প্রত্যাশা—এটা কি সত্যিই আমাদের জীবনের উপর প্রভাব ফেলতে পারে?
ড্যানিয়েলের বয়স ১০ বছর আর সে প্রায় এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। তার ডাক্তারেরা এবং কাছের লোকেরা আশা ছেড়ে দিয়েছে কিন্তু ড্যানিয়েল আশা হারায়নি। সে মনে করে, সে বড়ো হয়ে একজন গবেষক হবে এবং কোনো একদিন ক্যান্সার রোগ ভালো করার উপায় বের করবে। ড্যানিয়েল একজন ডাক্তারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, যিনি বিশেষভাবে তার ক্যান্সার রোগের ব্যাপারে বিশেষজ্ঞ। কিন্তু, যে-দিন ডাক্তারের আসার কথা ছিল, সেই দিন খারাপ আবহাওয়ার কারণে তিনি আসতে পারেননি। এতে ড্যানিয়েল হতাশ হয়ে পড়তে শুরু করে। এই প্রথম বারের মতো সে একেবারে আগ্রহ হারিয়ে ফেলে এবং কিছুদিনের মধ্যেই মারা যায়।
একজন স্বাস্থ্যসেবা কর্মী ড্যানিয়েলের এই অভিজ্ঞতাটা বলেন। আশা ও নিরাশা স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলতে পারে, সেটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। আপনি হয়তো একই ধরনের অভিজ্ঞতা শুনেছেন। যেমন, একজন বয়স্ক ব্যক্তির কথা চিন্তা করুন, যিনি আর বেশি দিন বাঁচবেন না। তিনি অনেক আগ্রহ নিয়ে একটা বিশেষ সময়ের জন্য অপেক্ষা করছেন—হতে পারে কোনো প্রিয়জন তাকে দেখতে আসবে অথবা তিনি কোনো অনুষ্ঠান পালন করবেন। সেই বিশেষ মুহূর্তটা যখন পার হয়ে যায়, তখন তিনি দ্রুত মারা যান। এই উদাহরণগুলোর ক্ষেত্রে কোন বিষয়টা প্রভাব ফেলেছিল? আর কেউ কেউ যেমন বিশ্বাস করে থাকে, প্রত্যাশা কি সত্যিই জোরালো প্রভাব ফেলতে পারে?
অনেক গবেষক মনে করে, প্রত্যাশা এবং ভালো অনুভূতি একজন ব্যক্তির জীবন ও শরীরের উপর সত্যিই অনেক জোরালো প্রভাব ফেলে। কিন্তু, সবাই এই ধারণার সঙ্গে পুরোপুরি একমত নয়। কোনো কোনো গবেষক মনে করে থাকে, এই ধরনের চিন্তাভাবনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তারা মনে করে, শারীরিক অসুস্থতা কেবল শারীরিক কারণেই ঘটে থাকে।
অবশ্য, প্রত্যাশা যে গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে সন্দেহ করা নতুন কিছু নয়। হাজার হাজার বছর আগে গ্রিক দার্শনিক এরিস্টটলকে যখন প্রত্যাশার বিষয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন: “এটা হল দিবাস্বপ্ন।” আর পরবর্তী সময়ে আমেরিকার একজন বিখ্যাত রাজনীতিবিদ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন: “যে প্রত্যাশা নিয়ে বেঁচে থাকে, তার প্রত্যাশা কখনোই পূরণ হয় না।”
তা হলে, প্রত্যাশা সম্বন্ধে সত্য বিষয়টা কী? এটা কি কেবলই এক অবাস্তব চিন্তা? এমন কোনো স্বপ্ন যা কখনো পূরণ হবে না? না কি প্রত্যাশা আরও বেশি কিছু? এটা কি এমন কিছু যা স্বাস্থ্য ও সুখের জন্য আমাদের সবার প্রয়োজন এবং যেটার প্রকৃত ভিত্তি ও উপকার রয়েছে?