রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে যুবক-যুবতীরা ঈশ্বরের প্রশংসা করে
বহু শতাব্দী আগে, গীতরচক যুবক-যুবতীদের অনন্তকালীন রাজার প্রশংসায় যোগ দিতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন: “যুবকগণ ও যুবতী সকল; বৃদ্ধগণ ও বালক-বালিকা-সমূহ; . . . সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কেননা কেবল তাঁহারই নাম উন্নত।” (গীতসংহিতা ১৪৮:১২, ১৩) গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো থেকে প্রাপ্ত নিম্নোক্ত অভিজ্ঞতাগুলি এই অনুপম সুযোগটির প্রতি আলোকপাত করে।
• একজন বিশেষ অগ্রগামীর বাড়িওয়ালা যিহোবার সাক্ষীদের আচরণে অনুকূলভাবে প্রভাবিত হয়েছিলেন। ফলে তিনি সাক্ষীদের তার পাঁচ বছর বয়সী মেয়ে, ফিজির সাথে বাইবেল অধ্যয়ন করার অনুমতি দেন। আমার বাইবেলের গল্পের বইa অধ্যয়নের ক্ষেত্রে ফিজির উন্নতি লক্ষ্য করে, তার বাবা তাকে কিংডম হলে সভাগুলিতে যোগদান করার অনুমতি দেন। সেখানে, ছোট্ট ফিজি সাক্ষীদের গানবই থেকে রাজ্যের গানগুলি শেখে। সে বিশেষ করে ৪ সংখ্যার গানটি পছন্দ করত যার শিরোনাম ছিল “পরমদেশ সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা।”
একদিন ফিজির বাবা তাকে তার গির্জায় নিয়ে যাওয়ার জন্য স্থির করেন। প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল যখন ফিজি গির্জার গানগুলি গাইতে অস্বীকার করে। কেন? কারণ সে মনে করেছিল যে, তার বাবার গির্জায় যে গানগুলি গাওয়া হত তা বাইবেল অধ্যয়ন থেকে সে যা শিখেছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। পরিবর্তে, সাহসের সাথে সে তার প্রিয় রাজ্যের গানটি গেয়েছিল।
তার মন পরিবর্তন করার জন্য বেশ কিছু অকৃতকার্যকর প্রচেষ্টার পর, গির্জার নেতারা পাঁচ বছর বয়সী ফিজিকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেন! এই অসংগত আচরণ সত্ত্বেও, তার বাবা শান্ত থাকেন। সে যা বিশ্বাস করত তার পক্ষে ফিজি দৃঢ় পদক্ষেপ নেওয়ায় তিনি গর্বিত হয়েছিলেন। ফিজির বাবা ও মা উভয়েই চান যে সে যেন যিহোবার সাক্ষীদের সাথে মেলামেশা চালিয়ে যায়।
• লুকোডি নামে একটি কিশোর যখন যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন করতে মনস্থ করে, তার বাবা খুবই বিরোধিতা করেছিলেন। একবার লুকোডি যখন কিংডম হলে একটি সভায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তার বাবা একটি বড় ভারী ছুরি দিয়ে তাকে ভয় দেখান। আর একবার লুকোডির বাবা একটি লাঠি দিয়ে আঘাত করে তার পিঠে এক গভীর ক্ষত করে দেন। তীব্র বিরোধিতা সত্ত্বেও, লুকোডি একজন যিহোবার সাক্ষী হওয়ার বিষয়ে তার সংকল্পে অটল থাকে। সে ক্রমাগত উন্নতি করে চলে এবং বাপ্তাইজিত হয়। এখন সে একজন নিয়মিত অগ্রগামী হিসাবে সেবা করছে।
লুকোডির ছোট বোন সোনা, তার দাদার পদক্ষেপের দ্বারা এতই প্রভাবিত হয়েছিল যে সেও যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন করতে আরম্ভ করে। কিন্তু, অধ্যয়ন করা থেকে তাকে বিরত করার জন্য তাদের বাবা সোনাকে অন্য একটি গ্রামের বিদ্যালয়ে পাঠান যেখানে কোন সাক্ষী ছিল না। তৎসত্ত্বেও, সে যে বিষয়গুলি শিখেছিল তা অন্যদের কাছে বলাকে সোনা তার অভ্যাসে পরিণত করেছিল। ফলে, তার মাসতুতো বোনও আগ্রহী হয়েছিল।
যখন একটি প্রতিবেশী গ্রামের সাক্ষীরা সোনার প্রচার কাজ সম্বন্ধে শুনেছিল, তারা তার সাথে সাক্ষাৎ করেন এবং তার জন্য একটি নিয়মিত বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা করেন। সে ক্রমাগত উন্নতি করতে থাকে এবং শীঘ্রই একজন উৎসর্গীকৃত, বাপ্তাইজিত যিহোবার সাক্ষী হিসাবে তার ভাইয়ের সাথে যোগ দেয়। অধিকন্তু, তার মাসতুতো বোনটি এখন একজন অবাপ্তাইজিত প্রকাশক এবং এই গ্রামে এখন একটি বুক স্টাডি পরিচালিত হয়ে থাকে।
যখন অল্প বয়স্কেরা যিহোবার নামের প্রশংসায় যোগ দেয় তখন তা কতই না অপূর্ব এবং সতেজতাদায়ক হয়!
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।