ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৫/১৫ পৃষ্ঠা ২৫-২৮
  • খ্রীষ্টীয় মণ্ডলী—শক্তির এক উৎস

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রীষ্টীয় মণ্ডলী—শক্তির এক উৎস
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সমর্থন আর সাহায্য
  • প্রেমময় অধ্যক্ষদের কাছ থেকে সাহায্য
  • উপযুক্ত সময়ে ঠিক-ঠিক সাহায্য
  • স্বর্গীয় প্রজ্ঞা
  • একে অপরকে শক্তিশালী করুন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মণ্ডলী গেঁথে উঠুক
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মণ্ডলী যিহোবার প্রশংসা করুক
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের লোকেদের মধ্যে নিরাপত্তা লাভ করুন
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
আরও দেখুন
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৫/১৫ পৃষ্ঠা ২৫-২৮

খ্রীষ্টীয় মণ্ডলী—শক্তির এক উৎস

পপি নামে কুড়ি, একুশ বছর বয়সী এক মেয়ে হতাশায় ভুগছিল কারণ বাবামার সঙ্গে সে মন খুলে কথা বলতে না পারায় তাদের পরিবারে সুখ ছিল না।a একজন খ্রীষ্টান প্রাচীন ও তার স্ত্রীর সঙ্গে মন খুলে কথা বলার পর, সে তাদের লিখেছিল: “আমার সঙ্গে কথা বলার জন্য আপনারা যে সময় দিয়েছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার জন্য চিন্তা করেন এটা জানা যে আমার কাছে কতখানি ছিল তা আপনারা জানেন না। আমি যিহোবাকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাকে এমন লোকেদের দিয়েছেন যাদের ওপর আমি ভরসা করতে পারি আর যাদের সঙ্গ আমি কথা বলতে পারি।”

কিছু দিন হল, টুলা দুটো অল্পবয়সী ছেলেমেয়ে নিয়ে বিধবা হয়েছেন। তিনি মনের দুঃখে আর টাকাপয়সার সমস্যায় একেবারে ভেঙে পড়েছিলেন। মণ্ডলীর এক খ্রীষ্টান দম্পতি বার বার তার এবং তার ছেলেমেয়েদের সঙ্গে দেখা করে তাদের শক্তি যুগিয়েছিলেন। পরিস্থিতিকে ভালভাবে সামলে ওঠার পর তিনি তাদেরকে একটা কার্ড পাঠিয়েছিলেন যেখানে তিনি লিখেছিলেন: “আমি সবসময়ই আমার প্রার্থনায় আপনাদের মনে করি। সেই দিনগুলোর কথা আমার মনে আছে যখন আপনারা বার বার আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন আর আমাকে সাহায্য করেছিলেন।”

আপনারও কি মাঝে মধ্যে মনে হয় যে এই জগতের বেড়ে চলা চাপে আপনি “ভারাক্রান্ত।” (মথি ১১:২৮) “কাল ও দৈব” কি আপনার জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে? (উপদেশক ৯:১১) কিন্তু আপনি একা নন। হাজার হাজার হতাশাগ্রস্ত ব্যক্তিদের মতো আপনিও যিহোবার সাক্ষিদের খ্রীষ্টীয় মণ্ডলী থেকে সত্যিকারের সাহায্য পেতে পারেন। সা.কা. প্রথম শতাব্দীতে প্রেরিত পৌল দেখেছিলেন যে কয়েক জন ভাইবোন তার জন্য বিশেষভাবে “সান্ত্বনাজনক [শক্তিবর্ধক]” হয়েছিলেন। (কলসীয় ৪:১০, ১১) আপনিও সান্ত্বনা পেতে পারেন।

সমর্থন আর সাহায্য

খ্রীষ্টীয় গ্রিক শাস্ত্রে, যে শব্দকে “মণ্ডলী” অনুবাদ করা হয়েছে তার জন্য গ্রিক শব্দ হল ইকলেসিয়া যার মানে বেশ কিছু লোকদের নিয়ে তৈরি একটা দল। এই শব্দ ঐক্য আর একে অন্যকে সমর্থন যোগানোর ধারণাও দেয়।

