ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৫/১৫ পৃষ্ঠা ১৫-২০
  • খ্রীষ্টীয় কালে ঈশতান্ত্রিক পরিচালনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রীষ্টীয় কালে ঈশতান্ত্রিক পরিচালনা
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কার্যরত এক পরিচালক গোষ্ঠী
  • আধুনিক দিনে পরিচালনা
  • ঈশ্বরের ইস্রায়েলের প্রতি সমর্থন
  • “ভাবী লোক সকলকে”
  • আপনি কি “সত্যের আত্মা” পেয়েছেন?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কে বর্তমানে ঈশ্বরের লোকেদের নেতৃত্ব দিচ্ছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • পুনরধিষ্ঠিত “দেশে” একসাথে সহাবস্থান
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আজকের দিনে কীভাবে পরিচালকগোষ্ঠী কাজ করে?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৫/১৫ পৃষ্ঠা ১৫-২০

খ্রীষ্টীয় কালে ঈশতান্ত্রিক পরিচালনা

“তাঁহার সেই হিতসঙ্কল্প অনুসারে . . . স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্তই খ্রীষ্টেই সংগ্রহ করা যাইবে।”—ইফিষীয় ১:১০.

১, ২. (ক) সা.কা. ৩৩ সালে শুরু করে “স্বর্গস্থ” বিষয়গুলির সংগ্রহ কিভাবে অগ্রসর হয়েছিল? (খ) ১৯১৪ সাল থেকে কিভাবে অভিষিক্ত খ্রীষ্টানেরা মোশি এবং এলিয়ের মত মনোভাব প্রদর্শন করেছেন?

এই “স্বর্গস্থ” সংগ্রহ সা.কা. ৩৩ সালে, যখন “ঈশ্বরের ইস্রায়েলের” জন্ম হয় তখন শুরু হয়েছিল। (গালাতীয় ৬:১৬; যিশাইয় ৪৩:১০; ১ পিতর ২:৯, ১০) সা.কা. প্রথম শতাব্দীর পরে, এই একত্রীকরণ মন্থর হয়ে যায় যেহেতু শয়তানের দ্বারা রোপিত ধর্মভ্রষ্ট “শ্যামাঘাস” সত্য খ্রীষ্টানদের (যীশুর দ্বারা “গোম” বলে আখ্যাত) আবৃত করে ফেলেছিল। কিন্তু যখন “শেষকাল” উপস্থিত হয়, ঈশ্বরের প্রকৃত ইস্রায়েল পুনরায় মানব দৃষ্টিতে আবির্ভূত হয় এবং ১৯১৯ সালে যীশুর সর্বস্বের উপরে নিযুক্ত হয়।a—মথি ১৩:২৪-৩০, ৩৬-৪৩; ২৪:৪৫-৪৭; দানিয়েল ১২:৪.

২ ঠিক মোশি এবং এলিয় যেমন করেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময়ে অভিষিক্ত খ্রীষ্টানেরা শক্তিশালী কাজগুলি সম্পাদন করেছিলেন।b (প্রকাশিত বাক্য ১১:৫, ৬) ১৯১৯ সাল থেকে, এলিয়ের মত সাহসী হয়ে, তারা এক প্রতিকূল জগতে সুসমাচার প্রচার করে এসেছেন। (মথি ২৪:৯-১৪) আর ১৯২২ সাল থেকে, তারা মানবজাতির উপর যিহোবার বিচার ঘোষণা করেছেন, ঠিক যেমন মোশি প্রাচীন মিশরের উপর ঈশ্বরের আঘাতগুলি এনেছিলেন। (প্রকাশিত বাক্য ১৫:১; ১৬:২-১৭) এই অভিষিক্ত খ্রীষ্টানদের অবশিষ্টাংশেরা বর্তমানে যিহোবার সাক্ষীদের নতুন জগৎ সমাজের কেন্দ্রবিন্দু।

কার্যরত এক পরিচালক গোষ্ঠী

৩. কোন্‌ ঘটনাগুলি দেখায় যে প্রাথমিক খ্রীষ্টীয় মণ্ডলী সুসংগঠিত ছিল?

