অন্যদেরকে ‘অন্তঃকরণের সহিত আজ্ঞাবহ’ হতে সাহায্য করুন
১ যিহোবাকে গ্রহণযোগ্যভাবে উপাসনা করার ভিত্তি হল আজ্ঞাবহতা বা বাধ্যতা। (দ্বিতী. ১২:২৮; ১ পিতর ১:১৪-১৬) “যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা . . . সুসমাচারের আজ্ঞাবহ হয় না” তাদের ওপর শীঘ্রই ঈশ্বরের বিচার নেমে আসবে। (২ থিষল. ১:৮) কীভাবে আমরা অন্যদেরকে ঈশ্বরের বাক্যের শিক্ষাগুলোর প্রতি ‘অন্তঃকরণের সহিত আজ্ঞাবহ’ হতে সাহায্য করতে পারি?—রোমীয় ৬:১৭.
২ বিশ্বাস ও ভালবাসা গড়ে তুলতে সাহায্য করার দ্বারা: শাস্ত্রে, বিশ্বাসের সঙ্গে বাধ্যতা ওতপ্রোতভাবে জড়িত। প্রেরিত পৌল ‘সনাতন ঈশ্বরের আদেশ, বিশ্বাসের আজ্ঞাবহতা’ সম্বন্ধে বলেছিলেন। (রোমীয় ১৬:২৬) ইব্রীয় ১১ অধ্যায়ে বিশ্বাসের অসংখ্য উদাহরণ রয়েছে, যেগুলোর মধ্যে অনেকটাতে যিহোবার প্রকাশিত ইচ্ছার সঙ্গে মিল রেখে কাজ করা জড়িত ছিল। (ইব্রীয় ১১:৭, ৮, ১৭) অন্যদিকে, অবাধ্যতার সঙ্গে বিশ্বাসের অভাব জড়িত। (যোহন ৩:৩৬; ইব্রীয় ৩:১৮, ১৯) ঈশ্বরের বাক্য ব্যবহারের দক্ষতাকে আমাদের বৃদ্ধি করতে হবে, যাতে অন্যদেরকে সেই ধরনের বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে পারি, যা বাধ্যতা উৎপন্ন করে।—২ তীম. ২:১৫; যাকোব ২:১৪, ১৭.
৩ এ ছাড়া, বাধ্যতার সঙ্গে ঈশ্বরের প্রতি প্রেমও জড়িত। (দ্বিতী. ৫:১০; ১১:১, ২২; ৩০:১৬) “ঈশ্বরের প্রতি প্রেম এই,” ১ যোহন ৫:৩ পদ বলে, “যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি; আর তাঁহার আজ্ঞা সকল দুর্ব্বহ নয়।” কীভাবে আমরা বাইবেল ছাত্রদের যিহোবার প্রতি ভালবাসা গড়ে তুলতে সাহায্য করতে পারি? যিহোবার গুণাবলির প্রতি তাদের উপলব্ধি গড়ে তোলার জন্য অধ্যয়নের সময়ে বিভিন্ন সুযোগ খুঁজুন। ঈশ্বরের প্রতি আপনার নিজের গভীর অনুভূতি প্রকাশ করুন। যিহোবার সঙ্গে এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা সম্বন্ধে ছাত্রকে চিন্তা করতে সাহায্য করুন। অন্য যেকোনো কিছুর চেয়ে, যিহোবার প্রতি ভালবাসা অন্যদেরকে—সেইসঙ্গে আমাদেরকে—হৃদয় থেকে তাঁর বাধ্য হতে পরিচালিত করবে।—মথি ২২:৩৭.
৪ আমাদের উদাহরণের দ্বারা: যে-একটা জোরালো উপায়ে আমরা অন্যদেরকে সুসমাচারের বাধ্য হতে উৎসাহিত করতে পারি, তা হল আমাদের উদাহরণ। কিন্তু, “বুঝিবার [“বাধ্য,” NW] চিত্ত” গড়ে তোলার জন্য আমাদের পক্ষ থেকে ক্রমাগত প্রচেষ্টার দরকার। (১ রাজা. ৩:৯; হিতো. ৪:২৩) এর সঙ্গে কী জড়িত? নিয়মিত বাইবেল অধ্যয়ন ও সভায় উপস্থিতির মাধ্যমে আপনার হৃদয়কে পুষ্ট করুন। (গীত. ১:১, ২; ইব্রীয় ১০:২৪, ২৫) যাদের হৃদয় সত্য উপাসনায় ঐক্যবদ্ধ তাদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন। (হিতো. ১৩:২০) আপনার এলাকার লোকেদের সাহায্য করার এক আন্তরিক ইচ্ছা নিয়ে, নিয়মিতভাবে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নিন। এক উত্তম হৃদয় গড়ে তোলার ক্ষেত্রে নির্দেশনা দিতে যিহোবার সাহায্যের জন্য প্রার্থনা করুন। (গীত. ৮৬:১১) আপনার হৃদয়কে কলুষিত করতে পারে এমন সমস্ত বিষয় এড়িয়ে চলুন যেমন, অনৈতিক অথবা দৌরাত্ম্যপূর্ণ বিনোদন। এমন বিষয়গুলোর অনুধাবন করুন, যেগুলো আপনাকে ঈশ্বরের নিকটবর্তী করে এবং তাঁর সঙ্গে আপনার সম্পর্ককে শক্তিশালী করে।—যাকোব ৪:৭, ৮.
৫ যিহোবা তাঁর প্রাচীনকালের লোকেদের আশ্বাস দিয়েছিলেন যে, তারা যদি তাঁর রবে কর্ণপাত করে, তা হলে আশীর্বাদ তাদেরকে আশ্রয় করবে বা তাদের ওপর থাকবে। (দ্বিতী. ২৮:১, ২, NW) একইভাবে আজকে, যিহোবা “আপন আজ্ঞাবহদিগকে” প্রচুররূপে আশীর্বাদ করছেন। (প্রেরিত ৫:৩২) তাই, আমাদের শিক্ষা ও উদাহরণের দ্বারা আমরা যেন অন্যদেরকে হৃদয় থেকে বাধ্য হতে সাহায্য করি।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. যিহোবা তাঁর উপাসকদের কাছ থেকে কী চান?
২. অন্যদেরকে দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করা কেন গুরুত্বপূর্ণ?
৩. (ক) কীভাবে বাধ্যতার সঙ্গে প্রেম জড়িত? (খ) কীভাবে আমরা বাইবেল ছাত্রদের যিহোবার প্রতি ভালবাসা গড়ে তুলতে সাহায্য করতে পারি?
৪. (ক) কেন আমাদের উদাহরণ গুরুত্বপূর্ণ? (খ) “বাধ্য চিত্ত” গড়ে তোলার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে?
৫. কীভাবে বাধ্য ব্যক্তিরা আশীর্বাদপ্রাপ্ত হচ্ছে?