আপনি কি ঈশ্বরের বাক্যকে সমর্থন করেন?
১ এমন এক জগৎ যেখানে প্রায়ই বাইবেলের সুনামহানি করা হয়, সেখানে সত্য খ্রিস্টানরা উদ্যোগের সঙ্গে ঈশ্বরের বাক্যকে সমর্থন করে। “প্রত্যেক শাস্ত্র-লিপি ঈশ্বর-নিশ্বসিত” এই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হয়ে আমরা যিশু খ্রিস্টের সঙ্গে একমত হই, যিনি প্রার্থনায় যিহোবার কাছে বলেছিলেন: “তোমার বাক্যই সত্যস্বরূপ।” (২ তীম. ৩:১৬, পাদটীকা; যোহন ১৭:১৭) আমরা কীভাবে ঈশ্বরের বাক্যকে কার্যকারীভাবে সমর্থন করতে পারি?
২ শাস্ত্রপদগুলো মুখস্থ করুন: নিঃসন্দেহে, যিশু নিজে ঈশ্বরের বাক্য স্মরণে রেখেছিলেন। এটা তাঁকে তাঁর সমগ্র পরিচর্যায় শাস্ত্র থেকে শিক্ষা দিতে সমর্থ করেছিল। (লূক ৪:১৬-২১; ২৪:৪৪-৪৬) কীভাবে আমরা আমাদের স্মরণশক্তির মধ্যে শাস্ত্রপদের এক সাহায্যকারী ভাণ্ডার গড়ে তুলতে পারি? প্রতিদিন বাইবেল পড়ার এবং তারপর বিশেষ করে পরিচর্যার জন্য উৎসাহজনক অথবা সাহায্যকারী বলে মনে করি এমন একটা শাস্ত্রপদের ওপর ধ্যান করার দ্বারা আমরা তা করতে পারি। সভাগুলোর জন্য প্রস্তুত হওয়ার সময়, উল্লেখিত শাস্ত্রপদগুলো সরাসরি বাইবেল থেকে খুলে দেখা ও পড়া এবং সম্ভব হলে সেগুলোর ওপর একটা মন্তব্য প্রস্তুত করা উচিত। সভাগুলোতে বক্তা যখন শাস্ত্রপদগুলো পড়েন, তখন বাইবেল থেকে সেগুলো আমাদের মিলিয়ে দেখা উচিত। বাইবেলের পদগুলো অধ্যয়ন করা আমাদেরকে “সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে” প্রস্তুত করবে।—২ তীম. ২:১৫.
৩ বাইবেলকেই কথা বলতে দিন: পরিচর্যায় রত থাকার সময়, আমাদের বাইবেলকেই কথা বলতে দেওয়া উচিত। উদাহরণস্বরূপ, পরিস্থিতি অনুসারে গৃহকর্তার কাছে আমাদের একটা শাস্ত্রপদ পড়ার চেষ্টা করা উচিত। যদি তিনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন অথবা আপত্তি জানান, তা হলে উত্তর দেওয়ার জন্য বাইবেল ব্যবহার করা সবচেয়ে ভাল। গৃহকর্তা যখন ব্যস্ত থাকেন, তখনও আমরা এইরকম কথা বলে বাইবেলের কোনো একটা ধারণার ওপর জোর দিতে পারি, যেমন, “আমি চলে যাওয়ার আগে, দয়া করে আমাকে এই শাস্ত্রপদটি পড়তে দিন।” যখনই সম্ভব, সরাসরি বাইবেল থেকে পড়ুন আর আপনি যখন পড়েন, তখন শ্রোতাকে তা দেখতে দিন। কিন্তু, কখনো কখনো বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি হয়তো ইঙ্গিত দিতে পারে যে, আমাদের ব্যাগ থেকে বাইবেল বের করে কোনো শাস্ত্রপদ উদ্ধৃতি করার চাইতে স্মরণশক্তি থেকে উদ্ধৃতি করা ভাল।
৪ ত্রিত্ব মতবাদকে খণ্ডন করার জন্য একজন গৃহকর্তাকে যখন শাস্ত্রপদগুলো দেখানো হয়েছিল, তখন তিনি বিস্ময়ে বলে উঠেছিলেন: “সারাজীবন আমি গির্জায় গিয়েছি কিন্তু আমি কখনোই জানতাম না যে, বাইবেল এইরকম বলে!” তিনি সঙ্গে সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিলেন। যিশু বলেছিলেন, তাঁর মেষেরা তাঁর রব শুনবে। (যোহন ১০:১৬, ২৭) সৎহৃদয়ের লোকেদের জন্য সত্যকে শনাক্ত করার সবচেয়ে উত্তম উপায় হল, সরাসরি তা শাস্ত্র থেকে দেখা। তাই, আসুন আমরা ঈশ্বরের সত্যের বাক্যের সমর্থক হই!