খ্রীষ্টীয় মণ্ডলী ঈশ্বরের বাক্যের সত্য অনুযায়ী চলে আর রাজ্যের সুসমাচার ঘোষণা করে। (১ তীমথিয় ৩:১৫; ১ পিতর ২:৯) এছাড়াও, মণ্ডলী এর সদস্যদেরকে আধ্যাত্মিক সমর্থন যোগায় ও সাহায্য করে। সেখানে একজন ব্যক্তি এমন বন্ধুদের পেতে পারেন যারা একে অন্যকে ভালবাসেন, একে অন্যের জন্য চিন্তা করেন ও দেখাশোনা করেন আর যারা চাপের সময় একে অন্যকে সাহায্য করা ও সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি থাকেন।—২ করিন্থীয় ৭:৫-৭.

যিহোবার উপাসকেরা তাঁর মণ্ডলীতে সবসময়ই নিজেদের সুরক্ষিত ও নিরাপদ মনে করেছেন। গীতরচক বলেছিলেন যে তিনি ঈশ্বরের সমবেত লোকেদের মধ্যে আনন্দ পেয়েছেন ও নিজেকে নিরাপদ মনে করেছেন। (গীতসংহিতা ২৭:৪, ৫; ৫৫:১৪; ১২২:১) একইভাবে আজকেও খ্রীষ্টীয় মণ্ডলী হল বিশ্বাসীদের নিয়ে গড়ে ওঠা একটা দল যেখানে তারা একে অন্যকে গড়ে তোলেন ও উৎসাহ দেন।—হিতোপদেশ ১৩:২০; রোমীয় ১:১১, ১২.

মণ্ডলীর সদস্যদেরকে “সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম্ম” করার জন্য শেখানো হয়। (গালাতীয় ৬:১০) বাইবেল থেকে তারা যে শিক্ষা পান তা তাদেরকে একে অন্যের প্রতি ভ্রাতৃপ্রেম দেখাতে ও স্নেহ দেখাতে পরিচালিত করে। (রোমীয় ১২:১০; ১ পিতর ৩:৮) মণ্ডলীর আধ্যাত্মিক ভাইবোনেরা দয়ালু, শান্তিপ্রিয় ও করুণাময় হন। (ইফিষীয় ৪:৩) নামমাত্র উপাসক না হয়ে তারা অন্যের জন্য ভালবাসা দেখান ও চিন্তা করেন।—যাকোব ১:২৭.

তাই মানসিকভাবে ভেঙে পড়া ব্যক্তিরা মণ্ডলীতে পরিবারের মতো আন্তরিক পরিবেশ খুঁজে পান। (মার্ক ১০:২৯, ৩০) যখন তারা অনুভব করেন যে তারা এক একতাবদ্ধ আর প্রেমময় দলের সদস্য তখন তা তাদের শক্তি যোগায়। (গীতসংহিতা ১৩৩:১-৩) মণ্ডলীর মধ্য দিয়েই “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস . . . উপযুক্ত সময়ে” পুষ্টিকর আধ্যাত্মিক খাদ্য যোগান।—মথি ২৪:৪৫.

প্রেমময় অধ্যক্ষদের কাছ থেকে সাহায্য

খ্রীষ্টীয় মণ্ডলীর সদস্যরা এখানে প্রেমময়, সহানুভূতিপূর্ণ এবং যোগ্য পালকদের পাওয়ার আশা করতে পারেন যারা তাদের আধ্যাত্মিকভাবে সাহায্য করতে ও উৎসাহ দিতে পারেন। এইরকম যোগ্য পালকেরা যেন ‘শুষ্ক স্থানে জলস্রোত ও শ্রান্তিজনক ভূমিতে কোন প্রকাণ্ড শৈলের ছায়ার’ মতো। (যিশাইয় ৩২:১, ২) আত্মা নিযুক্ত প্রাচীনেরা বা অধ্যক্ষরা ঈশ্বরের মেষতুল্য লোকেদের দেখাশোনা করেন, অসুস্থ ও হতাশ লোকদের সান্ত্বনা দেন আর যারা ভুল করেছেন তাদের শুধরাবার চেষ্টা করেন।—গীতসংহিতা ১০০:৩; ১ পিতর ৫:২, ৩.

