ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৫ পৃষ্ঠা ৪-৫
  • মহাসমাজের মধ্যে যিহোবার স্তব করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মহাসমাজের মধ্যে যিহোবার স্তব করুন
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার অপেক্ষা করুন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মর্যাদা প্রদর্শন করার দ্বারা খ্রিস্টকে অনুসরণ করুন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিকভাবে ভোজন ও আনন্দ করার এক উপলক্ষ
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • জেলা সম্মেলনগুলো —আনন্দপূর্ণ উপাসনার এক সময়
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৫ পৃষ্ঠা ৪-৫

মহাসমাজের মধ্যে যিহোবার স্তব করুন

১ প্রতি বছর আমাদের জেলা সম্মেলনগুলো যিহোবাকে গৌরবান্বিত করার এক চমৎকার সুযোগ আমাদের প্রদান করে। আমাদের অনুভূতি ঠিক দায়ূদের মতো যিনি গেয়েছিলেন: “আমি মহাসমাজের মধ্যে তোমার স্তব করিব, বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করিব।” (গীত. ৩৫:১৮) আসন্ন “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলনে কীভাবে আমরা এই বিষয়টা নিশ্চিত করব যে, এক ঐক্যবদ্ধ দল হিসেবে আমরা যিহোবার প্রশংসার কারণ হতে পারি?

২ যে-একটা উপায়ে আমরা তা করতে পারি, সেটা হল আমাদের আচারব্যবহারের মাধ্যমে। এক সম্মেলন হলের পরিচালকবর্গ বলেছিল: “আপনাদের বিভিন্ন সম্মেলনের ওপর ভিত্তি করে, আমরা হলটা ভাড়া নিতে চায় এমন অন্যান্য ধর্মীয় দলকে বলেছি, যাতে তারা যিহোবার সাক্ষিরা কীভাবে তাদের সম্মেলনের ব্যবস্থা করে থাকে, তা এসে দেখে যায় কারণ তাদের ব্যবস্থাপনা অত্যন্ত নিখুঁত।” আমাদের বেশভূষা, আমাদের সহযোগিতা এবং আমাদের আচারব্যবহারের দ্বারা আমরা প্রত্যেকে এই ধরনের উচ্চ প্রশংসার অভিব্যক্তিগুলোর ক্ষেত্রে অবদান রাখি, যেটা উপযুক্তভাবে ঈশ্বরের প্রাপ্য।​—⁠১ পিতর ২:⁠১২.

৩ ব্যক্তিগত বেশভূষা: যিহোবার প্রশংসা আনে এমনভাবে পোশাক-আশাক পরা ও সাজগোজ করার জন্য সলজ্জ হওয়া বা শালীনতা বজায় রাখা প্রয়োজন। (১ তীম. ২:৯) পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ১৩২ পৃষ্ঠায় বলা আছে: “শালীনতা বজায় রাখেন এমন একজন ব্যক্তি অন্যদের অযথা অসন্তুষ্ট না করার এবং নিজের প্রতি অত্যধিক মনোযোগ আকর্ষণ না করার ব্যাপারে সচেতন থাকেন।” অনেক দেশে অমার্জিত পোশাক-আশাক খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। কিন্তু, সঠিকভাবে যিহোবাকে প্রতিনিধিত্ব করতে আমাদের প্রচেষ্টাকে তিনি উপলব্ধি করেন। (প্রেরিত ১৫:১৪) যদিও সম্মেলনটি কোনো খেলাধুলার মাঠে অথবা বিনোদনমূলক কাজে ব্যবহৃত হলে অনুষ্ঠিত হতে পারে কিন্তু সমাবেশটি তিন দিনের সেই সম্মেলনের সময়ে “মহাসমাজের” রূপ নেয়। তাই, আমরা যখন যিহোবার সামনে উপস্থিত হই, তখন আমাদের সম্মানজনক উপায়ে পোশাক-আশাক পরা উচিত, যা নিখিলবিশ্বের সর্বোচ্চ ব্যক্তির কাছে উপযুক্ত।​—⁠১ বংশা. ২৯:​১১, বাংলা ইজি-টু-রিড ভারসন।