৩ শুরু থেকেই, যীশুর অভিষিক্ত অনুগামীরা সংগঠিত ছিলেন। যতই শিষ্যদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, স্থানীয় মণ্ডলীগুলি স্থাপিত হয়েছিল এবং প্রাচীনগণ নিযুক্ত হয়েছিলেন। (তীত ১:৫) সা.কা. ৩৩ সালের পর, ১২ জন প্রেরিত এক অধিকারসম্পন্ন কেন্দ্রীয় পরিচালক গোষ্ঠী হিসাবে কাজ করেছিলেন। সত্যিকার অর্থে, তারা সাক্ষ্যদানের কাজে এক নির্ভীক নেতৃত্ব দিয়েছিলেন। (প্রেরিত ৪:৩৩, ৩৫, ৩৭; ৫:১৮, ২৯) তারা অভাবগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণের ব্যবস্থা করেছিলেন এবং পিতর ও যোহনকে শমরীয়ায় পাঠিয়েছিলেন যাতে করে তারা সেখানে প্রদর্শিত আগ্রহকে অনুসরণ করতে পারেন, যে সম্বন্ধে তারা বিবৃতিগুলি পেয়েছিলেন। (প্রেরিত ৬:১-৬; ৮:৬-৮, ১৪-১৭) বার্ণবা পৌলকে তাদের কাছে নিয়ে গিয়েছিলেন এই বিষয়টি নিশ্চিত করতে যে এই পূর্বতন তাড়নাকারী বর্তমানে যীশুর অনুগামী হয়েছেন। (প্রেরিত ৯:২৭; গালাতীয় ১:১৮, ১৯) আর পিতর কর্ণীলিয় ও তার পরিবারের কাছে প্রচার করার পর, যিরূশালেমে ফিরে এসেছিলেন এবং এই ক্ষেত্রে পবিত্র আত্মা কিভাবে ঈশ্বরের ইচ্ছাকে প্রদর্শন করেছিল, তা প্রেরিতদের এবং যিহূদিয়া-নিবাসী অন্যান্য ভাইয়েদের কাছে ব্যাখ্যা করেছিলেন।—প্রেরিত ১১:১-১৮.

৪. পিতরকে হত্যা করার কোন্‌ প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু তার জীবন কিভাবে রক্ষা পেয়েছিল?

৪ এরপর পরিচালক গোষ্ঠী পাশবিক আক্রমণের সম্মুখীন হয়েছিল। পিতর কারাবদ্ধ হন এবং কেবলমাত্র দূতের হস্তক্ষেপের মাধ্যমেই তার জীবন রক্ষা পেয়েছিল। (প্রেরিত ১২:৩-১১) এই প্রথমবারের মত ১২ জন প্রেরিত ছাড়াও আর একজনকে যিরূশালেমে মর্যাদাপূর্ণ পদে দেখা গিয়েছিল। যখন পিতর কারামুক্ত হন, তিনি যোহন মার্কের মায়ের গৃহে সমবেত একটি দলকে বলেছিলেন: “তোমরা যাকোবকে [যীশুর অর্ধ ভ্রাতা] ও ভ্রাতৃগণকে এই সমাচার দিও।”—প্রেরিত ১২:১৭.

৫. যাকোব শহীদ হওয়ার পর পরিচালক গোষ্ঠীর কাঠামোর কী পরিবর্তন ঘটেছিল?

৫ পূর্বে, বিশ্বাসঘাতক প্রেরিত ঈষ্করিয়োতীয় যিহূদার আত্মহত্যার পর, এক প্রেরিত হিসাবে “তাহার অধ্যক্ষ-পদ” অন্য এমন একজনকে প্রদানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, যিনি যীশুর পরিচর্যার সময় তাঁর সাথে ছিলেন এবং তাঁর মৃত্যু ও পুনরুত্থানের সাক্ষী হয়েছিলেন। কিন্তু, যখন যোহনের ভাই যাকোবকে হত্যা করা হয়েছিল, ১২ জনের একজনও তার স্থলাভিষিক্ত হননি। (প্রেরিত ১:২০-২৬; ১২:১, ২) পরিচালক গোষ্ঠীর প্রতি পরবর্তী শাস্ত্রীয় উদ্ধৃতি দেখায় যে, এটিকে বিস্তৃত করা হয়েছিল। পরজাতীয়েরা যারা যীশুকে অনুসরণ করেছিল, তাদের মোশির আইন পালন করা উচিত কি না সেই সম্বন্ধে যখন এক বিতর্ক উত্থাপিত হয়েছিল, তখন বিষয়টি মীমাংসার জন্য “যিরূশালেমে প্রেরিতগণের ও প্রাচীনবর্গের” কাছে প্রেরণ করা হয়েছিল। (প্রেরিত ১৫:২, ৬, ২০, ২২, ২৩; ১৬:৪) স্পষ্টতঃ কেন ‘প্রাচীনবর্গেরা’ এখন পরিচালক গোষ্ঠীর মধ্যে থাকবেন? যদিও বাইবেল সেই সম্বন্ধে কিছু বলে না, কিন্তু তাতে এক নিশ্চিত উপকারিতা ছিল। যাকোবের মৃত্যু এবং পিতরের কারাবরণ দেখিয়েছিল যে, প্রেরিতদের হয়ত একদিন কারাবদ্ধ অথবা নিহত হতে হবে। এইধরনের আকস্মিক পরিস্থিতিতে, পরিচালক গোষ্ঠীর কার্যপ্রণালীতে অভিজ্ঞ, যোগ্য প্রাচীনদের উপস্থিতি, ক্রমাগতভাবে সুব্যবস্থিত দেখাশোনাকে নিশ্চিত করবে।

৬. পরিচালক গোষ্ঠী কিভাবে যিরূশালেমে কাজ চালিয়ে যান, এমনকি যখন এর মূল সদস্যেরা সেই শহরে ছিলেন না?

