পাঠ ৭০
স্বর্গদূতেরা যিশুর জন্মের বিষয়ে ঘোষণা করে
রোমীয় সাম্রাজ্যের শাসক কৈসর আগস্ত সমস্ত যিহুদিকে আদেশ দেন, যাতে তারা নিজ নিজ নগরে গিয়ে তাদের নাম নথিভুক্ত করে। তাই, যোষেফ ও মরিয়ম বেথলেহেমে যান। যোষেফ আসলে সেই জায়গার লোক ছিলেন। তখন মরিয়মের সন্তান প্রসব করার সময় এসে গিয়েছিল।
তারা যখন বেথলেহেমে পৌঁছায়, তখন তারা থাকার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। তাই, তাদের গোয়ালঘরে থাকতে হয়। সেখানেই মরিয়ম তার ছেলে যিশুর জন্ম দেন। তিনি তাঁকে নরম কাপড়ে জড়িয়ে আলতোভাবে জাবপাত্রে শুইয়ে রাখেন।
বেথলেহেমের কাছে কয়েক জন মেষপালক রাতের বেলায় মাঠে ছিল আর তাদের মেষপাল দেখাশোনা করছিল। হঠাৎ যিহোবার একজন স্বর্গদূত তাদের সামনে আসেন এবং তাদের চারপাশে যিহোবার মহিমার উজ্জ্বল আলো দেখা যায়। মেষপালকেরা ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু, স্বর্গদূত তাদের বলেন: ‘ভয় পেয়ো না। আমি তোমাদের চমৎকার এক খবর জানাচ্ছি। আজ, বেথলেহেমে মশীহের জন্ম হয়েছে।’ ঠিক সেইসময় অনেক স্বর্গদূত এসে এই কথা বলতে থাকে: ‘স্বর্গে ঈশ্বরের মহিমা হোক, পৃথিবীতে শান্তি হোক।’ এরপর স্বর্গদূতেরা সেখান থেকে চলে যায়। সেই মেষপালকেরা কী করেছিল?
তারা একে অন্যকে বলে: “চলো, আমরা এক্ষুনি বেথলেহেমে যাই।” তখন তারা তাড়াতাড়ি করে সেখানে যায় এবং গোয়ালঘরে যোষেফ, মরিয়ম এবং তাদের নবজাত শিশুটিকে দেখতে পায়।
স্বর্গদূত সেই মেষপালকদের যা বলেছিলেন, তা শুনে সবাই অবাক হয়ে যায়। মরিয়ম স্বর্গদূতের কথাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেন আর সবসময় তা মনে রাখেন। পরে, মেষপালকেরা যা দেখেছিল এবং শুনেছিল, সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তাদের মেষপালের কাছে ফিরে যায়।
“আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি আর তাই আমি এখানে আছি। আমি নিজে থেকে আসিনি, কিন্তু তিনিই আমাকে পাঠিয়েছেন।”—যোহন ৮:৪২