যিহোবার আশ্চর্য কাজগুলো সম্বন্ধে প্রচার করে চলুন
১ আমাদের মহান ঈশ্বর যিহোবার সঙ্গে কাউকেই তুলনা করা যায় না! দায়ূদ লিখেছিলেন: “সদাপ্রভু [“যিহোবা,” NW] আমার ঈশ্বর, তুমিই বাহুল্যরূপে সাধন করিয়াছ আমাদের পক্ষে তোমার আশ্চর্য্য কার্য্য সকল ও তোমার সঙ্কল্প সকল; তোমার তুল্য কেহ নাই।” (গীত. ৪০:৫) যিহোবার আশ্চর্য কাজগুলোর অন্তর্ভুক্ত নিখিলবিশ্বের সৃষ্টি, মশীহ রাজ্য, তাঁর লোকেদের প্রতি প্রেমপূর্ণ-দয়ার কাজগুলো এবং পৃথিবীব্যাপী প্রচার অভিযান। (গীত. ১৭:৭, ৮; ১৩৯:১৪; দানি. ২:৪৪; মথি ২৪:১৪) যিহোবার জন্য ভালবাসা এবং তিনি যা কিছু করেছেন, সেগুলোর প্রতি উপলব্ধিবোধ আমাদেরকে অন্যদের কাছে তাঁর সম্বন্ধে বলতে অনুপ্রাণিত করে। (গীত. ১৪৫:৫-৭) মার্চ, এপ্রিল এবং মে মাসে আমাদের আরও পূর্ণরূপে এটা করার সুযোগ থাকবে।
২ একজন সহায়ক অগ্রগামী হিসেবে: বিশেষ কাজের এই মাসগুলোর এক অথবা একাধিক মাসে পরিচর্যায় ৫০ ঘন্টা ব্যয় করার জন্য আপনি কি আপনার তালিকার রদবদল করতে পারেন? আপনার তালিকায় আপনি যেকোনো রদবদলই করুন না কেন, নিশ্চিতভাবে তা সার্থক হবে। (ইফি. ৫:১৬) অনেকেই দেখেছে যে, সহায়ক অগ্রগামীর কাজ তাদের পরিচর্যার মানকে উন্নত করতে তাদেরকে সাহায্য করে। তারা ঘরে ঘরে প্রচারে আরও বেশি সহজ হয়ে উঠেছে এবং আরও বেশি করে বাইবেল ব্যবহার করতে পারে। পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করায় তারা যে-আগ্রহী ব্যক্তিদের পায় তাদের কাছে ফিরে যাওয়াকে আরও বেশি সহজ করে তোলে আর কেউ কেউ যারা আগে কোনো বাইবেল অধ্যয়ন পরিচালনা করেনি, সহায়ক অগ্রগামীর কাজ করার সময় তা শুরু করতে পেরেছে। যেহেতু অগ্রগামীর কাজ করা মানে হল অন্যদের জন্য নিজেদের বিলিয়ে দেওয়া, তাই এটা হল একটা আনন্দের কাজ।—প্রেরিত ২০:৩৫, NW.
৩ চট করে এই উপসংহারে আসবেন না যে, আপনার পরিস্থিতি আপনাকে অগ্রগামীর কাজ করার সুযোগ দেবে না। একজন প্রাচীন যিনি গত বছর অগ্রগামীর কাজ করেছিলেন, তার দুটো ছেলেমেয়ে রয়েছে এবং তিনি পূর্ণ-সময়ের চাকরি করেন। এই ব্যস্ত ভাইটি কীভাবে তা করেছিলেন? যেহেতু তিনি সপ্তাহের দিনগুলোতে কাজ করেন, তাই তিনি শনি-রবিবারগুলোতে বেশিক্ষণ পরিচর্যা করার পরিকল্পনা করেছিলেন, শনিবারগুলোতে সকাল ৭টায় রাস্তায় সাক্ষ্যদানের মাধ্যমে পরিচর্যা শুরু করতেন। মণ্ডলীর কিছুজন যারা একই পরিস্থিতির মধ্যে ছিল তারাও অগ্রগামীর কাজ করেছিল এবং একে অপরকে সাহায্য ও উৎসাহিত করেছিল। আরেকটা মণ্ডলীতে, ৯৯ বছর বয়স্কা একজন বোনকে তার মেয়ে তার সঙ্গে অগ্রগামীর কাজ করার আমন্ত্রণ জানালে, তিনি মে মাসে অগ্রগামীর কাজ করবেন বলে স্থির করেছিলেন। মণ্ডলীর অন্যান্যরা এই বয়স্কা বোনকে তার হুইলচেয়ার ঠেলে ঘরে ঘরে এবং বাইবেল অধ্যয়নগুলোতে যেতে সাহায্য করেছিলেন। এ ছাড়া, তিনি টেলিফোনে, রাস্তায় সাক্ষ্যদানে এবং চিঠি লেখায়ও রত ছিলেন। তিনি দৃঢ়প্রত্যয়ী যে, এই কাজ তিনি তার নিজের শক্তিতে নয় কিন্তু কেবল যিহোবার সাহায্যেই করেছিলেন।—যিশা. ৪০:২৯-৩১.
