পুনর্সাক্ষাৎগুলি করার প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করা
১ সুসমাচারের পরিচারক হওয়ায়, আমাদেরকে শিষ্য তৈরি করার জন্য আদেশ দেওয়া হয়েছে। (মথি ২৮:১৯, ২০) আর তাই পুনর্সাক্ষাৎগুলি করার জন্য পরিকল্পনা করা দরকার। কিন্তু পুনর্সাক্ষাৎ করার জন্য দক্ষ হওয়া প্রকৃতই এক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। অন্যদের কাছে রাজ্যের আশা পৌঁছে দেওয়ার জন্য হয়ত আমাদের ব্যক্তিগত সময় থেকে কিছুটা সময় দেওয়ার প্রয়োজন হতে পারে। আন্তরিক ব্যক্তিদের আধ্যাত্মিক চাহিদা পূরণ করতে সাহায্য করার সুযোগ পুনর্সাক্ষাৎগুলিই আমাদের দেয়।
২ সমস্ত আগ্রহী ব্যক্তিদের কাছে ফিরে যান: রাজ্যের বার্তার প্রতি আগ্রহ প্রকাশ করেন এমন সকলের সঙ্গে পুনর্সাক্ষাৎ করা উচিত, এমনকি যদি তাদের মধ্যে কেউ আমাদের প্রকাশনা নাও নিয়ে থাকেন। কিন্তু কিভাবে আপনি বার্তাটির প্রতি তাদের আগ্রহী করে তুলবেন? চাবিটি হল ঈশ্বরের বাক্য বাইবেল ব্যবহার করা। যীশু এবং প্রেরিতেরা দেখিয়েছিলেন যে কিভাবে লোকেদের সরাসরি শাস্ত্র থেকে আলোচনায় জড়িত করে রাজ্যের বার্তার প্রতি আগ্রহী করে তোলা যায়।—মার্ক ১০:১৭-২১; প্রেরিত ২:৩৭-৪১.
৩ আমাদের পুনর্সাক্ষাতের উদ্দেশ্য হবে বাইবেল অধ্যয়ন আরম্ভ করা। কিভাবে আমরা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করি তা আমরা গৃহকর্তাকে দেখাতে পারি। আপনি নিশ্চিত হতে পারেন যে সৎহৃদয়বান ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য চেয়ে আপনি যখন প্রার্থনা করেন যিহোবা তার উত্তর দেন। তাই পুনর্সাক্ষাৎ করার আগে, যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন না কেন যাতে করে সেখানে একটি বাইবেল অধ্যয়ন শুরু করা যায়? এটি ঠিক যে, যাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করা হয় তারা সকলেই বাইবেল অধ্যয়ন শুরু করেন না। কিন্তু আমাদের প্রার্থনায়, আমরা এই আগ্রহী ব্যক্তিদের হৃদয় খুলে দেওয়া জন্য যিহোবার কাছে অনুরোধ করতে পারি।
৪ ট্র্যাক্টগুলির সদ্ব্যবহার করুন: পুনর্সাক্ষাতে ট্র্যাক্ট ব্যবহার করে খুব ভালভাবেই বাইবেল অধ্যয়ন শুরু করা যায় আর বিশেষ করে সেই সময় যখন গৃহকর্তা কোন প্রকাশনা নেননি। অনেকেই কেবল প্রচ্ছদ পৃষ্ঠার ছবিটি আলোচনা করেই কথোপকথন শুরু করতে পেরেছেন। গৃহকর্তার সঙ্গে এক বারে একটি অনুচ্ছেদই পড়ুন। একটি প্রশ্ন জিজ্ঞাসা করে অপেক্ষা করুন আর গৃহকর্তাকে তার নিজের মত প্রকাশ করতে দিন। শাস্ত্রপদগুলি দেখুন এবং কিভাবে সেগুলি প্রয়োগ করা যায় তা দেখান। এরপর এমনভাবে কথাবার্তা বলুন যাতে সেই প্রকাশনাটি তাকে দেখাতে পারেন যেটি থেকে অধ্যয়ন করবেন বলে আপনি ঠিক করেছেন।
৫ প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করায় সফল হওয়া: সীমা অধ্যক্ষেরা জানান যে কিছু প্রকাশকেরা গৃহকর্তাকে বলেন “আপনার যদি আরও কোন প্রশ্ন থাকে, তাহলে এই প্রকাশনার পিছনে দেওয়া ঠিকানায় আপনি তা লিখতে পারেন।” কিন্তু, উপরের প্রস্তাবনাগুলি মনে রাখলে এবং আবারও মনোযোগ দিয়ে ১৯৯৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র “পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন” নামক ইনসার্টটি পড়লে, আমরা পুনর্সাক্ষাৎ করার প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করায় সফল হব।