বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বই থেকে অধ্যয়ন করা উপভোগ করুন
১ “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলনে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটি প্রকাশ করা ছিল একটা উল্লেখযোগ্য বিষয়। আমরা প্রায়ই আমাদের ক্ষেত্রের পরিচর্যায়, বিশেষ করে গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য এই বইটি ব্যবহার করি। তাই, এই নতুন প্রকাশনাটির সঙ্গে আমাদের ভালোভাবে পরিচিত হওয়া দরকার। আর এটা সম্ভব, কারণ ২০১৪ সালের মে মাসের ১৯ তারিখের সপ্তাহ থেকে মণ্ডলীর বাইবেল অধ্যয়নে আমরা এই বইটি আলোচনা করব।
২ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন পরিচালক প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যে-প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করাবেন। এরপর পৃষ্ঠার নীচে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে তিনি অধ্যয়ন পরিচালনা করবেন। প্রধান শাস্ত্রপদগুলো পড়া ও আলোচনা করা হবে এবং প্রতিটা অধ্যায়ের শেষে “বাইবেল যা শিক্ষা দেয়” বাক্সের বিষয়বস্তু পুনরালোচনা করা সাহায্যকারী হবে কারণ বাক্সের মধ্যে অধ্যায়ের শুরুতে দেওয়া প্রশ্নগুলোরই শাস্ত্রীয় উত্তর রয়েছে। আপনি মন্তব্য করে খুশি হবেন কারণ এই বই বিষয়বস্তুকে স্পষ্ট, সহজ এবং আগ্রহজনকভাবে তুলে ধরে।
৩ এই বইয়ের পরিশিষ্ট বিভিন্ন বিষয়কে বিস্তারিতভাবে তুলে ধরে। বাইবেল ছাত্র-ছাত্রীদের কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর অতিরিক্ত তথ্যের দরকার হলে আমরা এই বিষয়বস্তু ব্যবহার করতে পারব। একেক সময় মণ্ডলীর বাইবেল অধ্যয়নে পরিশিষ্টের বিভিন্ন অংশ আলোচনা করা হবে। বাইবেল অধ্যয়নের সময় যিনি অনুচ্ছেদগুলো পড়ছেন, তিনি কোনো একটা বিষয়ের ওপর দেওয়া পরিশিষ্টের অংশটাও পড়বেন আর যদি তা বড়ো হয়, তবে ভাগ ভাগ করে পড়া যেতে পারে। পরিশিষ্টে অধ্যয়নের জন্য কোনো প্রশ্ন দেওয়া নেই। তবে, যিনি পরিচালনা করছেন, তিনি হয়তো মূল বিষয়গুলোকে তুলে ধরার জন্য কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন।
৪ মণ্ডলীর বাইবেল অধ্যয়নে বাইবেল শিক্ষা দেয় বইটি অল্পদিনের মধ্যেই আলোচনা করে শেষ করা হবে। তবে অন্যদের সঙ্গে, বিশেষভাবে বাইবেল সম্বন্ধে সামান্য জ্ঞান রয়েছে বা কোনো জ্ঞান নেই বললেই চলে, এমন ব্যক্তিদের সঙ্গে এই প্রকাশনা অধ্যয়ন করার সময় এত দ্রুত অধ্যয়ন করা ঠিক হবে না। (প্রেরিত ২৬:২৮, ২৯) গৃহ বাইবেল অধ্যয়নের সময় আমাদের শাস্ত্রপদগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করতে হবে আর বিভিন্ন দৃষ্টান্ত এবং এইরকম অন্যান্য বিষয় ব্যাখ্যা করতে হবে। তাই, বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটি অধ্যয়নের সময় প্রতি সপ্তাহে উপস্থিত থাকাকে এবং তাতে পুরোপুরি অংশ নেওয়াকে আপনার লক্ষ্য করে তুলুন।