৪ একটা তালিকা তৈরি করাই আপনার পরিস্থিতির জন্য সবচেয়ে উপযুক্ত। এই সংখ্যায় নমুনা তালিকাগুলো সাহায্যকারী হতে পারে। আপনি কি পূর্ণ-সময়ের চাকরি করেন অথবা স্কুলে যেতে হয়? যে-তালিকাটা প্রধানত শনি-রবিবারগুলোকে কাজে লাগায়, সেটা আপনার জন্য হয়তো সবচেয়ে বেশি ব্যবহারিক হবে। আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকে এবং পরিচর্যায় বেশিক্ষণ থাকার ক্ষমতা না থাকে, তা হলে যে-তালিকায় প্রতিদিন অল্প সময় ব্যয় করার বিষয় রয়েছে, সেটাই আপনার জন্য সবচেয়ে ভাল হবে। অগ্রগামীর কাজ করার জন্য আপনার ইচ্ছা সম্বন্ধে অন্যদের সঙ্গে কথা বলুন। হয়তো তারাও এটাকে তাদের লক্ষ্য করে তুলবে।
৫ যে-উপায়গুলোতে অল্পবয়স্করা অংশ নিতে পারে: অল্পবয়স্করা যখন যিহোবার আশ্চর্য কাজগুলো সম্বন্ধে প্রচার করে, তখন তিনি তাতে খুশি হন। (গীত. ৭১:১৭; মথি ২১:১৬) তুমি যদি অল্পবয়স্ক হও এবং বাপ্তিস্ম নিয়ে থাক, তা হলে তুমি হয়তো স্কুল ছুটির একটা মাসে অগ্রগামীর কাজ করতে পার। তুমি যদি একজন সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করতে না পার, তা হলে তুমি কি এই মাসগুলোতে তোমার পরিচর্যার অংশকে বৃদ্ধি এবং গুণগত মানকে উন্নত করার জন্য নির্দিষ্ট লক্ষ্যগুলো স্থাপন করতে পার? যদি তুমি বাবামায়ের সঙ্গে পরিচর্যায় অংশ নিয়ে আসছ কিন্তু এখন পর্যন্ত একজন অবাপ্তাইজিত প্রকাশক হওনি, তা হলে যোগ্য হওয়ার জন্য চেষ্টা করার এখনই এক উত্তম সময় হবে। তোমার এরকম মনে করার দরকার নেই যে, তোমাকে বাইবেলের প্রশ্নগুলোর উত্তর দেওয়ায় পটু হতে হবে অথবা বাপ্তাইজিত প্রাপ্তবয়স্কদের মতো অনেক কিছু জানতে হবে। তুমি কি বাইবেলের মৌলিক শিক্ষাগুলোকে বোঝ? তুমি কি বাইবেলের নৈতিক মানগুলোকে পালন কর? তুমি কি যিহোবার সাক্ষিদের একজন বলে পরিচিত হতে চাও? তা হলে, তোমার বাবামায়ের সঙ্গে এই বিষয়ে কথা বল। তুমি চাহিদাগুলো পূরণ করতে পার কি না, সেটা দেখার জন্য তারা প্রাচীনদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করতে পারে।—আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৯৮-৯ পৃষ্ঠা দেখুন।
৬ অন্যদের প্রচার করতে সাহায্য করা: আসন্ন বিশেষ কাজের মাসগুলোতে অগ্রগতিমূলক বাইবেল ছাত্ররা প্রকাশক হিসেবে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য যোগ্য হতে পারে। আপনার যদি এমন একজন বাইবেল ছাত্র থাকে যিনি ভাল অগ্রগতি করছেন, তা হলে আপনার বই অধ্যয়ন অধ্যক্ষ অথবা পরিচর্যা অধ্যক্ষের সাহায্য নিন। ছাত্রের অগ্রগতি মূল্যায়ন করতে তাদের একজন আপনার সঙ্গে