৪ এ ছাড়া, আমাদের প্রতিদিনের অধিবেশন শেষ হওয়ার পরেও আমাদের বেশভূষার প্রতি মনোযোগ দেওয়া দরকার। যদিও আমরা এমনকি অবসর সময়ে অথবা রেস্টুরেন্টে খাওয়ার সময়ে আরও আরামদায়ক জামাকাপড় পড়তে চাইতে পারি কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে, আমাদের পোশাক-আশাক ও সাজগোজ যেন তখনও ‘ঈশ্বর-ভক্তি অঙ্গীকারি’ লোকেদের যোগ্য হয়। (১ তীম. ২:১০) কী ধরনের পোশাক-আশাক গ্রহণযোগ্য, তা জগতে যা জনপ্রিয় সেটার দ্বারা নির্ধারণ করা হয় না। (১ যোহন ২:​১৬, ১৭) আমাদের খ্রিস্টীয় প্রকাশনাগুলোতে বিভিন্ন পরিস্থিতিতে পুরুষ ও নারীদের পরনের মার্জিত, সুসজ্জিত পোশাক-আশাকের নানা ছবি পাওয়া যায়। সম্মেলন শহরে থাকার সময় আমাদের ব্যাজ কার্ডগুলো পরে থাকা এটা মনে করিয়ে দেবে যে, আমরা দিনের প্রতিটা মুহূর্তেই একজন খ্রিস্টান পরিচারক।​—⁠২ করি. ৬:​৩, ৪.

৫ যিহোবার মেজের প্রতি সম্মান দেখান: নিখিলবিশ্বের সার্বভৌম প্রভু আমাদের সামনে একটা ভোজ প্রস্তুত করেছেন। (যিশা. ২৫:৬; ১ করি. ১০:২১) যিহোবার আধ্যাত্মিক মেজে আমাদের উপস্থিতিকে আমরা যদি উচ্চমূল্য দিই, তা হলে সম্মেলনের তিন দিনই যোগ দেওয়া হবে আমাদের লক্ষ্য। আপনি কি থাকার, যাতায়াতের এবং চাকরি থেকে ছুটি নেওয়ার ব্যবস্থা করেছেন? আপনি কি প্রস্তুতি নেওয়া এবং যাওয়া-আসা করার জন্য যথেষ্ট সময় হাতে রেখেছেন, যাতে আপনি সম্মেলন স্থলে জায়গা খুঁজে পাওয়ার, আপনাদের ভাইবোনদের সঙ্গে মেলামেশা করার এবং শুরুর গান ও প্রার্থনায় যিহোবার প্রশংসা করায় যোগ দেওয়ার জন্য একটু আগেই পৌঁছাতে পারেন?​—⁠গীত. ১৪৭:⁠১.

৬ যিহোবার মেজের প্রতি সম্মান আমাদেরকে কার্যক্রমের প্রতি মনোযোগ দিতে এবং অন্যদের সঙ্গে অযথা কথাবার্তা বলা, খাওয়াদাওয়া করা বা বারান্দাগুলোতে চলাফেরা করা এড়িয়ে চলতে পরিচালিত করবে। বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে, যিহোবা আধ্যাত্মিক খাবার জোগাচ্ছেন, যেটা আমাদের এখনই প্রয়োজন। (মথি ২৪:৪৫) এগুলোর কোনোটাতেই আমাদের অনুপস্থিত থাকা উচিত নয়। বাবামাদের উচিত তাদের ছেলেমেয়েদের সঙ্গে বসা এবং পুরোপুরিভাবে তাদের উপকৃত হতে সাহায্য করা।​—⁠দ্বিতী. ৩১:⁠১২.

৭ অনুরোধ করা হচ্ছে যে, দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য আমরা যেন সম্মেলন স্থল ছেড়ে যাওয়ার চেয়ে বরং সঙ্গে করে দুপুরের খাবার নিয়ে আসি। এটা প্রশংসনীয় যে, গত বছরের সম্মেলনে অধিকাংশ ভাইবোনেরা এই নির্দেশনা নিখুঁতভাবে পালন করেছে। এটা কতই না উত্তম হবে যদি এই বছর সবাই তা পালন করে! (ইব্রীয় ১৩:১৭) এই ব্যবস্থা আমাদের ভাইবোনের সঙ্গে গঠনমূলক সাহচর্য উপভোগ করার এক উত্তম সুযোগ প্রদান করে এবং একতা ও শান্তিপূর্ণ এক পরিবেশের ক্ষেত্রে অবদান রাখে, যা যিহোবার সম্মান নিয়ে আসে।​—⁠গীত. ১৩৩:⁠১.

৮ রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়া: সম্মেলন স্থল থেকে যাওয়া-আসা করার সময়, আমাদের ওষ্ঠাধরের মাধ্যমে যিহোবার প্রশংসা করার অনেক সুযোগ আমাদের রয়েছে। (ইব্রীয় ১৩:১৫) রেস্টুরেন্টে খাওয়াদাওয়া বা হোটেল কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলা, যা-ই করি না কেন, আসুন আমরা সাক্ষ্য দেওয়ার উপায়গুলো খুঁজে নিই। সম্মেলন থেকে পাওয়া আধ্যাত্মিক ধনে আমাদের হৃদয় ও মন পূর্ণ হবে। আসুন, আমরা এই উত্তম বিষয়গুলো সেইসমস্ত ব্যক্তিদের জানাই, যাদের সঙ্গে আমাদের রীতিবহির্ভূতভাবে সাক্ষাৎ হয়।​—⁠১ পিতর ৩:⁠১৫.

৯ আমরা “মণ্ডলীগণের মধ্যে” যিহোবার স্তব করার এই সুযোগের জন্য আকুলভাবে অপেক্ষা করে আছি। (গীত. ২৬:১২) আমরা যেন “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলনে ঐক্যবদ্ধ হয়ে যিহোবার স্তব করি।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১, ২. জেলা সম্মেলন আমাদের কোন সুযোগ প্রদান করে এবং কোন কোন উপায়ে আমরা এটা সম্পাদন করতে পারি?

৩, ৪. কীভাবে শালীনতা আমাদেরকে সম্মেলনে এবং অধিবেশনগুলোর পরে এমনভাবে পোশাক-আশাক পরতে সাহায্য করবে, যা খ্রিস্টান পরিচারকদের জন্য উপযুক্ত?

৫, ৬. যিহোবার আধ্যাত্মিক মেজের প্রতি আমরা কীভাবে সম্মান দেখাতে পারি?

৭. দুপুরের খাবারের জন্য আমাদের কী করতে অনুরোধ জানানো হয়েছে এবং কেন?

৮, ৯. সম্মেলন আমাদের যিহোবাকে প্রশংসা করার আরেকটা কোন সুযোগ প্রদান করে?

[৫ পৃষ্ঠার বাক্স]

জেলা সম্মেলনের অনুস্মারকগুলো

▪ কার্যক্রমের সময়সূচি: তিন দিনই কার্যক্রম সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে। হলের দরজা সকাল ৮টায় খুলে দেওয়া হবে। অধিবেশন শুরু হওয়ার কিছু সময় আগে সভাপতি মঞ্চে এসে বসবেন আর রাজ্যের গানের যন্ত্রসংগীত বাজানো হবে। সেই সময়ে আমাদের সকলের আসনে বসে যাওয়া উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। কার্যক্রম প্রথম ও দ্বিতীয় দিন বিকেল ৫:০৫ মিনিটে এবং তৃতীয় দিন ৪:১০ মিনিটে শেষ হবে।

▪ পার্কিং: সমস্ত সম্মেলন স্থলে যেখানে আমরা পার্কিং করার অনুমতি পেয়েছি সেখানে যিনি প্রথমে আসবেন তিনি বিনামূল্যে গাড়ি রাখার জায়গা প্রথমে পাবেন। সম্মেলন ব্যাজ কার্ডগুলো পার্কিংয়ের জন্য শনাক্তিকরণ চিহ্ন হিসেবে কাজ করবে। পার্কিংয়ের জায়গা যেহেতু সীমিত, তাই একটা গাড়িতে একজন বা দুজন ব্যক্তি আসার চেয়ে যতটা সম্ভব বেশ কয়েক জন মিলে একটা গাড়ি ব্যবহার করা উচিত।

