বাইবেলের প্রার্থনাগুলি সূক্ষ্মভাবে পরীক্ষার যোগ্য
এক উদ্বিগ্ন নারী, রাজা এবং ঈশ্বরের নিজের পুত্র যে প্রার্থনা করেছিলেন তার প্রতি আমরা এখন সূক্ষ্ম দৃষ্টি দেব। প্রত্যেকটি প্রার্থনা বিভিন্ন পরিস্থিতিতে করা হয়েছিল। তবুও, সেই ধরনের পরিস্থিতি আজকে আমাদের প্রভাবিত করতে পারে। এই উদাহরণগুলি থেকে আমরা কী শিখতে পারি?
“তোমার এই দাসির দুঃখের প্রতি দৃষ্টিপাত কর”
বহু পুরনো এক সমস্যার সাথে কি আপনি যুদ্ধ করছেন? অথবা আপনি কি উদ্বিগ্নতার দ্বারা ভারাগ্রস্ত? তাহলে প্রথম সন্তান শমূয়েলকে জন্ম দেওয়ার আগে হান্নার পরিস্থিতির সাথে আপনার অনেকটা মিল আছে। তিনি নিঃসন্তান ছিলেন এবং অন্য স্ত্রী তাকে ঠাট্টা করত। প্রকৃতপক্ষে তার পরিস্থিতি তাকে এতই জ্বালাতন ও চিন্তিত করে তুলেছিল যে তিনি খাওয়া বন্ধ করে দেন। (১ শমূ ১:২-৮, ১৫, ১৬) তিনি যিহোবাকে আবেদন করেন এবং নিম্ন লিখিত মিনতিটি জানান:
“হে বাহিনীগণের সদাপ্রভু, যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত কর, আমাকে স্মরণ কর, ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্ত্রসন্তান দেও, তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিব। তাহার মস্তকে ক্ষুর উঠিবে না।”—১ শমূয়েল ১:১১.
লক্ষ্য করুন যে হান্না সার্বজনীনভাবে কিছু বলেননি। তিনি যিহোবাকে বিশেষ আবেদন জানান (পুত্র সন্তানের জন্য) এবং তার সাথে (ঈশ্বরের সেবায় তাকে দান করবেন) বলে নির্দিষ্ট সিদ্ধান্ত দেন। এটি আমাদের কী শিক্ষা দেয়?
সমস্যার সময়, প্রার্থনায় আপনার সমস্যা স্পষ্টভাবে প্রকাশ করুন। আপনার যে কোন সমস্যাই থাকুক না কেন—আপনার সাংসারিক পরিস্থিতি, একাকীত্ব অথবা ভগ্ন স্বাস্থ্য—যিহোবার কাছে এই সম্বন্ধে প্রার্থনা করুন। আপনার সমস্যার প্রকৃত রূপটি তাঁকে বর্ণনা করুন এবং আপনি কী অনুভব করেন তা বলুন। “প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমি আমার সকল সমস্যা যিহোবাকে জানাই,” লুইজ্ নামক এক বিধবা বলেন। “অনেক সময় বহু সমস্যা থাকে কিন্তু আমি তাঁকে স্পষ্টভাবে প্রত্যেকটির উল্লেখ করি।”
বিশিষ্ট শব্দ সমষ্টির মাধ্যমে যিহোবার সাথে কথা বললে উপকার আসে। তা করার দ্বারা আমরা আমাদের সমস্যার স্পষ্ট ধারণা পাই যার ফলে তা আপাতপক্ষে ভয়ঙ্কর বলে মনে হয় না। নির্দিষ্ট প্রার্থনা আমাদের উদ্বিগ্ন হওয়া থেকে মুক্তি দেয়। হান্না তার প্রার্থনার উত্তর পাওয়ার আগেই দৃঢ় আশ্বাস পান এবং “তাহার মুখ আর বিষণ্ণ রহিল না।” (১ শমূয়েল ১:১৮) তাছাড়াও, আমাদের প্রার্থনায় আমরা স্পষ্ট হলে তা আমাদের প্রার্থনার উত্তরকে শনাক্ত করতে সচেতন করে। “যত স্পষ্টরূপে আমি প্রার্থনা করি,” বলেন জার্মানীর এক খ্রীষ্টান বার্নহার্ট, “উত্তরগুলি তত স্পষ্ট হয়।”
“আমি ক্ষুদ্র বালকমাত্র”
যাইহোক, একজন ব্যক্তি ভিন্ন প্রকৃতির চিন্তায় পড়তে পারে যখন সে একটি কার্যভার পায় আর সে মনে করে যে সে তার অযোগ্য। যিহোবার দত্ত দায়িত্বভার পেয়ে কি আপনি অনেক সময় বিচলিত হয়ে পড়েন? অথবা কিছু ব্যক্তি আপনাকে কি এই দায়িত্বভারের পক্ষে অযোগ্য বলে মনে করে? যুবক শলোমন সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন যখন তিনি ইস্রায়েলের রাজা হিসাবে অভিষিক্ত হন। কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তিরা অন্য কাউকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন। (১ রাজাবলি ১:৫-৭, ৪১-৪৬; ২:১৩-২২) তার রাজত্বকালের প্রথমদিকে শলোমন প্রার্থনায় এক আবেদন জানান:
“হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি . . . আপনার এই দাসকে রাজা করিলে; কিন্তু আমি ক্ষুদ্র বালকমাত্র, বাহিরে যাইতে ও ভিতরে আসিতে জানি না। . . . অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভাল মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান কর।”—১ রাজাবলি ৩:৭-৯.
শলোমন তার প্রার্থনাকে যিহোবার সাথে তার সম্পর্ক, তাকে তিনি যে সুযোগ দিয়েছেন এবং এই দায়িত্বভার বহন করার তার যে যোগ্যতা তার প্রতি কেন্দ্রীভূত করেন। অনুরূপে, যখন আমাদের দায়িত্বভার অর্পণ করা হয় যা আমরা মনে করি যে তা আমাদের ক্ষমতার বাইরে সেই কাজটি সম্পাদন করতে সাহায্য করার জন্য তখন ঈশ্বরকে আমাদের আবেদন জানানো উচিত। নিচে দেওয়া অভিজ্ঞতাগুলি বিবেচনা করুন:
“ওয়াচ টাওয়ার সমিতির শাখা অফিসে যখন আরও বেশি দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়” ইউজিন্ বলেন, “আমি সম্পূর্ণ অযোগ্য বলে মনে করি, আরও অনেকে ছিল যারা আমার থেকে আরও বেশি যোগ্য ও অভিজ্ঞ। পরবর্তী দুটি রাত আমি খুব কমই ঘুমাই, বেশির ভাগ সময় প্রার্থনার মধ্যে কাটাই, যা আমাকে বল ও প্রয়োজনীয় নিশ্চয়তা প্রদান করে।”
এক কমবয়সী বন্ধু যে খুব জনপ্রিয় ছিল তার হঠাৎ এবং দুঃখজনক মৃত্যুতে রয়কে কবর দেওয়ার সময় বক্তৃতা দিতে বলা হয়। এতে অনেকেই উপস্থিত থাকবেন। রয় কী করে? “আমি গঠনমূলক চিন্তাধারা প্রকাশ করতে ও সান্ত্বনা প্রদানে বল ও উপযুক্ত বাক্য বলার শক্তি পাবার জন্য কদাচিৎ প্রার্থনা করেছি।”
স্রষ্টা ‘বিষয়গুলি দ্রুত চালিত’ করার এবং তাঁর সংগঠন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, একটি সাধারণ ফল হল তাঁর বেশির ভাগ দাসদের দায়িত্বভার অর্পণ করা হচ্ছে। (যিশাইয় ৬০:২২) যদি আপনাকে আপনার অংশ বাড়াতে বলা হয় নিশ্চিত থাকুন যে যিহোবা আপনার অভিজ্ঞতা, প্রশিক্ষণ অথবা যোগ্যতার যে কোন অভাবকে পূরণ করতে পারেন। শলোমন যেভাবে আবেদন করেছিলেন সেইভাবে ঈশ্বরকে আবেদন করুন এবং কার্যভার সম্পাদন করতে তিনি আপনাকে সমর্থ করবেন।
“যেন তাহারা এক হয়”
বর্তমানে যে তৃতীয় পরিস্থিতিটি দেখা যায় তা হল যখন একটি দলকে প্রার্থনায় প্রতিনিধিত্ব করতে হয়। অপরের হয়ে প্রার্থনা করতে আহ্বান করা হলে, আমরা কিসের জন্য প্রার্থনা করতে পারি? যোহন ১৭ অধ্যায়ে লিখিত যীশুর প্রার্থনাটি বিবেচনা করুন। মানুষ হিসাবে তাঁর শেষ সন্ধ্যায় তাঁর শিষ্যদের সামনে তিনি এই প্রার্থনাটি করেন। কী প্রকারের আবেদন তিনি তাঁর স্বর্গীয় পিতাকে করেন?
যীশু সাধারণ লক্ষ্যটির প্রতি জোর দেন এবং উপস্থিত ব্যক্তিদের আশাটি প্রকাশ করেন। যিহোবা ঈশ্বরের নামের গৌরব এবং রাজ্য সম্বন্ধে ঘোষণা করার বিষয় উল্লেখ করেন। শাস্ত্রীয় জ্ঞানের উপর ভিত্তি করে যীশু, পিতা এবং পুত্রের ব্যক্তিগত সম্পর্কের মূল্য সম্বন্ধে জোর দেন। এই জগৎ থেকে পৃথক থাকার সম্বন্ধে তিনি বলেন যা তাঁর অনুগামীদের বিরোধিতার জন্য প্রস্তুত করে। খ্রীষ্ট তাঁর পিতাকে শিষ্যদের রক্ষা করতে এবং সত্য উপাসনায় ঐক্যবদ্ধ করতেও আবেদন জানান।
হ্যাঁ, যীশু একতার প্রতি জোর দেন। (যোহন ১৭:২০, ২১) সেইদিন সন্ধ্যার আরম্ভে, শিষ্যরা সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে শিশুসুলভ ঝগড়ায় জড়িত হয়ে পড়ে। (লূক ২২:২৪-২৭) কিন্তু, প্রার্থনায় খ্রীষ্ট নিন্দা করেননি কিন্তু একত্রিত করতে চেষ্টা করেন। অনুরূপে, পরিবারের ও মণ্ডলীর প্রার্থনায় প্রেম দেখানো দরকার এবং ব্যক্তিবিশেষদের মধ্যে বিরোধিতা কাটিয়ে ওঠার চেষ্টা দরকার। যাদের প্রতিনিধিত্ব করা হয় তাদের ঐক্যতায় একতাবদ্ধ হওয়া দরকার।—গীতসংহিতা ১৩৩:১-৩.
এই একতা প্রকাশ পায়, যারা প্রার্থনা শুনছেন তারা যখন পরিসমাপ্তিতে “আমেন” অথবা “ইহাই হোক” বলেন। তা হতে হলে, যে সকল বিষয় বলা হয়েছে তা তাদের বোঝা দরকার এবং সেই সম্বন্ধে এক মত হওয়া দরকার। তাই, যারা উপস্থিত আছে তাদের যা জানা নেই সেই সম্বন্ধে প্রার্থনায় উল্লেখ করা ঠিক হবে না। উদাহরণস্বরূপ, একজন প্রাচীন যিনি মণ্ডলীকে প্রতিনিধিত্ব করছেন প্রার্থনার মাধ্যমে, তিনি গুরুতরভাবে অসুস্থ, আধ্যাত্মিক ভাই বা বোনের জন্য যিহোবার আশীর্বাদ চাইতে পারেন। যাদের হয়ে তিনি প্রার্থনা করছেন তাদের মধ্যে যদি বেশির ভাগ সেই ব্যক্তিটিকে জানেন এবং সেই অসুস্থতা সম্বন্ধে জ্ঞাত থাকেন তাহলে সাধারণত তার সেই সম্বন্ধে উল্লেখ করা ভাল হবে।
এও লক্ষ্য করুন যে, যীশু দলের প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত চাহিদা সম্বন্ধে সুস্পষ্টভাবে উল্লেখ করেননি। তা করার অর্থ হবে শুধুমাত্র বিশেষ ব্যক্তির জানা ব্যক্তিগত বিষয়গুলির উল্লেখ করা। নিজস্ব প্রার্থনায় ব্যক্তিগত চিন্তাগুলি প্রকাশ করা উপযুক্ত, যা ইচ্ছামত বিস্তারিত ও ঘনিষ্ঠ হতে পারে।
বৃহৎ উপাসকদের সমাবেশে প্রতিনিধিত্ব করতে কিভাবে একজন ব্যক্তি নিজেকে প্রস্তুত করতে পারে? একজন অভিজ্ঞ খ্রীষ্টান বর্ণনা করেন: “কী বিষয়ে ধন্যবাদ দিতে হবে, ভাইদের কী অনুরোধ থাকতে পারে, তাদের হয়ে আমি কী আবেদন জানাতে পারি তা আমি আগে থেকে বিবেচনা করে নিই। আমার ধারণাগুলি ও তার সাথে ধন্যবাদের অভিব্যক্তি আমি আমার মনেতে ঠিকভাবে গুছিয়ে রাখি। সর্বসাধারণে প্রার্থনা করার আগে, মর্যাদার সাথে ভাইদের প্রতিনিধিত্ব করতে সাহায্য করার জন্য আমি নিঃশব্দে প্রার্থনা করে নিই।”
আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনি হয়ত বাইবেলে কারও বলা এমন প্রার্থনা শুনতে পাবেন যা আপনার মতই পরিস্থিতিতে তা বলা হয়েছিল। শাস্ত্রে উল্লেখিত বিভিন্ন ধরনের প্রার্থনা হল ঈশ্বরের প্রেমপূর্ণ দয়ার প্রমাণ। এই প্রার্থনাগুলি পড়লে ও সেই সম্বন্ধে ধ্যান করলে, তা আপনার প্রার্থনাকে সুসমৃদ্ধ হতে সাহায্য করতে পারে।
[৫ পৃষ্ঠার বাক্স]
বাইবেলের উল্লেখযোগ্য প্রার্থনাগুলি
যিহোবার দাসেরা বিভিন্ন পরিস্থিতিতে প্রার্থনা করে থাকে। উল্লেখিত পরিস্থিতির মধ্যে একটি বা একাধিক বিষয়ের সাথে আপনার কি কোন মিল আছে?
ইলিশারের মতো আপনারও কি ঈশ্বরের পরিচালনার প্রয়োজন আছে?—আদিপুস্তক ২৪:১২-১৪.
যাকোবের মতো আপনিও কি আসন্ন বিপদের সম্মুখীন?—আদিপুস্তক ৩২:৯-১২.
আপনি কি মোশির মতো ঈশ্বরকে আরও ভালভাবে জানতে চান?—যাত্রাপুস্তক ৩৩:১২-১৭.
এলিয়ের মতো আপনিও কি বিরোধিতার সম্মুখীন হয়েছেন?—১ রাজাবলি ১৮:৩৬, ৩৭.
যিরমিয়ের মতো প্রচার কাজ আপনার পক্ষেও কি কঠিন হয়ে উঠেছে?—যিরমিয় ২০:৭-১২.
দানিয়েলের মতো আপনারও কি পাপ স্বীকার করা ও ক্ষমা ভিক্ষার প্রয়োজন আছে?—দানিয়েল ৯:৩-১৯.
যীশুর শিষ্যদের মতো আপনিও কি তাড়নার সম্মুখীন হন?—প্রেরিত ৪:২৪-৩১.
এছাড়াও দেখুন মথি ৬:৯-১৩; যোহন ১৭:১-২৬; ফিলিপীয় ৪:৬, ৭; যাকোব ৫:১৬.
[৬ পৃষ্ঠার বাক্স]
দীর্ঘকালস্থায়ী অভ্যাসের সাথে লড়াই করার সময় কোন্ বিষয় প্রার্থনা করতে হবে
আপনি কি একটি পুনঃসঙ্ঘটিত দুর্বলতার সাথে যুদ্ধ করছেন? বাইবেলে লিপিবদ্ধ প্রার্থনাগুলি কিভাবে সাহায্য করতে পারে? দায়ূদের কাছ থেকে শিখুন যিনি বিভিন্ন পরিস্থিতিতে তার নিজস্ব দুর্বলতার জন্য প্রার্থনা করেছিলেন।
দায়ূদ গেয়েছিলেন: “হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তঃকরণ জ্ঞাত হও; আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও।” (গীতসংহিতা ১৩৯:২৩) এটা দায়ূদের ইচ্ছা ছিল যে যিহোবা ঈশ্বর যেন তার অনুপযুক্ত ইচ্ছাগুলি, অনুভুতিগুলি অথবা উদ্দেশ্যগুলিকে অনুসন্ধান করেন। আরেক কথায় বলা যায় যে পাপকে এড়িয়ে চলার জন্য দায়ূদ যিহোবার সাহায্যের উপর নির্ভর করেছিলেন।
কিন্তু দায়ূদের দুর্বলতা তাকে পরাক্রান্ত করে এবং তিনি খুব গুরুতর রূপে পাপ করেন। এখানে, প্রার্থনা আবার তাকে সাহায্য করে—এবার ঈশ্বরের সাথে তার সম্পর্ক ফিরিয়ে আনার ক্ষেত্রে। গীতসংহিতা ৫১:২ পদ অনুসারে, দায়ূদ অনুনয় করেন: “আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর, আমার পাপ হইতে আমাকে শুচি কর।”
অন্যায় প্রবণতাকে দমন করার জন্য আমরাও নম্রভাবে যিহোবার সাহায্যের জন্য প্রার্থনা জানাতে পারি। এটা আমাদের দৃঢ় করবে দীর্ঘকালস্থায়ী অভ্যাসের মোকাবিলা করতে এবং সাহায্য করবে পাপকে এড়িয়ে চলতে। যদি পুনরায় সেটি ঘটে, তাহলে আমাদের উচিত যিহোবার কাছে বিনতি করা যাতে করে তিনি আমাদের এই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।
[Pictures on page 7]
একটি দলের হয়ে প্রার্থনা করার সময়ে তাতে শাস্ত্রীয় আশা এবং সাধারণ আধ্যাত্মিক লক্ষ্যের প্রতি জোর দেওয়া দরকার