৬ প্রায় সা.কা. ৫৬ সালে পৌল যখন যিরূশালেমে এসেছিলেন, তিনি যাকোবকে জানিয়েছিলেন যে সম্বন্ধে বাইবেল বলে, “প্রাচীনবর্গ সকলে উপস্থিত হইলেন।” (প্রেরিত ২১:১৮) সেই সভায় প্রেরিতদের সম্বন্ধে কোন উল্লেখ ছিল না কেন? আবার এই বিষয়েও বাইবেল কিছু বলে না। কিন্তু ইতিহাসবেত্তা ইউসেবিয়াস পরবর্তীকালে বিবৃতি দিয়েছিলেন যে, সা.কা. ৬৬ সালের কিছুকাল পূর্বে, “অবশিষ্ট প্রেরিতেরা, সর্বদা হত্যার গুপ্ত চক্রান্তের বিপদের মধ্যে থাকায়, যিহূদিয়া থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তাদের বার্তা শিক্ষা দেওয়ার জন্য, খ্রীষ্টের শক্তিতে তারা প্রতিটি দেশে ভ্রমণ করেছিলেন।” (ইউসেবিয়াস, বই ৩য়, ৫ম, খণ্ড. ২) এটি সত্য যে, ইউসেবিয়াসের বাক্যগুলি অনুপ্রাণিত বিবরণের অংশ নয়, কিন্তু এইগুলি সেই বিবরণ যা বলে তার সাথে সঙ্গতিপূর্ণ। উদাহরণস্বরূপ, সা.কা. ৬২ সালের দিকে পিতর বাবিলে ছিলেন—যেটি যিরূশালেম থেকে দূরে ছিল। (১ পিতর ৫:১৩) তবুও, সা.কা. ৫৬ সালে এবং সম্ভবত ঠিক সা.কা. ৬৬ সাল পর্যন্ত, যিরূশালেমে এক পরিচালক গোষ্ঠী স্পষ্টতঃ কার্যরত ছিলেন।

আধুনিক দিনে পরিচালনা

৭. প্রথম শতাব্দীর পরিচালক গোষ্ঠীর তুলনায় বর্তমানে পরিচালক গোষ্ঠীর কাঠামোর মধ্যে কোন্‌ উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে?

৭ সা.কা. ৩৩ সাল থেকে যিরূশালেমে ক্লেশের পূর্ব পর্যন্ত পরিচালক গোষ্ঠী স্পষ্টতই যিহূদী খ্রীষ্টানদের নিয়ে গঠিত ছিল। সা.কা. ৫৬ সালে তাঁর পরিদর্শনের সময়ে, পৌল জেনেছিলেন যে যিরূশালেমে অনেক যিহূদী খ্রীষ্টানেরা “আমাদের প্রভু যীশু খ্রীষ্টের . . . বিশ্বাস . . . ধারণ” করা সত্ত্বেও, “[মোশির] ব্যবস্থার পক্ষে উদ্‌যোগী” ছিল।c (যাকোব ২:১; প্রেরিত ২১:২০-২৫) এইধরনের যিহূদীদের পক্ষে হয়ত পরিচালক গোষ্ঠীর মধ্যে একজন পরজাতীয়ের কথা চিন্তা করা কঠিন ছিল। যদিও আধুনিক সময়ে, এই গোষ্ঠীর কাঠামোয় আরেকটি পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমানে, এটি সম্পূর্ণরূপে অভিষিক্ত পরজাতীয় খ্রীষ্টানদের নিয়ে গঠিত এবং যিহোবা তাদের দেখাশোনার কাজে প্রচুররূপে আশীর্বাদ করেছেন।—ইফিষীয় ২:১১-১৫.

৮, ৯. আধুনিক সময়ে পরিচালক গোষ্ঠীর মধ্যে কোন্‌ বিকাশগুলি সাধিত হয়েছে?

৮ ১৮৮৪ সালে ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেনসিলভেনিয়া বৈধ সংস্থারূপে গঠিত হওয়ার সময় থেকে আরম্ভ করে ১৯৭২ সাল পর্যন্ত সমিতির সভাপতি যিহোবার সংগঠনের উপর অধিক ক্ষমতা ব্যবহার করতে পারতেন, যখন পরিচালক গোষ্ঠী ঘনিষ্ঠভাবে সোসাইটির নির্দেশক মণ্ডলীর সাথে সংযুক্ত ছিলেন। সেই বছরগুলিতে যে আশীর্বাদগুলি উপভোগ করা হয়েছিল তা প্রমাণ করে যে, যিহোবা সেই ব্যবস্থাকে অনুমোদন করেছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে পরিচালক গোষ্ঠী ১৮ জন সদস্য সংখ্যায় বৃদ্ধি পায়। প্রথম-শতাব্দীর ব্যবস্থানুযায়ী বিষয়গুলি অগ্রসর হতে থাকে, যখন এই বৃহত্তর গোষ্ঠীকে অধিকতর অধিকার প্রদান করা হয়, যাদের মধ্যে কয়েকজন ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নির্দেশক ছিলেন।

৯ ১৯৭৫ সাল থেকে, এই ১৮ জনের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি তাদের পার্থিব পরিচর্যা সম্পন্ন করেছেন। তারা জগৎকে জয় করেছেন এবং ‘যীশুর সাথে তাঁর স্বর্গীয় সিংহাসনে বসেছেন।’ (প্রকাশিত বাক্য ৩:২১) এটি এবং অন্যান্য কারণের জন্য, সেই একজন সহ যিনি ১৯৯৪ সালে যুক্ত হয়েছিলেন, এখন পরিচালক গোষ্ঠীর সদস্য সংখ্যা দশজন। তাদের অধিকাংশই অনেক বেশি বয়স্ক। যাইহোক, এই অভিষিক্ত ভাইয়েরা তাদের গুরু দায়িত্বগুলি পালন করতে উত্তম সমর্থন পেয়ে থাকেন। এই সমর্থন কোথা থেকে পাওয়া যায়? ঈশ্বরের লোকেদের আধুনিক বিকাশের প্রতি এক ঝলক দৃষ্টি এই প্রশ্নের উত্তর দেয়।

ঈশ্বরের ইস্রায়েলের প্রতি সমর্থন

১০. এই শেষকালে যিহোবার সেবায় অভিষিক্তদের সাথে কারা যোগ দিয়েছে এবং এটি কিভাবে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল?

১০ বিগত ১৮৮৪ সালে, ঈশ্বরের ইস্রায়েলের সাথে যুক্ত প্রায় সকলেই অভিষিক্ত খ্রীষ্টান ছিলেন। কিন্তু, ক্রমশঃ আরেকটি দল আবির্ভূত হতে শুরু করে আর ১৯৩৫ সালে এই দলটি প্রকাশিত বাক্য ৭ অধ্যায়ে বর্ণিত “বিস্তর লোক” হিসাবে শনাক্তিকৃত হয়। পার্থিব আশার অধিকারী হওয়ায় তারা “পৃথিবীস্থ” বিষয়ের প্রতিনিধিত্ব করে, যাদের খ্রীষ্টে সংগ্রহ করার জন্য যিহোবার উদ্দেশ্য আছে। (ইফিষীয় ১:১০) তারা যীশুর মেষের খোঁয়াড়ের দৃষ্টান্তের “অপর মেষ”-দের প্রতিনিধিত্ব করে। (যোহন ১০:১৬, NW) ১৯৩৫ সাল থেকে, অপর মেষেরা যিহোবার সংগঠনে একত্রিত হতে থাকে। তারা “উড়িয়া আসিতেছে, মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপোতের ন্যায়।” (যিশাইয় ৬০:৮) বিরাট জনতার বৃদ্ধি এবং অনেকেই মৃত্যুতে তাদের পার্থিব পরিচর্যা সম্পন্ন করায় অভিষিক্ত শ্রেণীর সংখ্যা হ্রাস পাওয়ার কারণে, যোগ্য অপর মেষেরা খ্রীষ্টীয় কার্যাবলীতে এক ক্রমবর্ধিষ্ণু ভূমিকা পালন করতে এসেছেন। কোন্‌ কোন্‌ উপায়ে?

১১. কোন্‌ সুযোগগুলি মূলতঃ অভিষিক্ত খ্রীষ্টানদের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা অপর মেষেদের দেওয়া হয়েছে?

১১ যিহোবার পরমোৎকর্ষতা চতুর্দিকে ঘোষণা করা সবসময়ই ঈশ্বরের “পবিত্র . . . জাতি”-র এক বিশেষ বাধ্যবাধকতা হয়ে এসেছে। পৌল এটিকে মন্দিরে উৎসর্গ হিসাবে বলেছিলেন এবং যারা “রাজকীয় যাজকবর্গ” হবেন তাদের যীশু প্রচার ও শিক্ষাদানের এক দায়িত্ব প্রদান করেছিলেন। (যাত্রাপুস্তক ১৯:৫, ৬; ১ পিতর ২:৪, ৯; মথি ২৪:১৪; ২৮:১৯, ২০; ইব্রীয় ১৩:১৫, ১৬) তৎসত্ত্বেও, আগস্ট ১, ১৯৩২, সংখ্যার প্রহরীদুর্গ (ইংরাজি) নির্দিষ্টভাবে তাদের এই কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করেছিল যারা যিহোনাদব হিসাবে পূর্বেই চিহ্নিত হয়েছিলেন। বাস্তবিকপক্ষে, এইধরনের অপর মেষের অনেকেই ইতিমধ্যে তা করছিলেন। বর্তমানে, “দিবারাত্র তাঁহার মন্দিরে [ঈশ্বরকে] আরাধনা” করার এক উল্লেখযোগ্য অংশ হিসাবে, প্রায় সমস্ত প্রচার কাজ অপর মেষেদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। (প্রকাশিত বাক্য ৭:১৫) অনুরূপভাবে, যিহোবার লোকেদের আধুনিক ইতিহাসের প্রথম দিকে, মণ্ডলীর প্রাচীনেরা ছিলেন অভিষিক্ত খ্রীষ্টান যারা ছিলেন যীশু খ্রীষ্টের দক্ষিণ হস্তের “তারা।” (প্রকাশিত বাক্য ১:১৬, ২০) কিন্তু মে ১, ১৯৩৭, প্রহরীদুর্গ (ইংরাজি), সংখ্যাটি ঘোষণা করেছিল যে যোগ্য অপর মেষেরা সহযোগী দাস (পরিচালক অধ্যক্ষেরা) হতে পারবেন। এমনকি অভিষিক্ত পুরুষেরা থাকলেও, অভিষিক্ত পুরুষেরা এই দায়িত্ব পালন করতে অসমর্থ হলে, অপর মেষেরা ব্যবহৃত হতে পারবেন। বর্তমানে, প্রায় সব মণ্ডলীর প্রাচীনগণ অপর মেষের অন্তর্ভুক্ত।

১২. যোগ্য অপর মেষেদের গুরু সাংগঠনিক দায়িত্বগুলি পাওয়ার ক্ষেত্রে কোন্‌ শাস্ত্রীয় দৃষ্টান্তগুলি রয়েছে?

১২ এইরূপ গুরু দায়িত্বগুলি অপর মেষেদের উপর অর্পণ করা কি ভুল? না, এটি পূর্ববর্তী ঐতিহাসিক উদাহরণ অনুসরণ করে। কিছু বিদেশী ধর্মান্তরিতরা (প্রবাসী অধিবাসীরা) প্রাচীন ইস্রায়েলে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। (২ শমূয়েল ২৩:৩৭, ৩৯; যিরমিয় ৩৮:৭-৯) বাবিলনীয় নির্বাসনের পর, যোগ্য নথীনীয়দের (মন্দিরের ন-ইস্রায়েলীয় পরিচারকদের) মন্দিরের পরিচর্যা করার সুযোগ দেওয়া হয়েছিল, যা পূর্বে কেবল লেবীয়দের অধিকারভুক্ত ছিল। (ইষ্রা ৮:১৫-২০; নহিমিয় ৭:৬০) তদুপরি, মোশি, যাকে রূপান্তরের দর্শনে যীশুর সাথে দেখা গিয়েছিল, মিদিয়নীয় যিথ্রোর উত্তম পরামর্শ গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে, তিনি যিথ্রোর পুত্র হোববকে প্রান্তরের মধ্যে তাদের পরিচালনা করতে বলেছিলেন।—যাত্রাপুস্তক ১৮:৫, ১৭-২৪; গণনাপুস্তক ১০:২৯.

১৩. যোগ্য অপর মেষেদের নম্রভাবে দায়িত্বগুলি প্রদানের ক্ষেত্রে অভিষিক্ত খ্রীষ্টানেরা কার উত্তম মনোভাব অনুকরণ করেছেন?

১৩ প্রান্তরে ৪০ বছর অতিবাহিত হওয়ার শেষের দিকে, মোশি প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারবেন না জেনে, যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন যেন যিহোবা একজন উত্তরাধিকারীর ব্যবস্থা করেন। (গণনাপুস্তক ২৭:১৫-১৭) যিহোবা তাকে সকল লোকেদের সম্মুখে যিহোশূয়কে নিযুক্ত করতে বলেছিলেন এবং মোশি তাই করেছিলেন, এমনকি যদিও তিনি তখন পর্যন্ত শারীরিকভাবে শক্তিশালী ছিলেন এবং ইস্রায়েলকে পরিচর্যা করা থেকে তৎক্ষণাৎই বিরত হননি। (দ্বিতীয় বিবরণ ৩:২৮; ৩৪:৫-৭, ৯) এক অনুরূপ নম্র মনোভাব নিয়ে, অভিষিক্তেরা ইতিমধ্যেই বর্ধিত সুযোগগুলি অপর মেষেদের মধ্যে যোগ্য ব্যক্তিদের প্রতি প্রসারিত করেছেন।

১৪. অপর মেষেদের বৃদ্ধিরত সাংগঠনিক ভূমিকা সম্বন্ধে কোন্‌ ভবিষ্যদ্বাণীগুলি ইঙ্গিত দেয়?

