আপনি কি পত্রিকা দিবসের কর্মসূচিতে অংশ নেন?
১ ভারতে ১৮ কোটিরও বেশি লোক নিয়মিতভাবে বিভিন্ন পত্রিকা ও খবরের কাগজ ক্রয় করে। ফলে আরও কোটি কোটি পাঠক-পাঠিকা সেগুলো পড়ে থাকে। যদি প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা তাদের নিয়মিত পাঠ্যতালিকার অংশ হয়, তা হলে খুবই উপকারজনক হবে। আর তা হতে পারে যদি আমরা পত্রিকা দিবসের কর্মসূচিতে উদ্যোগের সঙ্গে অংশ নিই।
২ আমাদের ২০০৪ সালের ক্যালেন্ডার প্রত্যেক শনিবারকে পত্রিকা দিবস হিসেবে তালিকাভুক্ত করে। এর সঙ্গে মিল রেখে অনেক মণ্ডলী একটা নির্দিষ্ট দিন আলাদা করে রাখে, যেদিন কেবলমাত্র পত্রিকা দিয়ে সাক্ষ্য দেওয়া হবে। আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রত্যেক মাসে যেমন দেওয়া থাকে, সেই সংক্ষিপ্ত উপস্থাপনার প্রয়োগ আমাদেরকে পত্রিকা দিবসে এলাকার বেশির ভাগ অংশে কাজ শেষ করতে সমর্থ করে। অন্য দিনগুলোতে আমরা জগৎ পরিস্থিতি সম্বন্ধে কথা বলে এবং নির্ধারিত প্রকাশনাদি বা চান ব্রোশার দিয়ে বাইবেল অধ্যয়ন করার আমন্ত্রণ জানিয়ে গৃহকর্তার সঙ্গে আরেকটু বেশি সময় ব্যয় করতে পারি।
৩ আপনি কীভাবে আপনার মণ্ডলীর পত্রিকা দিবসকে সমর্থন করতে পারেন?
▪ পত্রিকাগুলো পড়ুন: একজন ভ্রমণ অধ্যক্ষ রিপোর্ট করেছিলেন যে, তার সীমায় গড়ে ২০ জন প্রকাশকের মধ্যে মাত্র ১ জন প্রকাশক প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার প্রত্যেকটি সংখ্যা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ে থাকেন। আপনি কি পড়েন? প্রত্যেকটি প্রবন্ধ পড়ার সময় নিজেকে জিজ্ঞেস করুন, ‘কে এই তথ্যটা উপলব্ধি করবে—একজন মা, কোনো হিন্দু ব্যবসায়ী অথবা কোনো মুসলমান তরুণ বা তরুণী?’ আপনার ব্যক্তিগত কপিতে একটা বা দুটো বিষয় চিহ্নিত করুন, যা পত্রিকা উপস্থাপন করার সময় আপনি ব্যবহার করতে পারেন। তারপর চিন্তা করুন যে, দুএক কথায় কীভাবে আপনি বিষয়টার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে পারেন।
▪ নির্দিষ্টভাবে পত্রিকার অর্ডার দিন: যে-ভাই পত্রিকা বিভাগ দেখাশোনা করেন, তাকে পত্রিকার প্রত্যেক সংখ্যার নির্দিষ্ট পরিমাণ কপির একটি বাস্তবসম্মত অর্ডার দিন। এইভাবে আপনি ও আপনার পরিবার নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে পত্রিকা পেতে পারবেন।
▪ নিয়মিত পত্রিকা দিবসের একটি তালিকা করুন: মণ্ডলীর নির্ধারিত দিনগুলো থেকে এক বা একাধিক দিন বেছে নিয়ে নিয়মিতভাবে পত্রিকা দিয়ে সাক্ষ্যদানে অংশ নিন। যদি তা করা সম্ভব না হয়, তা হলে পত্রিকা নিয়ে রাস্তায় সাক্ষ্যদান এবং ঘরে ঘরে পরিচর্যা ও পত্রিকা রুটে ব্যক্তিগত পত্রিকা বিতরণের জন্য মাঝে মাঝে নিয়মিতভাবে কিছু সময় ব্যয় করার চেষ্টা করুন।
▪ পত্রিকার একটা সংক্ষিপ্ত উপস্থাপনার মহড়া করুন: প্রত্যেক মাসে নমুনা উপস্থাপনা হিসেবে “পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়,” অংশ তুলে ধরা হয়। আপনার কাছে যদিও পুরনো পত্রিকা অথবা অন্যান্য ভাষার ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে, তবুও চলতি পত্রিকাগুলো উপস্থাপন করার পরিকল্পনা করুন এবং প্রস্তাবিত উপস্থাপনাগুলো সম্বন্ধে ভালভাবে অবগত থাকুন।
▪ “প্রহরীদুর্গ” ও “সচেতন থাক!” পত্রিকা সম্বন্ধে সজাগ থাকুন: যাত্রায় অথবা কেনাকাটা করার সময় পত্রিকার বিভিন্ন সংখ্যা নিজের কাছে রাখুন। সহকর্মী, প্রতিবেশী, সহপাঠী অথবা শিক্ষকের সঙ্গে কথা বলার সময় এগুলো অর্পণ করুন।
৪ মণ্ডলীর প্রাচীনরা কীভাবে সাহায্য করতে পারে?
▪ পত্রিকা কর্মসূচির তালিকা করুন: এলাকার সমস্ত জায়গায় বাস্তবসম্মত ব্যবস্থাগুলো করা হলে অনেকেই অংশ নিতে উৎসাহিত হবে।
▪ পালকীয় সাক্ষাৎগুলো করার সময় সাহায্য করুন: বই অধ্যয়ন অধ্যক্ষরা তাদের নিয়মিত পালকীয় সাক্ষাৎ করার সময় পরিবারগুলোকে সহজ পত্রিকা উপস্থাপনা করার জন্য প্রস্তুতি নেওয়ায় ও মহড়া করায় সাহায্য করতে পারে। অনেক প্রকাশক উত্তমভাবে মহড়া করা পত্রিকা উপস্থাপনা তুলে ধরার মাধ্যমে পরিচর্যায় প্রথম কথা বলা শুরু করেছিল।
▪ ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো ব্যবহার করুন: পত্রিকা দিবসে ক্ষেত্রে যাওয়ার আগে দলের সঙ্গে ১০ থেকে ১৫ মিনিট চলতি উপস্থাপনাগুলো পুনরালোচনা করুন।
▪ ক্ষেত্রে প্রকাশকদের সঙ্গে কাজ করুন: এটা করা কার্যকরীভাবে কীভাবে পত্রিকা অর্পণ করা যায়, তা প্রদর্শন করার সুযোগ প্রদান করে এবং নতুন প্রকাশকদের সাহায্যকারী প্রশিক্ষণ জোগায়।
৫ এখনও কোটি কোটি লোক সুসমাচার শোনেনি। তাদের সত্যে পরিচালিত করতে যা প্রয়োজন, মাত্র একটি পত্রিকাতেই সেই তথ্যগুলো থাকতে পারে! ঘোষণা করার জন্য যিহোবা আমাদের রোমাঞ্চকর বার্তা দিয়েছেন আর আমাদের পত্রিকাগুলো অন্যদের সেই বার্তা জানানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি কি ভবিষ্যতে পত্রিকা বিতরণের জন্য আরও সচেতন হবেন? আপনি কি সামনের সাপ্তাহিক ছুটির দিন থেকেই এই পরামর্শগুলোর কয়েকটা প্রয়োগ করবেন? যদি করেন, তা হলে আপনি প্রচুর আশীর্বাদ পাবেন।