অধ্যয়নে যোগ দিতে পারেন। ছাত্র যদি যোগ্য হন এবং একজন প্রকাশক হওয়ার ইচ্ছা রাখেন, তা হলে দুজন প্রাচীন যেন আপনার ও আপনার ছাত্রের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, পরিচালক অধ্যক্ষ সেই ব্যবস্থা করতে পারেন। (১৯৮৮ সালের ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকার ১৭ পৃষ্ঠা দেখুন।) ছাত্রকে যদি অনুমোদন দেওয়া হয়, তা হলে তখন থেকেই তাকে পরিচর্যায় প্রশিক্ষণ দিতে শুরু করুন।
৭ বই অধ্যয়ন অধ্যক্ষরা তাদের দলের যেকোনো নিষ্ক্রিয় অথবা অনিয়মিত ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দিতে চাইবেন। পরিচর্যায় আপনার সঙ্গে কাজ করার জন্য ব্যক্তিগতভাবে তাদের আমন্ত্রণ জানান। তারা যদি অনেকদিন ধরে নিষ্ক্রিয় থাকে, তা হলে তারা যোগ্য কি না সেটা দেখার জন্য তাদের সঙ্গে প্রথমে দুজন প্রাচীনের কথা বলা বিচক্ষণতার কাজ হবে। (২০০০ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্স দেখুন।) বিশেষ কাজের এই মাসগুলোতে মণ্ডলীর উদ্যোগ হয়তো তাদেরকে আবারও পরিচর্যাকে তাদের জীবনের একটা নিয়মিত দিক করে তুলতে উদ্দীপিত করতে পারে।
৮ আরও বেশি করে প্রচার করার জন্য এখনই তৈরি হোন: প্রাচীনরা, সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য মণ্ডলীতে এখনই উদ্যোগ গড়ে তুলুন। আপনাদের ইতিবাচক মন্তব্য এবং উত্তম উদাহরণের দ্বারা আপনারা অনেক কিছু করতে পারেন। (১ পিতর ৫:৩) মণ্ডলীতে আগের বারে সর্বোচ্চ কত জন সহায়ক অগ্রগামী ছিল? এই বছর কি এটাকে বাড়ানো যেতে পারে? বই অধ্যয়ন অধ্যক্ষ এবং তাদের সহযোগীদের উচিত তাদের দলের সকলকে উৎসাহিত করা যাতে তারা তাদের কাজ বাড়াতে পারে। পরিচর্যা অধ্যক্ষরা হয়তো ক্ষেত্রের পরিচর্যার জন্য অতিরিক্ত সভাগুলোর তালিকা করতে পারে। কী ব্যবস্থা করা হয়েছে, সেটা মণ্ডলীকে আগে থেকে জানিয়ে দিন। ক্ষেত্রের পরিচর্যার সভাগুলোতে নেতৃত্ব দেওয়ার এবং ঠিক সময়ে সভাগুলো শুরু ও শেষ করার জন্য যোগ্য প্রকাশকদের দায়িত্ব দেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হোন। (২০০১ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্স দেখুন।) এ ছাড়া, যাতে যথেষ্ট পরিমাণে এলাকা, পত্রিকা এবং সাহিত্য থাকে, সেই ব্যবস্থাও পরিচর্যা অধ্যক্ষের করা উচিত।
৯ গত বছর একটা মণ্ডলীর প্রাচীনরা উদ্দীপনার সঙ্গে এবং অনেক আগে থেকে অগ্রগামীর কাজ করার জন্য উৎসাহ দিতে শুরু করেছিল এবং তাদের মধ্যে কয়েক জন আবেদনপত্রও জমা দিয়েছিল। ক্ষেত্রের পরিচর্যার জন্য তারা অতিরিক্ত সভাগুলোর ব্যবস্থা করেছিল—প্রথমটা সকাল ৫:৩০ মিনিটে রাস্তায় সাক্ষ্যদানের জন্য, অন্যটা বিকেল ৩:০০টেয় যারা স্কুল থেকে ফেরে তাদের জন্য আর তৃতীয়টা সন্ধ্যে ৬:০০টায় যারা চাকরি থেকে ফেরে তাদের জন্য। এ ছাড়া, শনিবারগুলোতেও ক্ষেত্রের পরিচর্যার জন্য তিনটে সভার ব্যবস্থা করা হয়েছিল। সেই মণ্ডলীতে এপ্রিল মাসে ৬৬ জন সহায়ক অগ্রগামী হিসেবে নাম লিখিয়ে সাড়া দিয়েছিল।
১০ আসন্ন মাসগুলোর জন্য বাস্তব লক্ষ্যগুলো স্থাপন করতে আপনার পরবর্তী পারিবারিক অধ্যয়নে সময় আলাদা করে রাখুন না কেন? উত্তম সহযোগিতা এবং পরিকল্পনার দ্বারা, পরিবারের কেউ কেউ অথবা সকলে হয়তো সহায়ক অগ্রগামীর কাজ করতে সক্ষম হতে পারে। যদি সেটা সম্ভব না হয়, তা হলে আপনার সাধারণ পরিচর্যার সময়সীমাকে বাড়িয়ে অথবা অতিরিক্ত উপলক্ষগুলোতে প্রচারে অংশ নিয়ে আপনার কাজকে বাড়ানোর লক্ষ্য স্থাপন করুন। এই বিষয়ে পরিবারগতভাবে প্রার্থনা করুন। আপনি নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবা আপনার প্রচেষ্টাগুলোতে আশীর্বাদ করবেন।—১ যোহন ৩:২২.
১১ ঈশ্বরের সবচেয়ে আশ্চর্য কাজ: যিহোবার প্রেমের সর্বমহান অভিব্যক্তি হল আমাদের জন্য মুক্তির মূল্য হিসেবে তাঁর পুত্রকে দান করা। (১ যোহন ৪:৯, ১০) পাপ ও মৃত্যু থেকে মানবজাতিকে মুক্ত করার জন্য মুক্তির মূল্যরূপ বলিদান বৈধ ভিত্তি জোগায়। (রোমীয় ৩:২৩, ২৪) যিশুর পাতিত রক্ত নতুন চুক্তিকে বৈধ করেছিল, যা অসিদ্ধ মানুষদের স্বর্গীয় রাজ্যে শাসন করার প্রত্যাশা সহ ঈশ্বরের পুত্র হিসেবে গৃহীত হওয়া সম্ভবপর করেছে। (যির. ৩১:৩১-৩৪; মার্ক ১৪:২৪) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, নিখুঁত বাধ্যতার বিষয়ে যিশুর জীবনধারা যিহোবার নামকে পবিত্রীকৃত করেছিল। (দ্বিতী. ৩২:৪; হিতো. ২৭:১১) ৪ঠা এপ্রিল রবিবার, সূর্যাস্তের পর সারা পৃথিবীতে খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ উদ্যাপন করা হবে।
১২ প্রভুর সান্ধ্যভোজ উদ্যাপন যিহোবার আশ্চর্য কাজগুলোকে মহিমান্বিত করে। যে-বক্তৃতা দেওয়া হয় তা মুক্তির মূল্যের ব্যবস্থা করে যিহোবা যা করেছেন তার জন্য উপলব্ধি গড়ে তোলে। উপস্থিত আগ্রহী ব্যক্তিরা ঈশ্বরের অন্যান্য আশ্চর্য কাজগুলোও লক্ষ করতে সক্ষম হবে। যিহোবা তাঁর লোকেদের যে-একতা এবং উষ্ণ প্রেম প্রদর্শন করতে শিখিয়েছেন, তারা তা দেখতে পাবে। (ইফি. ৪:১৬, ২২-২৪; যাকোব ৩:১৭, ১৮) এই গুরুত্বপূর্ণ উপলক্ষে উপস্থিতি, একজন ব্যক্তির চিন্তাধারার ওপর সত্যিকারের এক ছাপ ফেলতে পারে, তাই আমরা চাই যত বেশি সম্ভব লোকেরা যাতে উপস্থিত থাকে।—২ করি. ৫:১৪, ১৫.
১৩ যোগদান করার জন্য অন্যদের আমন্ত্রণ জানানো: যাদের আমন্ত্রণ জানাবেন তাদের একটা তালিকা করে এখনই প্রস্তুতি শুরু করে দিন। আপনার তালিকায় পরিবারের অবিশ্বাসী সদস্যদের, পাড়াপ্রতিবেশীদের, কর্মস্থলের অথবা স্কুলের পরিচিতজনদের, পূর্বের ও বর্তমান বাইবেল ছাত্রদের এবং আপনার সমস্ত পুনর্সাক্ষাৎকে অন্তর্ভুক্ত করা উচিত। বই অধ্যয়ন অধ্যক্ষদের তাদের তালিকায় যেকোনো নিষ্ক্রিয় প্রকাশককে অন্তর্ভুক্ত করা উচিত।
১৪ স্মরণার্থ সভার ছাপানো আমন্ত্রণপত্র ব্যবহার করুন এবং সেগুলোর ওপর স্মরণার্থ সভার সময় ও স্থান টাইপ করুন অথবা পরিষ্কারভাবে লিখুন। কিংবা চাইলে আপনি হয়তো ২০০৪ সালের ১৫ই মার্চ প্রহরীদুর্গ পত্রিকার অথবা ২০০৪ সালের ২২শে মার্চ সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার পিছনে দেওয়া আমন্ত্রণপত্রটি ব্যবহার করতে পারেন। ৪ঠা এপ্রিল যতই এগিয়ে আসছে, আপনার তালিকায় যারা আছে তাদেরকে সেটা মনে করিয়ে দিন, হয় তাদের কাছে গিয়ে অথবা টেলিফোনে।
১৫ স্মরণার্থ সভায়: স্মরণার্থের সন্ধ্যায় আগে পৌঁছানোর চেষ্টা করুন। নতুনদের উষ্ণভাবে সম্ভাষণ জানিয়ে আতিথেয়তা দেখান। (রোমীয় ১২:১৩) যে-অতিথিদের আপনি আমন্ত্রণ জানিয়ে থাকেন তাদের প্রতি আপনার এক বিশেষ দায়িত্ব রয়েছে। তাদের অভ্যর্থনা জানান, মণ্ডলীর অন্যদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিন। আপনি হয়তো তাদের আপনার কাছাকাছি একটা আসন পেতে সাহায্য করতে পারেন। যদি কারও কাছে একটা বাইবেল অথবা গানবই না থাকে, তা হলে তারা যাতে আপনার সঙ্গে অথবা অন্য কারও সঙ্গে তা দেখতে পারে, তার ব্যবস্থা করুন। উদ্যাপনের পর, তারা হয়তো জিজ্ঞেস করতে পারে এমন যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এমন কেউ যদি থাকে যারা প্রথমবার এসেছে, তা হলে তাদের জিজ্ঞেস করুন যে, তারা ঈশ্বরের বাক্য এবং উদ্দেশ্য সম্বন্ধে আরও বেশি করে শিখতে চান কি না। তাদের সঙ্গে একটা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করার প্রস্তাব দিন।
১৬ যারা যোগদান করেছে তাদের সাহায্য করে চলুন: স্মরণার্থ সভার পরের সপ্তাহগুলোতে সেই ব্যক্তিদের আরও সাহায্য করার দরকার হতে পারে, যারা যোগদান করেছিল। এটা সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে, যারা এক সময় নিয়মিতভাবে সভাগুলোতে যোগদান করত কিন্তু এখন মণ্ডলীর সঙ্গে খুব কমই মেলামেশা করে। এই ব্যক্তিদের যাতে উপেক্ষা করা না হয়, সেই বিষয়ে প্রাচীনরা সতর্ক থাকবে এবং জানার চেষ্টা করবে যে, কেন তারা আধ্যাত্মিক অগ্রগতি করা বন্ধ করে দিয়েছে। সময়ের তৎপরতা সম্বন্ধে তাদের ওপর প্রভাব ফেলুন। (১ পিতর ৪:৭) ঈশ্বরের লোকেদের সঙ্গে নিয়মিতভাবে সমবেত হওয়ার শাস্ত্রীয় পরামর্শ মেনে চলার উপকারটি দেখতে সকলকে সাহায্য করুন।—ইব্রীয় ১০:২৪, ২৫.
১৭ যিহোবার কাজগুলো এত আশ্চর্যজনক যে, এমনকি আমরা যদি চিরকালও বেঁচে থাকি, তবুও সেগুলো পুরোপুরিভাবে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। (ইয়োব ৪২:২, ৩; উপ. ৩:১১) তাই, আমাদের কখনও তাঁর প্রশংসা করার বিষয়গুলোর অভাব হবে না। আমাদের পরিচর্যাকে বাড়ানোর জন্য এক বিশেষ প্রচেষ্টা করে আমরা এই স্মরণার্থ মরশুমে যিহোবার আশ্চর্য কাজগুলোর জন্য আমাদের উপলব্ধি দেখাতে পারি।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. যিহোবার কয়েকটা আশ্চর্য কাজ কী, যেগুলোকে আপনি বিশেষ করে উপলব্ধি করেন?
২. সহায়ক অগ্রগামীর কাজ করে কীভাবে আমরা ব্যক্তিগতভাবে উপকার লাভ করি?
৩. এমনকি কঠিন পরিস্থিতিগুলোতেও কেউ কেউ কীভাবে সহায়ক অগ্রগামীর কাজ করতে পেরেছে?
৪. সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য একটা তালিকা করার সময় কোন বিষয়গুলো আমরা বিবেচনা করতে পারি?
৫. মার্চ, এপ্রিল এবং মে মাসের জন্য অল্পবয়স্করা কোন লক্ষ্যগুলো রাখতে পারে?
৬. কীভাবে আমরা বাইবেল ছাত্রদের সুসমাচারের প্রকাশক হতে সাহায্য করতে পারি?
৭. অনিয়মিত এবং নিষ্ক্রিয় প্রকাশকদের কীভাবে সাহায্য করা যেতে পারে?
৮, ৯. বিশেষ কাজের জন্য উদ্যোগ গড়ে তুলতে প্রাচীনরা কী করেছিল?
১০. পরিবারগুলো কীভাবে তাদের কাজকে বাড়ানোর জন্য প্রস্তুতি নিতে পারে?
১১. (ক) খ্রিস্টের বলিদান কোন কোন আশ্চর্য কাজ সম্পাদন করেছিল? (খ) স্থানীয় স্মরণার্থ উদ্যাপনের সময় ও স্থান কী?
১২. প্রভুর সান্ধ্যভোজে যোগদান করা কীভাবে আগ্রহী ব্যক্তিদের উপকৃত করতে পারে?
১৩, ১৪. স্মরণার্থ সভায় আমাদের কাদের আমন্ত্রণ জানানো উচিত এবং কীভাবে?
১৫. স্মরণার্থের সন্ধ্যায় আমরা কীভাবে আতিথেয়তা দেখাতে পারি?
১৬. যারা যোগদান করেছে তাদেরকে আধ্যাত্মিক অগ্রগতি করতে সাহায্য করার জন্য কী করা যেতে পারে?
১৭. কেন যিহোবার আশ্চর্য কাজগুলো সম্বন্ধে আমাদের প্রচার করে চলা উচিত?
[৫ পৃষ্ঠার তালিকা]
এই তালিকাগুলোর একটা ব্যবহার করে আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন?
মার্চ র সো* ম* বু* বৃ শু শ মাস মোট
প্রতিদিন ২ ১ ১ ১ ১ ১ ৫ ৫১
দুদিন ০ ৫ ০ ৫ ০ ০ ০ ৫০
কেবল শনি-রবিবারগুলো ৫ ০ ০ ০ ০ ০ ৮ ৫২
শনি-রবিবারগুলো এবং সপ্তাহের দুদিন ২ ০ ০ ২ ০ ২ ৬ ৫০
এপ্রিল র সো ম বু বৃ* শু* শ মাস মোট
প্রতিদিন ২ ১ ১ ১ ১ ১ ৫ ৫০
দুদিন ০ ০ ০ ০ ৫ ৫ ০ ৫০
কেবল শনি-রবিবারগুলো ৫ ০ ০ ০ ০ ০ ৮ ৫২
শনি-রবিবারগুলো এবং সপ্তাহের দুদিন ২ ০ ০ ২ ০ ২ ৬ ৫০
মে র* সো* ম বু বৃ শু শ* মাস মোট
প্রতিদিন ২ ১ ১ ১ ১ ১ ৪ ৫১
দুদিন ০ ৫ ০ ০ ০ ০ ৫ ৫০
কেবল শনি-রবিবারগুলো ৩ ০ ০ ০ ০ ০ ৭ ৫০
শনি-রবিবারগুলো এবং সপ্তাহের দুদিন ২ ০ ০ ২ ০ ২ ৫ ৫১
* মাসে পাঁচটা