“ইহা আমার স্মরণার্থে করিও”
২রা এপ্রিল যিশুর মৃত্যু উদ্যাপন করা হবে
১ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক ২০০৭ সালের ২রা এপ্রিল যিশুর বলিদানমূলক মৃত্যু উদ্যাপন করার জন্য সমবেত হবে। যিশু তাঁর স্বর্গীয় পিতার সার্বভৌমত্বের একজন সমর্থক হিসেবে মৃত্যুবরণ করেছিলেন এবং মানুষ শুধুমাত্র স্বীয়স্বার্থেই ঈশ্বরের সেবা করে, শয়তান দিয়াবলের এই অভিযোগ যে মিথ্যা ছিল, তা প্রমাণ করেছিলেন। (ইয়োব ২:১-৫) এ ছাড়া, প্রভুর সান্ধ্যভোজ আমাদেরকে মনে করিয়ে দেয় যে, একজন সিদ্ধ, নিষ্পাপ মানুষ হিসেবে মৃত্যুবরণ করার দ্বারা যিশু ‘অনেকের পরিবর্ত্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিয়াছেন।’ (মথি ২০:২৮) তাই, যিশু তাঁর শিষ্যদের আদেশ দিয়েছিলেন: “ইহা আমার স্মরণার্থে করিও।” (লূক ২২:১৯) ঈশ্বরের এই অমূল্য দানের প্রতি উপলব্ধি কি আপনাকে প্রেমের এই সর্বোত্তম কাজ উদ্যাপন করার প্রস্তুতি নেওয়া শুরু করতে অনুপ্রাণিত করেছে?—যোহন ৩:১৬.
২ আপনার হৃদয় প্রস্তুত করুন: যিশুর মানব জীবনের শেষ দিনগুলোর প্রত্যেকটা দিনে যা যা ঘটেছিল, সেগুলো বিবেচনা করার দ্বারা আমরা এই স্মরণার্থ উদ্যাপনের জন্য আমাদের অন্তঃকরণ সুস্থির বা প্রস্তুত করতে পারি। (ইষ্রা ৭:১০) এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করার জন্য, প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০৭ পুস্তিকায় এবং ২০০৭ সালের ক্যালেন্ডার-এ বিশেষ বাইবেল পাঠের এক তালিকা পাওয়া যেতে পারে। আজকে আমরা যে-ক্যালেন্ডার ব্যবহার করি, সেই ক্যালেন্ডার অনুসারে তালিকাবদ্ধ এই পাঠ সেই দিনগুলোর সঙ্গে একেবারে মিলে যায়, যে-দিনগুলোতে যিশুর মৃত্যু সম্বন্ধীয় ঘটনাগুলো ঘটেছিল। বাইবেলের বিবরণে যে-দিন ও তারিখগুলোর উল্লেখ রয়েছে, সেগুলো যিহুদি ক্যালেন্ডার অনুযায়ী, যেটাতে সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা দিনের গণনা করা হয়। এই পার্থক্যকে বিবেচনা করা হয়েছে আর তা স্মরণার্থ বাইবেল পাঠের তালিকায় প্রতিফলিত হয়েছে। এই ধরনের তথ্য পুনরালোচনা করা এবং ঈশ্বরের প্রেমের গভীরতা সম্বন্ধে প্রার্থনাপূর্বক ধ্যান করা আমাদেরকে স্মরণার্থ উদ্যাপন থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করতে সাহায্য করবে।
৩ উপস্থিত থাকার জন্য অন্যদের আমন্ত্রণ জানান: এই গুরুত্বপূর্ণ উপলক্ষে লোকেদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এক বিশেষ অভিযানের বিষয়ে আমাদের রাজ্যের পরিচর্যা-র ফেব্রুয়ারি মাসের ইনসার্টে ঘোষণা করা হয়েছিল। আপনি কি এই অভিযানে পুরোপুরিভাবে অংশ নেওয়ার জন্য ব্যবস্থাদি করেছেন? আপনি কি আমন্ত্রণ জানানোর জন্য পরিচিত ব্যক্তিদের এক তালিকা বানিয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন? যাদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ও সেইসঙ্গে নতুন আগ্রহী ব্যক্তিদেরকে সম্ভাষণ জানানোর জন্য স্মরণার্থের সন্ধ্যায় যথেষ্ট আগে থেকে উপস্থিত থাকার পরিকল্পনা করুন। আপনি হয়তো তাদের সঙ্গে বসতে ও এটা নিশ্চিত