সাক্ষি নয় এমন সাথিদের আমরা কীভাবে সাহায্য করতে পারি?
১ যিহোবার অনেক দাস এমন ব্যক্তিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছে, যারা সাক্ষিদের প্রতি বন্ধুত্বপরায়ণ এবং মণ্ডলীর প্রতিও আগ্রহ দেখায় কিন্তু তারা ঈশ্বরের দাস হওয়া থেকে নিজেদের বিরত রাখে। একজন স্বামী স্বীকার করেছিলেন: “ঘরে ঘরে কাজ করার ধারণাটা আমার কাছে এক বিরাট বাধা ছিল।” অন্যদের হয়তো অশাস্ত্রীয় অভ্যাসগুলো রয়েছে, যেগুলো তাদের কাটিয়ে ওঠা দরকার অথবা তারা হয়তো মনে করতে পারে যে, তারা কখনোই তাদের সাথিদের মতো ব্যস্ত ঐশিক তালিকা মেনে চলতে পারবে না। আমরা কীভাবে তাদের সাহায্য করতে পারি?
২ ব্যক্তিগত আগ্রহ দেখান: অন্যদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখানো এবং তাদের চিন্তার বিষয়গুলোর প্রতি লক্ষ রাখা হয়তো তাদের জন্য বাইবেলের সত্যের প্রতি সাড়া দেওয়ার পথ খুলে দিতে পারে। (ফিলি. ২:৪) যারা আগে তাদের সাথির বিশ্বাসে বিশ্বাসী ছিল না, তারা প্রায়ই অন্যদের প্রেমপূর্ণ আগ্রহ দেখানোর বিষয়ে উল্লেখ করে। যে-স্বামীর কথা আগে উদ্ধৃতি করা হয়েছে তিনি বলেন, ‘মণ্ডলীর একজন প্রাচীন, হোসে আমার প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। আমার মনে হয় যে, তার উৎসাহের কারণেই আমি গুরুত্বের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলাম।’ আরেকজন স্বামী স্মরণ করে বলেন যে, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা ভাইয়েরা তার আগ্রহগুলোর বিষয়ে কথা বলার প্রচেষ্টা করেছিল। “আমি [আমার স্ত্রীর] বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছিলাম,” তিনি বলেছিলেন। “তার বন্ধুবান্ধবরা ছিল খুবই বুদ্ধিমান, যারা বিভিন্ন বিষয়ে কথা বলতে পারত।”—১ করি. ৯:২০-২৩.
৩ ব্যবহারিক সাহায্য করুন: সাক্ষি নয় এমন সাথিরা তাদের প্রতি করা সদয় সহযোগিতার দ্বারাও প্রভাবিত হতে পারে। (হিতো. ৩:২৭; গালা. ৬:১০) একবার একজন অবিশ্বাসী স্বামীর গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এক যুবক সাক্ষি তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। “সেই বিষয়টা আমাকে সত্যিই প্রভাবিত করেছিল,” তিনি স্মরণ করেন। আরেকজন ভাই একজন অবিশ্বাসী বোনের স্বামীকে তার বাড়ির চারিদিকের প্রাচীর নির্মাণে পুরোদিন সাহায্য করেছিলেন। একসঙ্গে কাজ করার ও কথা বলার সময়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেই ব্যক্তি দুই সপ্তাহ পরে সেই ভাইয়ের কাছে আসেন এবং বলেন: “আমার জীবনে কিছু পরিবর্তন করার এখনই সময়। আপনি কি আমাকে বাইবেল অধ্যয়ন করাবেন?” তিনি খুব দ্রুত উন্নতি করেছিলেন আর এখন একজন বাপ্তাইজিত সাক্ষি।
৪ আমাদের এলাকায় যোগ্য ব্যক্তিদের সন্ধান করে চলার সময় আসুন আমরা ক্রমাগত তাদের কাছেও যাই, যারা আমাদের সহবিশ্বাসীদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছে।—১ তীম. ২:১-৪.