প্রশ্ন বাক্স
◼ মণ্ডলীর সভাগুলোতে শিক্ষা লাভ করার উপযোগী এক পরিবেশ বজায় রাখার জন্য কীভাবে প্রত্যেকে সাহায্য করতে পারে? (দ্বিতীয়. ৩১:১২)
যিহোবার প্রতি ও তিনি মণ্ডলীতে সভাগুলোর যে-ব্যবস্থা করেন, সেটার প্রতি গভীর সম্মান দেখাতে সকলকে একটু আগে আসার এবং তাঁর দ্বারা শিক্ষা লাভ করতে প্রস্তুত হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। ছোটো সন্তান রয়েছে এবং মাঝেমধ্যে দেরি করে আসে এমন ব্যক্তিদের জন্য পিছনের দিকের আসনগুলো খালি রেখে, হলের সামনের দিকের আসনগুলোতে বসা সাহায্যকারী। সভা শুরু হওয়ার আগে, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যেমন, সেল ফোন এবং পেজার এমনভাবে সেট করা উচিত, যাতে তা শ্রোতাদের বিঘ্নিত না করে। উপস্থিত সকলে যখন সভার সময়ে এক সশ্রদ্ধ মনোভাব বজায় রাখে, তখন কম ব্যাঘাত সৃষ্টি হবে।—উপ. ৫:১; ফিলি. ২:৪.
নতুন ব্যক্তিরা যখন সভাগুলোতে যোগদান করতে শুরু করে, তখন তাদের সঙ্গে পরিচিত আছেন মণ্ডলীর এমন কেউ হয়তো তাদের সঙ্গে বসার প্রস্তাব দিতে পারেন। এটা বিশেষভাবে সেই সময় সাহায্যকারী হবে, যদি প্রশিক্ষণ দেওয়ার মতো ছোটো সন্তান থাকে। সভাগুলোতে যোগদান করা হয়তো সেই পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। যদি তা-ই হয়, তাহলে তারা খুব সম্ভবত পিছনের দিকে বসতে পেরে খুশি হবে, যেখান থেকে বাবা-মাদের তাদের ছোট্ট সন্তানদের যত্ন নিতে অল্প সময়ের জন্য প্রধান হলের বাইরে যাওয়ার প্রয়োজন হলে, তা অন্যদের জন্য খুব একটা বিক্ষেপ সৃষ্টি করবে না। (হিতো. ২২:৬, ১৫) ছোটো সন্তান রয়েছে এমন পরিবারগুলোর কোনো পৃথক রুমে বসা ঠিক হবে না, যেখানে সন্তানরা হয়তো চ্যাঁচামেচি করার জন্য স্বাধীন বলে মনে করতে পারে। সাধারণত বাবা-মাদের জন্য প্রধান মিলনায়তনের বাইরে গিয়ে শাসন করা কিংবা ব্যক্তিগত অন্যান্য প্রয়োজনের যত্ন নেওয়া আর এরপর সন্তানদের নিয়ে প্রধান মিলনায়তনে ফিরে আসা সর্বোত্তম।
পরিচারকরা উপাসনা গৃহে এক উপযুক্ত পরিবেশ বজায় রাখার জন্য কাজ করে। তারা পরিবারগুলোকে এবং মাঝেমধ্যে দেরি করে আসে এমন ব্যক্তিদেরকে উপযুক্ত আসন খুঁজে পেতে সাহায্য করে থাকে। অন্যদেরকে অপ্রয়োজনীয় বিক্ষেপ ছাড়াই আরামে বসতে সাহায্য করার ক্ষেত্রে পরিচারকরা কৌশলী ও বিচক্ষণ হওয়ার ব্যাপারে সচেতন থাকে। যেকোনো অপ্রত্যাশিত ব্যাঘাত মোকাবিলা করার সময় তারা উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করে থাকে। একজন সন্তানের আচরণ যখন অন্যদের জন্য বিক্ষেপ সৃষ্টি করে, তখন পরিচারকরা সদয়ভাবে সহযোগিতা করতে পারে।
যিহোবার এবং এক শান্তিপূর্ণ ও ধার্মিক নতুন জগতের বিষয়ে তাঁর উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করার উপযোগী এক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে, উপাসনা করার জন্য সভাগুলোতে উপস্থিত সকলে অবদান রাখতে পারে।—ইব্রীয় ১০:২৪, ২৫.