বয়স্কদের জন্য কঠিন সময়
মাঅনিয়নের বয়স ৬৮ বছর। তিনি পশ্চিম আফ্রিকার একটি বড় শহরে বাস করেন। যখন তার বয়স কিছুটা কম ছিল, তিনি তার সন্তান এবং নাতিনাতনীদের দ্বারা পরিবেষ্টিত, প্রশান্তিকর অবসরের মধ্যে তার বৃদ্ধ বয়স উপভোগ করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এর পরিবর্তে তিনি তার দিনগুলি তীব্র রোদের নিচে শীতল জল বিক্রি করে কাটান। তার এই স্বল্প উপার্জনই তাকে বাঁচিয়ে রাখে। তার দুইজন ছেলে বহুদূরে আরেকটি দেশে বাস করে। তারা দীর্ঘদিন যাবৎ তাকে কোন টাকা পাঠায়নি।
অতীতে, আফ্রিকায় বয়স্কদের অত্যন্ত শ্রদ্ধা করা হত। তারা তাদের অভিজ্ঞতা এবং জ্ঞানের জন্য সম্মানিত হতেন, যার সাথে প্রায়ই প্রজ্ঞা ও বিচক্ষণতা আসে। তারা নাতিনাতনীদের লালনপালনে সাহায্য করতেন। অল্পবয়সীরা তাদের উপদেশ এবং অনুমোদন পাওয়ার চেষ্টা করত। লোকেরা বাইবেলের এই পরামর্শ অনুযায়ী জীবনধারণ করত: “তুমি পক্বকেশ প্রাচীনের সম্মুখে উঠিয়া দাঁড়াইবে, বৃদ্ধ [অথবা, বৃদ্ধা] লোককে সমাদর করিবে।”—লেবীয় পুস্তক ১৯:৩২.
সময় পরিবর্তিত হয়েছে। দরিদ্রতা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং বিরাট সংখ্যক লোকেরা শহরগুলিতে চলে যাওয়ার ফলে, বহু বয়স্ক ব্যক্তিদের ভরণপোষণ তাদের নিজেদেরই করতে হচ্ছে। হেল্পএইজ কেনিয়ার পরিচালক, ক্যামিলাস ওয়ের বলেন: “বয়স্কদের ভরণপোষণ এবং যত্ন নেওয়ার সেই ঐতিহ্য ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে গিয়েছে।”
অবশ্যই, পারিবারিক বন্ধনের এই শিথিলতা একমাত্র আফ্রিকার দেশগুলিতেই অদ্বিতীয় নয়। জাপান সম্বন্ধে বলতে গিয়ে গার্ডিয়ান উইক্লি বিবৃতি দেয়: “সন্তানসন্ততি প্রদত্ত ভক্তি জাপানী জীবন-মূল্যবোধের প্রধান প্রস্তরস্বরূপ হয়ে এসেছিল যা কনফুসিয়বাদের দান ছিল কিন্তু নগরায়ন এবং পারিবারিক বন্ধন শিথিল হওয়ায় তা আর টিকে থাকতে পারেনি: বর্তমানে শতকরা ৮৫ ভাগ জাপানীরা হাসপাতালগুলিতে অথবা বয়স্কদের আবাসনে মারা যান।”
পরিস্থিতি যাই হোক না কেন, যারা প্রকৃতই ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায় তারা তাদের পিতামাতাকে সম্মান করার জন্য কঠোর প্রচেষ্টা করে। তারা বাইবেলের পরামর্শে মনোযোগ দেয়: “‘তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও,’ . . . ‘যেন তোমার মঙ্গল হয়, এবং তুমি দেশে দীর্ঘায়ু হও।’” (ইফিষীয় ৬:২, ৩) যদিও বয়স্ক পিতামাতাদের সম্মান করা এবং যত্ন নেওয়া সর্বদা সহজ হয় না, তবুও এটি প্রচুর পুরস্কার নিয়ে আসতে পারে।