জাগতিক শিক্ষা ও তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলো
১ তোমার অল্পবয়সে ভালো মৌলিক শিক্ষা লাভ করা, তোমাকে ভালোভাবে পড়ার ও লেখার এবং ভূগোল, ইতিহাস, অঙ্ক ও বিজ্ঞান সম্বন্ধে সাধারণ জ্ঞান লাভ করার জন্য শিক্ষাগত দক্ষতা অর্জন করতে সাহায্য করতে পারে। এই শিক্ষা লাভ করার সময়ে তুমি কীভাবে স্পষ্টভাবে চিন্তা করতে হয়, বিভিন্ন বিষয় বিশ্লেষণ করতে হয়, সমস্যার সমাধান করতে হয় এবং সৃজনশীল ধারণাগুলো বের করতে হয়, তা শিখতে পারবে। এই ধরনের শিক্ষা তোমাকে সারাজীবন ধরে উপকৃত করবে। কীভাবে তোমার জাগতিক শিক্ষার সঙ্গে তোমার জীবনের আধ্যাত্মিক লক্ষ্যগুলো সম্পর্কযুক্ত এবং কীভাবে সেগুলো তোমাকে “সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা [“ব্যবহারিক প্রজ্ঞা ও চিন্তা করার ক্ষমতা,” NW]” অর্জন করতে সাহায্য করতে পারে?—হিতো. ৩:২১, ২২.
২ ঈশ্বরের সেবায় ব্যবহারযোগ্য হও: স্কুলে পড়ার সময়, ক্লাসের পড়া মন দিয়ে শোনো এবং ভালো করে তোমার হোমওয়ার্কগুলো করো। তুমি যদি ভালোভাবে পড়ার ও অধ্যয়নের অভ্যাস গড়ে তোলো, তাহলে ঈশ্বরের বাক্য পরীক্ষা করা তোমার জন্য অনেক সহজ হবে আর তুমি আধ্যাত্মিকভাবে শক্তিশালী থাকবে। (প্রেরিত ১৭:১১) নানা বিষয়ে ভালো জ্ঞান তোমাকে পরিচর্যায় সাক্ষাৎ হয় এমন বিভিন্ন পটভূমির, বিভিন্ন রুচির ও বিভিন্ন ধর্মের লোকেদের কাছে দক্ষতার সঙ্গে কথা বলতে সাহায্য করবে। আর তোমার স্কুলের শিক্ষা, ঈশ্বরের সংগঠনে তোমার খ্রিস্টীয় দায়িত্বগুলো পালন করার সময় তোমার কাজে লাগবে।—তুলনা করো, ২ তীমথিয় ২:২১; ৪:১১.
৩ নিজের পায়ে দাঁড়াতে শেখো: যদি তোমার নিজের চেষ্টা থাকে, তাহলে উচ্চ বিদ্যালয় থেকে পাশ করার পর নিজের পায়ে দাঁড়ানোর জন্য তুমি প্রয়োজনীয় কোনো বৃত্তি বা পেশাগত শিক্ষা নিতে পারো। (তুলনা করো, ১ তীমথিয় ৫:৮.) খুব ভেবেচিন্তে বিষয়বস্তু বেছে নাও। যে-ক্ষেত্রগুলোতে চাকরি পাওয়ার সুযোগ কম সেইরকম কিছু পড়ার বদলে বরং এমন কোনো বৃত্তি বা পেশাগত প্রশিক্ষণ নেওয়ার কথা ভাবো যা তোমাকে যেকোনো জায়গায় একটা উপযুক্ত চাকরি পেতে সাহায্য করবে। এমনকী তুমি যদি যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে সেবা করার সিদ্ধান্ত নাও, তবুও এই প্রশিক্ষণ তোমাকে নিজের পায়ে দাঁড়াতে সমর্থ করবে।—তুলনা করো, প্রেরিত ১৮:১-৪.
৪ স্কুলে পড়ার সময় ভালো মৌলিক শিক্ষা নেওয়া তোমাকে তোমার পরিচর্যাকে আরও বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই, যিহোবার সেবায় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার জন্য পরিশ্রম করো। এইভাবে স্কুলের শিক্ষা তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছানোর জন্য তোমাকে সাহায্য করবে।