“আমরা, ক্যাথলিকরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি”
যিহোবার সাক্ষীদের সম্বন্ধে এই মন্তব্যটি ইতালির বারির উচ্চ-বিদ্যালয়ের একজন শিক্ষিকা তার ধর্মীয় ইতিহাসের ক্লাসে করেছিলেন। শিক্ষিকা ছাত্রদের বলেছিলেন যে তিনি শিক্ষাদানের সহায়ক হিসাবে ভিডিওক্যাসেট ব্যবহার করবেন। কথাটি শুনে ১৮ বছর বয়সী রোবার্টো এই আলোচনায় তার ধর্মকে যুক্ত করার প্রস্তাব করেছিল। সে যিহোবার সাক্ষীরা—সংগঠনের পিছনে নাম (ইংরাজি) নামক ভিডিওক্যাসেটি শিক্ষিকাকে দিয়েছিল। তিনি রোবার্টোর কাছ থেকে তা নিয়েছিলেন আর তারপর প্রায় ৩০ জন ছাত্রের পুরো ক্লাস ভিডিওটি দেখেছিল। “সকলেই একতা, সংগঠন এবং যিহোবার সাক্ষীদের মধ্যে যে গভীর প্রেম বিরাজমান তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল,” রোবার্টো বলে। “এমনকি প্রত্যেক মাসে যে ৪ কোটি প্রহরীদুর্গ এবং ৩.৬ কোটি সচেতন থাক! পত্রিকা ছাপানো হয় সেটি জেনে তারা আরও বেশি অবাক হয়ে গিয়েছিল।”
“আমি ভাবতে পারিনি যে তোমরা এত সুসংগঠিত” ভিডিওটি দেখার পর রোবার্টোর সহপাঠীদের কয়েকজন এই মন্তব্য করেছিল। এরপর যিহোবার সাক্ষীদের সম্বন্ধে শিক্ষিকা ছাত্রদের বলেছিলেন: “দেখ কিভাবে তাদের বিশ্বাস তাদেরকে এত একতাবদ্ধ ও সংগঠিত হতে প্রণোদিত করে। আমরা, ক্যাথলিকরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি।” ভিডিও দেখা এবং তারপরে ছাত্রদের সঙ্গে আলোচনা করা তাদের যিহোবার সাক্ষীদের আরও ভালভাবে বুঝতে সাহায্য করেছিল।