ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৯ পৃষ্ঠা ২-৪
  • আপনি কি এক আধ্যাত্মিক ভোজের জন্য প্রস্তুত?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি এক আধ্যাত্মিক ভোজের জন্য প্রস্তুত?
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আধ্যাত্মিকভাবে ভোজন ও আনন্দ করার এক উপলক্ষ
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • জেলা সম্মেলনগুলো —আনন্দপূর্ণ উপাসনার এক সময়
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিকভাবে সতেজ হওয়ার তিনটে দিন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মর্যাদা প্রদর্শন করার দ্বারা খ্রিস্টকে অনুসরণ করুন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৯ পৃষ্ঠা ২-৪

আপনি কি এক আধ্যাত্মিক ভোজের জন্য প্রস্তুত?

১. একটা ভোজের জন্য কোন ধরনের প্রস্তুতি জড়িত?

১ একটা ভোজের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হয়। খাদ্যসামগ্রী সংগ্রহ করতে হয়, সুস্বাদুরূপে প্রস্তুত করতে হয় এবং তারপর উপস্থাপন করতে হয়। খাদ্য পরিবেশন সংগঠিতভাবে হওয়া প্রয়োজন। অধিকন্তু, যে-স্থানে খাবার খাওয়া হবে, সেই স্থানকেও প্রস্তুত করতে হবে। অতিথিদেরও প্রস্তুত হতে হবে, বিশেষ করে তাদেরকে যদি সেখানে পৌঁছানোর জন্য অনেকটা দূরত্ব অতিক্রম করতে হয়। যদিও অনেক কাজ জড়িত রয়েছে, তবুও বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সুস্বাদু, পুষ্টিকর খাবার খাওয়া এটাকে মূল্যবান করে তোলে। শীঘ্র বিশ্বব্যাপী যিহোবার সাক্ষিরা বড়ো এবং ছোটো দল হিসেবে এক বহু প্রতীক্ষিত আধ্যাত্মিক ভোজে—“জেগে থাকুন!” জেলা সম্মেলনে—একত্রে মিলিত হবে। কার্যক্রম প্রস্তুত এবং বিভিন্ন বিষয় তৈরি করার জন্য অনেক কাজ ইতিমধ্যেই সম্পাদন করা হয়েছে। আমাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে উপস্থিত হওয়ার এবং সর্বাধিক উপকার লাভ করার জন্য আমাদেরও ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিতে হবে।—হিতো. ২১:৫.

২. আধ্যাত্মিক ভোজের পুরোটাতেই উপস্থিত থাকার জন্য কী প্রয়োজন?

২ সর্বাধিক উপকার লাভ করুন: এই আধ্যাত্মিক ভোজের পুরোটাতেই উপস্থিত থাকার জন্য আপনি কি আপনার পরিকল্পনাগুলো চূড়ান্ত করেছেন? যদি প্রয়োজন হয়, তাহলে আপনার নিয়োগকর্তার সঙ্গে কথা বলুন এবং তাকে জানিয়ে দিন যে, প্রথম দিনসহ সম্মেলনের প্রতিটা অধিবেশনে আপনি উপস্থিত থাকবেন। আপনি কি যাওয়া-আসা এবং থাকার ব্যবস্থা করেছেন? প্রাচীনদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, বয়স্ক এবং দুর্বল ব্যক্তিদের ও সেইসঙ্গে যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে, তাদের যত্ন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।—যির. ২৩:৪; গালা. ৬:১০.

৩. কেন আমাদের এমন কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া উচিত নয়, যেখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি?

৩ কিছু দেশে আন্তর্জাতিক সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে। মনে রাখবেন যে, এই অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু মণ্ডলীকে এবং বিদেশি অভ্যাগতদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই ব্যবস্থাগুলো করার সময় শাখা অফিস আসন সংখ্যা এবং প্রাপ্তিসাধ্য হোটেলের বিষয়টা বিবেচনা করে সতর্কতার সঙ্গে হিসাব করে দেখেছে যে, কত জনকে আমন্ত্রণ জানানো হবে। প্রকাশকরা যদি এমন কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়, যেখানে তাদের আমন্ত্রণ জানানো হয়নি, তাহলে তা অত্যধিক ভিড়ের সৃষ্টি করতে পারে।

৪. কোন অনুস্মারকগুলো আমাদেরকে প্রতিদিনের কার্যক্রমের শুরুর জন্য প্রস্তুত হতে সাহায্য করবে?

৪ সম্মেলনস্থলে প্রতিদিন যথেষ্ট আগে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি নিন, যাতে কার্যক্রম শুরু হওয়ার আগেই আসন খুঁজে পেতে পারেন। অধিবেশন শুরু হওয়ার আগে কয়েক মিনিট সময় নিয়ে ছাপানো বিষয়সূচির ওপর একবার চোখ বুলিয়ে নিন। যে-তথ্য উপস্থাপন করা হবে, সেটার জন্য আপনার ‘হৃদয়কে প্রস্তুত’ করতে এটা আপনাকে সাহায্য করবে। (ইষ্রা ৭:১০, NW) অধিবেশনের সভাপতি যখন যন্ত্রসংগীতের বিষয়ে বলেন, তখন তা শোনা উপভোগ করুন ও তারপর শুরুর গান এবং প্রার্থনায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত হোন।

৫. কীভাবে আমাদের পরিবার কার্যক্রম থেকে সর্বাধিক উপকার লাভ করতে পারে?

৫ সম্মেলন চলাকালীন পরিবারের সদস্যরা যদি একসঙ্গে বসে, তাহলে বাবা-মারা এই বিষয়ে নিশ্চিত হতে পারবে যে, তাদের সন্তানরা মন দিয়ে কার্যক্রম শুনছে কি না। (দ্বিতীয়. ৩১:১২) যখন শাস্ত্রপদগুলো পড়া হয়, তখন সবাইকে তাদের বাইবেল থেকে তা মিলিয়ে দেখার জন্য উৎসাহিত করা হয়। সংক্ষিপ্ত নোট নেওয়া হয়তো আপনাকে গভীর মনোযোগ দিতে সাহায্য করবে। পরবর্তী সময়ে, আপনার নোটগুলো আপনাকে বক্তৃতার মুখ্য বিষয়গুলো মনে করতে সাহায্য করবে। অধিবেশন চলাকালীন অযথা কথা বলার বা আপনার আসন ছেড়ে ওঠার প্রলোভনকে প্রতিরোধ করুন। আপনার যদি সেলফোন থাকে, তাহলে কার্যক্রম চলাকালীন সেটার দ্বারা নিজেকে বা অন্যদেরকে বিক্ষিপ্ত হতে দেবেন না। প্রতিদিনের অধিবেশনের শেষে, কার্যক্রমের যে-বিষয়গুলো আপনার ভালো লেগেছে, সেগুলো নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করুন না কেন?

৬. আমাদের সম্মেলনগুলোর একটা উল্লেখযোগ্য দিক কী এবং কীভাবে আমরা তা পূর্ণরূপে উপভোগ করতে পারি?

৬ জেলা সম্মেলনে আমাদের ভাইবোনদের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করার সুযোগ আমাদের থাকে, যা জগতের মধ্যে দেখা যায় না। (গীত. ১৩৩:১-৩; মার্ক ১০:২৯, ৩০) তাই, আপনার কাছাকাছি যারা বসেছে, তাদের সঙ্গে পরিচিত হোন না কেন এবং দুপুরের খাবারের বিরতির সময়ে তাদের সঙ্গে আলাপ করুন না কেন? হালকা খাবার নিয়ে আসার এবং বাইরে রেস্টুরেন্টে না গিয়ে সম্মেলনস্থলেই থাকার উপকারিতাগুলোর মধ্যে এটা হল একটা উপকার। পরস্পরকে আশ্বাস বা উৎসাহ দেওয়ার এইরকম এক সুযোগকে নষ্ট না করার ব্যাপারে নিশ্চিত হোন।—রোমীয় ১:১১, ১২.

৭. আমরা কোন ধরনের পোশাক পরব, সেই সম্বন্ধে আমাদের কীরকম প্রস্তুতি নেওয়া উচিত?

