প্রচারে আপনার আনন্দকে বাড়ান
১ সুসমাচার জানানোর আনন্দ—আপনার পরিচর্যায় আপনি কি তা লাভ করছেন? আমরা যদি সতর্ক না থাকি, তা হলে আমাদের চারপাশের দুষ্ট জগৎ প্রচার করার বিষয়ে আমাদেরকে সহজে ভয় পাইয়ে দিতে পারে, যার ফলে আমরা আনন্দ হারাতে পারি। এ ছাড়া এমন এলাকা যেখানে লোকেরা শুনতে চায় না সেখানে কাজ করাও আমাদেরকে নিরুৎসাহিত করতে পারে। প্রচারে আমাদের আনন্দকে বাড়ানোর জন্য কোন্ ব্যবহারিক পদক্ষেপগুলো আমরা নিতে পারি?
২ আশাবাদী হোন: এক আশাবাদী মনোভাব বজায় রাখা সত্যিই সাহায্য করে। তা বজায় রাখার একটা উপায় হল ‘ঈশ্বরের সহকার্য্যকারী’ হওয়ার যে-মহান সুযোগটা আমাদের আছে, সেই বিষয়ে ধ্যান করা। (১ করি. ৩:৯) এই কাজ সম্পাদনে যীশুও আমাদের সঙ্গে আছেন। (মথি ২৮:২০) আর এক দূতবাহিনীর দ্বারা তিনি আমাদেরকে সাহায্য করেন। (মথি ১৩:৪১, ৪৯) অতএব, আমরা নিশ্চিত থাকতে পারি যে, আমাদের প্রচেষ্টা ঈশ্বরের নির্দেশনায়ই হয়। (প্রকা. ১৪:৬, ৭) তাই আমাদের কাজের প্রতি লোকেরা যে-প্রতিক্রিয়াই দেখাক না কেন, স্বর্গে যে-প্রতিক্রিয়া দেখানো হয় সেটা হল মহা আনন্দের বিষয়!
৩ ভাল করে প্রস্তুত হোন: ভাল প্রস্তুতিও আমাদের আনন্দকে বাড়ায়। পরিচর্যার জন্য প্রস্তুত হওয়া কঠিন কিছু নয়। সম্প্রতি পত্রিকাগুলো অথবা মাসের সাহিত্য অর্পণ থেকে আলোচনার একটা বিষয়কে বিবেচনা করতে মাত্র কয়েক মিনিট দরকার। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া “পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়” থেকে একটা উপস্থাপনা বেছে নিন। ২০০২ সালের জানুয়ারি মাসের “ক্ষেত্রের পরিচর্যার জন্য দেওয়া ভূমিকাগুলো” ইনসার্টটা অথবা এক কার্যকারী ভূমিকার জন্য যুক্তি (ইংরেজি) বই দেখুন। গৃহকর্তারা সাধারণত যে-সমস্ত আপত্তি তুলে থাকেন, আপনি যদি সেইরকম কোন আপত্তির মুখোমুখি হন, তাহলে এর উত্তরটা এমনভাবে তৈরি করুন, যা তাদের মন্তব্যের প্রতি সম্মান জানাবে এবং আগ্রহ জাগিয়ে তোলার মতো কোন বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করুন। যুক্তি বই এই ব্যাপারে খুবই কাজে আসে। এই হাতিয়ারগুলোকে কাজে লাগানো আমাদেরকে সেই আস্থা জোগাবে, যা আনন্দের সঙ্গে প্রচার করার জন্য আমাদের প্রয়োজন।
৪ অন্তর থেকে প্রার্থনা করুন: চিরস্থায়ী আনন্দের জন্য প্রার্থনা খুবই জরুরি। যেহেতু আমরা যিহোবার কাজ করছি, তাই তাঁর আত্মা চেয়ে আমাদের অনুরোধ করা দরকার আর এর একটা ফল হল আনন্দ। (গালা. ৫:২২) প্রচার করে চলতে যিহোবা আমাদেরকে শক্তি দেবেন। (ফিলি. ৪:১৩) প্রচারে যখন আমাদের খারাপ অভিজ্ঞতাগুলো হয়, তখন পরিচর্যা সম্পর্কে প্রার্থনা করা আমাদেরকে সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে সাহায্য করবে। (প্রেরিত ১৩:৫২; ১ পিতর ৪:১৩, ১৪) আমরা যদি ভয় পাই, তা হলে প্রার্থনা আমাদেরকে সাহসের সঙ্গে ও খুশিমনে প্রচার চালিয়ে যেতে সাহায্য করতে পারে।—প্রেরিত ৪:৩১.
৫ সুযোগগুলো বের করুন: আমরা যখন লোকেদেরকে খুঁজে বের করে তাদের কাছে সাক্ষ্য দিতে পারি, তখন আমাদের পরিচর্যা অবশ্যই আরও আনন্দের হয়। ভিন্ন সময়ে, হয়তো বিকালবেলায় অথবা গোধূলিতে ঘরে-ঘরে যাওয়ার জন্য আপনার তালিকার রদবদল করা আরও ভাল ফল নিয়ে আসতে পারে। রাস্তায় হাঁটার সময়, কেনাকাটা করার সময়, বাসে চড়া অথবা পার্কে পায়চারি করার সময়, লোকেদের সঙ্গে আপনার দেখা হয়। যাদেরকে বন্ধুত্বপরায়ণ বলে মনে হয় তাদের কাছে এগিয়ে গিয়ে অল্প কথায় কিছু বলার জন্য প্রস্তুত হোন না কেন? অথবা আপনি হয়তো চাকরি করেন বা তুমি হয়তো কোন সরকারি স্কুলে পড় যেখানে প্রতিদিন অন্যদের সঙ্গে কথাবার্তা হয়। কিছুটা আগ্রহ জাগাবে শুধু এমন একটা শাস্ত্রীয় প্রসঙ্গ তুলে আপনি সাক্ষ্য দেওয়ার সুযোগ নিতে পারেন। ২০০২ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র জানুয়ারি মাসের ইনসার্টের প্রথম পৃষ্ঠায় ভাল প্রস্তাবগুলো দেওয়া আছে। এর যে-কোন একটা ব্যবহার করার প্রচেষ্টা প্রচারে একজনের আনন্দকে অনেক বাড়াতে পারে।
৬ যেহেতু আনন্দ ধৈর্য ধরতে সাহায্য করে, তাই এটাকে বজায় রাখা কতই না জরুরি! যে-কাজ আর কখনও করা হবে না, তা যখন শেষ হবে, তখন আমরা অনেক পুরস্কার পাব। সেই আশাই প্রচারে আমাদের আনন্দকে বাড়াতে পারে।—মথি ২৫:২১.