অবশ্যই, মণ্ডলীর প্রাচীনেরা পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসক নন যারা তাদের ভাইবোনদের শারীরিক ও মানসিক রোগ ভাল করে দেবেন। এই জগতে, অসুস্থ লোকেদের জন্য এখনও ‘চিকিৎসকের প্রয়োজন।’ (লূক ৫:৩১) কিন্তু এই পালকেরা আধ্যাত্মিকভাবে অসুস্থ লোকদের সাহায্য করতে পারেন। (যাকোব ৫:১৪, ১৫) এছাড়াও সম্ভব হলে প্রাচীনেরা অন্য রকমভাবেও সাহায্য করে থাকেন।—যাকোব ২:১৫, ১৬.

এইরকম প্রেমময় ব্যবস্থার পিছনে কে আছেন? যিহোবা ঈশ্বর স্বয়ং! যিহিষ্কেল যিহোবার বিষয়ে এই বলে তাঁকে চিত্রিত করেছেন: “আমি, আমিই আপন মেষগণের অন্বেষণ করিব, তাহাদিগকে খুঁজিয়া বাহির করিব। . . . সকল স্থানে তাহারা . . . ছিন্নভিন্ন হইয়াছে, সেই সকল স্থান হইতে তাহাদিগকে উদ্ধার করিব। আমিই আপন মেষদিগকে চরাইব, আমিই তাহাদিগকে শয়ন করাইব।” ঈশ্বর নিস্তেজ ও দুর্বল মেষেদেরও খেয়াল রাখেন।—যিহিষ্কেল ৩৪:১১, ১২, ১৫, ১৬.

উপযুক্ত সময়ে ঠিক-ঠিক সাহায্য

আসলেই কি খ্রীষ্টীয় মণ্ডলীতে চাইলেই ঠিকমতো সাহায্য পাওয়া যায়? হ্যাঁ। আর নিচের উদাহরণগুলো দেখায় যে কত বিভিন্ন পরিস্থিতিতে মণ্ডলী সাহায্য করে থাকে।

◆ প্রিয়জনকে হারানো। অ্যানার স্বামী দীর্ঘদিন রোগ ভুগে মারা যান। তিনি বলেন, “তখন থেকেই আমি খ্রীষ্টান ভাইবোনদের ভালবাসা পেয়ে আসছি। ভাইবোনেরা সবসময় আমাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছেন আর তাদের ভালবাসাপূর্ণ আলিঙ্গন আমাকে একেবারে ভেঙ্গে পড়তে দেয়নি, আমার মধ্যে বেঁচে থাকার স্পৃহা যুগিয়েছে, এইজন্য আমি যিহোবাকে ধন্যবাদ দিই। তাদের ভালাবাসার কারণে আমি অনুভব করেছি যে আমি একা নই, অনেকেই আমার জন্য চিন্তা করেন আর এভাবেই আমি মনের জোর খুঁজে পেয়েছি। আপনারও হয়ত প্রিয়জন হারানোর বেদনা থাকতে পারে। এইরকম সময়ে মণ্ডলীর ভাইবোনেরা সান্ত্বনা দিতে ও শক্ত হওয়ার জন্য সাহায্য করতে পারেন যা তখন আপনার খুবই দরকার।

◆ অসুস্থতা। পোল্যান্ডের একজন ভ্রমণ অধ্যক্ষ আর্থার মধ্য এশিয়ার মণ্ডলীগুলোকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করার জন্য নিয়মিতভাবে পরিদর্শন করতেন। একবার এক পরিদর্শনের সময় তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন আর সুস্থ হতে তার বেশ সময় লাগে। কৃতজ্ঞতা ভরা গলায় তিনি বলেন, “[কাজাখস্থানের একটা শহরের] ভাইবোনেরা যে কী করেই আমার দেখাশোনা করেছিলেন তা আমি আপনাদের জানাতে চাই। সেই ভাইবোনেরা যাদের অনেককেই আমি চিনি না তারা, এমনকি আগ্রহী ব্যক্তিরাও টাকাপয়সা, খাবার ও ওষুধ এনে দিয়েছিলেন। . . . আর তারা খুব খুশি হয়ে এগুলো করেছিলেন।

“আমি যখন কিছু টাকা আর নিচের চিঠি সমেত একটা খাম পাই তখন আমার মনের অবস্থা কেমন হয়েছিল একবার ভেবে দেখুন: ‘প্রিয় ভাই, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। মা আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিয়েছিল কিন্তু এটা আমি আপনার ওষুধ কেনার জন্য দেব বলে ঠিক করেছি। আপনি তাড়াতাড়ি সেরে উঠুন। আরও অনেক দিন ধরে আমাদের যিহোবার সেবা করে যেতে হবে। আমি আপনার সুস্থতা কামনা করি। আর আমাদেরকে আরও ভাল কিছু গল্প বলুন যার থেকে আমরা কিছু শিখতে পারি। ভোভা।’” হ্যাঁ, এখানে যেমন ঘটেছিল সেইরকমই মণ্ডলীর ছেলে বুড়ো সবাই অসুস্থতার সময় শক্তি যোগাতে পারেন।—ফিলিপীয় ২:২৫-২৯.

◆ হতাশা। টেরি খুব চাইতেন যে তিনি একজন অগ্রগামী বা পূর্ণ সময়ের রাজ্য ঘোষণাকারী হয়ে কাজ করেন। কিন্তু অনেক সমস্যা আসায় তাকে অগ্রগামীর কাজ বন্ধ করে দিতে হয়। টেরি বলেছিলেন, “আমার খুব খারাপ লেগেছিল কারণ অগ্রগামীর কাজ করার চেষ্টা করেও আমি পুরো একটা বছরও তা চালিয়ে যেতে পারিনি।” টেরি ভুল করে ভেবেছিলেন, যিহোবা তাকে পছন্দ করবেন কী করবেন না তা যিহোবার সেবায় তিনি কতটা সময় দেন তার ওপর নির্ভর করে। (মার্ক ১২:৪১-৪৪ পদের সঙ্গ তুলনা করুন।) হতাশ হয়ে তিনি নিজেকে অন্যদের থেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু তখন মণ্ডলী টেরিকে সাহায্য করেছিল তাকে সান্ত্বনা দিয়েছিল।

টেরি বলেন: “একজন বয়স্কা অগ্রগামী বোন আমাকে সাহায্য করেছিলেন, আমার সব কথা শুনেছিলেন। তার ঘর থেকে বেরিয়ে এসে আমার মনে হয়েছিল যেন আমার মাথার ওপর থেকে ভারী কোন বোঝা নেমে গেছে। সেইসময় থেকে এই অগ্রগামী বোন ও তার স্বামী যিনি মণ্ডলীর একজন প্রাচীন আমাকে নানাভাবে সাহায্য করেছেন। তারা রোজ ফোন করে আমার খবর নিতেন। . . . তারা মাঝে মাঝে আমাকে তাদের পারিবারিক অধ্যয়নেও ডাকতেন যার থেকে আমি জেনেছিলাম যে পরিবারের সবার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কত জরুরি।”

অনেকে, এমনকি উৎসর্গীকৃত খ্রীষ্টানদের জন্যও হতাশায় ভোগা, নিরুৎসাহিত হয়ে পড়া বা একাকীত্ব বোধ করা নতুন কিছু নয়। তাই আমরা কতই না কৃতজ্ঞ যে ঈশ্বরের মণ্ডলী আমাদের প্রেমের সঙ্গে নিঃস্বার্থ সাহায্য দিয়ে থাকে!—১ থিষলনীকীয় ৫:১৪.

◆ দুর্যোগ ও দুর্ঘটনা। মনে করুন আপনার অবস্থা সেই চার জন সদস্যের পরিবারের মতো যারা তাদের ঘর আগুনে পুড়ে যাওয়ায় সবকিছুই হারিয়েছিলেন। তারা বলেছিলেন খুব তাড়াতাড়িই আমাদের “এমন একটা অভিজ্ঞতা হয়েছিল যা চিরজীবনের মতো আমাদের মনে থেকে যাবে আর যিহোবার লোকেদের মধ্যে যে সত্যিকার ভালবাসা আছে তা আমাদের মনে দাগ কেটেছিল।” তারা বলেন: “প্রায় সঙ্গে সঙ্গেই আমাদের খ্রীষ্টীয় ভাইবোনেরা ফোন করেছিলেন আর আমাদের সাহায্য করতে চেয়েছিলেন ও সহানুভূতি দেখিয়েছিলেন। একের পর এক ফোন আসতেই থাকে। সবাই আমাদের জন্য এতই চিন্তা দেখিয়েছিলেন আর তাদের ভালবাসা আমাদের মনকে এতটাই ছুঁয়ে গিয়েছিল যে কৃতজ্ঞতায় আমরা চোখের জল ফেলেছিলাম।”

শীঘ্রই, মণ্ডলীর প্রাচীনেরা কিছু ভাইদের ব্যবস্থা করেন যারা কয়েকদিনের মধ্যেই এই পরিবারের জন্য একটা নতুন বাড়ি বানিয়ে দেন। প্রতিবেশী একজন ভদ্রমহিলা বলেছিলেন: “আপনার দেখা দরকার ছিল! সবরকমের লোকেরা সেখানে কাজ করেছিলেন—পুরুষ, মহিলা, কালো, স্প্যানিস!” এটা তাদের ভ্রাতৃপ্রেমের এক স্পষ্ট প্রমাণ ছিল।—যোহন ১৩:৩৫.

খ্রীষ্টান ভাইবোনেরা তাদেরকে কাপড়চোপড়, খাবার ও টাকাপয়সা দিয়েও সাহায্য করেছিলেন। বাবা বলেন: “এটা বড়দিনের সময়ে ঘটেছিল যখন সবাই সবাইকে উপহার দেয় কিন্তু আমরা বলতে পারি যে আমরা যেমন ভালবাসা আর উপহার পেয়েছিলাম আর কেউ তেমন পাননি।” তারা আরও বলেছিলেন: “আগুন লাগার কথা আমাদের আর মনে পড়ে না কারণ তার জায়গায় ভাল বন্ধু ও তারা যে দয়া দেখিয়েছিলেন তার স্মৃতি ভিড় করেছে। আমরা এর জন্য আমাদের প্রেমময় পিতা যিহোবাকে ধন্যবাদ দিই যে পৃথিবীতে আমরা এইরকম চমৎকার ও একতাবদ্ধ এক পরিবার পেয়েছি আর এর অংশ হতে পেরে আমরা কতই না কৃতজ্ঞ!”

এটা ঠিক যে সবসময়ই, সব দুর্ঘটনাতেই এভাবে সাহায্য করা সম্ভব হয় না। কিন্তু এই ঘটনা থেকে প্রমাণ হয় যে মণ্ডলী কীভাবে সাহায্য যুগিয়ে থাকে।

স্বর্গীয় প্রজ্ঞা

অনেকেই খ্রীষ্টীয় মণ্ডলী থেকে আরেক ধরনের সাহায্য এবং শক্তি পেয়ে থাকেন। সেটা কী? ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ দ্বারা তৈরি প্রকাশনাদি। এগুলোর মধ্যে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিচক্ষণ পরামর্শ ও ব্যবহারিক নির্দেশনা দেওয়ার জন্য এই প্রকাশনাগুলো প্রধানত ঈশ্বরের প্রজ্ঞার ওপর ভিত্তি করে লেখা যা বাইবেলে পাওয়া যায়। (গীতসংহিতা ১১৯:১০৫) এতে হতাশা, দুর্ব্যবহারের কারণে হওয়া আঘাত কাটিয়ে ওঠা, নানারকম সামাজিক ও অর্থনৈতিক সমস্যা, যুবক-যুবতীরা যে সব সমস্যার মুখোমুখি হয় ও গরিব দেশগুলোর সাধারণ সমস্যার মতো বিষয়গুলোর ওপর বাইবেলের পরামর্শের সঙ্গে সঙ্গে দায়িত্বশীল ও নির্ভরযোগ্যভাবে গবেষণা করা অন্যান্য বিষয়বস্তুও দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হল যে এই প্রকাশনাগুলো দেখায়, ঈশ্বর যে পথ দেখান সেটাই জীবনে চলার জন্য সবচেয়ে ভাল পথ।—যিশাইয় ৩০:২০, ২১.

প্রত্যেক বছর, ওয়াচ টাওয়ার সোসাইটি এই প্রকাশনাগুলোর জন্য উপলব্ধি দেখিয়ে লেখা হাজার হাজার চিঠি পেয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, সচেতন থাক! পত্রিকার আত্মহত্যার ওপর একটা প্রবন্ধ সম্বন্ধে রাশিয়ার একজন যুবক লিখেছিল: “হতাশায় ভোগায় . . . আমি অনেকবার আত্মহত্যা করার কথাও ভেবেছি। এই প্রবন্ধ আমার মধ্যে এই বিশ্বাস জন্মিয়েছে যে আমার সমস্যাগুলো কাটিয়ে উঠতে ঈশ্বর আমাকে সাহায্য করবেন। তিনি চান যে আমি বেঁচে থাকি। এই প্রবন্ধের মধ্যে দিয়ে তিনি আমাকে যে সাহায্য যুগিয়েছেন তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।”

এই জগতের সমস্যার ঝড়ো হাওয়ার মোকাবিলা করা যদি আপনার খুব কঠিন বলে মনে হয়, আপনি নিশ্চিত থাকতে পারেন যে খ্রীষ্টীয় মণ্ডলী এমন এক নিরাপদ আশ্রয় যেখানে আপনি নির্ভাবনায় থাকতে পারেন। যদি ভালবাসাশূন্য এই পৃথিবীর শুষ্ক মরুভূমি আপনার শক্তিকে নিঃশেষ করে দেয়, তাহলে আপনি যিহোবার সংগঠনের মরূদ্যানে সতেজতা খুঁজে পেতে পারেন। এইরকম সাহায্য পাওয়ার পর আপনিও হয়ত সেই খ্রীষ্টান মহিলার মতো একই অনুভূতির কথা বলবেন যিনি তার স্বামীর গুরুতর অসুস্থতার সঙ্গে যুদ্ধ করেছিলেন আর লিখেছিলেন: “আমাদের এত ভালবাসা দেখানো হয়েছিল আর এত দেখাশোনা করা হয়েছিল যে মনে হয়েছিল, আমাদের এই বিপদের সময়ে যিহোবা যেন আমাদের হাত ধরে তা পার করেছিলেন। যিহোবার অপূর্ব সংগঠনের একজন হতে পেরে আমি কতই না কৃতজ্ঞ!”

[পাদটীকাগুলো]

a নামগুলো পরিবর্তন করা হয়েছে।

[২৬ পৃষ্ঠার চিত্র]

আমরা অসুস্থদের, শোকার্তদের ও অন্যান্যদের শক্তি যোগাতে পারি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার