যুবক-যুবতীদের জিজ্ঞাস্য. . . .
আমি কিভাবে আমার বন্ধুর দ্বারা বাধাপ্রাপ্ত হওয়াকে এড়াতে পারি?
“আমার বন্ধু এমনভাবে আচরণ করত যেন সেই আমার মালিক। সে আমাকে বিশ্রাম নেওয়ার সময় পর্যন্ত দিত না।”—হোলী।
“ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন,” একটি বিজ্ঞ প্রবাদ বলে। (হিতোপদেশ ১৮:২৪) অতএব তোমার যদি এমন একজন বন্ধু থাকে যে তোমার অভিমত, রসবোধ বা আগ্রহগুলির অংশী হয়, স্বভাবতই তুমি তার সাথে মিশতে চাইবে। ক্যারোলীন নামে এক কিশোরী বলে: “বিভিন্ন কাজগুলিতে একত্রে আমাদের অংশ নেওয়ার ফল হল খ্রীষ্টীয় মণ্ডলীর কিছুজনের সাথে আমার বন্ধুত্ব ঘনিষ্ঠ হওয়া।” একজন যিহোবার সাক্ষী হিসাবে, ক্যারোলীন এক মাস সুসমাচার প্রচার কাজে ৬০ ঘন্টা ব্যয় করবে বলে স্থির করেছিল। তার বান্ধবীরা তাকে এই কাজে সমর্থন করার লক্ষ্যে তাদের তালিকাগুলি প্রস্তুত করেছিল!
যদিও একসাথে থাকার উপকার রয়েছে, কিন্তু তা কখনও কখনও অতিরিক্ত মনে হতে পারে। শুরুতেই উল্লেখিত হোলী তার বান্ধবীদের মধ্যে একজনের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। আর সে একাই এইরূপ অনুভব করে না। হোলী লক্ষ্য করে: “এটি অন্যান্য তরুণ তরুণীদের প্রতিও ঘটতে দেখা গেছে। তারা প্রায়ই একে অন্যের হাত খরচের উপর জীবনযাপন করে যতক্ষণ না পর্যন্ত এক প্রচণ্ড বিবাদের সৃষ্টি হয়। এরপর তারা সপ্তাহের পর সপ্তাহ কথা বলে না।”
সমস্যাটি হল, তুমি যে বাধা অনুভব করছ এবং তোমার একান্ত সময়ের প্রয়োজন রয়েছে তা বন্ধুকে বলা সহজ নয়। তুমি হয়ত ভয় পাও যে তোমার বন্ধুর অনুভূতিতে তুমি আঘাত করবে। তুমি হয়ত এই ভয়ও পাও যে তুমি তোমার সম্পর্ক বিপন্ন করবে। কিন্তু, বন্ধুত্বের মধ্যে যুক্তিসংগত সময় দেওয়া সম্ভবত দুঃখ দেওয়ার চেয়ে বরঞ্চ সাহায্যজনকই হয়ে থাকে।
উদাহরণস্বরূপ: অস্ট্রেলিয়ার সিডনীতে, জনসাধারণের এক উদ্যানে একটি বিশাল গাছকে শিকলের বেড়া দিয়ে পরিবেষ্টন করতে হয়েছিল। কেন? কারণ পরিদর্শনার্থীর দলগুলি ক্রমশ মাটি শক্ত করে শিকড়গুলির বৃদ্ধি রোধ করছিল। অরক্ষিতভাবে রাখলে গাছটি মরে যেত।
একই বিষয় বন্ধুত্বের ক্ষেত্রেও সত্য হতে পারে। অতিরিক্ত একত্বাবোধ সম্পর্ককে ব্যাহত করতে পারে। রাজা শলোমন লিখেছিলেন: “প্রতিবাসীর গৃহে তোমার পদার্পণ বিরল কর; পাছে বিরক্ত হইয়া সে তোমাকে ঘৃণা করে।”—হিতোপদেশ ২৫:১৭.
ব্যক্তিগত সময় এবং একান্ততার প্রয়োজনীয়তা
শলোমন কেন একথা বলেছিলেন? একটি কারণ হল আমাদের সকলেরই কিছু ব্যক্তিগত এবং একান্ত সময়ের প্রয়োজন রয়েছে। এমনকি যীশু খ্রীষ্টের এইরূপ প্রয়োজনীয়তা ছিল। যদিও তাঁর শিষ্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তবুও তিনি মাঝে মাঝে “বিরলে প্রার্থনা করিবার” জন্য চলে যেতেন। (মথি ১৪:২৩; মার্ক ১:৩৫) অনুরূপভাবে ঈশ্বর-ভয়শীল ইস্হাক একা থাকার সময় করে নিতেন। (আদিপুস্তক ২৪:৬৩) তোমারও বিদ্যালয়ের দেওয়া বাড়ির কাজ, গৃহস্থালীর ছোটখাট কাজ এবং ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করার জন্য ব্যক্তিগত কিছু সময়ের প্রয়োজন। আর এই বিষয়ে তোমার প্রয়োজনীয়তাগুলিকে অবজ্ঞা করার দ্বারা তোমার বন্ধু যদি তোমার প্রতি বিবেচনার অভাব দেখায়, তাহলে সহজেই বিরক্তি বোধ হতে পারে।
অতএব যখন তোমার একান্ত কিছু সময়ের প্রয়োজন হয়, তখন তোমার বন্ধুকে তা বলতে ভয় পাবে না। যেহেতু খ্রীষ্টীয় প্রেম “স্বার্থ চেষ্টা করে না,” সুতরাং একজন প্রকৃত বন্ধু সাধারণত এই বিষয়টি বোঝার চেষ্টা করবে। (১ করিন্থীয় ১৩:৪, ৫; হিতোপদেশ ১৭:১৭) “আমার বার্ষিক পরীক্ষাগুলির পূর্ববর্তী সময়ে,” একজন কিশোরী জানায়, “আমার বান্ধবীরা খুবই সাহায্যকারী এবং সহানুভূতিশীল ছিল। আমার যখন অধ্যয়ন করার সময়ের প্রয়োজন হত আমি তাদের চলে যাওয়ার জন্য বলতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম। আমার বান্ধবীদের কাছে সৎ হওয়া সহজ; তারা জানে যে আমাদের সকলেরই কিছু দায়িত্ব রয়েছে।”
অবশ্যই, সুবর্ণ নিয়মের চাহিদা হল যে তুমি যেন তোমার বন্ধুদের প্রতি একইরকম বিবেচনা দেখাও। (মথি ৭:১২) তামারা নামে এক তরুণী লেখে: “আমার অনেক দায়িত্ব, আমার বান্ধবীর একান্ত সময়ের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে আমাকে নিশ্চিতভাবে আরও সতর্ক করেছিল।” আর যখন তামারার গৃহে কাজ থাকে, তার বান্ধবীরা তাকে সেগুলি তাড়াহুড়ো করে করার জন্য অথবা পরবর্তী সময়ের জন্য রেখে দিতে প্ররোচিত করে না। বরঞ্চ, তামারা বলে, “সাধারণত তারা আমাকে সাহায্য করে যেন এরপরে আমরা একত্রে অন্যান্য বিষয়গুলি করতে পারি।” এইধরনের নিঃস্বার্থ বন্ধুরা কতই না মূল্যবান—এবং একত্রে সময় কাটান কতই না উপযুক্ত!
“প্রশস্ত হও”
বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিছু সময় আলাদা রাখা কেন বিজ্ঞের কাজ তার আরেকটি কারণ আছে। যখন আমরা আমাদের সময় এবং অনুভূতির সবটুকু কেবল একজন বন্ধুকে দিই, তখন আমরা হয়ত অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পর্ক—যেমন আমাদের পিতামাতা ও ভাইবোন এবং অন্যান্য খ্রীষ্টানদের সাথে আমাদের সম্পর্কগুলি অবহেলা করতে পারি। আমাদের আবেগগত এবং আধ্যাত্মিক বৃদ্ধিকেও গুরুতরভাবে সীমিত করি। বাইবেল বলে: “লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে।” (হিতোপদেশ ২৭:১৭) স্পষ্টত, শুধু একজন ব্যক্তির সাথে মেলামেশা করে তুমি কেবল সীমিতভাবে “সতেজ” হতে পার—বিশেষ করে সে যখন তোমার সমবয়সী সঙ্গী হয়।
তাই বাইবেল আমাদের বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে দলাদলির মনোভাবসম্পন্ন, সঙ্কীর্ণমনা অথবা একচেটিয়া হতে নিরুৎসাহিত করে। এটি আমাদের পরামর্শ দেয় “প্রশস্ত হও।” (২ করিন্থীয় ৬:১৩) “এমনকি কারও সাথে তোমার অন্তরঙ্গ সম্পর্ক থাকলেও,” ভাব এবং অনুভূতিগুলি (ইংরাজি) নামক বইটি উপদেশ দেয়, “অন্যান্য বন্ধুদের সাথেও দেখা করার জন্য সময় করে নেওয়া গুরুত্বপূর্ণ।”
এইধরনের উপদেশ প্রয়োগ করা সর্বদা সহজ নয়। মাইকেল নামে একজন খ্রীষ্টীয় যুবক বলে: “সাধারণত, ট্রয় এবং আমি মণ্ডলী ও সামাজিক উভয় দিকের সমস্ত কাজগুলি একত্রেই করতাম। আমরা অবিচ্ছেদ্য ছিলাম। তারপর আরেকজন যুবক সাক্ষী মণ্ডলীতে আসে। সে আর আমি পূর্ণ সময়ের সুসমাচার প্রচারক হিসাবে একত্রে সেবা করতে চেয়েছিলাম, তাই আমরা একত্রে সময় কাটাতে শুরু করি।” ফলাফল কী হয়? “ট্রয় আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়,” মাইকেল বলে, “আর এই বিরোধ মিটানোর জন্য বৃথা প্রচেষ্টা করার পর, আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এটি এক বছর পর্যন্ত চলেছিল।” সে তাদের বন্ধুত্বকে “প্রতিহিংসাপূর্ণ সম্বন্ধ” হিসাবে বর্ণনা করে।
কিন্তু, এক স্বাস্থ্যকর সম্পর্কের মধ্যে, বন্ধুরা একে অন্যকে সম্পত্তির ন্যায় মনে করে না। সুতরাং একজন বন্ধু যদি প্রশস্ত হওয়ার জন্য তোমার প্রচেষ্টাকে রোধ করছে বলে প্রমাণিত হয়, তাহলে তোমার মন খুলে কথা বলা প্রয়োজন। সম্ভবত তোমার বন্ধুর কেবল আশ্বাসের প্রয়োজন যে তুমি তার বন্ধুত্বকে এখনও মনে রেখেছ। তাকে এটি স্পষ্ট করে বল যে তুমি সর্বদা তার সাথে একত্রে কাজ করবে।
স্বীকার্য যে, এই ভাবভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে চলতে তোমার বন্ধুর জন্য হয়ত কিছুটা সময় লাগবে। উদাহরণস্বরূপ, ষোল বছর বয়সী জেনেটা ঈর্ষার যন্ত্রণা অনুভব করেছিল যখন তার ঘনিষ্ঠ বান্ধবী অন্যদের সাথে সময় কাটাতে শুরু করে। কিন্তু জেনেটা বলে যে সে এই অনুভূতিকে জয় করেছিল তাই সে “প্রার্থনা এবং বাইবেল অধ্যয়নের প্রতি কৃতজ্ঞ।” এভাবে সে তার বান্ধবীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছিল। মাইকেলের বন্ধু ট্রয়ও তার প্রাথমিক ঈর্ষাকে কাটিয়ে উঠতে পেরেছে এবং তারা আবার উত্তম বন্ধুতে পরিণত হয়েছে। সম্ভবত তোমার বন্ধুও তাই করবে। প্রকৃতপক্ষে, প্রশস্ত হওয়ার ফলে সংশ্লিষ্ট প্রত্যেকেই উপকৃত হয়। সতের বছর বয়সী ডেবি দেখেছিল যে যখন তার বন্ধুরা নতুন বন্ধুত্ব স্থাপন করে, “প্রায়ই তারা আমারও বন্ধু হয়ে ওঠে।”
যদি তোমার বন্ধু তোমার সম্পর্কের এই পরিবর্তনগুলিকে গ্রহণ করতে সম্পূর্ণভাবে অস্বীকার করে তাহলে কী হবে? তাহলে হয়ত তোমার আলাদা পথ গ্রহণ করা ছাড়া আর কিছুই করার থাকবে না। কিন্তু, সমস্ত কিছু সমাপ্ত করার পূর্বে, এই বিষয়ে বিবেচনা করে দেখার জন্য তোমার পিতামাতাকে আমন্ত্রণ জানাও না কেন? সর্বোপরি, ঈশ্বর-ভয়শীল পিতামাতারা প্রকৃতপক্ষে তোমার ঘনিষ্ঠ বন্ধু। আর তাদের কাছে হয়ত কিছু ব্যবহারিক উপদেশ রয়েছে যা তোমাকে সময়ের প্রয়োজনীয়তার সাথে আপোশ না করে বন্ধুত্বকে বজায় রাখতে সাহায্য করতে পারে।
উপযুক্ত বন্ধুদের সাথে সময় কাটাও
একটি সতর্কবাণী: প্রশস্ত হওয়ার অর্থ, তোমার বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে বাছবিচারহীন হওয়াকে বোঝায় না। বন্ধুত্বের উপর একটি বই বলে: “যার সাথে তুমি প্রচুর সময় কাটাও তার মত হওয়া স্বাভাবিক। কখনও কখনও তোমার অজান্তেই এটি ঘটতে পারে। কোন বিষয় তুমি যেভাবে দেখ তা বিবেচনা না করে তুমি হয়ত তোমার সঙ্গীর মত চিন্তা এবং কাজ করতে শুরু কর। সম্ভবত এভাবেই তোমার সঙ্গীরা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে।” বাইবেল এই বিষয়টি সহস্রাধিক বছর পূর্বে উল্লেখ করেছিল যখন এটি বলে: “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।”—হিতোপদেশ ১৩:২০.
যখন তুমি বিদ্যালয়ে অথবা কর্মস্থলে থাক, হয়ত এমন ব্যক্তিদের সাথে তোমাকে সময় কাটাতে হয় যারা যিহোবার সেবায় আগ্রহী নন। তাই যখন ঘনিষ্ঠ সঙ্গী বাছাই কর, বাইবেলের পরামর্শকে স্মরণে রেখো: “খারাপ সঙ্গী ভাল লোককেও নষ্ট করে দেয়।”—১ করিন্থীয় ১৫:৩৩, টুডেস ইংলিশ ভারসন।
এটিও স্মরণে রেখো যে, আমাদের সৃষ্টিকর্তা, যিহোবা ঈশ্বরের সাথে বন্ধুত্ব স্থাপন যে কোন মনুষ্য বন্ধুত্বের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। পূর্বে উল্লেখিত, ডেবির অনেক উত্তম বন্ধু ছিল। তবুও তার উপদেশ হল, “যিহোবা সর্বদাই প্রথম স্থানে রয়েছেন সেই বিষয়ে নিশ্চিত হও।” প্রাচীনকালের বিশ্বস্ত অব্রাহাম তাই করেছিলেন এবং যিহোবা বিশেষভাবে তাকে “আমার বন্ধু” বলে অভিহিত করেছিলেন। (যিশাইয় ৪১:৮) আর এটি বিবেচনা কর: তোমার বন্ধুরা যারা যিহোবাকেও ভালবাসে, তুমি তাদের সময় দিলে তিনি বিদ্বেষ পরায়ণ হন না; বস্তুতপক্ষে, তিনি তা করতে উৎসাহিত করেন। কী এক প্রকৃত বন্ধুই না তিনি!
[২৬ পৃষ্ঠার চিত্র]
প্রকৃত বন্ধুরা একে অন্যের ব্যক্তিগত সময়ের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে