পারিবারিক তালিকা—মণ্ডলীর সভাগুলো
১ আপনি যদি একজন খ্রিস্টান বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে আপনি চাইবেন আপনার সন্তানরা যেন প্রেমে বড় হয়ে ওঠে ও যিহোবাকে সেবা করে আর পরিশেষে, ঈশ্বরের প্রতিজ্ঞাত নতুন জগতে অনন্তজীবন লাভ করে। যিহোবার উপাসনাকে তাদের জীবনে প্রথম স্থান দেওয়ার জন্য আপনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন? একটা প্রধান উপায় হল, আপনার উদাহরণের দ্বারা। (হিতো. ২০:৭) একজন বোন তার বিশ্বাসী মায়ের উদাহরণের কথা স্মরণ করে বলেছিলেন: “আমরা সভায় যাব কি না, সেই বিষয়ে কখনো কোনোরকম সন্দেহ ছিল না।” এটা তার ওপর এক স্থায়ী ছাপ ফেলেছিল।
২ আপনার পরিবার কি মণ্ডলীর সভাগুলোর উদ্দেশ্য উপলব্ধি করে? এই সমাবেশগুলোতে আমরা যে-শিক্ষা পাই, তা ঈশ্বরের ইচ্ছা পালন করে চলতে আমাদের শক্তিশালী করে আর আমাদের ভাইবোনদের সঙ্গে যে-সাহচর্য আমরা উপভোগ করি, তা আশ্বাস বা উৎসাহের এক অমূল্য উৎস। (যিশা. ৫৪:১৩; রোমীয় ১:১১, ১২) কিন্তু, এই ধরনের সভাগুলোর প্রাথমিক উদ্দেশ্য হল, “মণ্ডলীগণের মধ্যে” যিহোবার প্রশংসা করা। (গীত. ২৬:১২) যিহোবার প্রতি আমাদের প্রেম প্রদর্শন করতে এবং তাঁর উপাসনা করতে খ্রিস্টীয় সভাগুলো আমাদের বিভিন্ন সুযোগ প্রদান করে থাকে।
৩ “ভাল করিয়া দেখ”: আমাদের সভাগুলোর পবিত্র উদ্দেশ্যর প্রতি উপলব্ধি আমাদেরকে ‘ভাল করিয়া দেখিতে’ পরিচালিত করবে, যাতে আমরা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দেখাশোনা করতে গিয়ে ধীরে ধীরে সভাগুলোকে বাদ দেওয়ার অভ্যাস গড়ে না তুলি। (ইফি. ৫:১৫, ১৬; ইব্রীয় ১০:২৪, ২৫) আপনার পারিবারিক তালিকা তৈরি করার সময়, আপনি হয়তো মণ্ডলীর সভাগুলোর জন্য সময় তালিকাভুক্ত করে তা শুরু করতে পারেন। এরপর সতর্ক থাকুন যেন অন্যান্য কাজকর্ম সেগুলোতে বাধা সৃষ্টি না করে। নিশ্চিত করুন যে, সভায় উপস্থিত হওয়া হচ্ছে আপনার পরিবারের জন্য এক অপরিহার্য বিষয়।
৪ সভা ও সম্মেলনগুলোতে উপস্থিত হওয়ার জন্য আমরা যখন আমাদের ভাইবোনদের বাধাগুলোকে কাটিয়ে ওঠার বিষয়ে পড়ি, তখন কি আমরা অনুপ্রাণিত হই না? যদিও আপনার পরিস্থিতিগুলো হয়তো ততটা উল্লেখযাগ্য নয় কিন্তু আপনিও সম্ভবত বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন। ঈশ্বরের লোকেদের জন্য যিহোবার উপাসনা করাকে শয়তান ক্রমবর্ধমানভাবে কঠিন করে তুলছে। কিন্তু নিশ্চিত থাকুন যে, আপনার সন্তানরা মণ্ডলীর সভাগুলোতে উপস্থিত হওয়ার জন্য পরিবারের সংকল্পবদ্ধ প্রচেষ্টাকে অবশ্যই লক্ষ করবে। বস্তুতপক্ষে তা করে, আপনি হয়তো তাদের এক আত্মিক বর দিতে পারেন, যা কখনো ভোলা যাবে না।