সহজ-সরলভাবে শিক্ষা দিন
১. স্পষ্ট এবং কার্যকারীভাবে শিক্ষা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক কী?
১ সরলতা হল কার্যকারীভাবে শিক্ষা দেওয়ার এক মূল উপাদান। মহান শিক্ষক যিশু যেভাবে শিক্ষা দিতেন, তা বিবেচনা করা আমাদেরকে আমাদের ‘শিক্ষা দেওয়ার কৌশলকে’ উন্নত করায় সাহায্য করতে পারে।—২ তীম. ৪:২, NW; যোহন ১৩:১৩.
২. সহজ-সরলভাবে শিক্ষা দেওয়ার সঙ্গে কী জড়িত আর এই ধরনের শিক্ষার ফলাফল কী হয়?
২ সহজ-সরলভাবে কথা বলুন: পর্বতেদত্ত উপদেশে এ পর্যন্ত কোনো মানুষের বলা সবচেয়ে গভীর কিছু সত্য রয়েছে আর এগুলোর সবই সহজ-সরলভাবে বর্ণনা করা হয়েছে। (মথি, ৫-৭ অধ্যায়) যে-লোকসমূহ যিশুর কথা শুনছিল, তারা “তাঁহার উপদেশে” বা শিক্ষায় “চমৎকার জ্ঞান” করেছিল। তাঁকে গ্রেপ্তার করার জন্য যে-পদাতিকদের পাঠানো হয়েছিল, তারা এতটাই প্রভাবিত হয়েছিল যে, তারা বলেছিল: “কোন মানুষে কখনও এরূপ কথা কহে নাই।” (মথি ৭:২৮, ২৯; যোহন ৭:৪৬) সত্যকে অন্যদের কাছে পুরোপুরিভাবে দৃঢ়প্রত্যয়জনক করে তোলার জন্য আমাদের বাগাড়ম্বরপূর্ণ শব্দ, জটিল বাক্যাংশ বা বিশদ দৃষ্টান্ত ব্যবহার করার প্রয়োজন নেই। সুপরিচিত শব্দগুলো ব্যবহার করে সত্যকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা যেতে পারে।
৩. কেন কারো কারো হয়তো শ্রোতাদেরকে খুব বেশি তথ্য জানানোর প্রবণতা থাকতে পারে এবং আর তা কীভাবে এড়ানো যেতে পারে?
৩ পরিমাণ নির্ধারণ করুন: একবারে কতখানি তথ্য জানাতে হবে, তা নির্ধারণ করার সময় যিশু তাঁর শ্রোতাদের বিষয় বিবেচনা করতেন। (যোহন ১৬:১২) এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পর্যবেক্ষক এবং নমনীয় হতে হবে, বিশেষ করে আত্মীয়স্বজন, নতুন আগ্রহী ব্যক্তি বা সন্তানদের কাছে সাক্ষ্য দেওয়ার সময়। যখন তারা মন দিয়ে শুনছে বলে মনে হয়, এমনকী তখনও তাদেরকে খুব বেশি তথ্য না জানানোর ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। সৎহৃদয়ের ব্যক্তিরা সত্য ঈশ্বর যিহোবা সম্বন্ধে ক্রমাগত জানবে বা জ্ঞান নিয়ে যাবে।—যোহন ১৭:৩; ১ করি. ৩:৬.
৪. কেন বিশদ বর্ণনার পরিবর্তে, মুখ্য বিষয়গুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা উপকারী?
৪ মুখ্য বিষয়গুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন: অনেক বেশি তথ্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে যিশু তাঁর শিক্ষাকে জটিল করে তোলেননি। তিনি যখন বলেছিলেন যে, “কবরস্থ সকলে . . . বাহির হইয়া আসিবে,” সেই সময় পুনরুত্থিত ব্যক্তিদের দুই ধরনের ভবিষ্যৎ সম্বন্ধে বিশদ বর্ণনা দেওয়ার সময় তখনও তাঁর হয়নি। (যোহন ৫:২৮, ২৯) বাইবেল অধ্যয়নগুলো পরিচালনা করার সময় আমাদের মুখ্য বিষয়গুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা এবং আলোচনার মধ্যে অযথা বাইরের বিষয়বস্তু নিয়ে আসার প্রবণতাকে দমন করা উচিত।
৫. আমরা যদি সহজ-সরলভাবে শিক্ষা দিই, তাহলে আমরা হয়তো কোন আশীর্বাদ লাভ করতে পারব?
৫ আমাদের যা-কিছু জানা প্রয়োজন, যিহোবা সেগুলোর সমস্তই সহজ-সরলভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলে আমরা কতই না কৃতজ্ঞ! (মথি ১১:২৫) আমরা যেন সহজ-সরলভাবে শিক্ষা দেওয়ার বিষয়ে মনোযোগ দিই এবং ফলপ্রসূ পরিচর্যার আনন্দ উপভোগ করি।