৭ পোশাক-আশাক: এটা লক্ষণীয় যে, যিহোবা ইস্রায়েলীয়দের আদেশ দিয়েছিলেন যেন তারা তাদের বস্ত্রের কোণে থোপ দেয় এবং সেই থোপে নীল সুতো বেঁধে রাখে। (গণনা. ১৫:৩৭-৪১) এটা এই বিষয়ের এক দৃশ্যত অনুস্মারক ছিল যে, তারা যিহোবার উপাসনা করার জন্য পৃথকীকৃত লোক ছিল। আজকে, সম্মেলনে আমাদের মর্যাদাপূর্ণ, মার্জিত পোশাক-আশাক পরা আমাদেরকে জগৎ থেকে পৃথক করে। এটা প্রত্যক্ষদর্শীদের কাছে এক জোরালো সাক্ষ্য হিসেবে কাজ করে, এমনকী যখন আমরা কার্যক্রমের পরে খাওয়াদাওয়া করার জন্য বাইরে যাই, তখনও। অতএব, আপনি কোন ধরনের পোশাক পরবেন, সেই সম্বন্ধে আগে থেকে সতর্কতার সঙ্গে চিন্তা করুন।

৮. আসন সংরক্ষণের সময় কোন শাস্ত্রীয় নীতিগুলোর দ্বারা আমাদের পরিচালিত হওয়া উচিত?

৮ প্রেম কার্যরত: এটা লক্ষ্য করা গিয়েছে যে, অভ্যাগতদের মধ্যে কারো কারো তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের জন্য মিলনায়তনে অত্যধিক সংখ্যক আসন সংরক্ষণ করার অভ্যাস রয়েছে। দেখা গিয়েছে যে, কেউ কেউ কখনো কখনো পরিচারকদের সঙ্গে সহযোগিতা করতে চায়নি, এমনকী তারা তাদের সঙ্গে অখ্রিস্টীয়ভাবে কথা বলেছে। নিশ্চয়ই, আমিত্ব মনোভাব একজনকে ভালো কার্যকারী বলে শনাক্ত করে না বা যিহোবা ঈশ্বরের প্রশংসাও আনে না। তাই আসুন, আমরা প্রেম ও ধৈর্য দেখাই এবং সহযোগিতা করি। (গালা. ৫:২২, ২৩, ২৫) আসন সংরক্ষণের বিষয়ে দেওয়া অনুস্মারকগুলোতে কি আমরা মনোযোগ দিয়েছি? আমাদেরকে সেই প্রেম প্রদর্শন করতে হবে যা “স্বার্থ চেষ্টা করে না।” (১ করি. ১৩:৫) যিশু প্রকাশ করেছিলেন যে, নিঃস্বার্থ প্রেম হবে তাঁর শিষ্যদের শনাক্ত করার এক প্রাথমিক উপায়। (যোহন ১৩:৩৫) অত্যধিক সংখ্যক আসন সংরক্ষণ করা কি কার্যরত এই খ্রিস্টতুল্য প্রেমের উত্তম উদাহরণ? খ্রিস্ট যা বলেছিলেন তা অনুসরণ করতে আমাদের অবশ্যই খ্রিস্টীয় প্রেমের দ্বারা পরিচালিত হওয়া উচিত: “অতএব সর্ব্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।”—মথি ৭:১২.

৯. সম্মেলন শহরে থাকার সময়ে কীভাবে আমরা অন্যদের কাছে সাক্ষ্য দিতে পারি?

৯ সাক্ষ্য দিন: একটু পূর্বপরিকল্পনা করলে আমরা হয়তো সম্মেলন শহরে লোকেদের কাছে সাক্ষ্য দিতে পারব। কার্যক্রমের পরে একজন ভাই তার স্ত্রীর সঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন, যেখানে তিনি কেবল তার সম্মেলনের ব্যাজ কার্ডটা দেখিয়ে ওয়েটারকে জিজ্ঞেস করেছিলেন: “আপনি কি এইরকম ব্যাজ পরিহিত লোকেদের দেখেছেন?” সেই ওয়েটার বলেছিলেন যে, তিনি তাদের দেখেছেন ও চিন্তা করেছেন যে, কেন অনেকেই একইরকম ব্যাজ পরে আছে। এই বিষয়টা এক আলোচনার দিকে পরিচালিত করেছিল এবং ভাই সেই ওয়েটারকে সম্মেলনে আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

১০. কীভাবে আমরা আমাদের নিমন্ত্রণকর্তা যিহোবার প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি?

১০ যদিও আমাদের ভাইয়েরা সব বক্তৃতা, সাক্ষাৎকার এবং নমুনা উপস্থাপন করবে কিন্তু আমাদের স্বর্গীয় পিতা যিহোবাই হলেন এই বার্ষিক আধ্যাত্মিক ভোজের প্রেমময় উদ্যোক্তা। (যিশা. ৬৫:১৩, ১৪) প্রতিটা দিন উপস্থিত থাকার এবং পরিবেশিত আধ্যাত্মিক খাদ্যের প্রতিটা অংশের পূর্ণ স্বাদ গ্রহণ করার দ্বারা আমরা আমাদের নিমন্ত্রণকর্তার প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে থাকি। তা করার জন্য আপনি কি আপনার প্রস্তুতি চূড়ান্ত করেছেন?

[৪ পৃষ্ঠার বাক্স]

জেলা সম্মেলনের অনুস্মারকগুলো

▪ কার্যক্রমের সময়সূচি: কার্যক্রম প্রথম দিন সকাল ৯:২০ মিনিটে এবং দ্বিতীয় দিন সকাল ৮:৫০ মিনিটে শুরু হবে। হলের দরজা সকাল ৮:০০-টায় খুলে দেওয়া হবে। রাজ্যের গানের যন্ত্রসংগীত যখন ঘোষণা করা হয়, তখন আমাদের সকলের আসনে বসে যাওয়া উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। কার্যক্রম প্রথম দিন বিকেল ৪:৫৫ মিনিটে এবং দ্বিতীয় দিন ৪:০০-টেয় শেষ হবে।

▪ পার্কিং: সমস্ত সম্মেলনস্থলে, যেখানে আমরা পার্কিং করার অনুমতি পেয়েছি, সেখানে যিনি প্রথমে আসবেন তিনি বিনামূল্যে গাড়ি রাখার জায়গা প্রথমে পাবেন। যেহেতু পার্কিংয়ের জায়গা সীমিত, তাই যতদূর সম্ভব একসঙ্গে একই গাড়িতে আসার প্রচেষ্টা করা উচিত।

▪ আসন সংরক্ষণ: যারা আপনার সঙ্গে একই গাড়িতে যাত্রা করে অথবা আপনার সঙ্গে বাস করে, কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করা যেতে পারে।

▪ দুপুরের খাবার: দয়া করে দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য সম্মেলনস্থল ছেড়ে না গিয়ে বরং সাধারণ খাবার সঙ্গে নিয়ে আসুন। সম্মেলন হলে বড়ো আকারের খাবারের বাক্স, কাচের পাত্র নিয়ে আসা অনুমোদনযোগ্য নয়। সম্মেলন ব্যবস্থাপনায় খাবার এবং জলখাবার সরবরাহ করা হবে না।

▪ দান: আমরা আমাদের কিংডম হলে বা সম্মেলনে শিক্ষামূলক কাজের জন্য স্বেচ্ছায় দান দেওয়ার মাধ্যমে সম্মেলনের ব্যবস্থাদির জন্য আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। সম্মেলনে দান হিসেবে দেওয়া যেকোনো চেক “ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ ইন্ডিয়া”-র নামে হওয়া উচিত।

▪ দুর্ঘটনা ও জরুরি অবস্থা: সম্মেলনস্থলে যদি চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি অবস্থা দেখা দেয়, তাহলে দয়া করে কাছাকাছি রয়েছে এমন কোনো পরিচারকের সঙ্গে যোগাযোগ করুন, যিনি তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা বিভাগ-কে জানাবেন, যাতে সম্মেলনস্থলে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের যোগ্য ব্যক্তিরা পরিস্থিতির গুরুত্ব মূল্যায়ন করতে ও সাহায্য করতে পারে।

▪ জুতো: মার্জিত, সঠিক মাপের জুতো বাছাই করা সর্বোত্তম, যা একজনকে সিঁড়িতে বা এইরকম রাস্তায় নিরাপদে হাঁটাচলা করতে সাহায্য করবে।

▪ যারা কানে কম শোনে: নিম্নলিখিত সম্মেলনগুলোতে এই কার্যক্রম সাংকেতিক ভাষাতে উপস্থাপন করা হবে: ব্যাঙ্গালোর-৩ (ইংরেজি); কোয়েম্বাটুর (তামিল); কোচি (মালায়ালাম); এবং পুনে-চিনচড় (ইংরেজি)।

▪ রেকর্ডিং: রেকর্ডিং উপকরণগুলো সম্মেলন হলের ইলেকট্রিক অথবা সাউন্ড সিস্টেম ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা উচিত নয় এবং সেগুলো কেবল এমনভাবে ব্যবহার করা যেতে পারে, যাতে অন্যেরা বিঘ্নিত না হয়।

▪ বেবি স্ট্রলার এবং লন চেয়ার: সম্মেলনস্থলে বেবি স্ট্রলার এবং লন চেয়ারগুলো নিয়ে আসা উচিত নয়। কিন্তু, বাবা-মাদের পাশের আসনে সুরক্ষিত চাইল্ড সেফটি সিটগুলো গ্রহণযোগ্য।

▪ সুগন্ধি দ্রব্য: অধিকাংশ সম্মেলন এমন অবরুদ্ধ হলগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে আমাদের যন্ত্রের সাহায্যে বায়ুচলাচলের ব্যবস্থা করতে হয়। তাই, কড়া পারফিউম ব্যবহার সীমিত করা আমাদের জন্য দয়ার কাজ হবে, যা হয়তো শ্বাসকষ্ট অথবা অন্যান্য সম্পর্কযুক্ত সমস্যায় ভোগে এমন ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে।—১ করি. ১০:২৪.

▪ পুনর্সাক্ষাৎ করুন ফর্ম: সম্মেলনের সময়ে আমাদের রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ফলে কেউ আগ্রহ দেখিয়ে থাকলে, সেই বিষয়ে তথ্য প্রদান করতে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) নামক একটা ফর্ম ব্যবহার করা উচিত। প্রকাশকদের দুএকটা পুনর্সাক্ষাৎ করুন ফর্ম সম্মেলনে নিয়ে আসা উচিত। পূরণ করা ফর্মগুলো দেখাশোনা করার জন্য বুক রুম-এ অথবা আপনার মণ্ডলীতে ফিরে গিয়ে মণ্ডলীর সচিবের কাছে জমা দিতে পারেন।—২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠা দেখুন।

▪ রেস্টুরেন্ট: রেস্টুরেন্টগুলোতে আপনাদের উত্তম আচরণের মাধ্যমে যিহোবার নামকে সম্মান করুন। অনেক জায়গায়, কাজের ওপর নির্ভর করে বকশিশ দেওয়ার রীতি রয়েছে।

▪ হোটেল: (১) আপনি যতগুলো ব্যবহার করবেন, দয়া করে তার চেয়ে বেশি রুম বুক করবেন না এবং যতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি লোককে আপনার রুমে রাখবেন না। (২) আপনাকে যদি বুক করা রুম বাতিল করতেই হয়, তাহলে সঙ্গেসঙ্গে হোটেলকে জানিয়ে দিন। (৩) মালপত্র বহনের ট্রলি তখনই নিয়ে যান, যখন আপনি তা ব্যবহার করার জন্য তৈরি আছেন এবং সঙ্গেসঙ্গে সেটা ফিরিয়ে দিন, যাতে অন্যেরা ব্যবহার করতে পারে। (৪) রুমে রান্নাবান্না করার অনুমতি না থাকলে, তা করবেন না। (৫) যে-ব্যক্তি রুম পরিষ্কার করেন, তাকে প্রতিদিন কিছু বকশিশ দিন। (৬) আমরা নিশ্চয়ই হোটেলে থাকাকালীন, অতিথিদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার, কফি বা বরফ দেওয়ার যে-ব্যবস্থা থাকে, সেই সুবিধার অপব্যবহার করব না। (৭) হোটেলের কর্মচারীদের সঙ্গে আচারব্যবহারে সবসময়ই আত্মার ফল প্রদর্শন করুন। তারা অনেক অতিথির দেখাশোনা করে থাকে এবং আমাদের দয়া, ধৈর্য এবং যুক্তিবাদিতাকে উপলব্ধি করে থাকে। (৮) সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেখানো রুমের ভাড়াটা হচ্ছে কর বাদ দিয়ে প্রতিদিনকার রুমের পুরো ভাড়া। আপনাকে যদি এমন কিছু জিনিসের জন্য অতিরিক্ত টাকা চেয়ে বিল দেওয়া হয় যেগুলো আপনি আদৌ চাননি বা ব্যবহার করেননি, তাহলে সেই টাকা দিতে অস্বীকার করুন এবং যত শীঘ্র পারেন সম্মেলনে রুমিং ডিপার্টমেন্ট-কে জানান। (৯) আপনার হোটেল রুম নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনি সম্মেলনে থাকাকালীনই রুমিং ডিপার্টমেন্ট-কে অবশ্যই জানাবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার