কাজ এবং অবসরের মধ্যে সমতা আনা
“অবসর হল একটা সুন্দর জামা কিন্তু তা সবসময় পরা যায় না।” এই কথাগুলো বলে একজন নামহীন লেখক অবসরের মূল্যকে বেশ ভাল করে বুঝিয়েছেন। কিন্তু তিনি বলেন যে সৃজনশীল কাজ করে অবসরকে তার নিজের জায়গায় রাখা উচিত।
বাইবেল লেখক শলোমনও ঈশ্বরের অনুপ্রেরণায় এই বিষয়টা লিখেছিলেন। এই জ্ঞানী রাজা বলেছিলেন যে দুটো বিষয়েরই চরম অবস্থায় যাওয়াকে এড়িয়ে চলা দরকার। প্রথমে তিনি বলেন: “হীনবুদ্ধি হস্ত জড়সড় করিয়া আপন মাংস ভোজন করে।” (উপদেশক ৪:৫) হ্যাঁ, অলসতা একজন লোককে গরিব করে দিতে পারে। আর শেষ পর্যন্ত এটা সেই অলস লোকের স্বাস্থ্য এমনকি জীবনকেও বিপন্ন করতে পারে। অন্যদিকে কিছু লোকেরা তাদের সমস্তকিছু বিসর্জন দিয়ে অক্লান্ত পরিশ্রম করেন। শলোমন বলেন তাদের এই অক্লান্ত পরিশ্রম “অসার ও বায়ুভক্ষণ মাত্র।”—উপদেশক ৪:৪.
তাই উপযুক্ত কারণেই শলোমন সমতা আনার জন্য পরামর্শ দিয়েছিলেন: “পরিশ্রম ও বায়ুভক্ষণসহ পূর্ণ দুই মুষ্টি অপেক্ষা শান্তিসহ পূর্ণ এক মুষ্টি ভাল।” (উপদেশক ৪:৬) একজন ব্যক্তির “নিজ পরিশ্রমের মধ্যে . . . মঙ্গল” দেখা উচিত যার মানে সে যা অর্জন করেছে তা ভোগ করার জন্য তার সময় করে নেওয়া উচিত। (উপদেশক ২:২৪) আর জাগতিক কাজ ছাড়াও জীবনে অন্য জিনিসগুলো থাকা দরকার। আমাদের পরিবার আমাদের সময়ের কিছুটা পেতে চায়। এছাড়াও শলোমন বলেন যে আমাদের প্রধান দায়িত্ব শুধু জাগতিক কাজ নয় কিন্তু ঈশ্বরের সেবা করা। (উপদেশক ১২:১৩) আপনি কি তাদের মধ্যে একজন যারা কাজের মধ্যে সমতা রাখেন?