▪ আসন সংরক্ষণ: যারা আপনার সঙ্গে বাস করে তাদের বা আপনার বাইবেল ছাত্র-ছাত্রীর জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে।

▪ দান: একটা জেলা সম্মেলনের ব্যবস্থাদি করার পিছনে যথেষ্ট অর্থ ব্যয় করা হয়। আমরা আমাদের কিংডম হলে বা সম্মেলনে শিক্ষামূলক কাজের জন্য স্বেচ্ছায় দান দেওয়ার মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। সম্মেলনে দান হিসেবে দেওয়া যেকোনো চেক “ওয়াচ টাওয়ার” এর নামে হওয়া উচিত।

▪ দুপুরের খাবার: দয়া করে দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য সম্মেলন স্থল ছেড়ে যাওয়ার চেয়ে বরং দুপুরের খাবার সঙ্গে নিয়ে আসুন। ছোট ব্যাগ ও টিফিন বাক্সগুলো ব্যবহার করা যেতে পারে, যেগুলোকে আসনের নীচে রাখা যায়। বড় ধরনের জিনিসপত্র যেগুলো হাঁটাচলার পথে ব্যাঘাত জন্মাবে সেগুলো অবশ্যই ক্লোকরুমে রাখতে হবে।

▪ রেকর্ডিং: যেকোনো ধরনের রেকর্ডার সম্মেলন হলের ইলেকট্রিক অথবা সাউন্ড সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা উচিত নয় এবং সেগুলো কেবল এমনভাবে ব্যবহার করা যেতে পারে, যাতে অন্যেরা বিঘ্নিত না হয়।।

▪ ছবি তোলা: অধিবেশন চলাকালীন যদি আপনি ছবি তোলেন, তা হলে কোনো ফ্ল্যাশ ব্যবহার করা উচিত নয়।

▪ পেজার ও সেল ফোন: এগুলো এমনভাবে সেট করে রাখা উচিত, যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না করে।

▪ দুর্ঘটনা ও জরুরি অবস্থা: সম্মেলন স্থলে যদি কোনো চিকিৎসাজনিত জরুরি অবস্থা দেখা দেয়, তা হলে দয়া করে কাছাকাছি রয়েছে এমন কোনো পরিচারকের সঙ্গে যোগাযোগ করুন, যিনি তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা বিভাগকে জানাবেন, যাতে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের অভিজ্ঞ ব্যক্তিরা পরিস্থিতির গুরুত্ব মূল্যায়ণ করতে ও সাহায্য করতে পারেন।

▪ রেস্টুরেন্টগুলো: অনেক জায়গায় যে ধরনের সেবা প্রদান করা হয়, সেটার পরিপ্রক্ষিতে বকশিশ ছেড়ে আসার প্রথা রয়েছে।

▪ হোটেলগুলো: (১) প্রয়োজনের চেয়ে বেশি রুম বুক করবেন না এবং যতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে তার চেয়ে বেশি লোককে আপনার রুমে রাখবেন না। (২) আপনাকে যদি বুক করা রুম বাতিল করতেই হয়, তা হলে সঙ্গে সঙ্গে হোটেলকে জানিয়ে দিন। (৩) মালপত্র বহনের ট্রলি তখনই নিয়ে যান, যখন আপনি তা ব্যবহার করার জন্য তৈরি আছেন। (৪) রুমে রান্নাবান্না করার অনুমতি না থাকলে, তা করবেন না। (৫) যে-ব্যক্তি রুম পরিষ্কার করেন, তার জন্য প্রতিদিন কিছু বকশিশ ছেড়ে যান। (৬) হোটেলে থাকাকালীন, অতিথিদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার, কফি বা বরফ দেওয়ার যে-ব্যবস্থা থাকে, সেই সুবিধার অপব্যবহার করবেন না। (৭) হোটেলের কর্মচারীদের সঙ্গে আচারব্যবহারে, বিশেষ করে হোটেলে ঢোকা ও ছাড়ার ব্যস্ত সময়গুলোতে আত্মার ফল প্রদর্শন করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার