ঈশ্বরের বন্ধু হয়ে উঠতে অন্যদের সাহায্য করুন
১ আজকে, সমস্ত জাতি থেকে আসা লোকেরা যিহোবার পথ সম্বন্ধে শিখছে। (যিশা. ২:২, ৩) কিন্তু, “ধৈর্য্য সহকারে ফল উৎপন্ন” করতে হলে, এই ব্যক্তিদের অবশ্যই যিহোবাকে ভালবাসতে হবে। (লূক ৮:১৫; মার্ক ১২:৩০) এই ধরনের ভালবাসা না থাকলে, খারাপ প্রভাবগুলো প্রতিরোধ করার শক্তি অথবা যা সঠিক তা করার সাহস তাদের থাকবে না। যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে অন্যদের সাহায্য করার একটা উপায় হল, তাঁর গুণাবলির প্রতি তাদের উপলব্ধিকে বৃদ্ধি করা। যিহোবার নিকটবর্তী হোন বইয়ে দেওয়া তথ্য মন দিয়ে বিবেচনা করার জন্য তাদের উৎসাহিত করুন।
২ আপনার উদাহরণ: আপনার ব্যক্তিগত কাজকর্ম বাইবেল ছাত্র-ছাত্রীদের হৃদয়ে এক জোরালো প্রভাব ফেলতে পারে। যখন তারা দেখে যে, যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্বকে আপনি মূল্যবান বলে গণ্য করেন এবং এটা আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করে, তখন তারা নিজেরা হয়তো একই ধরনের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার জন্য প্রণোদিত হবে। (লূক ৬:৪০) বস্তুত, আমরা যা বলি তার চেয়ে আমাদের উদাহরণ প্রায়ই অন্যদের ওপর আরও জোরালো প্রভাব ফেলে।
৩ যে-অন্যতম উপায়ে বাবামায়েরা তাদের সন্তানদের ভালবাসতে শিক্ষা দেয়, তা হল তাদের নিজেদের উদাহরণের মাধ্যমে। (দ্বিতী. ৬:৪-৯) এক দম্পতি, যারা তাদের সন্তানদের সত্যে মানুষ করে তুলতে চেয়েছিল, তারা সফল বাবামাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিল। “যাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা সবাই একই কথা বলেছে আর তা হল বাবামার উদাহরণ,” সেই স্বামী বলেছিলেন। অর্থাৎ বাবামায়েরা তাদের পুরো জীবনধারার মাধ্যমে “ঈশ্বরের বন্ধু” হওয়ার অর্থ কী, সেই বিষয়ে তাদের সন্তানদের কাছে এক জীবন্ত উদাহরণ হতে পারে।—যাকোব ২:২৩.
৪ আন্তরিক প্রার্থনা: এ ছাড়া, অন্যদেরকে অন্তর থেকে প্রার্থনা করতে শেখানোর মাধ্যমেও আপনি তাদেরকে যিহোবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করতে পারেন। আপনি হয়তো তাদেরকে যিশুর আদর্শ প্রার্থনার বিষয়ে ও সেইসঙ্গে শাস্ত্রে লিপিবদ্ধ আন্তরিক অনেক প্রার্থনার কথাও বলতে পারেন। (মথি ৬:৯, ১০) আপনি নিজে যেভাবে প্রার্থনা করেন সেটার মাধ্যমে আপনার সন্তানদের এবং বাইবেল ছাত্র-ছাত্রীদের শেখাতে পারেন যে, কীভাবে প্রার্থনা করতে হয়। তারা যখন আপনার আন্তরিক অভিব্যক্তিগুলো শোনে, তখন তারা যিহোবা সম্বন্ধে আপনার অনুভূতি বুঝতে পারে। বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হলে তাদেরকে ‘প্রার্থনায় নিবিষ্ট থাকিতে’ উৎসাহ দিন। (রোমীয় ১২:১২) প্রয়োজনের সময় তারা যখন যিহোবার সাহায্য লাভ করে, তখন তারা একজন প্রকৃত বন্ধু হিসেবে তাঁর ওপর নির্ভর করতে এবং তাঁকে ভালবাসতে শুরু করবে।—গীত. ৩৪:৮; ফিলি. ৪:৬, ৭.