার দিনের জন্য আমাদের তৈরি করে” সকালের এই সিম্পোজিয়াম বক্তৃতাটা আমাদেরকে ঈশ্বরকে আমাদের সবচেয়ে ভালটা দেওয়ার এবং সমস্ত রকমের বিশ্বাসঘাতকতাকে ঘৃণা করার জন্য উপদেশ দিয়েছিল, যাতে যিহোবার মহৎ ও ভয়ানক দিনে আমরা রক্ষা পেতে পারি। “যিহোবার কর্তৃত্বকে সম্মান করুন” নাটক জোরালোভাবে দেখিয়েছিল যে কীভাবে প্রাচীনকালের কোরহ ও তার সঙ্গীদের অহংকার, উচ্চাকাঙ্ক্ষা, হিংসা এবং ভুল নিষ্ঠা, তাদেরকে স্বয়ং যিহোবার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করতে পরিচালিত করেছিল। এর পরের বক্তৃতা আজকের দিনে পরিবার ও মণ্ডলীর মধ্যে ঈশ্বরীয় কর্তৃত্বকে মেনে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিল। “কারা সমস্ত জাতিকে সত্য শেখাচ্ছেন?” জনসাধারণের উদ্দেশে এই বক্তৃতায় দেখানো হয়েছিল যে, খ্রীষ্টীয়জগতের বিপরীতে—যে কিনা বাইবেলের সত্য শিক্ষা দেয় বলে দাবি করে—যিহোবার সাক্ষিরা তা করে চলেছেন।
৯ স্পষ্টতই, যিহোবা আমাদেরকে তাঁর বাক্যের ভাল শিক্ষক হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন। আসুন আমরা যা শিখেছি তা কাজে লাগাই, ‘নিজেদের বিষয়ে ও আমাদের শিক্ষার বিষয়ে সাবধান হই, যাহাতে নিজেদেরকে ও যাহারা আমাদের কথা শুনে, তাহাদিগকেও পরিত্রাণ করিতে পারি।’—১ তীম. ৪:১৬.