পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
“আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্ত্তুক।” এই শুভেচ্ছাবার্তা, মণ্ডলীগুলোর উদ্দেশে লেখা তার অনেক চিঠিতেই পৌল ব্যবহার করেছিলেন। এটা উপযুক্তভাবেই প্রকাশ করে যে, আপনাদের সকলের জন্য আমরা কী কামনা করি।—ইফি. ১:২.
খ্রিস্ট যিশুর মুক্তির মূল্যরূপ বলিদানের মাধ্যমে যিহোবার কাছ থেকে পাওয়া অনুগ্রহ বা অযাচিত দয়াকে আমরা কতই না উপলব্ধি করি! মুক্তির মূল্যের মাধ্যমে, ঈশ্বরের সামনে আমাদের এক অনুমোদনযোগ্য অবস্থান রয়েছে। আমরা হয়তো যত অধ্যবসায়ের সঙ্গেই বাইবেল অধ্যয়ন, সুসমাচার প্রচার বা অন্যান্য উত্তম কাজ করি না কেন, আমরা কিন্তু আমাদের নিজেদের প্রচেষ্টায় এই অবস্থানে পৌঁছাতে পারতাম না। পাপের ক্ষমা এবং অনন্তজীবন, আমাদের প্রচেষ্টার জন্য পারিশ্রমিক হিসেবে নয় কিন্তু যিশু খ্রিস্টের মাধ্যমে উপহার হিসেবে আমাদের দেওয়া হয়েছে, যা যিহোবার অযাচিত দয়াকেই প্রতিফলিত করে।—রোমীয় ১১:৬.
পৌল সহবিশ্বাসীদের লিখেছিলেন: ‘আমরা নিবেদন করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। কেননা তিনি কহেন, “আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম।” দেখ, এখন সুপ্রসন্নতার সময়; দেখ, এখন পরিত্রাণের দিবস।’ প্রথম শতাব্দীতে যিরূশালেম ধ্বংসের আগে এক ‘প্রসন্নতার সময়’ ছিল। সৎহৃদয়ের লোকেরা যারা যিহোবাকে ভালবাসত তারা আধ্যাত্মিকভাবে রক্ষা পেয়েছিল। পরিশেষে এটা সেই সমস্ত বিশ্বস্ত ব্যক্তিকে আক্ষরিকভাবে পরিত্রাণ পেতে সাহায্য করেছিল, যারা সা.কা. ৭০ সালে যিরূশালেমের ধ্বংসের আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল।—২ করি. ৬:১, ২.
আজকে আমরাও, এক “প্রসন্নতার সময়” ও ‘পরিত্রাণের দিবসে’ বাস করছি। যিহোবা যাদেরকে তাঁর দাস হিসেবে গ্রহণ করেন এবং যারা আধ্যাত্মিকভাবে রক্ষা পাচ্ছে, তাদের ‘সদাপ্রভুর মহাদিনের’ মধ্যে থেকে আক্ষরিকভাবে পরিত্রাণ পাওয়ার আশা রয়েছে যা এখন খুবই নিকটবর্তী।—সফ. ১:১৪.
যিহোবার আসন্ন দিন আমাদের ওপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে। আমাদেরকে দুটো কাজ করতে হবে যা হল, লোকেদেরকে এই বিষয় সম্বন্ধে সতর্ক করা ও সৎহৃদয়ের ব্যক্তিদের যিহোবার অযাচিত দয়া থেকে উপকৃত হতে সাহায্য করা, যাতে তারাও রক্ষা পেতে পারে। পৌল এই দায়িত্ব গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তিনি লিখেছিলেন: “ধিক্ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি।” এ ছাড়া, এই কথাগুলোর দ্বারা তিনি তার অনুভূতিও প্রকাশ করেছিলেন: “বিজ্ঞ ও অজ্ঞ, সকলের কাছে আমি ঋণী। তদনুসারে আমার যতটা সাধ্য, আমি . . . সুসমাচার প্রচার করিতে উৎসুক।”—১ করি. ৯:১৬; রোমীয় ১:১৪, ১৫.
আমরা যদি লোকেদের সতর্ক করার এই অতি গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করি, তা হলে যিহোবার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। যিহোবা ভাববাদী যিহিষ্কেলকে যা বলেছিলেন, সেই সম্বন্ধে আমরা অবগত রয়েছি: “হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে ইস্রায়েল-কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম; তুমি আমার মুখে কথা শুনিবে, এবং আমার নামে তাহাদিগকে চেতনা দিবে। যখন আমি দুষ্ট লোককে বলি, তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দেও, এবং তাহার প্রাণরক্ষার্থে চেতনা দিবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় কিছু না বল, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব।”—যিহি. ৩:১৭, ১৮.
এই শেষকালে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা কঠিন। পারিবারিক বিষয়, জাগতিক কাজকর্ম, মণ্ডলীর কাজ এবং প্রচার এই সমস্তকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ নয়। সেইসঙ্গে আপনাদের মধ্যে অনেককেই অসুস্থতা, বিষণ্ণতা, বার্ধক্য আর এমনকি বিরোধিতার সঙ্গেও মোকাবিলা করতে হয়। আপনাদের মধ্যে অধিকাংশই “ভারাক্রান্ত।” যিশুর বলা এই কথাগুলোর সঙ্গে মিল রেখে আমরা আপনাদের প্রতি সহানুভূতি দেখাতে চাই: “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।” (মথি ১১:২৮) ছোটবড় প্রতিদ্বন্দ্বিতাগুলোর সত্ত্বেও, আপনারা যারা যিহোবাকে বিশ্বস্তভাবে সেবা করে চলার জন্য কঠোর প্রচেষ্টা করে যাচ্ছেন, আন্তরিকভাবে আমরা তাদের সকলের প্রশংসা করছি।
আপনাদের উদ্যোগী প্রচার ও শিক্ষাদানের কাজের ফলস্বরূপ এবং যিহোবার আশীর্বাদের কারণে পৃথিবীব্যাপী প্রতি সপ্তাহে গড়ে ৪,৭৬২ জন করে বাপ্তিস্ম নিয়েছে। গত পরিচর্যা বছরে, ১,৩৭৫টা নতুন মণ্ডলী তৈরি হয়েছে। আমরা আশা ও প্রার্থনা করি যে, বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? নামক নতুন বইটি, যেটি ইতিমধ্যেই ১২০টারও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে সেটি লক্ষ লক্ষ ব্যক্তিকে এই ‘পরিত্রাণের দিবসে’ যিহোবার কাছ থেকে পাওয়া অযাচিত দয়া থেকে উপকৃত হতে এবং শান্তি লাভ করতে সাহায্য করবে।
আপনারা নিশ্চিত থাকুন যে, পরিচালক গোষ্ঠী আপনাদের ভালবাসে আর তাই আমরা আপনাদের জন্য প্রার্থনা করি। আমাদের জন্য আপনারা প্রার্থনা করেন বলে আমরাও আপনাদের ধন্যবাদ জানাই।
আপনাদের ভাইয়েরা,
যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠী