তুমি কি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত?
১. তুমি যখন স্কুলে যাওয়া শুরু করো, তখন তোমার সামনে কোন সুযোগগুলো অপেক্ষা করে থাকে?
১ স্কুলে যেতে শুরু করার এটা তোমার প্রথম বছর-ই হোক কিংবা পরের বছর, তোমরা অল্পবয়সি খ্রিস্টানরা নতুন নতুন প্রতিদ্বন্দ্বিতা এবং চাপ ভোগ করবে। কিন্তু, “সত্যের পক্ষে সাক্ষ্য” দেওয়ার জন্য নতুন নতুন সুযোগও তোমার সামনে রয়েছে। (যোহন ১৮:৩৭) তুমি কি সাক্ষ্য দেওয়ার জন্য ভালোভাবে প্রস্তুত?
২. কোন কোন উপায়ে তুমি স্কুলের জন্য প্রস্তুত?
২ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে তোমাকে সাহায্য করার জন্য তুমি যিহোবার, তোমার বাবা-মার এবং বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের কাছ থেকে অনেক প্রশিক্ষণ পেয়েছো। (হিতো. ১:৮; ৬:২০; ২৩:২৩-২৫; ইফি. ৬:১-৪; ২ তীম. ৩:১৬, ১৭) নিঃসন্দেহে এখন তুমি জানো যে, স্কুলে কোন প্রতিদ্বন্দ্বিতাগুলো তুমি আশা করতে পারো। ঈশ্বরীয় প্রশিক্ষণ ও তুমি যে-পরিবেশের মুখোমুখি হবে, সেই সম্বন্ধীয় জ্ঞানের দ্বারা সাক্ষ্যদান করার জন্য নিজেকে প্রস্তুত করো। (হিতো. ২২:৩) যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের দুটো খণ্ডে ও সেইসঙ্গে পূর্বে সচেতন থাক! পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত সম্পর্কযুক্ত প্রবন্ধগুলোতে দেওয়া নির্দেশনা ও সাহায্যকারী শাস্ত্রীয় পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করো।
৩. কোন কোন উপায়ে তুমি সাক্ষ্যদান করতে সমর্থ হবে?
৩ তোমার অদ্বিতীয় এলাকা তোমাকে অনেক উপায়ে সাক্ষ্যদান করার সুযোগ করে দেবে। অন্যরা যখন তোমার উদাহরণযোগ্য পোশাক-আশাক ও সাজগোজ, তোমার আচরণ ও কথাবার্তা, সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি তোমার শ্রদ্ধা আর এমনকী পড়াশোনায় তোমার ভালো নম্বর পাওয়া লক্ষ করে এবং তারা বুঝতে পারে যে, তোমার জীবনে এক দৃঢ় ভিত্তি রয়েছে, তখন কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে যে, “কেন তুমি এত আলাদা?” (মালাখি ৩:১৮; যোহন ১৫:১৯) তোমার সামনে হয়তো সাক্ষ্যদান ও তোমার বিশ্বাস সম্বন্ধে ব্যাখ্যা করার এক সুযোগ খোলা থাকতে পারে। (১ তীম. ২:৯, ১০) সারাবছর ধরে, খুব সম্ভবত তুমি জাতীয় অনুষ্ঠান ও ছুটির দিনগুলোর মতো বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে। যদি জিজ্ঞেস করা হয় যে, কেন তুমি অংশগ্রহণ করো না, তাহলে তুমি কি শুধু বলবে যে, “এটা আমার ধর্মের বিরুদ্ধে; আমি একজন যিহোবার সাক্ষি,” নাকি তুমি তোমার প্রেমময় পিতা যিহোবা সম্বন্ধে সাক্ষ্যদান করার এই সুযোগটা গ্রহণ করবে? যিহোবার নির্দেশনার অধীনে ভালোভাবে প্রস্তুতি নেওয়া তোমাকে শিক্ষক-শিক্ষিকা, সহছাত্রছাত্রী ও অন্যদের কাছে উত্তম সাক্ষ্যদান করতে প্রস্তুত করবে।—১ পিতর ৩:১৫.
৪. কেন তুমি এই বিষয়ে নিশ্চিত যে, তোমার স্কুলের বছরটা সফল হতে পারে?
৪ যদিও স্কুলে যাওয়া সম্বন্ধে তোমার মধ্যে কিছুটা ভীতি জাগতে পারে কিন্তু তুমি এই বিষয়ে নিশ্চিত থাকো যে, তোমার প্রতি এমন অনেকের সমর্থন রয়েছে, যারা চায় তোমার স্কুলের বছরটা যেন সফল হয়। এ ছাড়া, তোমার অদ্বিতীয় এলাকায় অন্যদের কাছে সাক্ষ্যদান করার তোমার প্রত্যাশায়, আমরা তোমার সঙ্গে আনন্দ করি। তাই, সাহসী ও স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও!