প্রশ্ন বাক্স
◼ মণ্ডলীর সভাগুলোর জন্য টেলিফোন সংযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে কেন উত্তম বিচারবুদ্ধিকে কাজে লাগানো প্রয়োজন?
অনেক মণ্ডলী সেই ব্যক্তি বিশেষদের, যারা কখনো কখনো দীর্ঘস্থায়ী অসুস্থতা অথবা অন্য কোনো অনিবার্য পরিস্থিতির কারণে কিংডম হলে মণ্ডলীর সভাগুলোতে যোগদান করতে পারে না, তাদের জন্য টেলিফোন সংযুক্তির মাধ্যমে ঘরে বসে সভা শোনার ব্যবস্থা করেছে। এই প্রেমময় ব্যবস্থা যে শুধু তারাই ব্যবহার করছে, যাদের সত্যিই প্রয়োজন রয়েছে, তা নিশ্চিত করার জন্য উত্তম বিচারবুদ্ধি প্রয়োগ ও মনোযোগপূর্বক ব্যবস্থাদি করা প্রয়োজন। তাই, যে-প্রাচীনরা এইরকম এক ব্যবস্থার তত্ত্বাবধান করে, তারা এটাকে সংগঠিত করতে ও এটার ব্যবহারের ওপর দৃষ্টি রাখতে চাইবে, যাতে ‘সকলই শিষ্ট ও সুনিয়মিতরূপে করা হয়।’—১ করি. ১৪:৪০.
প্রাচীনরা লক্ষ রাখবে যেন, তাদের মণ্ডলীতে সেই প্রকাশকদের অগ্রাধিকার দেওয়া হয়, যারা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছে অথবা অক্ষম কিংবা যারা অন্য কোনো কারণে ঘর থেকে বের হতে পারে না। সাময়িকভাবে অসুস্থ অথবা অক্ষম এমন একজন প্রকাশক কিংবা ঘর থেকে বের হতে পারছে না এমন একজন উন্নতিশীল বাইবেল ছাত্র হয়তো একইভাবে এই ব্যবস্থা থেকে উপকার লাভ করতে এবং উপস্থিত ব্যক্তি হিসেবে গণিত হতে পারেন। যাদের উপযুক্ত প্রয়োজনীয়তা রয়েছে তাদের সবাইকে দেওয়ার মতো যথেষ্ট টেলিফোন লাইন না থাকলে হয়তো অন্য ব্যবস্থাদি করা যেতে পারে, যেমন তাদেরকে সভার বিষয়বস্তু রেকর্ড করে দেওয়া যেতে পারে।
অবশ্য, আমাদের সভাগুলোতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার দ্বারা যে-উপকারগুলো লাভ করা হয়, সেগুলোর সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না। আমাদের ভাইবোনদের সঙ্গে সরাসরি মেলামেশা করার ফলে আমরা ‘উভয় পক্ষের আশ্বাস’ বা উৎসাহ লাভ করি এবং নতুন ব্যক্তিদের যোগদান করার প্রয়োজনীয়তাকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করি। আমরা যখন সভাগুলোতে উপস্থিত থাকি, তখন আমরা সরাসরি দেখার দ্বারা আরও ভালো করে বুঝতে পারি, প্রাচীনরা আমাদেরকে ব্যক্তিগত সাহায্য প্রদান করতে পারে আর আমরা ভ্রাতৃসমাজের উষ্ণ ভালোবাসা সরাসরি উপভোগ করতে পারি। বস্তুতপক্ষে, একজন বয়স্ক বোনের অনুভূতি কতই না সত্য, যিনি কিংডম হল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে যখন আলিঙ্গন করা হয়েছিল, তখন তিনি উৎফুল্লভাবে বলেছিলেন: “টেলিফোনে আপনি এটা পেতে পারবেন না!”—রোমীয় ১:১১, ১২.
হান্না, যিনি ‘ধর্ম্মধাম হইতে প্রস্থান করিতেন না,’ তার মতো আজকে আমাদের অনেক বয়স্ক ব্যক্তিরা, তাদের স্বাস্থ্য ও পরিস্থিতি যতখানি সুযোগ দেয়, সেই অনুযায়ী নিয়মিতভাবে খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিত থাকে। (লূক ২:৩৬, ৩৭) প্রয়োজনে টেলিফোন সংযুক্তি ব্যবহার করলেও তারা এটাকে কিংডম হলের সভাগুলোতে যোগদান করার এক সুবিধাজনক বিকল্প হিসেবে গ্রহণ করে না। তাদের উত্তম উদাহরণকে অনুকরণ করে, আমরা যেন আমাদের মহান ঈশ্বর যিহোবাকে উপাসনা করার সময় আমাদের সভাগুলোতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার প্রচেষ্টা করার দ্বারা ক্রমাগত আনন্দ লাভ করে চলি।—গীত. ৯৫:১-৩, ৬; ১২২:১.