কী করে যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতাকে বাড়ানো যায়
১ “যুক্তি” শব্দের একটা মানে হল এমনভাবে “আরেকজনের সঙ্গে কথা বলা যে তা সেই ব্যক্তির কাজ অথবা চিন্তাধারার ওপর ছাপ ফেলে।” প্রচার কাজে যদি আপনি উন্নতি করতে চান, তাহলে আপনি যখন অন্যদের সঙ্গে কথা বলেন তখন আপনার যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করুন। (প্রেরিত ১৭:২-৪) কিন্তু কী করে আপনি এই ক্ষমতাকে বাড়াতে পারেন?
২ চিন্তা করুন: আপনি যখন বাইবেলের সত্য অধ্যয়ন করেন তখন যে বিষয়টা আপনি সবেমাত্র শিখেছেন তার ওপর চিন্তা করলে আপনি উপকার পাবেন। যদি বিষয়বস্তুটা বুঝতে অসুবিধা হচ্ছে বলে মনে হয়, তাহলে একটু সময় নিয়ে গবেষণা করুন ও উত্তর পেলে তা নিয়ে চিন্তা করুন। সত্যকে শুধুমাত্র বোঝাই নয় কিন্তু সেইসঙ্গে দেখার চেষ্টা করুন যে এটাকে বোঝানোর জন্য বাইবেল থেকে কী কী প্রমাণ দেওয়া হয়েছে।
৩ আগে থেকে তৈরি হোন: আগে থেকে ভাবুন যে আলাদা আলাদা লোকেদের কাছে গিয়ে কীভাবে আপনি আলাদা আলাদাভাবে সত্য জানাবেন। এমন প্রশ্ন করুন যা একজন ব্যক্তিকে ভাবায় ও তার মধ্যে আগ্রহ জাগিয়ে তোলে। চিন্তা করুন যে কী করে বাইবেলের কোন পদকে বিষয়টার সঙ্গে জোড়া যেতে পারে ও যুক্তি দিয়ে বোঝানো যেতে পারে। আগে থেকে ভেবে রাখুন যে কথাবার্তার সময় কীধরনের প্রশ্নগুলো উঠতে পারে আর আপনি কীভাবে সেগুলোর উত্তর দেবেন। যে পত্রিকা বা বই আপনি তাকে দেবেন তার থেকে একটা বিষয় বেছে রাখুন যা গৃহকর্তার আগ্রহ বাড়িয়ে তুলবে।
৪ যীশুর উদাহরণ অনুকরণ করুন: শাস্ত্র থেকে যুক্তি দিয়ে বোঝানোর ব্যাপারে যীশু খ্রীষ্ট আমাদের জন্য সবচেয়ে ভাল উদাহরণ। তিনি কীভাবে লোকেদের শিখিয়েছিলেন তা জানার জন্য আসুন আমরা লূক ১০:২৫-৩৭ পদ দেখি। তাঁর এই পদ্ধতিগুলোকে লক্ষ্য করুন: (১) লোকেদের প্রশ্নের উত্তর সরাসরি বাইবেল থেকে দিন। (২) লোকেদের কাছ থেকে তাদের মতামত জানতে চান আর তারা যখন ভাল কোন উত্তর দেন, তাদের প্রশংসা করুন। (৩) যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আর বাইবেলের যে পদ থেকে আপনি উত্তর দিচ্ছেন তার মধ্যে মিল আছে কিনা সেটা খেয়াল রাখুন। (৪) এমন কোন উদাহরণ দিন যা ব্যক্তির হৃদয়ে গিয়ে পৌঁছায় আর আপনি নিশ্চিত হন যে সেই ব্যক্তি আপনার দেওয়া উত্তর খুব ভালভাবে বুঝেছেন।—১৯৮৬ সালের ১লা মার্চ প্রহরীদুর্গ (ইংরেজি) সংখ্যার ২৭-৮ পৃষ্ঠায় ৮-১০ অনুচ্ছেদগুলো দেখুন।
৫ আমাদেরকে দেওয়া হাতিয়ারটা কাজে লাগান: শাস্ত্র থেকে যুক্তি করা (ইংরেজি) বইটা প্রচার কাজে সাহায্যের জন্য প্রকাশ করা হয়েছে। এতে এমন অনেক বিষয় আছে যা আমাদের প্রচার কাজে সাহায্য করে যেমন, কীভাবে আমরা কথাবার্তা শুরু করতে পারি, যারা কথার মাঝে বাধা দেন তাদের সঙ্গে কীভাবে কথাবার্তা চালিয়ে যাওয়া যায়, লোকেদেরকে কীভাবে যুক্তি দিয়ে বোঝানো যায়। আর এটা আমাদের যুক্তি করার ক্ষমতাকে বাড়ায়। যুক্তি বই খুবই কাজে লাগার মতো হাতিয়ার। তাই প্রচারে সব সময় এটাকে সঙ্গে রাখুন ও বাইবেল থেকে আলোচনা করার সময় এটাকে ব্যবহার করুন। যুক্তি বইয়ের ৭-৮ পৃষ্ঠায় দেওয়া বিষয়বস্তু পড়ে দেখুন যে কী করে এটাকে সবচেয়ে ভালভাবে কাজে লাগানো যায়।
৬ আপনার যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতাকে বাড়িয়ে তুললে তা প্রচার ও শিক্ষা দেওয়ার কাজে আপনাকে নিপূণ করে তুলবে। আর তা আপনার জন্য এবং প্রচারে যাদের সঙ্গে আপনি কথা বলেন তাদের জন্য প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে।