বর্ণবৈষম্য ও ধর্ম
“উনিশশো আটাত্তর সালে, আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, আমি মনে করেছিলাম যে আমেরিকায় বর্ণবৈষম্য বোধহয় আর নেই অর্থাৎ সাদা ও কালো চামড়ার লোকেদের সমান অধিকার,” টাইম পত্রিকার এক সাক্ষাৎকারে গ্রন্থকার মার্ক মাথাবান এই কথা বলেছিলেন, যিনি জন্মসূত্রে একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। “অনেক দিক দিয়ে, আমি এটাকে সত্যি হতেও দেখেছি। মনে হয়েছিল যুক্তরাষ্ট্র যেন দক্ষিণ আফ্রিকা থেকে একশ বছর এগিয়ে রয়েছে। তবে এরপর আমি প্রচণ্ড ধাক্কা খেয়েছিলাম যখন আমি দেখেছিলাম যে মানুষের মন কিন্তু এখনও এতটুকু বদলায়নি।” কী তাকে এতখানি ধাক্কা দিয়েছিল?
মাথাবান বলেন, “আমেরিকায় রবিবার সকাল ১১টা হল একটা সময় যা ছিল সবচেয়ে আলাদা।” তিনি দেখেন যে ওই সময়ে এমনকি গির্জায়ও লোকেরা অন্য জাতির লোকেদের সঙ্গে মিলে উপাসনা করতে চান না। তিনি জানতে চান, “তাহলে সপ্তাহের অন্যান্য দিনে তারা কী মনে করেন?” মানুষের মনোভাব পাল্টানোর জন্য শিক্ষার প্রয়োজন, মাথাবান বলেন: “শিক্ষাই আপনাকে এটা মেনে নিতে সাহায্য করবে যে মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই।”
যিহোবার সাক্ষিরা একমত যে বর্ণবৈষম্য দূর করার জন্য লোকেদেরকে শিক্ষা দেওয়া দরকার কিন্তু তারা বিশেষভাবে ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দেওয়ার পক্ষপাতী। হ্যাঁ, বাইবেল তাদেরকে বর্ণবৈষম্যের কুসংস্কারের বেড়াজালকে ভেঙে দিতে সাহায্য করেছে—এমনকি সেই দেশগুলোতে যেখানে উপজাতিগত ঘৃণা প্রচণ্ড মাত্রায় দেখা যায়। প্রতি সপ্তাহে তাদের কিংডম হলে, বিভিন্ন বর্ণ ও জাতির লোকেরা ঈশ্বরের বাক্য, বাইবেলের নীতি ও ব্যবস্থা থেকে শিক্ষা পাওয়ার জন্য একসঙ্গে মিলিত হন। এই সভাগুলোতে আসার জন্য কোন চাঁদা লাগে না। আপনিও এখানে যোগ দেওয়ার জন্য সাদরে আমন্ত্রিত!