ভাববাদীদের অনুকরণ করুন—মীখা
১. ভাববাদী মীখা হয়তো কোন প্রশ্ন নিয়ে চিন্তা করেছিলেন কিন্তু কেন বলা যেতে পারে যে, তার প্রচার কাজ বৃথা যায়নি?
১ ‘শেষপর্যন্ত কখন এই কলুষিত বিধিব্যবস্থার শেষ আসবে?’ ইস্রায়েল ও যিহূদা রাজ্যের বিরুদ্ধে যিহোবার বিচারবার্তা ঘোষণা করার সময়, ভাববাদী মীখা হয়তো এইরকমই প্রশ্ন নিয়ে চিন্তা করেছিলেন। তবে তার প্রচার কাজ বৃথা যায়নি। মীখার জীবনকালে খ্রিস্টপূর্ব ৭৪০ সালে শমরিয়ার বিরুদ্ধে যিহোবার বাক্য পরিপূর্ণ হয়েছিল। (মীখা ১:৬, ৭) পরে, খ্রিস্টপূর্ব ৬০৭ সালে যিরূশালেমকে ধ্বংস করা হয়েছিল। (মীখা ৩:১২) আমাদের দিনে যিহোবা যে-বিচার সম্পাদন করবেন, সেটার জন্য অপেক্ষা করার সময় কীভাবে আমরা মীখাকে অনুকরণ করতে পারি?
২. যিহোবার দিনের জন্য অপেক্ষা করার সময় আমরা কীভাবে ও কেন ধৈর্য ধরব?
২ ধৈর্য ধরুন: মীখা লিখেছিলেন: “আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব।” (মীখা ৭:৭) অবশ্য, মীখা চুপচাপ বসে থেকে শেষ আসার জন্য অপেক্ষা করেননি। যিহোবার ভাববাদী হিসেবে তিনি ব্যস্ত ছিলেন। যিহোবার দিনের জন্য অপেক্ষা করার সময় আমাদেরও “পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে” ব্যস্ত থাকা উচিত। (২ পিতর ৩:১১, ১২) যিহোবার ধৈর্য প্রত্যেক ব্যক্তিকে মন পরিবর্তন করার বা অনুতপ্ত হওয়ার সুযোগ দেয়। (২ পিতর ৩:৯) তাই, আমরা এই ভাববাদীর ধৈর্য অনুকরণ করার বিষয়ে বাইবেলের পরামর্শ অনুসরণ করি।—যাকোব ৫:১০.
৩. কেন আমাদের নিয়মিতভাবে যিহোবার কাছে তাঁর পবিত্র আত্মার জন্য বিনতি করা উচিত?
৩ যিহোবার শক্তির ওপর নির্ভর করুন: মীখার কার্যভার প্রতিদ্বন্দ্বিতা স্বরূপ হওয়া সত্ত্বেও, তিনি তা সম্পন্ন করার জন্য যিহোবার শক্তির ওপর নির্ভর করেছিলেন। (মীখা ৩:৮) সেই কারণেই যিহোবার বাক্য আমাদেরকেও শক্তির জন্য তাঁর ওপর নির্ভর করার পরামর্শ দেয়। ঈশ্বর ক্লান্ত ব্যক্তিদেরকে উদারভাবে শক্তি দেন, যাতে তারা তাঁর কাছ থেকে পাওয়া দায়িত্বগুলো সম্পন্ন করতে পারে। (গীত. ৮৪:৫, ৭; যিশা. ৪০:২৮-৩১) আপনি কি পবিত্র সেবায় ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতা লাভ করেছেন? আপনি কি নিয়মিতভাবে যিহোবার কাছে তাঁর শক্তিশালী পবিত্র আত্মার জন্য বিনতি করেন?—লূক ১১:১৩.
৪. মীখার জীবনধারা আজকে আমাদের জন্য কোন চমৎকার উদাহরণ স্থাপন করে?
৪ মীখা সারা জীবন ধরে যিহোবার ইচ্ছাকে প্রথম স্থানে রেখেছিলেন। নৈতিকভাবে কলুষিত এক পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও, তিনি যিহোবার প্রতি বিশ্বস্ত থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। একইভাবে, নীতিনিষ্ঠা বজায় রাখার ক্ষেত্রে আমাদেরও দৈনন্দিন জীবনে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাই আসুন, আমরা ‘যুগে যুগে চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলিবার’ জন্য দৃঢ়প্রতিজ্ঞ হই।—মীখা ৪:৫.