যে-কাজটির জন্য নম্রতা প্রয়োজন
১ ঈশ্বরের বাক্য আমাদের পরামর্শ দেয়, “নম্রমনা হও। মন্দের পরিশোধে মন্দ করিও না . . . বরং আশীর্ব্বাদ কর।” (১ পিতর ৩:৮, ৯) সেই পরামর্শ অবশ্যই প্রচার কাজের প্রতি প্রযোজ্য। সত্যিই, খ্রিস্টীয় পরিচর্যা আমাদের নম্রতার ক্ষেত্রে এক পরীক্ষা হতে পারে।
২ নম্রতা হল এমন এক গুণ, যা আমাদের অপ্রীতিকর পরিস্থিতিগুলো সহ্য করতে সাহায্য করে। প্রচার করার সময়, আমরা কোনো আমন্ত্রণ ছাড়াই অপরিচিত ব্যক্তিদের কাছে যাই বলে জানি যে, কেউ কেউ আমাদের সঙ্গে নির্দয় ব্যবহার করবে। এইরকম আচরণ সত্ত্বেও, প্রচার কাজ চালিয়ে যাওয়ার জন্য নম্রতা দরকার। অত্যন্ত কঠিন একটা এলাকায় দুজন অগ্রগামী বোন দুবছর ধরে প্রতিদিন দরজায় দরজায় গিয়েছিল কিন্তু কারও সাড়া পায়নি। তবুও, তারা প্রচার কাজ চালিয়ে গিয়েছিল আর তাই আজকে সেই এলাকায় দুটো মণ্ডলী রয়েছে।
৩ রূঢ় ব্যবহার মোকাবিলা করা: অন্যেরা যখন নির্দয় বা কর্কশ ব্যবহার করে, তখন নম্রতা যিশুকে অনুকরণ করতে আমাদের সাহায্য করবে। (১ পিতর ২:২১-২৩) একটা ঘরে একজন বোন প্রথমে সেই ঘরের স্ত্রী ও পরে তার স্বামীর গালিগালাজের মুখোমুখি হন, যারা তাকে সেই জায়গা ছেড়ে চলে যেতে বলেছিল। বোন শুধু হেসেছিলেন এবং বলেছিলেন যে, তিনি তাদের সঙ্গে অন্য সময় কথা বলতে পারবেন বলে আশা করেন। এটা সেই দম্পতির ওপর এতটাই ছাপ ফেলেছিল যে, পরের বার যখন আরেকজন সাক্ষি তাদের কাছে আসেন, তখন তারা কিংডম হলে একটা সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে। সেই বোন যাকে তারা প্রথমে গালিগালাজ করেছিল, তাদের শুভেচ্ছা জানানোর জন্য সেখানে ছিলেন এবং তাদের কাছে আরও সাক্ষ্য দিয়েছিলেন। “মৃদুতা ও ভয় [“গভীর সম্মান,” NW]” দেখিয়ে আমরাও হয়তো যে-লোকেরা আমাদের কথা শোনে না, তাদের নমনীয় করে তুলতে পারি।—১ পিতর ৩:১৫; হিতো. ২৫:১৫.
৪ ঔদ্ধত্য মনোভাব এড়িয়ে চলুন: বাইবেল সম্বন্ধে আমাদের জ্ঞান লোকেদের নিচু করে দেখার অথবা তাদের অসম্মান করে কথা বলার কোনো কারণ জোগায় না। (যোহন ৭:৪৯) এর পরিবর্তে, ঈশ্বরের বাক্য আমাদের ‘কাহারও নিন্দা না করিতে’ পরামর্শ দেয়। (তীত ৩:২) যখন আমরা যিশুর মতো নম্রচিত্ত হই, তখন আমরা অন্যদের সতেজ করি। (মথি ১১:২৮, ২৯, NW) নম্র মনোভাব আমাদের বার্তার প্রতি আগ্রহকে বাড়িয়ে তোলে।
৫ হ্যাঁ, নম্রতা আমাদের কঠিন এলাকায় প্রচার কাজ চালিয়ে যেতে সাহায্য করে। এটা যে-লোকেরা আমাদের কথা শোনে না তাদের নমনীয় করে আর তাই এটা অন্যদেরকেও রাজ্যের বার্তার প্রতি আকৃষ্ট করে। সর্বোপরি, এটা যিহোবাকে সন্তুষ্ট করে, যিনি “নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন।”—১ পিতর ৫:৫.