যিহোবাকে আমাদের সর্বোত্তম অংশটুকু উৎসর্গ করা
১ ইস্রায়েলকে দেওয়া যিহোবার ব্যবস্থায় নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, তাঁর উদ্দেশে উপহার হিসেবে দেওয়া বলির পশু “নির্দ্দোষ” হতে হবে। খুঁতযুক্ত পশু গ্রহণযোগ্য ছিল না। (লেবীয়. ২২:১৮-২০; মালাখি ১:৬-৯) এ ছাড়া যখন বলি দেওয়া হতো, তখন সমস্ত মেদ—সর্বোৎকৃষ্ট অংশটুকু—যিহোবার অধিকারভুক্ত ছিল। (লেবীয়. ৩:১৪-১৬) ইস্রায়েলের পিতা ও সর্বমহান প্রভু হিসেবে যিহোবা সর্বশ্রেষ্ঠ অংশটুকু পাওয়ার যোগ্য ছিলেন।
২ প্রাচীনকালের মতো আজকেও ঈশ্বর আমাদের উৎসর্গের গুণগত মানের বিষয়ে খুবই আগ্রহী। আমাদের সেবায় যিহোবার প্রতি উপযুক্ত গভীর শ্রদ্ধা প্রতিফলিত হওয়া উচিত। অবশ্য একেক জনের পরিস্থিতি একেকরকম। তা সত্ত্বেও, আমাদের নিজেদের পরীক্ষা করে এই বিষয়ে নিশ্চিত হওয়ার উপযুক্ত কারণ রয়েছে যে, আমরা তাঁকে আমাদের সর্বোত্তম অংশটুকু দিচ্ছি কি না।—ইফি. ৫:১০.
৩ পূর্ণ-হৃদয়ে সেবা: আমাদের পরিচর্যা যিহোবার সম্মান ও আমাদের শ্রোতাদের হৃদয়কে স্পর্শ করার জন্য হতে হলে, তা আন্তরিকতাশূন্য হতে পারে না। আমাদের ঈশ্বর এবং তাঁর সর্বমহান উদ্দেশ্যগুলোর বিষয়ে আমাদের অভিব্যক্তি উপলব্ধিতে উপচে পড়া হৃদয় থেকে উদ্ভূত হওয়া উচিত। (গীত. ১৪৫:৭) এটা ব্যক্তিগত বাইবেল পড়া ও অধ্যয়নের এক উত্তম কার্যক্রম বজায় রাখার গুরুত্বকে তুলে ধরে।—হিতো. ১৫:২৮.
৪ এ ছাড়া, যিহোবাকে আমাদের সর্বোত্তম অংশটুকু দেওয়ার সঙ্গে লোকেদের প্রতি তাঁর ভালবাসাকে অনুকরণ করা জড়িত। (ইফি. ৫:১, ২) লোকেদের জন্য ভালবাসা আমাদেরকে যত বেশি লোকেদের কাছে সম্ভব সত্যের জীবনদায়ক বার্তা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে প্রেরণা দেবে। (মার্ক ৬:৩৪) এটা আমাদেরকে যাদের সঙ্গে আমরা কথা বলি, তাদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাতে চালিত করে। এ ছাড়া, এটা আমাদেরকে প্রথম সাক্ষাতের পরই তাদের বিষয়ে চিন্তা করে চলতে এবং এরপরে পুনর্সাক্ষাৎ করতে প্রণোদিত করে। তাদের আধ্যাত্মিক অগ্রগতিতে সাহায্য করার জন্য আমাদের যথাসম্ভব করতে এটা আমাদের অনুপ্রাণিত করে।—প্রেরিত ২০:২৪; ২৬:২৮, ২৯.
৫ “স্তব-বলি”: আরেকটা উপায়ে আমরা যিহোবাকে আমাদের সর্বোত্তম অংশটুকু দিই আর তা হল পরিচর্যায় অধ্যবসায়ী হয়ে। যখন আমরা সুসংগঠিত থাকি এবং এই কাজের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করি, তখন আমরা আমাদের প্রাপ্ত সময়ে সর্বোত্তম অংশটুকু সম্পন্ন করতে পারি। (১ তীম. ৪:১০) উত্তম প্রস্তুতি আমাদেরকে স্পষ্ট ও দৃঢ়তার সঙ্গে কথা বলতে সক্ষম করে, ফলে আগ্রহ বাড়ার সম্ভাবনা থাকে। (হিতো. ১৬:২১) যখন আমরা অন্যদের কাছে সুসমাচার জানাই, তখন আমাদের আন্তরিক অভিব্যক্তিগুলোকে যথার্থভাবেই “স্তব-বলি” বলা যেতে পারে।—ইব্রীয় ১৩:১৫.