“কৃতজ্ঞ হও”
১ যিশু দশজন কুষ্ঠরোগীকে সুস্থ করার পর তাদের মধ্যে থেকে মাত্র একজন তাঁকে কৃতজ্ঞতা জানানোর জন্য ফিরে এসেছিলেন। যিশু জিজ্ঞেস করেছিলেন: “দশ জন কি শুচীকৃত হয় নাই? তবে সেই নয় জন কোথায়?” (লূক ১৭:১১-১৯) আমাদের উদার ও প্রেমময় স্বর্গীয় পিতা, যিহোবা ঈশ্বরের দেওয়া প্রত্যেকটা উত্তম দান ও সিদ্ধ বরের জন্য উপলব্ধি পরায়ণ হওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ!—কল. ৩:১৫; যাকোব ১:১৭.
২ কিছু বিষয় কী, যেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে? আমরা মানবজাতিকে দেওয়া ঈশ্বরের সর্বমহান দান মুক্তির মূল্যের জন্য উপলব্ধি দেখাই। (যোহন ৩:১৬) এ ছাড়া, যিহোবা আমাদেরকে তাঁর দিকে আকর্ষণ করেছেন বলেও আমরা কৃতজ্ঞ। (যোহন ৬:৪৪) কৃতজ্ঞ হওয়ার আরেকটা কারণ হল আমাদের খ্রিস্টীয় ঐক্য। (গীত. ১৩৩:১-৩) নিঃসন্দেহে, আপনি যিহোবার কাছ থেকে পাওয়া অন্যান্য আরও অনেক দানের কথা চিন্তা করতে পারেন। আমরা কখনোই অকৃতজ্ঞ ইস্রায়েলীয়দের মতো হতে চাই না, যারা তাদের প্রতি করা যিহোবার কাজগুলো ভুলে গিয়েছিল!—গীত. ১০৬:১২, ১৩.
৩ কৃতজ্ঞতা প্রকাশ করুন: যদিও দশজন কুষ্ঠরোগীর সবাই যিশু তাদের জন্য যা করেছিলেন, তা উপলব্ধি করেছিল কিন্তু মাত্র একজন নিজেকে কৃতজ্ঞ দেখিয়েছিল। (লূক ১৭:১৫) একইভাবে, আমরা পরিচর্যায় উদ্যোগের সঙ্গে অংশগ্রহণ করে উপলব্ধি প্রকাশ করে থাকি। আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা আমাদের জন্য যা কিছু করেছেন, সেগুলোর জন্য আমরা যদি সত্যিই কৃতজ্ঞ হই, তাহলে আমাদের হৃদয় অন্যদেরকে তাঁর সম্বন্ধে বলার দ্বারা তাঁর ভালবাসা ও উদারতা প্রতিফলিত করতে পরিচালিত হয়। (লূক ৬:৪৫) যিহোবার ‘আশ্চর্য্য কার্য্য সকল ও সঙ্কল্প সকল’ যখন আমরা অন্যদেরকে জানাই, তখন যিহোবার প্রতি আমাদের ভালবাসা ও উপলব্ধি বৃদ্ধি পায়।—গীত. ৪০:৫.
৪ অন্যদের মধ্যে উপলব্ধিবোধ গেঁথে দিন: আমাদের ছেলেমেয়ে ও বাইবেল ছাত্রদের মধ্যে উপলব্ধিবোধ গড়ে তুলতে সাহায্য করার জন্য আমাদের তৎপর থাকা উচিত। এটা করার অনেক সুযোগ বাবামাদের রয়েছে, যেমন তারা যখন তাদের ছেলেমেয়ের সঙ্গে যিহোবার সৃষ্টিকে উপভোগ করে, তখন তারা তা করতে পারে। (রোমীয় ১:২০) বাইবেল অধ্যয়ন করার সময় আমরা আমাদের ছাত্রকে জিজ্ঞেস করতে পারি, “যিহোবা কী ধরনের ব্যক্তি, সেই বিষয়ে এখান থেকে আমরা কী শিখি?” ছাত্রের উপলব্ধি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি তার ভালবাসা ও তাঁকে খুশি করার দৃঢ়সংকল্পও বৃদ্ধি পাবে।
৫ এই শেষকালে, অনেকের উপলব্ধি নেই এবং তারা অকৃতজ্ঞ। (২ তীম. ৩:১, ২) পরিচর্যায় উদ্যোগ সহকারে অংশগ্রহণ করার দ্বারা যিহোবার একনিষ্ঠ দাসেরা কৃতজ্ঞতা প্রকাশ করছে দেখে তিনি কতই না খুশি হন!—যাকোব ১:২২-২৫.