মণ্ডলীর বই অধ্যয়নে আমার বাইবেলের গল্পের বই ব্যবহার করা
১ ঈশ্বরের লিখিত বাক্যের বার্তার ক্ষমতা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোকের জীবনকে পরিবর্তিত করেছে। (ইব্রীয় ৪:১২) আমরা যখন বাইবেলের ঘটনাগুলো পড়ি ও মনশ্চক্ষে কল্পনা করি, তখন ঈশ্বরের বাক্য আমাদেরকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করতে শুরু করে। সত্যিই, এটি কোনো মৃত ইতিহাস নয় বরং এটির বাক্যগুলো জীবন্ত ও অপ্রতিরোধ্য গতিতে পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছে। আমাদের মণ্ডলীর বই অধ্যয়নে আমার বাইবেলের গল্পের বই ব্যবহার করে ঈশ্বরের লিখিত বাক্য পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা আমাদেরকে প্রচুররূপে সাহায্য করবে।
২ আমার বাইবেলের গল্পের বই এমন এক উপায়ে বাইবেলের মৌলিক জ্ঞান প্রদান করে, যা আগ্রহজনক এবং সহজেই বোঝা যায়। বাইবেলের ঘটনাগুলোকে কালানুক্রমিকভাবে সাজানো হয়েছে। এটির রঙিন ছবিগুলো শিক্ষার এক চমৎকার সহায়ক হিসেবে কাজ করে, যা আমাদের বাইবেলের বিবরণগুলোকে ধ্যান করতে সাহায্য করে। (গীত. ৭৭:১২) বস্তুতপক্ষে, এটির প্রতিটি পাতা আমাদেরকে অব্রাহাম, ইস্হাক ও যাকোবের মতো ঈশ্বরভয়শীল কুলপতিদের সঙ্গে “গমনাগমন” করতে সমর্থ করে। আমরা সারা, রিবিকার মতো ঈশ্বরভয়শীল নারীদের এবং অনুগত মোয়াবীয় রূৎকে “দেখতে” পারি। হ্যাঁ, আমরা এমনকি যিশু খ্রিস্টকে কথা বলতে “শুনতে” পারি, যেমন তাঁর পর্বতেদত্ত উপদেশের সময়। পবিত্র শাস্ত্রের এই সমস্ত মহান শিক্ষা আমাদের হতে পারে যদি আমরা মণ্ডলীর বই অধ্যয়নের জন্য ভালভাবে প্রস্তুত হই। নিঃসন্দেহে, এই অধ্যয়ন ঈশ্বরের বাক্য পড়ার এবং তা করার দ্বারা আরও বেশি আনন্দ ও অর্থ খোঁজার বিষয়ে আমাদের সংকল্পকে দৃঢ় করবে!
৩ বাইবেলের গল্প বইয়ের প্রত্যেকটি পাঠের জন্য দুই অংশের প্রশ্নাবলি রয়েছে। প্রথম অংশের প্রশ্নাবলি প্রত্যেকটি গল্প ও গল্পে বর্ণিত ঘটনাগুলোর পুনরালোচনা হিসেবে কাজ করে। পুরো একটা গল্প পড়ার পর, অধ্যয়ন পরিচালক পুনরালোচনার এই প্রশ্নাবলি জিজ্ঞেস করবেন। গল্পে বর্ণিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত ও স্পষ্ট মন্তব্যগুলো করা উচিত। দয়া করে লক্ষ করুন যে, প্রশ্নগুলোর বিন্যাস সবসময় গল্পে বর্ণিত ঘটনাগুলোর ক্রমানুসারে করা হয়নি।
৪ এরপর গল্পটির শিক্ষণীয় বিষয়গুলোর ওপর জোর দেওয়ার জন্য পরিচালক প্রদত্ত দ্বিতীয় অংশের প্রশ্নাবলি জিজ্ঞেস করবেন। প্রত্যেকটি অতিরিক্ত প্রশ্নের আগে, একটি শাস্ত্রপদ উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটা বেশ দীর্ঘ। এই শাস্ত্রপদগুলো, বই অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার সময় সকলের আগে থেকে পড়া উচিত। আপনি লক্ষ করবেন যে, প্রত্যেকটি অতিরিক্ত প্রশ্নের পরে বেশ কয়েকটা উল্লেখিত শাস্ত্রপদ রয়েছে। উল্লেখিত এই শাস্ত্রপদগুলো উত্তর খুঁজে পাওয়ার জন্য সাহায্যকারী। পরিচালকের অর্থপূর্ণ মন্তব্যগুলো বের করে আনা উচিত, যেগুলো দেখায় যে কীভাবে উল্লেখিত শাস্ত্রপদগুলো, বিবরণে যে-বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে, তা বর্ণনা করে। উপস্থিত ব্যক্তিদেরকে বাইবেলের বিষয়বস্তুর এবং এটির শিক্ষাগুলোর প্রয়োগের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে পরিচালকের সাহায্য করা উচিত।
৫ বইয়ের প্রত্যেকটি খণ্ডের ভূমিকাকে বই অধ্যয়নে একটা আলাদা পাঠ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রত্যেকটি খণ্ডের ভূমিকা পড়ার পর, পরিচালক তার প্রস্তুত করা উপযুক্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। এই প্রাথমিক বিবেচনা পরবর্তী গল্পগুলোর পটভূমির প্রেক্ষাপট তৈরি করবে। এই বইটির অধ্যয়ন যেন আমাদের মন ও হৃদয়ে আধ্যাত্মিক গুণাবলি গেঁথে দেয় আর আমাদের মহান স্বর্গীয় পিতা যিহোবার আরও নিকটবর্তী হওয়ার জন্য আমাদেরকে সাহায্য করে।—যাকোব ৪:৮.