করতে চাইবেন যে, তাদের কাছে একটি বাইবেল এবং একটি গানবই রয়েছে। মণ্ডলীর অন্যদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিন। কার্যক্রমের পর তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় করে নিন। ১৫ই এপ্রিল জনসাধারণের উদ্দেশে যে-বিশেষ বক্তৃতাটা দেওয়া হবে, তাতে উপস্থিত থাকার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান। প্রাচীনরা বিশেষভাবে এই বিষয়টা নিশ্চিত করার জন্য আগ্রহী হবে যে, যারা মণ্ডলীর সঙ্গে মেলামেশা করেছে অথচ নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তারা যেন স্মরণার্থের এবং বিশেষ বক্তৃতার জন্য আমন্ত্রণ পায়।
৪ উন্নতি করার জন্য নতুন আগ্রহী এবং নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করুন: স্মরণার্থের বক্তা সংক্ষেপে আমাদের বাইবেল অধ্যয়নের ব্যবস্থার বিষয়ে ব্যাখ্যা করবেন এবং যিহোবা সম্বন্ধে ক্রমাগত শিখে চলার জন্য নতুন আগ্রহী ব্যক্তিদের উৎসাহিত করবেন। আপনি যাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকে আধ্যাত্মিক দিক দিয়ে আরও সাহায্য প্রদান করার ভিত্তি হিসেবে বক্তার মন্তব্যগুলোকে কাজে লাগাতে পারেন। বর্তমানে তারা যদি বাইবেল অধ্যয়ন না করে থাকে, তা হলে স্মরণার্থের পরেই তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে নিশ্চিত হোন এবং বিনামূল্যে বাইবেল অধ্যয়ন ব্যবস্থার নমুনা দেখান। এ ছাড়া, আধ্যাত্মিক উন্নতি করার জন্য মণ্ডলীর সভাগুলোতেও তাদের যোগদান করা প্রয়োজন। (ইব্রীয় ১০:২৪, ২৫) এই কথা মনে রেখে, তাদেরকে নিয়মিতভাবে যোগদান করতে শুরু করার জন্য উৎসাহিত করুন। যে-নিষ্ক্রিয় খ্রিস্টানরা স্মরণার্থে উপস্থিত হয়েছিল, তাদের সঙ্গে প্রাচীনদের সাক্ষাৎ করা এবং বক্তৃতায় যে-বিষয়গুলো তুলে ধরা হয়েছিল, সেগুলো নিয়ে আরও বিবেচনা করার জন্য তাদেরকে সাহায্য করা উচিত। এটা হয়তো তাদেরকে মণ্ডলীতে পুনরায় তাদের কাজ শুরু করার জন্য উৎসাহিত করতে পারে।
৫ যিহোবা ও যিশু আমাদের জন্য যা করেছেন, তা গুরুত্বের সঙ্গে চিন্তা করার জন্য স্মরণার্থ উদ্যাপন আমাদেরকে এক সুযোগ প্রদান করে। এই ধরনের ধ্যান তাঁদের প্রতি আমাদের ভালবাসাকে গভীর করে এবং আমাদের আচারব্যবহারের ওপর প্রভাব ফেলে। (২ করি. ৫:১৪, ১৫; ১ যোহন ৪:১১) এই গুরুত্বপূর্ণ উপলক্ষের জন্য নিজেদের ও আগ্রহী ব্যক্তিদের প্রস্তুত করার সময় এখনই, যে-সময়ে আমরা ‘প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকি।’—১ করি. ১১:২৬.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কেন ২০০৭ সালের ২রা এপ্রিল হল একটা গুরুত্বপূর্ণ তারিখ?
২. কীভাবে আমরা স্মরণার্থের জন্য আমাদের হৃদয় প্রস্তুত করতে পারি?
৩. স্মরণার্থ থেকে উপকার লাভ করার জন্য কীভাবে আমরা আগ্রহী ও নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করতে পারি?
৪. স্মরণার্থ উদ্যাপনের পরেই আধ্যাত্মিক উন্নতি করে চলার জন্য কীভাবে আমরা লোকেদেরকে সাহায্য করতে পারি?
৫. স্মরণার্থ উদ্যাপন করা হয়তো আমাদের ওপর কোন প্রভাব ফেলতে পারে?