১৪ অপর মেষেদের বৃদ্ধিরত সাংগঠনিক ভূমিকাও ভবিষ্যদ্বাণীর বিষয়। সখরিয় ভাববাণী করেছিলেন যে ন-ইস্রায়েলীয় পলেষ্টীয়রা “যিহূদার মধ্যে অধ্যক্ষতুল্য [“শেকতুল্য,” NW] হইবে।” (সখরিয় ৯:৬, ৭) শেকেরা গোষ্ঠী প্রধান ছিলেন, তাই সখরিয় বলছিলেন যে, ইস্রায়েলের এক প্রাক্তন শত্রু সত্য উপাসনা গ্রহণ করবেন এবং প্রতিজ্ঞাত দেশে গোষ্ঠী প্রধানের অনুরূপ হবেন। এছাড়া, ঈশ্বরের ইস্রায়েলকে সম্বোধন করার সময়ে, যিহোবা বলেছিলেন: “বিদেশিগণ দাঁড়াইয়া তোমাদের পাল চরাইবে, বিজাতি-সন্তানেরা তোমাদের শস্যক্ষেত্রের কৃষক ও তোমাদের দ্রাক্ষাক্ষেত্রের পাইটকারী হইবে। কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে, লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে।” (যিশাইয় ৬১:৫, ৬) এই “বিদেশিগণ” এবং “বিজাতি-সন্তানেরা” হল অপর মেষেরা। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে তারা আরও অধিক কাজ সম্পন্ন করতে পারে যতই এই বৃদ্ধ অভিষিক্ত অবশিষ্টাংশেরা তাদের পার্থিব পরিচর্যা সম্পন্ন করেন এবং এক সম্পূর্ণ অর্থে স্বর্গীয় “সদাপ্রভুর যাজক” হিসাবে যিহোবার মহিমাময় সিংহাসনের চতুর্দিকে “ঈশ্বরের পরিচারক” হিসাবে সেবা করে যান।—১ করিন্থীয় ১৫:৫০-৫৭; প্রকাশিত বাক্য ৪:৪, ৯-১১; ৫:৯, ১০.

“ভাবী লোক সকলকে”

১৫. এই শেষ সময়ে খ্রীষ্টানদের কোন্‌ দল “বৃদ্ধ বয়স”-এ পৌঁছেছে এবং কোন্‌ দল “ভাবী লোক সকলকে” প্রতিনিধিত্ব করে?

১৫ অপর মেষেদের বর্ধিত দায়িত্বের জন্য প্রশিক্ষণ দিতে অভিষিক্ত অবশিষ্টাংশেরা অত্যন্ত উৎসাহী। গীতসংহিতা ৭১:১৮ পদ বলে: “হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্বকেশের কাল পর্য্যন্তও আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্ত্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবী লোক সকলকে তোমার পরাক্রম, জ্ঞাত না করি।” এই পদের উপর মন্তব্য করতে গিয়ে, ডিসেম্বর ১৫, ১৯৪৮, প্রহরীদুর্গ (ইংরাজি), উল্লেখ করেছিল, অভিষিক্ত খ্রীষ্টানদের মণ্ডলী নিশ্চিতভাবেই তার বৃদ্ধ বয়সে এসে পৌঁছেছে। এটি আরও বলেছিল যে অভিষিক্তেরা আনন্দ সহকারে “বাইবেলের ভবিষ্যদ্বাণীর আলোকে সম্মুখে দৃষ্টিপাত করে এবং একটি নতুন বংশ দেখে।” এটি বিশেষভাবে কাদের সম্পর্কে উল্লেখ করছে? প্রহরীদুর্গ বলেছিল: “যীশু তাদের তাঁর ‘অপর মেষ’ হিসাবে বলেছিলেন।” ‘ভাবী লোক সকল’ সেই মানুষদের ইঙ্গিত করে, যারা স্বর্গ রাজ্যের দ্বারা শাসিত নতুন পার্থিব পরিচালনার অধীনে বাস করবে।

১৬. ‘ভাবী লোক সকল’ কোন্‌ আশীর্বাদগুলি দেখার জন্য আকুলভাবে প্রতীক্ষা করে আছে?

১৬ বাইবেল স্পষ্টভাবে বলে না কখন সমস্ত অভিষিক্ত খ্রীষ্টানেরা তাদের এই ‘ভাবী লোক সকলের’ অন্তর্ভুক্ত ভাইয়েদের পরিত্যাগ করবেন এবং যীশু খ্রীষ্টের সাথে প্রতাপান্বিত হওয়ার জন্য যাবেন। কিন্তু এই অভিষিক্ত ব্যক্তিরা নিশ্চিত যে, সেই সময় সন্নিকট হচ্ছে। “শেষকাল” এর বিষয়ে যীশুর মহান ভাববাণীকৃত ঘটনাগুলি ১৯১৪ সাল থেকে ঘটে চলেছে যা দেখায় যে, এই জগতের ধ্বংস নিকটবর্তী। (দানিয়েল ১২:৪; মথি ২৪:৩-১৪; মার্ক ১৩:৪-২০; লূক ২১:৭-২৪) শীঘ্রই, যিহোবা এক নতুন জগতে পরিচালিত করবেন যেখানে ‘ভাবী লোক সকল’ ‘জগতের পত্তনাবধি যে রাজ্য [পার্থিব রাজ্য] তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, তার অধিকারী’ হবে। (মথি ২৫:৩৪) তারা পরমদেশ পুনর্স্থাপনে অংশগ্রহণ করায় এবং কোটি কোটি মৃত ব্যক্তিদের হেডিজ থেকে উঠে আসতে দেখায় রোমাঞ্চিত হয়। (প্রকাশিত বাক্য ২০:১৩) পুনরুত্থিত ব্যক্তিদের স্বাগত জানাতে অভিষিক্ত ব্যক্তিরা কি সেখানে থাকবেন? বিগত ১৯২৫ সালে, মে ১, প্রহরীদুর্গ (ইংরাজি) বলেছিল: “আমাদের স্বেচ্ছাচারীভাবে বলা উচিত নয়, ঈশ্বর কী করবেন বা করবেন না। . . . [কিন্তু] আমরা এই উপসংহারে আসি যে, গির্জার সদস্যেরা [অভিষিক্ত খ্রীষ্টানেরা] প্রাচীন যোগ্য ব্যক্তিদের [বিশ্বস্ত প্রাক্‌-খ্রীষ্টীয় সাক্ষীরা] পুনরুত্থান হওয়ার পূর্বে প্রতাপান্বিত হবেন।” অনুরূপভাবে, কিছু অভিষিক্তেরা পুনরুত্থিতদের স্বাগত জানানোর সময় উপস্থিত থাকবেন কি না, তা আলোচনা করতে গিয়ে সেপ্টেম্বর ১, ১৯৮৯ সালের প্রহরীদুর্গ (ইংরাজি) বলেছিল: “তার কোন প্রয়োজন হবে না।”d

১৭. অভিষিক্তেরা একটি দল হিসাবে, সিংহাসনে অধিষ্ঠিত রাজা যীশু খ্রীষ্টের সাথে কোন্‌ চমৎকার সুযোগগুলির অংশী হবেন?

১৭ এটি সত্য যে, প্রত্যেক অভিষিক্ত খ্রীষ্টানের ক্ষেত্রে কী ঘটবে তা আমরা জানি না। কিন্তু রূপান্তরের দর্শনে যীশুর সাথে মোশি এবং এলিয়ের উপস্থিতি ইঙ্গিত করে যে বিচার সম্পন্ন এবং দণ্ডাদেশ দিতে যীশু যখন “প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল” দিতে রাজ্যের প্রতাপে আসবেন, তখন তার সাথে পুনরুত্থিত অভিষিক্ত খ্রীষ্টানেরা থাকবেন বলে প্রত্যাশা করা যায়। এছাড়াও, আমরা যীশুর সেই প্রতিজ্ঞা স্মরণ করি যা বলে, যে অভিষিক্ত খ্রীষ্টানেরা যারা ‘জয়’ করেন, তারা তাঁর সাথে হর্‌মাগিদোনে ‘লৌহদণ্ড দ্বারা জাতিগণকে শাসন করার’ কাজে অংশগ্রহণ করবেন। যীশু যখন রাজ্যের প্রতাপে আসবেন, তারা তাঁর সাথে “ইস্রায়েলের দ্বাদশ বংশের বিচার” করতে বসবেন। যীশুর সাথে তারা ‘শয়তানকে তাদের পদতলে দলিত’ করবেন।—মথি ১৬:২৭-১৭:৯; ১৯:২৮; প্রকাশিত বাক্য ২:২৬, ২৭; ১৬:১৪, ১৬; রোমীয় ১৬:২০; আদিপুস্তক ৩:১৫; গীতসংহিতা ২:৯; ২ থিষলনীকীয় ১:৯, ১০.

১৮. (ক) ‘স্বর্গস্থ সমস্তই খ্রীষ্টেই সংগ্রহ করার’ বিষয়ে পরিস্থিতিটি কী? (খ) ‘পৃথিবীস্থ সমস্তই খ্রীষ্টেই সংগ্রহ করার’ সম্বন্ধে আমরা কী বলতে পারি?

১৮ তাঁর পরিচালনার সাথে সাদৃশ্য রেখে, যিহোবা “সমস্তই খ্রীষ্টেই সংগ্রহ” করতে উত্তরোত্তর অগ্রসর হচ্ছেন। “স্বর্গস্থ” বিষয়গুলির ক্ষেত্রে তাঁর উদ্দেশ্য সম্পূর্ণতার নিকটবর্তী। ‘মেষশাবকের বিবাহের’ জন্য ১,৪৪,০০০ জনের সকলের সাথে স্বর্গে যীশুর একত্রিত হওয়ার সময় সন্নিকট। তাই, “পৃথিবীস্থ” বিষয়ের প্রতিনিধিত্বকারী অপর মেষেদের পরিপক্ব ভাইয়েরা, তাদের অভিষিক্ত ভাইয়েদের সমর্থন করতে গুরু দায়িত্বগুলি দীর্ঘ সময় ধরে নিজেরা বহন করে আসছেন। কতই না উত্তেজনাপূর্ণ সময়ে আমরা বাস করছি! যিহোবার উদ্দেশ্য পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, তা দেখা কতই না রোমাঞ্চকর! (ইফিষীয় ১:৯, ১০; ৩:১০-১২; প্রকাশিত বাক্য ১৪:১; ১৯:৭, ৯) আর উভয় দলই এক সাথে পরিচর্যা করার ক্ষেত্রে “এক পাল” হিসাবে “এক পালক” রাজা, যীশু খ্রীষ্টের অধীনে বশ্যতা দেখাতে এবং সার্বিক সার্বভৌম, যিহোবা ঈশ্বরের গৌরব করার জন্য অপর মেষেরা তাদের অভিষিক্ত ভাইয়েদের সমর্থন জানাতে কতই না আনন্দিত হয়!—যোহন ১০:১৬; ফিলিপীয় ২:৯-১১.

[পাদটীকাগুলো]

a প্রহরীদুর্গ (ইংরাজি), ১৯৮১, আগস্ট ১, সংখ্যার পৃষ্ঠা ১৬-২৬ দেখুন।

b উদাহরণস্বরূপ, ১৯১৪ সালের শুরুতে, “দ্যা ফটো-ড্রামা অফ ক্রিয়েশন”—চার-খণ্ডের একটি দর্শনযোগ্য এবং রেকর্ড করা উপস্থাপনা—যেটি পাশ্চাত্য জগতের সর্বত্র দর্শকপূর্ণ মঞ্চগুলিতে দেখান হয়েছিল।

c কিছু যিহূদী খ্রীষ্টানেরা কেন মোশির ব্যবস্থার প্রতি উদ্যোগী ছিলেন, তার সম্ভাব্য কারণগুলির জন্য ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত, শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরাজি), খণ্ড ২, পৃষ্ঠা ১১৬৩-৪ দেখুন।

d প্রহরীদুর্গ (ইংরাজি), আগস্ট ১৫, ১৯৯০, পৃষ্ঠা ৩০-১; ডিসেম্বর ১৫, ১৯৯০, পৃষ্ঠা ৩০ দেখুন।

আপনি কি ব্যাখ্যা করতে পারেন?

◻ প্রথম শতাব্দীতে ঈশ্বরের সংগঠন কিভাবে সম্মুখে অগ্রসর হয়েছিল?

◻ যিহোবার সাক্ষীদের আধুনিক ইতিহাসে পরিচালক গোষ্ঠী কিভাবে বিকাশ লাভ করেছে?

◻ যিহোবার সংগঠনে অপর মেষেদের অধিকার প্রদান করতে কোন্‌ শাস্ত্রপদ প্রমাণ দেয়?

◻ কিভাবে “স্বর্গস্থ” এবং “পৃথিবীস্থ” সমস্তই খ্রীষ্টে সংগ্রহ করা হয়েছে?

[১৬ পৃষ্ঠার চিত্র]

এমনকি যখন এর মূল সদস্যেরা যিরূশালেমে ছিলেন না, তখনও এক পরিচালক গোষ্ঠী সেখানে ক্রমাগত সক্রিয় ছিলেন

[১৮ পৃষ্ঠার চিত্র]

যিহোবার লোকেদের জন্য পরিপক্ব অভিষিক্ত খ্রীষ্টানেরা এক আশীর্বাদস্বরূপ

সি. টি. রাসেল ১৮৮৪-১৯১৬

জে. এফ. রাদারফোর্ড ১৯১৬-৪২

এন. এইচ. নর ১৯৪২-৭৭

এফ. ডব্লিউ. ফ্রাঞ্জ ১৯৭৭-৯২

এম. জি. হেনসেল ১৯৯২-

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার