নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাগুলো যেভাবে ব্যবহার করা যায়
১ আমাদের পত্রিকা ও অন্যান্য প্রকাশনা অর্পণ করার জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাগুলো আমাদের রাজ্যের পরিচর্যা-য় নিয়মিতভাবে দেখা যায়। আমরা যখন পরিচর্যায় অংশ নিই, তখন আমাদের এই প্রস্তাবিত উপস্থাপনা যেভাবে লেখা রয়েছে, তা হুবহু বলার প্রয়োজন নেই। সেগুলো তুলে ধরা হয়, যাতে আমরা যা বলতে পারি সেই বিষয়ে সাধারণ ধারণা লাভ করা যায়। আমরা সাধারণত আরও ফলপ্রসূ হব, যদি আমরা সেই উপস্থাপনাগুলো নিজের ভাষায় তুলে ধরি। নিজেদেরকে সাবলীলভাবে প্রকাশ করা গৃহকর্তাকে স্বচ্ছন্দ বোধ করতে সাহায্য করে এবং আমাদের সরলভাব বা অকপটতা ও নিশ্চয়তা বা দৃঢ়প্রত্যয়কে প্রতিফলিত করে।—২ করি. ২:১৭; ১ থিষল. ১:৫.
২ আপনার উপস্থাপনাকে খাপ খাইয়ে নিন: আমাদের সুসমাচারের উপস্থাপনা স্থানীয় প্রথাগুলোর দ্বারা অনেকটা প্রভাবিত হয়ে থাকে। আপনি কি প্রথমে গৃহকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন আর এরপর সেই কথোপকথনের মধ্যেই আপনার উপস্থাপনার সঙ্গে পরিচয় করিয়ে দেন, নাকি আপনার এলাকার লোকেরা আশা করে যে, আপনি সরাসরি মূল বিষয়টা বলবেন? স্থান বিশেষে আর মাঝে মাঝে এমনকী ব্যক্তি বিশেষে তা আলাদা হয়ে থাকে। এ ছাড়া, প্রশ্ন ব্যবহার করার ক্ষেত্রেও বিচক্ষণতা প্রয়োজন। কিছু এলাকায় যে-প্রশ্নগুলো করা উপযুক্ত, সেগুলো হয়তো অন্য এলাকার লোকেদের অস্বস্তিতে ফেলতে পারে। তাই, আমাদের উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করতে হবে এবং আমাদের উপস্থাপনাকে স্থানীয়ভাবে যা গ্রহণযোগ্য, সেই অনুযায়ী খাপ খাইয়ে নিতে হবে।
৩ এ ছাড়া, ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তুত হওয়ার সময় আমাদের এলাকার লোকেদের পটভূমি ও চিন্তাভাবনা সম্বন্ধে আমাদের বিবেচনা করতে হবে। উদাহরণস্বরূপ, একজন ধর্মপ্রাণ ক্যাথলিক ব্যক্তির সঙ্গে মথি ৬:৯, ১০ পদ আলোচনা করার সময়, আপনি হয়তো এমন ব্যক্তির চেয়ে ভিন্ন উপায়ে আলোচনা করবেন, যিনি আমাদের “প্রভুর প্রার্থনা” সম্বন্ধে জানেন না। আগে থেকে একটু চিন্তাভাবনা করলে, আমরা প্রায় সময়ই আমাদের উপস্থাপনাকে এমনভাবে খাপ খাইয়ে নিতে পারি, যাতে সেগুলো পরিচর্যায় আমাদের সঙ্গে দেখা হওয়া লোকেদের কাছে আগ্রহজনক হয়ে ওঠে।—১ করি. ৯:২০-২৩.
৪ এমনকী আমরা যখন নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটাই প্রায় হুবহু ব্যবহার করার পরিকল্পনা করি, তখনও উত্তম প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই। আমাদের সেই প্রবন্ধ অথবা অধ্যায় মনোযোগের সঙ্গে পড়া উচিত, যেটি আমরা উপস্থাপন করার পরিকল্পনা করছি এবং এমন বিষয়গুলো খোঁজা উচিত, যেগুলো আগ্রহ জাগিয়ে তুলতে পারে। এরপর, সেগুলোকে আমাদের উপস্থাপনার সঙ্গে যুক্ত করতে হবে। একমাত্র আমাদের প্রকাশনায় তুলে ধরা চমৎকার তথ্যের সঙ্গে পরিচিত হওয়ার মাধ্যমেই আমরা সেগুলো উদ্যমের সঙ্গে অর্পণ করতে পারি।
৫ অন্যান্য উপস্থাপনা: আমাদের কি শুধুমাত্র নমুনা হিসেবে তুলে ধরা উপস্থাপনাগুলোই ব্যবহার করতে হবে? না। আপনি যদি অন্য কোনো উপস্থাপনা অথবা কোনো ভিন্ন শাস্ত্রপদ ব্যবহার করায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেটা ব্যবহার করুন। বিশেষ করে পত্রিকার ক্ষেত্রে, প্রচ্ছদের প্রবন্ধ ছাড়াও এমন অন্যান্য প্রবন্ধ উপস্থাপন করার ব্যাপারে সতর্ক থাকুন, যেগুলো হয়তো আপনার এলাকার জন্য বিশেষভাবে আগ্রহজনক। যখন পরিচর্যা সভার সময় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনাগুলোর নমুনা দেখাতে হয়, তখন এমন কোনো উপস্থাপনা দেখানোর ব্যবস্থা করুন, যেটা হয়তো স্থানীয় এলাকায় ফলপ্রসূ হবে। এভাবে সকলেই হয়তো কার্যকারী উপায়ে সুসমাচার তুলে ধরার জন্য সাহায্য লাভ করবে।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাগুলোকে আমাদের কীভাবে দেখা উচিত?
২. উপস্থাপনা প্রস্তুত করার সময়ে কেন আমাদের স্থানীয় প্রথাগুলো বিবেচনা করতে হবে?
৩. কেন আমাদের সেই লোকেদের পটভূমি ও চিন্তাভাবনা সম্বন্ধে বিবেচনা করতে হবে, যাদের সঙ্গে আমাদের কথা বলতে হয়?
৪. কেন উত্তম প্রস্তুতি অপরিহার্য?
৫. কেন আমাদের হয়তো ভিন্ন উপস্থাপনা প্রস্তুত করতে হয় আর কীভাবে আমরা তা করতে পারি?